বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
৫
গোল্ডেন হর্নের দক্ষিণ তীরে এর দ্বিতীয় ব্রীজের একটু পশ্চিমে বিশাল জায়গা জুড়ে তুর্কি জনগণের অতি প্রিয় ‘আইউপ’ (আইয়ুব) সুলতান কমপ্লেক্স। বিশাল মসজিদ, প্রশস্ত-সুন্দর কবরগাহ, মুসাফিরদের জন্যে সরাইখানা এবং বৃহৎ একটি মার্কেট নিয়ে এই কমপ্লেক্স।
কমপ্লেক্সে প্রবেশ করে ‘আইউপ সুলতান মসজিদ’-এর সুউচ্চ মিনার এবং আইউপ সুলতান কবরগাহের গম্বুজ নজরে পড়তেই একটা আবেগ এসে আহমদ মুসাকে ঘিরে ধরল। তুর্কিদের অতি প্রিয় ‘আইউপ সুলতান’ আসলে ইতিহাসের হযরত আবু আইয়ুব আনসারী(রাঃ)। রাসূলুল্লাহ(সাঃ)-এর এক অতি প্রিয় সাহাবা ছিলেন তিনি। তিনি সেই ভাগ্যবান ব্যক্তি যার বাড়িতে আল্লাহর নবী মদীনায় প্রথম প্রবেশের পর বসবাস করেছেন। এই সৌভাগ্য লাভের জন্যে মদীনার সবাই লালায়িত ছিল। কিন্তু উটে সওয়ার আল্লাহর রাসূল(সাঃ) বলেছিলেন, তার উট নিজ ইচ্ছায় যার বাড়িতে গিয়ে বসে পড়বে, তিনি সে বাড়িরই আতিথ্য গ্রহণ করবেন। আল্লাহর রাসূলের উট স্বেচ্ছায় তার বাড়িতে বসাতে আবু আইয়ুব আনসারী এবং তার পরিবার তাদের হৃদয়ের সব আবেগ উজাড় করে পরম অতিথিকে গ্রহণ করেছিলেন। রাসূল(সাঃ)-এর সাহাবী পরম সৌভাগ্যবান মদীনার সেই আবু আইয়ুব আনসারী আইউব সুলতান নাম নিয়ে ঘুমিয়ে আছেন ইস্তাম্বুল নগরীর এখানে। তুর্কিরা বলে, যারা দুনিয়ার সুলতান(বাদশাহ), তাদের নামের আগে সুলতান বসে। কিন্তু আবু আইয়ুব আনসারী তাদের হৃদয়ের সুলতান বলে তার নামের পরে তারা ‘সুলতান’ বসিয়েছে।
আহমদ মুসা আহমদ আবদুল্লাহকে কোলে নিয়ে স্ত্রী জোসেফাইনের হাত ধরে এগোচ্ছিল আইউপ সুলতান মসজিদের দিকে।
জোসেফাইনের হাতে একটা চাপ দিয়ে আহমদ মুসা বলল, ‘হাজারো মসজিদের মিনার শোভিত ইস্তাম্বুলের দৃশ্য চোখে পড়লে, ইস্তাম্বুলে এলে কোন কথা তোমার প্রথম মনে পড়ে বল তো?’
‘এই সেই ইস্তাম্বুল যা একদিন রোমানদের রাজধানী ছিল, যেখানে বসে তারা এশিয়া শাসন করেছে, এই সেই ইস্তাম্বুল যেখানে বসে মুসলমানরা ইউরোপ শাসন করেছে এবং তিন হাজার বছরের এই সেই ইস্তাম্বুল যা এখন মুসলমানদের সাথে আছে, যদিও মুসলমানরা তাদের বহু গৌরবের বহু কিছু হারিয়েছে।’ বলল জোসেফাইন। আবেগজড়িত তার কণ্ঠ।
‘তোমার কি মনে পড়ে, এই কথাই না?’ কথা শেষ করেই আবার প্রশ্ন করল আহমদ মুসাকে।
আহমদ মুসার মুখ গম্ভীর। আবেগে তা ভারি হয়ে উঠেছে। বলল, ‘না জোসেফাইন, আমি অন্য কথা ভাবি। আমি ভাবি আবু আইয়ুব আনসারীর কথা। ইস্তাম্বুলের সবকিছু ছাপিয়ে তার নামটাই আমি সবার ওপরে জ্বলজ্বল করে উঠতে দেখি। মুসলিম-ইস্তাম্বুল নগরীর জনক বিজয়ী সুলতান দ্বিতীয় মুহাম্মদ রানা। কিন্তু এ নগরীর প্রকৃত জনক আবু আইয়ুব আনসারীই। সুলতান দ্বিতীয় মুহাম্মদ ১৪৫৪ খৃস্টাব্দে ইস্তাম্বুল জয় করেন। কিন্তু সাড়ে সাতশ’ বছর আগে বিজয়ের বীজ বপন করে যান আবু আইয়ুব আনসারী(রাঃ)। ইস্তাম্বুল বিজয়ের সাড়ে সাতশ’ বছর আগে তার শেষ ইচ্ছায় এ নগরীতে প্রবেশের প্রধান সড়কের ওপর অন্ধকারে তাকে দাফন করা হয়। তিনি বলেছিলেন, তার কবরের ওপর দিয়ে ঘোড়া ছুটিয়ে মুসলিম বাহিনী ইস্তাম্বুল জয় করবে। তার এই ইচ্ছার সাড়ে সাতশ’ বছর পর এটাই হয়েছিল।’
আহমদ মুসার কথা শেষ না হতেই দাঁড়িয়ে গেল ডোনা জোসেফাইন। আহমদ মুসার হাত টেনে ধরল। ডোনা জোসেফাইনের চোখে-মুখে রাজ্যের কৌতুহল। দাঁড়িয়ে গেল আহমদ মুসাও।
