বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
গত পর্বের পর
সরু গলির মধ্যে গাড়ি এসে দাঁড়াল একটা খিড়কির দরজার সামনে। দরজার পরেই মস্ত হাসপাতাল। চেনা জায়গা। পথ দেখানোর দরকার ছিল না। পাথুরে সিড়ি বেয়ে উঠে গেলাম টানা লম্বা করিডরে। দু-দিকের চুনকাম করা সাদা দেওয়ালে সারি সারি দরজা। একপ্রান্তে খিলেন দেওয়া একটা গলিপথ বেরিয়ে গিয়ে শেষ হয়েছে কেমিক্যাল ল্যাবরেটরির সামনে। বিরাট উঁচু ঘর। থরে থরে সাজানো অসংখ্য শিশিবোতল। চওড়া নীচু বিস্তর টেবিলে বকযন্ত্র, টেস্টটিউব আর নীলাভ শিখাচঞ্চল জ্বলন্ত বুনসেন বার্নার। ঘরের মধ্যে ছাত্র বলতে একজনই– দূরের টেবিলে হেট হয়ে কাজে নিমগ্ন। আমাদের পায়ের আওয়াজে ঘাড় ফিরিয়ে তাকাল। পরক্ষণেই চেঁচিয়ে উঠল সোল্লাসে। এক হাতে একটা টেস্টটিউব তুলে ধরে চেঁচাতে চেঁচাতে দৌড়ে এল আমাদের দিকে, পেয়েছি। পেয়েছি। হিমোগ্লোবিনের সংস্পর্শে এলেই থিতিয়ে যাওয়ার মতো একটাই কেমিক্যাল আমি পেয়েছি। সোনার খনি আবিষ্কার করলেও বুঝি এর বেশি উল্লাস ওই মুখে ফুটত না।
আলাপ করিয়ে দিল স্ট্যামফোর্ড, ডক্টর ওয়াটসন, মি. শার্লক হোমস।
ভাবতেও পারিনি ওই চেহারায় এত জোর থাকতে পারে— আফগানিস্তানে ছিলেন দেখছি।
আপনি জানলেন কী করে? অবাক হয়ে বললাম আমি।
তা জেনে কী হবে? শুকনো নীরস হেসে বললে হোমস। প্রশ্ন এখন এই হিমোগ্লোবিনকে নিয়ে। আমার আবিষ্কারটার গুরুত্ব নিশ্চয় অনুধাবন করেছেন?
রসায়নগতভাবে কৌতুহলোদ্দীপক আবিষ্কার সন্দেহ নেই। কিন্তু বাস্তব প্রয়োগের ক্ষেত্রে—
বলেন কী মশায়! এ-রকম প্রাকটিক্যাল মেডিকো-লিগ্যাল আবিষ্কার কতদিন হয়নি জানেন? রক্তের দাগ প্রমাণ করবার অকাট্য পদ্ধতি কি এর ফলে পাচ্ছেন না? আসুন! এসে দেখে যান!। সাগ্রহে আমার কোটের হাতা খামচে ধরে হিড়হিড় করে টেনে নিয়ে গেল কাজের টেবিলের সামনে। টাটকা রক্ত চাই, বলতে বলতে পাট করে নিজের আঙুলেই লম্বা বডকিন ও ফুটিয়ে রক্ত বার করে টেনে নিল কেমিক্যাল পিপেটের মধ্যে। এবার দেখুন এক ফোটা রক্ত মিশিয়ে দিচ্ছি এক লিটার জলের মধ্যে। দেখতেই পাচ্ছেন রক্ত-মিশোনো জলটাকে দেখতে এখন বিশুদ্ধ জলের মতোই। রক্তের অনুপাত কিন্তু দশ লাখের এক ভাগ– তার বেশি নয়। তা সত্ত্বেও রিঅ্যাকশন আমরা দেখতে পাব। বলেই কয়েক টুকরো সাদা ক্রিস্টাল ছুড়ে ফেলল জলের মধ্যে, তারপর ঢালল কয়েক ফোটা স্বচ্ছ তরল পদার্থ। সঙ্গে সঙ্গে ম্যাটমেটে মেহগনি রং হয়ে গেল জলটার এবং খানিকটা বাদামি ধুলো থিতিয়ে পড়ল কাচের জারের তলায়।
... হাঃ হাঃ হাঃ! কেমন, এবার কী বলবেন? নতুন খেলা পেয়ে বাচ্চা ছেলের হাততালি দেওয়ার মতো হাততালি দিয়ে পরমোল্লাসে বলল হোমস।
আমি বললাম, দেখে তো মনে হচ্ছে টেস্টটা খুব সূক্ষ্ম।
বিউটিফুল! বিউটিফুল! মান্ধাতার আমলের গুয়াইকাম টেস্টটাই যেমন লটঘটে তেমনি অনিশ্চিত। মাইক্রোস্কোপে রক্তকণিকা পরীক্ষাও তাই। রক্তের দাগ কয়েক ঘণ্টার বাসি হলে তা পরীক্ষার আর প্রশ্নই ওঠে না। এই টেস্টে কিন্তু ধরা যাবে রক্তটা বাসি না টাটকা। টেস্টটা যদি আগে কেউ আবিষ্কার করত, মারাত্মক অপরাধে অপরাধী বহু ব্যক্তিরই বহাল তবিয়তে ধরাধামে বিচরণ বন্ধ হয়ে যেত— হাতেনাতে পেত পাপের সাজা!