জোসেফাইন বলল, ‘তুমি যে বিস্ময়কর ঘটনার কথা বলছ, তাতো আমি জানি না। কোথাও পড়িনি। আমি হযরত আবু আইয়ুব আনসারী(রাঃ)-এর জীবনী পড়েছি। তাতে তিনি যুদ্ধে গিয়ে ইস্তাম্বুলে ইন্তেকাল করেন, এর বেশি কিছু লেখা নেই। বল তুমি। মহান সাহাবীর কাহিনীটা আমি শুনতে চাই, তার পবিত্র কবরগাহের সামনে দাঁড়িয়েই শুনতে চাই।’ থামল জোসেফাইন। তার কণ্ঠ আবেগাপ্লুত।
‘বলছি। বড় কোন কাহিনী নয় জোসেফাইন। সপ্তম শতাব্দীর তখন শেষ। খলিফা মুয়াবিয়া(রাঃ)-এর শাসনকাল। তার ছেলে ইয়াজিদ সেনাপতি। রোমান সাম্রাজ্যের রাজধানী ইস্তাম্বুল তখন ‘কনস্ট্যান্টিনোপল’। বিজয়ের জন্যে ইয়াজিদের নেতৃত্বে এক সৈন্যবাহিনী পাঠানো হয়। সে বাহিনীতে শামিল ছিলেন ছিয়াশি বছর বয়স্ক আবু আইয়ুব আনসারী(রাঃ)। দীর্ঘ এক বছর অবরোধ করে রেখেও ইস্তাম্বুল জয়ে ব্যর্থ হয় মুসলিম বাহিনী। এ সময় মারাত্মক অসুস্থ হয়ে পড়েন বৃদ্ধ আবু আইয়ুব আনসারী(রাঃ)। মৃত্যু আসন্ন হয়ে উঠে তার। শুনে বাহিনীর সেনাধ্যক্ষ্ ইয়াজিদ ছুটে গেলেন বুজুর্গ সাহাবী আবু আইয়ুব আনসারীর শয্যাপাশে। পরম শ্রদ্ধাভরে তার কাছে তার শেষ ইচ্ছা জানতে চাইলেন। বললেন, বলুন চাচাজান, আপনি কি চান? খলিফার সাথে আলাপ করে ইনশাআল্লাহ তার ব্যবস্থা করব। আবু আইয়ুব আনসারী(রাঃ) বললেন, বলে লাভ কি, যা চাই তা দিতে পারবে না। ইয়াজিদ বুজুর্গ সাহাবীর শেষ ইচ্ছা জানার জন্যে নাছোড়বান্দা। বললেন, বলুন মেহেরবানী করে, আমি আপ্রাণ চেষ্টা করব। মুমূর্ষু মুজাহিদ বুজুর্গ সাহাবী আবেগরুদ্ধ কণ্ঠে বললেন, আমি চাই আমার মৃত্যুর পর আগামীকাল কনস্ট্যান্টিনোপলের প্রবেশ পথের ওপর আমাকে কবর দিয়ে আসবে। শেষ ইচ্ছা শুনে হতবাক ইয়াজিদ জানতে চাইলেন, তার এই শেষ ইচ্ছার কারণ কি! আবু আইয়ুব আনসারী(রাঃ) জানালেন, কনস্ট্যান্টিনোপলের বিজয় একদিন আসবেই। আমি চাই, সে বিজয়ের দিনে বিজয়ী মুসলিম সৈনিকরা যেন আমার কবরের ওপর দিয়ে ঘোড়া ছুটিয়ে রোমান রাজধানীতে প্রবেশ করে। তার মৃত্যুর পর ইয়াজিদ রোমক সেনাপতিকে অনুরোধ করে রোমক সৈন্যের ব্যুহের ওপারে ইস্তাম্বুলে প্রবেশকারী সড়কের ওপর তাকে দাফন করেন। এই ঘটনার সাড়ে সাতশ’ বছর পর এই সড়কের ওপর দিয়েই ওসমানীয় খলিফা দ্বিতীয় মুহাম্মদের বিজয়ী বাহিনী ইস্তাম্বুলে প্রবেশ করেছিল।’ থামল আহমদ মুসা।
জোসেফাইন আবেগ-উচ্ছ্বসিত চোখে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে ছিল আহমদ মুসার দিকে।
আহমদ মুসা থামলে জোসেফাইনের চোখ ধীরে ধীরে সরে গেল আইউপ সুলতান মসজিদের ওপর, সেখান থেকে ঘুরে গিয়ে নিবদ্ধ হলো আইউপ সুলতান কবরগাহের ওপর। তারপর দু’চোখ তার আবার ফিরে এসে নিবদ্ধ হলো আহমদ মুসার ওপর। বলল, ‘অপরূপ কাহিনী মহান বুজুর্গ মুজাহিদ সাহাবীকে জীবন্ত করে তুলেছে। যেন দেখতে পাচ্ছি দু’পক্ষের সারি সারি সৈন্য, সেই সড়ক, সেই কবরে মহান মুজাহিদ সাহাবীকেও। তুমি সত্যিই বলেছ, ইস্তাম্বুলের সব দৃশ্য ছাপিয়ে এই দৃশ্যই বড় হয়ে উঠেছে। মনে হচ্ছে, ১৪৫৪ খৃস্টাব্দে সুলতান দ্বিতীয় মুহাম্মদের বিজয়ী বাহিনী ইস্তাম্বুলে প্রবেশ করছে সে মহান মুজাহিদের ডাকে, পরিচালনায়। তুর্কিরা ঠিক নাম দিয়েছে তাকে, ‘আইউপ সুলতান’। ইস্তাম্বুলের চিরন্তন সুলতান তিনি!’
আবেগে কাঁপছে জোসেফাইনের কণ্ঠ। অশ্রু গড়িয়ে পড়ছে তার দু’চোখের দু’কোণ থেকে।
আহমদ মুসা একটা রুমাল জোসেফাইনের দিকে এগিয়ে দিয়ে বলল, ‘ঠিক, তিনি ইস্তাম্বুলের চিরন্তন সুলতান। হৃদয়ের সুলতান তো মৃত্যুর ঊর্ধ্বে। আলহামদুলিল্লাহ্।’
জোসেফাইন রুমাল দিয়ে চোখ মুছে বলল, ‘চল।’
পাশাপাশি হাঁটতে শুরু করল আবার।
‘আইউপ সুলতান’ মসজিদে তারা দু’রাকাত করে নফল নামায পড়ল। কিছু সময় কাটাল তাসবীহ পাঠ ও ধ্যানমগ্নতায়।
জোসেফাইন নামায পড়ছিল মেয়েদের পাশে, আর আহমদ মুসা পুরুষদের এলাকায়।
আহমদ মুসা মসজিদ থেকে বেরিয়ে এসে দেখল, জোসেফাইন আগেই বেরিয়ে এসেছে। দাঁড়িয়ে আছে আহমদ আবদুল্লাহকে নিয়ে।
আহমদ মুসা ওদের কাছে গেল।
আহমদ আবদুল্লাহর হাতে ছোট্ট দামি একটা ইলেক্ট্রনিক খেলনা এবং চাইল্ড গ্রেড দামি একটা চকোলেটের প্যাকেট।
দেখেই আহমদ মুসা বলল, ‘এ সময় এসব এর হাতে কোত্থেকে এল জোসেফাইন?’
জোসেফাইন হাসল। বলল, ‘আমার এক আমেরিকান বান্ধবী এগুলো দিল একে। এই তো এইমাত্র চলে গেল। আমরা একসাথে নামায পড়লাম।’
‘তুমি আসবে জানত সে? কি করে সে উপহারগুলো নিয়ে এল?’ বলল আহমদ মুসা।
‘প্রায়ই সে এখানে আসে। এই সময়। আমিও এ সময়েই আসি। দেখা হয়। একসাথে নামায পড়ি, মহান বুজুর্গের কবর জিয়ারত করি। জান, আহমদ আবদুল্লাহর জন্যে সে পাগল। সাংঘাতিক ভালোবাসে। আহমদ আবদুল্লাহও তাকে পেলে আমাকে ভুলে যায়।’
‘তোমার বান্ধবী শ্বেতাংগ আমেরিকান, না কোন মাইগ্রেটেড আমেরিকান?’
‘একেবারেই খাস শ্বেতাংগ। কিন্তু শ্বেতাংগ কোন কালচার তার মধ্যে নেই। ইসলাম সম্পর্কে তার গভীর জ্ঞান, গভীর আগ্রহ আমার খুব ভালো লাগে। তোমার সাথে আজ তাকে পরিচয় করাতে চাইলাম। তিনি বললেন কি জান? বললেন, ‘অপ্রয়োজনে অন্য কারো স্বামীর সাথে পরিচয় করা ইসলামী কালচার নয়।’ বলেই হেসে আবার বলেছেন, ‘মসজিদে ঢোকার সময় তাকে আমি দেখেছি। আপনারা তখন দাঁড়িয়ে কোন গল্পে ডুবে গিয়েছিলেন।’ আজ তাকে খুব চঞ্চল দেখলাম। আহমদ আবদুল্লাহকে লম্বা একটা চুমু খেয়ে ছুটে চলে গেল।’
‘তোমার বান্ধবী কি করেন? কোথায় থাকেন? কোথায় তার সাথে তোমার পরিচয় হলো?’ বলল আহমদ মুসা।
‘এখানে বুজুর্গের এই কমপ্লেক্সেই তার সাথে আমার প্রথম দেখা। থাকেন, বলেছেন, তোপকাপিরই কোন এক সরকারি গেস্ট হাউসে। তোপকাপিতে নাকি অনেক এবং অনেক রকম গেস্ট হাউস আছে। এক মজার ঘটনার মাধ্যমে আমাদের বুজুর্গের মাজারে তার সাথে পরিচয় হয়। আমার সেক্রেটারি লতিফা আরবাকান গেছে অজু করতে, আমি মোনাজাত করছিলাম। এই সুযোগে আহমদ আবদুল্লাহ মাজারের ওপাশে চলে গেছে। সেখানে বসে মেয়েটি কুরআন শরীফ পড়ছিল। আহমদ আবদুল্লাহ গিয়ে তার কোলে উঠে বসেছে। মেয়েটি একটা আয়াত পর্যন্ত পড়া শেষ করে কুরআন বন্ধ করে রেখে আহমদ আবদুল্লাহকে বুকে জড়িয়ে ধরে হাসতে হাসতে আমাদের খোঁজে এসেছে। ততক্ষণে আমার মোনাজাত হয়ে গিয়েছিল। লতিফা আরবাকানও এসে গিয়েছিল। আমরা আহমদ আবদুল্লাহকে খুঁজছিলাম। তাকে দেখে আমরাও তার দিকে এগিয়ে গেলাম। সে হাসতে হাসতে আমাকে লক্ষ্য করে বলল, ‘আপনি নিশ্চয় এর মা? বাচ্চার চেহারায় আপনার এক্সপ্রেশন আছে। নাম কি বাচ্চার?’