তা ঠিক!’ স্বগতোক্তি করলাম আমি!
ক্রিমিন্যাল কেসের অনেক কিছুই নির্ভর করে একটা পয়েন্টের ওপর। খুন করার বেশ কয়েক মাস পরে হয়তো সন্দেহ এসে পড়ল খুনির ওপর। জামাকাপড় পরীক্ষা করে বাদামি দাগও পাওয়া গেল। কিন্তু সে-দাগ কাদার দাগ কী রক্তের, মরচের দাগ না ফলের কে বলবে? সমস্যাটা নিয়ে বহু এক্সপার্টের মুণ্ডু ঘুরে গিয়েছে। এখন থেকে আর ঘুরবে না। পাওয়া গেছে শার্লক হোমস টেস্ট।
বলতে বলতে চোখ জ্বলজ্বল করতে লাগল অদ্ভুত মানুষটার। হাত রাখল বুকের ওপর এবং এমনভাবে বাতাসে মাথা ঠুকে অভিবাদন করল শূন্যকে লক্ষ করে যেন তার সুদূর কল্পনায় উদবেলিত হয়ে উঠেছে করতালিমুখর বিশাল জনতা।
উৎসাহ দেখে চমৎকৃত হয়ে মন্তব্য করলাম, আপনাকে অভিনন্দন জানানো উচিত।
গত বছর ফ্রাঙ্কফুর্টেণ্ড ভন বিসচফের কেস হয়েছিল। এই টেস্ট যদি তখন থাকত ফাঁসি হয়ে যেত ভন বিসচফের। এ ছাড়াও রয়েছে ব্রাডফোর্ডের ম্যাসন, কুখ্যাত মুলার নিউ অলিয়েন্সের স্যামসন আর ম'পেলিয়ারের লেফেভার। এক কুড়ি মামলা এখুনি বলতে পারি— প্রতিটি কেসেই অকাট্য হতে পারত এই টেস্ট।
হেসে ফেলল স্ট্যামফোর্ড। বলল, তুমি যে দেখছি একটা চলন্ত ক্রাইম ক্যালেন্ডার। এই লাইনে একটা কাগজ বার করে ফ্যালো। ‘পুলিশের অতীত সংবাদ।’ ভালো চলবে।
‘পড়ে ইন্টারেস্ট পাওয়া যাবে’, আঙুলের ক্ষততে স্টিকিং প্লাস্টার লাগাতে লাগাতে বললে হোমস আমার দিকে চেয়ে একটু হেসে, একটু সাবধান হওয়া দরকার আমার। বিষ নিয়ে কাজ করি তো। হাত বাড়িয়ে দিতে দেখি বিস্তর স্টিকিং প্লাস্টার লাগানো হাতের চারিদিকে— অ্যাসিডেও বিবর্ণ হয়ে গেছে বেশ কয়েক জায়গা।
তিন পায়ার লম্বা টুলে বসল স্ট্যামফোর্ড আর একটা টুল পা দিয়ে ঠেলে দিলে আমার দিকে। বললে, আমরা এসেছিলাম কাজ নিয়ে। ওয়াটসন বাসা খুঁজছে। তুমি বড়ো ঘ্যান ঘ্যান করছিলে ঘর ভাগাভাগি করে থাকার মতো সঙ্গী পাচ্ছে না বলে! তাই ভাবলাম তোমাদের মিলিয়ে দিই।
আমার সঙ্গে ঘর ভাগ করে থাকার কথা শুনেই কিন্তু উল্লসিত হল শার্লক হোমস। বললে, বেকার স্ট্রিটের একটা বাড়ির ওপর নজর আছে আমার। দু-জনের পক্ষে উপযুক্ত। কড়া তামাকের গন্ধ কি আপনার অপছন্দ?