‘আহমদ আবদুল্লাহ।’
আমি নাম বলতেই তিনি বললেন, ‘চমৎকার নাম। একটা ছন্দ আছে। কিন্তু আপনার ছেলে তো আমাকে কিছুটা পটিয়ে ফেলেছে। আমি কুরআন শরীফ পড়ছিলাম। সে সোজা গিয়ে আমার কোলে উঠে বসেছে। যেন কত দাবি, কত বছরের চেনা। ‘
আমি হেসে বললাম, ‘মায়ের চেহারার সাথে আপনার চেহারার খুব একটা অমিল নেই। হয়তো মা-ই মনে করে বসেছে।’
‘সে বলল, ‘আমার কিন্তু খুব ভালো লাগছে। বাচ্চারা আমার খুব প্রিয়। দেখুন, সে তার ভুল বুঝতে পেরেছে। উশখুশ করছে আপনার কোলে যাবার জন্যে। কিন্তু ছাড়তে ইচ্ছে করছে না। আমি আর একটু নিয়ে থাকি।’ বলে বাচ্চার দু’গালে দু’বার চুমু খেল। আবদুল্লাহরও দেখলাম আমার কাছে আসার চেষ্টা বন্ধ হয়ে গেছে। মেয়েটির দিকে সে একবার চেয়ে তার বুকে মুখ গুঁজল। মেয়েটি তাকে জড়িয়ে ধরে খুশিতে যেন আত্মহারা হয়ে গেল। তারপর থেকে আহমদ আবদুল্লাহর সাথে তার মহাখাতির হয়ে গেল। সেও প্রায়ই এখানে আসে। খুব ভক্ত মহান বুজুর্গের। তোমার আজকের কাহিনী শুনলে তো সে আরও পাগল হয়ে যাবে।’ বলল জোসেফাইন।
‘নাম কি তোমার বান্ধবীর? আমেরিকার কোথায় থাকেন?’ জিজ্ঞেস করল আহমদ মুসা।
জিভ কেটে মুহূর্তের জন্যে চোখ বুজল ডোনা জোসেফাইন। তারপর হেসে উঠল। বলল, ‘কি উত্তর দেব! সত্যি, নাম জিজ্ঞেস করার কথা মনেই হয়নি। দোষ আমার একার নয়। উনিও আমার নাম জিজ্ঞেস করেননি। উনি জিজ্ঞেস করলে আমারও মনে হতো। স্যরি।’
হাসল আহমদ মুসাও। বলল, ‘অবাক হওয়ার মতো কথা শোনালে! দু’জনের ক্ষেত্রেই একই কাণ্ড ঘটল কি করে?’
‘এর কারণ আমি মনে করি, আমরা এত দ্রুত অন্তরংগ হয়ে উঠি যে, নাম জিজ্ঞেস করার পর্যায় কখন যেন পেছেনে পড়ে যায়। আমাদের যখন দেখা হতো, যতক্ষণ আমরা একসঙ্গে থাকতাম, সবটা সময় আহমদ আবদুল্লাহকে নিয়ে আমরা ব্যস্ত থাকতাম। নিরিবিলি অন্তরংগ কোন আলোচনা হয়নি।’ বলল জোসেফাইন।
‘এমনটাই ঘটেছে জোসেফাইন। কিন্তু এটা মনে থাকার মতো ঘটনা। আজ নাম জানার একটা সুযোগ চলে গেল। আমার সাথে দেখা হলে, নামের প্রশ্ন হয়তো উঠতো। যাক, চল আমরা সামনে এগোই।’
‘চল। একদিন দেখা হলে নিশ্চয় আমি প্রথমেই তার নাম জেনে নেব।’ বলল জোসেফাইন।
তারা হাঁটতে লাগল আবু আইয়ুব আনসারী(রাঃ)-এর কবরগাহের দিকে।
বেলা বারটা।
আহমদ মুসা অফিস থেকে বেরুল। উদ্দেশ্য, আল-আলা পাহাড়ের সিনাগগ দিনের বেলায় একটু ভালো করে দেখা।
অফিস থেকে বেরুতেই দেখল, ডঃ শেখ বাজ অফিসে আসছে। দেখা হতেই বলল, ‘স্যার, এ সময়ে যে বেরুলেন?’
আহমদ মুসা এদিক-ওদিক তাকিয়ে দেখল, আশে-পাশে কেউ নেই। সিকিউরিটির লোকটি বেশ একটু দূরে। বলল আহমদ মুসা, ‘আমি আল-আলা পাহাড়ের দিকে একটু যাচ্ছি। ডাঃ ইয়াসারদের সাথেও দেখা করতে পারি। আচ্ছা ডঃ শেখ বাজ, আপনি আল-আলা পাহাড়ের সিনাগগ সম্পর্কে কিছু জানেন? ওদের কেউ এখানে আসে কি? কিংবা ওদের কারো সাথে আমাদের কারো জানাশোনা আছে কিনা?’
‘আমি কিছু জানি না, তবে আমাদের ইঞ্জিনিয়ার বিজ্ঞানী যিনি মারা গেলেন, তার কাছ থেকে শুনেছি, তিনি এবং ঐ সিনাগগের যিনি প্রধান রাব্বি, ডেভিড ইয়াহুদ বার্লিন বিশ্ববিদ্যালয়ে একসাথে পিএইচডি করেছেন। পিএইচডি’র পর ডেভিড ইয়াহুদ বার্লিন বিশ্ববিদ্যালয়েই চাকরি পেয়েছিলেন। আর তিনি দেশে ফেরার পর চাকরি নিয়ে চলে আসেন ইস্তাম্বুলে আমাদের এই ইনস্টিটিউটে। সম্প্রতি ডেভিড ইয়াহুদ ঐ সিনাগগে প্রধান রাব্বির দায়িত্ব নিয়ে এসেছেন।’ বলল ডঃ শেখ বাজ।
শুনে চোখ কপালে তুলল আহমদ মুসা। ‘বার্লিন বিশ্ববিদ্যালয়ের একজন রিসার্চ অধ্যাপক সিনাগগের রাব্বি হয়েছেন?’ অনেকটা স্বগতঃ কণ্ঠে আহমদ মুসা উচ্চারণ করল কথাটি। এই সাথে তার মনে জাগল অনেক কথা। ডেভিড ইয়াহুদ কি আমাদের এই গবেষণা প্রতিষ্ঠান এবং তার একটা সফল সৃষ্টি উড়ন্ত সকল ধরনের অস্ত্র-বিনাশী ‘সোর্ড’-এর বিরুদ্ধে ষড়যন্ত্রের মিশন নিয়েই এখানে এসেছেন? তিনিই কি মূল ব্যক্তি? মনে হয় না। বরং তাকে ব্যবহারের জন্যে আনা হয়েছে বার্লিন বিশ্ববিদ্যালয় থেকে। আমাদের ইঞ্জিনিয়ার বিজ্ঞানীর সহপাঠী বলেই ডেভিড ইয়াহুদকে এখানে আনা হয়ে থাকতে পারে যাতে আমাদের ইঞ্জিনিয়ার বিজ্ঞানীর সাথে পরিচয়ের সূত্র ধরে ইনস্টিটিউটের গবেষণায় ও গবেষণাগারে প্রবেশ করার সুযোগ তাদের হয়। আমাদের ইঞ্জিনিয়ার বিজ্ঞানীও তাদের হাতের পুতুল হতে চায়নি বলেই কি তাকে মরতে হয়েছে! এখন তাদের পরিকল্পনা কি? কোন পথে এগোচ্ছে তারা? ইত্যাদি নানা প্রশ্ন, নানা কথা আহমদ মুসাকে অস্থির করে তুলেছিল। সে আনমনা হয়ে পড়েছিল কিছুটা।
ডঃ শেখ বাজই আবার কথা বলল, ‘স্যার কিছু ভাবছেন?’
আহমদ মুসা সম্বিত ফিরে পেল। বলল, ‘না ডঃ বাজ, তেমন কিছু না। আপনাকে ধন্যবাদ ডঃ বাজ একটা ভালো খবর দেয়ার জন্যে। এই তথ্যটা কি জেনারেল তাহির তারিককে জানিয়েছিলেন?’
‘না স্যার। আমার মনে পড়েনি। আপনি প্রশ্ন করার পর মনে পড়েছে আমার। আর একে আমি তেমন গুরুত্বপূর্ণ তথ্য বলে মনে করিনি।’ বলল ডঃ বাজ।
হাসল আহমদ মুসা। বলল, ‘দেখুন, আমাকে স্যার স্যার বলবেন না। আমরা এক বিশ্ববিদ্যালয়ে পড়লে বোধহয় সহপাঠী হতাম। ভাই বলতে পারেন।’
‘না স্যার, অফিসে এটা হয় না। বাইরে অবশ্যই ভাই বলব। কিন্তু অফিস চলবে অফিসের নিয়মে।’ বলল ডঃ বাজ।
আবার হাসল আহমদ মুসা। বলল, ‘ঠিক আছে। ‘ডাইরেক্টর ম্যানেজমেন্ট’-এর উপযুক্ত কথাই আপনি বলেছেন। ধন্যবাদ। আপনি অফিসে যান, আমি আসছি।’
‘আসসালামু আলাইকুম’ বলে আহমদ মুসা ঘুরে দাঁড়াল।
‘জেনারেল তাহির তারিক স্যার আসবেন বলেছেন। উনি যোগাযোগ করলে কি বলব?’ জিজ্ঞাসা ডঃ বাজের।
‘বলবেন, আমি ডাঃ ইয়াসারদের ওদিকে গেছি।’ আহমদ মুসা বলল।
‘ইয়েস স্যার’ বলে ডঃ বাজও যাবার জন্যে ঘুরে দাঁড়াল।
আহমদ মুসা গাড়ির দিকে হাঁটা শুরু করল।
ডঃ ডেভিড ইয়াহুদ সম্পর্কে জেনে খুব খুশি হলো আহমদ মুসা। ইঞ্জিনিয়ার বিজ্ঞানীসহ সব মৃত্যু, সব নিখোঁজের কেন্দ্র এই সিনাগগ এবং হতে পারে ঐ ডঃ ডেভিড ইয়াহুদ, এই বিশ্বাস দৃঢ় হলো আহমদ মুসার। দিনের বেলা সিনাগগকে একটু ভালো করে দেখা আরও জরুরি হয়ে দাঁড়িয়েছে। তার সাথে ডাঃ ইয়াসারদের কাছ থেকে আরও কিছু জানাও যেতে পারে।
গাড়িতে উঠে বসল আহমদ মুসা। গাড়ি চলতে শুরু করল।