আমি নিজে “শিপ’ ব্র্যান্ড স্মোক করি।
চমৎকার। কেমিক্যাল নিয়ে থাকতে ভালোবাসি আমি— মাঝে মাঝে এক্সপেরিমেন্টও করি। বিরক্ত হবেন না তো?
একেবারেই না।
ভেবে দেখি আর কী কী বদখেয়াল আছে আমার। মাঝে মাঝে গুম হয়ে বসে থাকি— দিন কয়েক হয়তো মুখই খুলি না। ভাববেন না যেন মুখ ভারী করেছি। একলা থাকতে দেবেন— দেখবেন ঠিক হয়ে যাব। এবার বলুন আপনার গলদ কী কী আছে! একসঙ্গে থাকতে যাওয়ার আগে দু-জনেরই খারাপ দিকগুলো আগে জেনে নেওয়া দরকার।
জেরার বহর দেখে না-হেসে পারলাম না। বললাম, আমি একটা বুলডগের বাচ্চা পুষি। ঝগড়াঝাটি চেঁচামেচি ভালোবাসি না। নার্ভ আমার অনেক ধাক্কায় কাহিল। মাঝরাতে উঠে বসে থাকি। আর ভীষণ কুঁড়ে আমি। শরীর ভালো থাকলে আর এক ধরনের বদ স্বভাব মাথা চাড়া দেয় অবশ্য, তবে এগুলোর চাইতে সেটা বড়ো নয়।
চেঁচামেচির মধ্যে বেহালা বাজানোও ধরেন নাকি? উদবিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করে হোমস।
সেটা নির্ভর করছে বাজনাদারের ওপর। ভালো বেহালা বাজনায় দেবতাও তুষ্ট হন— আর যদি আনাড়ির হাতে—
খুশিতে কলকলিয়ে উঠল হোমস, ব্যাস, ব্যাস, ওতেই হবে। একসঙ্গে থাকতে পারব বলেই বিশ্বাস— যদি ঘরদেরি আপনার পছন্দ হয়।
কখন দেখা যায় বলুন।
কাল দুপুরে এখানেই চলে আসুন। দু-জনে মিলে গিয়ে দেখে শুনে একটা ব্যবস্থা করে ফেলা যাবে’খন।
করমর্দন করে বললাম, তাহলে সেই কথাই রইল— কাল দুপুরে।
কেমিক্যাল পরিবৃত অবস্থায় হোমসকে রেখে আমি আর স্ট্যামফোর্ড বেরিয়ে এলাম। হেঁটে চললাম হোটেলের দিকে।
যেতে যেতে হঠাৎ দাঁড়িয়ে গিয়ে জিজ্ঞেস করলাম স্ট্যামফোর্ডকে, আচ্ছা, আমি যে আফগানিস্তান ঘুরে এসেছি, মি. হোমস তা বুঝলেন কী করে?
দুর্বোধ্য হাসি হেসে স্ট্যামফোর্ড বললে, ওর অনেক অসাধারণ বৈশিষ্ট্য আছে— এটা তার মধ্যে ছোটোখাটো একটা। অনেকেই অবাক হয়েছে ওর এই ক্ষমতায়– অচেনা মানুষকে দেখেই হাঁড়ির খবর পর্যন্ত বলে কী করে, সে এক রহস্য।
রহস্য তো বটেই! সোৎসাহে দু-হাত ঘষতে ঘষতে বললাম, তীব্র রহস্য। এ-রকম লোকের সঙ্গে আলাপ করিয়ে দেওয়ার জন্য কৃতজ্ঞ রইলাম তোমার কাছে। জানো তো মনুষ্যত্বের প্রকৃত পর্যবেক্ষণ যে করতে পারে, মানুষ তাকে বলা যায়।
তুমি ওকে যত না পর্যবেক্ষণ করবে, তার চাইতে অনেক বেশি ও করবে তোমাকে। তোমার কাছে শার্লক হোমস একটি গ্রন্থিল বাঁধা হয়ে থাকবে চিরকাল— কিন্তু তোমার ভেতর পর্যন্ত স্পষ্ট হয়ে যাবে ওর চোখে। চললাম।
এসো, বলে ফিরে এলাম হোটেলে। মন কিন্তু পড়ে রইল নতুন বন্ধুটির প্রতি।
(চলবে....)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now