আহমদ মুসা আল-আলা পাহাড়ে পৌঁছে গাড়ি ড্রাইভ করে সিনাগগের রাস্তার সামনে পৌঁছল।
সিনাগগটি চারদিক দিয়ে দেয়াল ঘেরা। প্রাচীরের পাশ দিয়ে পাথর বিছানো প্রাইভেট রাস্তা। এগুলো আশপাশের বাড়িতে যাবার পথ। আহমদ মুসা গাড়িতে করে পাথর বিছানো পথে বাড়ির চারদিকটা ঘুরে আসতে চাইল। কিন্তু পারল না। সিনাগগের পেছনটায় খাড়া একটা খাদ। কতটা গভীর বোঝা গেল না। ছোট-বড় নানা রকম গাছ-গাছড়ায় ভর্তি। আহমদ মুসা ফিরে এল বাড়ির সামনের বড় রাস্তায়। মোটামুটি বাড়ির বাইরেটা দেখা হয়ে গেছে তার।
গাড়িতে উঠল। গাড়ি স্টার্ট দিল। কয়েক গজ সামনেই রাস্তার ডান পাশে ডাঃ ইয়াসারদের বাড়ি। ঘড়ির দিকে তাকিয়ে আহমদ মুসা মনে করল, আজ ডাক্তারদের বাড়ি না-ই বা গেলাম।
বিপরীত দিক থেকে আরেকটা গাড়ি আসছিল এদিকে। ডাঃ ইয়াসারের বাড়ির সামনে গিয়ে মুখোমুখি হয়ে গেল দুই গাড়ি।
পাশ কাটাবার জন্যে আহমদ মুসা গাড়ি বাঁ দিকে ঘুরিয়ে নিচ্ছিল। কিন্তু সামনের গাড়িটা থেমে গেল। গাড়িটা থামতেই গাড়ি থেকে বেরিয়ে এল ডাঃ ইয়াসার এবং ডাঃ রাসাত।
ওদের দেখে আহমদ মুসাও গাড়ি থামিয়ে দিয়েছে।
‘কি ব্যাপার মিঃ খালেদ, আমাদের বাড়ির সামনে দিয়ে আমাদের পাশ কাটিয়ে চলে যাচ্ছেন! গাড়ি ঘুরিয়ে নিন। আগে আপনি ঢুকুন আমাদের গেট দিয়ে, পেছনে আমরা। পালাবার পথ নেই।’ বলল ডাঃ রাসাত।
আহমদ মুসা ঘড়ির দিকে চাইল।
আহমদ মুসা কিছু বলার আগে ডাঃ ইয়াসার বলে উঠল, ‘মিঃ খালেদ খাকান, ঘড়ির দিকে তাকিয়ে লাভ নেই। যেতে আপনি পারছেন না। অতএব, সময়ক্ষেপণে কোন লাভ নেই জনাব। আসুন।’
আহমদ মুসা গাড়ি ঘুরিয়ে নিল।
সাবাতিনিও বাড়িতে। সে বেরিয়ে এসেছে।
গাড়ি বারান্দায় নেমে এসে দাঁড়িয়েছে সে। আহমদ মুসার গাড়ি থামলে তার গাড়ির দরজা খুলে আহমদ মুসাকে স্বাগত জানিয়ে বলল, ‘ওয়েলকাম, আসুন স্যার।’ আহমদ মুসা গাড়ি থেকে নামল।
ডাঃ ইয়াসার ও ডাঃ রাসাতও গাড়ি থেকে নেমে পড়েছে।
‘আমাদের গেটেই এভাবে ধরা পড়ে যাবেন, এমনটা ভাবতেই পারেননি স্যার, তাই না মাম্মি, ড্যাডি?’ হাসতে হাসতে বলল সাবাতিনি।
‘ঠিক আছে, স্যারকে কি খাওয়াবে দেখ। আমরা সকলেই তোমার গেস্ট আজ।’ বলল ডাঃ ইয়াসার।
‘থ্যাঙ্কস ড্যাডি। মাম্মির রান্না করা খাবার দিয়ে হোস্ট হওয়া কঠিন নয়। ওয়েলকাম সকলকে। আসুন।’ বলল সাবাতিনি হাসতে হাসতে। সবাই বসল গিয়ে ড্রইংরুমে।
সাবাতিনি ভেতরে গিয়েছিল। একটু পরে বেরিয়ে এসে বলল, ‘ড্যাডি, মিঃ ইরগুন ইবান আসছেন। স্যারের সাথে নাকি তাকে পরিচয় করিয়ে দিতে চেয়েছিলেন!’ সাবাতিনির অস্বস্তি ও অসন্তুষ্টির ভাব।
আহমদ মুসা তাকিয়েছিল ডাঃ ইয়াসারের দিকে। সাবাতিনির কথা শোনার সাথে সাথে ডাঃ ইয়াসারের মুখের আলো যেন হঠাৎ দপ করে নিভে গিয়েছিল। কিন্তু মুহূর্তের মধ্যেই নিজেকে সামলে নিল। তবে সাবাতিনির কথার উত্তরে কথা বলতে তার দেরি হলো। একটু সময় নিয়ে সে বলল, ‘তুমি তাকে কি বলেছিলে যে মিঃ খালেদ খাকান এসেছেন, না তিনি জিজ্ঞেস করেছিলেন?’ ডাঃ ইয়াসারের কণ্ঠে কতকটা বিব্রত হওয়ার আমেজ।
‘না ড্যাডি, আমি কিছু বলিনি। উনিও জিজ্ঞেস করেননি। মনে হলো উনি জানতেন। কারণ সোজাসুজি তিনি জানিয়েছেন যে, তিনি আসছেন।’ বলল সাবাতিনি।
পরিস্থিতি একটু বেসুরো হয়ে উঠেছিল। এটা কাটিয়ে উঠতেই এগিয়ে এলো ডাঃ রাসাত। বলল, ‘মিঃ খালেদ খাকান, মিঃ ইরগুন ইবান আমাদের প্রতিবেশী। এখানকার সিনাগগের একজন সদস্য। তার সবচেয়ে বড় পরিচয় তিনি একজন মুষ্টিযোদ্ধা। আমার মনে হয়, তার সাথে পরিচিত হয়ে আপনিও খুশি হবেন।’
‘আমারও তাই মনে হয় রাসাত। একজন মেহমান পেয়েছিলাম, দু’জন হয়ে গেল। এটা আমাদের সৌভাগ্যই।’
হাসল আহমদ মুসা। বলল, ‘আকস্মিকতা ভাগ্যের কাজ। মানুষের হাত এর ওপর নেই। আমার আসার কথা ছিল না এখানে। কিন্তু এসে গেছি। ইরগুনও সেভাবেই আসছেন। তাকে ওয়েলকাম।’
ইরগুন ইবানকে মুখে ওয়েলকাম জানালেও আহমদ মুসার মনে নানা চিন্তার ভিড়। তার বুঝতে বাকি নেই ইরগুন ইবান কে। সে শত্রুপক্ষের একজন, এ ব্যাপারে সন্দেহ নেই। ডেভিড ইয়াহুদের তরফ থেকেই সে আসছে, যারা সেদিন তাকে আক্রমণ করেছিল ইরগুন ইবান তাদের গ্রুপেরই একজন, এ ব্যাপারেও সে নিশ্চিত। কিন্তু সে নিশ্চিত হতে পারছে না সে আসছে কেন? তাকে নিছক দেখার জন্যে সে অবশ্যই আসছে না। তাহলে কি জন্যে আসছে? এই শত্রুপক্ষ সম্পর্কে আহমদ মুসারা জেনেছে, তাতে পরিষ্কার এরা আক্রমণের নানা পন্থা ব্যবহার করে। তারা এখানে লোক পাঠাচ্ছে কোন কৌশল সাথে নিয়ে!
বৈঠকখানার দরজায় নক হলো। আহমদ মুসার চিন্তায় ছেদ নামল। সাবাতিনি ভেতরে চলে গিয়েছিল। সে ছুটে এসে দরজা খুলে দিল।
দরজায় একজন লোক দাঁড়িয়ে।
খোলা দরজায় সাবাতিনির মুখোমুখি হতেই লোকটি বলল, ‘আমি ইরগুন ইবান, টেলিফোন করেছিলাম।’
স্বাগত জানানোর মতো কোন কথা না বলে সাবাতিনি দরজার পাশে সরে দাঁড়িয়ে বলল, ‘আসুন ভেতরে, সবাই আছে।’
ইরগুন ইবান ভেতরে প্রবেশ করল।
ডাঃ ইয়াসার ও ডাঃ রাসাত উঠে দাঁড়িয়ে তাকে স্বাগত জানাল। ডাঃ রাসাত বলল, ‘আমরা খুশি হয়েছি মিঃ ইবান আপনি আসায়।’
আহমদ মুসাও উঠে দাঁড়িয়েছিল।
ডাঃ রাসাতের কথা শেষ হতেই আহমদ মুসা ইরগুন ইবানের দিকে হাত বাড়িয়ে বলল, ‘আমি খালেদ খাকান।’
ইরগুন ইবান হ্যান্ডশেকের জন্যে আহমদ মুসার দিকে হাত বাড়িয়ে বলল, ‘খুশি হলাম খালেদ খাকান, আপনার সাথে সাক্ষাতের সুযোগ পেয়ে।’
বলে মুখ ঘুরিয়ে ডাঃ রাসাতের দিকে চেয়ে বলল, ‘আমি অবশ্য না ডাকতেই এসে পড়েছি।’
‘আপনি প্রতিবেশী। আপনি যে কোন সময় আসতে পারেন। দাওয়াত বা অনুমতির প্রশ্ন এখানে নেই।’ বলল ডাঃ রাসাত।
ইরগুন ইবান হাত টেনে নিয়েছে আহমদ মুসার হাত থেকে। কিন্তু তার আগেই ইরগুন ইবানের ডান হাতের তর্জনীর একটা অস্বাভাবিক সাইজের আংটি আহমদ মুসার নজরে পড়েছে। আংটির পাথরটা পিরামিড আকৃতির। তবে পিরামিডের ওপরের শীর্ষটা সরু নয়, ফ্ল্যাট। সবচেয়ে লক্ষণীয় হলো, পাথরের নিচের মেটালিক বেজটা। যেটার ওপর-নিচের প্রশস্ততা কিছুটা অস্বাভাবিক। কিছুটা অস্বাভাবিক এই আংটিটা চোখে পড়তেই তার মনে হলো, এই ধরনের আংটি এর আগে কোথায় যেন সে দেখেছে। হঠাৎ তার মনে পড়ল, ফিলিপাইনে এক মেয়ের পাল্লায় সে পড়েছিল। মেয়েটা ক্লু-ক্ল্যাক্স-ক্ল্যানের গোয়েন্দা কর্মী ছিল। সে এই ধরনের আংটির পয়জন ও পিন দিয়ে আহমদ মুসাকে হত্যা করতে গিয়েছিল।
চমকে উঠল আহমদ মুসা। এই আংটি যদি সেই আংটির মতো কিছু হয়ে থাকে, তাহলে ইরগুন ইবান তাকে হত্যার জন্যেই এখানে এসেছে।
‘আমি মিঃ খালেদ খাকানের পাশেই বসি। গল্প বেশি জমবে।’ বলে মিঃ ইরগুন ইবান আহমদ মুসার দিকে এগিয়ে এল।
আহমদ মুসার দু’পাশের দু’টি সোফা ফাঁকা ছিল। সে এসে আহমদ মুসার বাম পাশের সোফাটায় বসল।
আহমদ মুসার বাঁ হাত ও দেহের বাম পাশটা ইরগুন ইবানের ডান হাতের আওতায় চলে এল। মনে মনে হাসল আহমদ মুসা।
গল্প জমে উঠল। ইরগুন ইবান হাত নেড়ে কথা বলছে।
আহমদ মুসার বাম হাত সোফার হাতলে।
মাঝে মাঝে কথা বলার সময় ইরগুন ইবানের চলন্ত হাত আহমদ মুসার বাম হাতের আশপাশ ঘুরে বেড়াচ্ছে।
আহমদ মুসা গল্পের মধ্যে থাকলেও ইরগুন ইবানের হাতটাকে সে ফলো করছে।
কথার মাঝখানে ইরগুন ইবান অকাল্ট সায়েন্স বা হস্তরেখা বিজ্ঞান নিয়ে কথা তুলল এবং সে বলল, জার্মানিতে এই সাবজেক্টের ওপর লেখাপড়া করেছে।
খুব ইন্টারেস্টিং সাবজেক্ট।
ডাঃ ইয়াসার প্রথমে হাত বাড়িয়ে দিল তার দিকে। তারপর ডাঃ রাসাতের হাত দেখল সে।
হস্তরেখা বিজ্ঞান সম্পর্কে সে কতটা জানে সেটা ভিন্ন কথা, তবে হস্তরেখা সম্পর্কে তার জ্ঞান কিছুটা যে আছে তা বোঝা গেল। বিজ্ঞ হস্তরেখাবিদের মতো কথা বলে ডাঃ ইয়াসার এবং ডাঃ রাসাত দু’জনকেই চমৎকৃত করে ফেলেছে।
চমৎকৃত ডাঃ ইয়াসার বলল, ‘আপনি মুষ্টিযুদ্ধ চর্চা করেছেন, কিন্তু এ চর্চা করতে গেলেন কেন?’
‘মুষ্টিযুদ্ধ শক্তি ও কৌশল নির্ভর হলেও ভাগ্যেরও একটা দিক আছে। প্রতিপক্ষের হস্তরেখা সম্পর্কে তথ্য সংগ্রহ করে তার শক্তি ও দুর্বলতা সম্পর্কে জানা যেতে পারে। বিজয়ের জন্যে এর গুরুত্ব আছে।’
বলে ইরগুন ইবান ফিরল আহমদ মুসার দিকে। বলল, ‘এবার মিঃ খালেদ খাকান, আপনার পালা। দেখি আপনার হাত।’
আহমদ মুসা হাত বাড়িয়ে দিতে দিতে বলল, ‘কারও ভবিষ্যৎ বাণীর ওপর আমি বিশ্বাস করি না। অকাল্ট সায়েন্সও এক ধরনের ভবিষ্যৎ বাণী। তবে হাতটা আপনাকে দেখতে দিচ্ছি এ কারণে যে, আপনাকে আমার হাত দেখার সুযোগ থেকে বঞ্চিত করতে চাই না।’
ইরগুন ইবান একবার মুখে হাসি টেনে ঠাণ্ডা চোখে আহমদ মুসার দিকে তাকিয়ে আহমদ মুসার হাত দেখার প্রতি মনোযোগ দিল।
আহমদ মুসা লক্ষ্য করল, ইরগুন ইবানের তর্জনীর সেই আংটিটি উল্টে গেছে। এ পর্যন্ত আংটির পাথর দিকটা ছিল আঙুলের পিঠে, সেটা এখন চলে গেছে আঙুলের বিপরীত পাশে।
সাবাতিনি ড্রইংয়ের দরজায় এসে দাঁড়িয়ে বলল, ‘খাবার টেবিলে সব রেডি ড্যাডি, মাম্মি।’
বলার পরেই হাত দেখার প্রতি তার নজর পড়ল। বলল, ‘বাহ, এখনো হাত দেখ চলছে নাকি!’
বলে সে এগিয়ে এসে মায়ের পাশে সোফায় বসল।
হঠাৎ আহমদ মুসার হাত থেকে মুখ তুলল ইরগুন ইবান। তার চোখে-মুখে উদ্বেগ। বলল উদ্বেগ ও আতংকের সুরে, ‘মিঃ খালেদ খাকান, আপনার হাত বলছে আপনি মারা যাচ্ছেন, সেটা এখনি।’
বলেই ইরগুন ইবান আহমদ মুসার হাত ছেড়ে দিয়ে কিছুটা উঠে ডান হাত দিয়ে আহমদ মুসার বাম বাহু চেপে ধরল এবং বাম হাত দিয়ে আহমদ মুসার ডান হাত ধরতে গেল, যেন সে আহমদ মুসাকে সাহায্য করতে যাচ্ছে, তাকে বাঁচাতে চাচ্ছে আসন্ন মৃত্যুর হাত থেকে।
কিন্তু ইরগুন ইবানের বাম হাত আহমদ মুসার ডান হাত পর্যন্ত পৌঁছার আগেই আহমদ মুসার ডান হাতের একটা প্রচন্ড ঘুষি আধা-আধি উঠে দাঁড়ানো ইরগুন ইবানের বাম কানের পেছনটায় আঘাত হানল।
ইরগুন ইবানের ডান হাত খসে গেছে আহমদ মুসার বাম বাহু থেকে। তার দেহটা টলে উঠে পড়ে গেল মেঝেতে।
আহমদ মুসা উঠে দাঁড়াল।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now