বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বসফরাসের আহ্বান চ্যাপ্টার- ২

"সাইমুম সিরিজ" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X ২ আহমদ মুসা সোফায় বসে। তার কোলে আহমদ আবদুল্লাহ। নিচে কার্পেটে আহমদ মুসার পায়ের কাছে ডোনা জোসেফাইন। তার মাথা আহমদ মুসার উরুতে। অনেক ঘোরাফেরা ও দুষ্টুমির পর নেতিয়ে পড়েছে আহমদ আবদুল্লাহ। এখন ঘুমাবে সে। ‘ওকে ওর বেডে রেখে আসি।’ বলল জোসেফাইন। ‘না, তোমাকে উঠতে হবে না। ও কোলেই ভালো ঘুমাবে।’ বলে একটা হাত আহমদ মুসা জোসেফাইনের মাথায় রাখল। জোসেফাইনেরও একটা হাত ধীরে ধীরে উঠে গিয়ে আহমদ মুসার হাত ধরল। ‘অসুখ কাটিয়ে উঠেছে আহমদ আবদুল্লাহ। গত দু’দিন থেকে ওর মুভমেন্টটা একদম নরমাল হয়ে গেছে।’ বলল জোসেফাইন। ‘তাহলে দেখা যাচ্ছে, অসুস্থ হবার পর দেড় মাস লাগল তার নরমাল হতে। খুব কষ্ট পেয়েছে বেচারা এবার পেটের অসুখে। আমার মনে হয়, পয়জনিংটা পানি থেকেই হয়েছিল।’ ‘আমি তাই মনে করেছি। মেয়েদের যে কনফারেন্সে গিয়েছিলাম, সেখানে ছোট একটা বটলড ওয়াটার নিয়েছিলাম। পানিটার ব্র্যান্ড মনে নেই, আউটডেটেড হতে পারে পানিটা।’ ‘যাক, আল্লাহ আমাদের সাহায্য করেছেন। আরও খারাপ হয়নি, এটা আল্লাহরই সাহায্য।’ ‘আলহামদুলিল্লাহ, সবাই সাহায্য করেছেন। হাসপাতালের ডিজি বার বার কেবিনে এসেছেন তার খোঁজ নিতে। আমাদের মদীনার গভর্নরের স্ত্রী দু’দিন এসে দেখে গেছেন হাসপাতালে। তুমি গভর্নর সাহেবকে একটা ধন্যবাদ দিও।’ ‘ঠিক আছে।’ বলল আহমদ মুসা। হঠাৎ আহমদ মুসা ডোনা জোসেফাইন যে হাত দিয়ে আহমদ মুসার হাত ধরেছিল, সে হাত টেনে নিয়ে একটা আঙুলের মাথা আস্তে স্পর্শ করে বলল, ‘আঙুলের মাথা এখনও কিছুটা ফোলা দেখছি। ওষুধ ব্যবহার করছ না?’ হাসল ডোনা জোসেফাইন। বলল, ‘থাক না পবিত্র হেরার, পবিত্র গুহার মধুর স্মৃতিটা।’ আহমদ আবদুল্লাহ সুস্থ হবার পর তাকে নিয়ে আহমদ মুসা ও জোসেফাইন ওমরাহ্‌ করতে গিয়েছিল। আহমদ আবদুল্লাহকে সাথে নিয়ে দু’জন হেরা গুহায় উঠেছিল। গোটা একটা বেলা তারা গুহায় ছিল। বের হবার সময় পাথরের ওপর একটা পা ফসকে যাওয়ায় হাত দিয়ে দেহের ভারসাম্য রক্ষা করতে গিয়ে একটা পাথরের সাথে ডান হাতের মধ্যমা জোরে লাগায় আঙুলের মাথাটা থেঁতলে যায়। ‘স্মৃতি তো মনে রাখার বিষয়, আঙুলে থাকার ব্যাপার নয়।’ আহমদ মুসা বলল। ‘ঠিক। তবে আঙুলের ব্যথা যতবার পাই, হেরার প্রশান্তির স্মৃতি তা স্মরণ করিয়ে দেয়, মন তা করে না।’ ‘সত্যি জোসেফাইন, খুব সজীব ঈমান তোমার। এবার ওমরাহ্‌ করতে গিয়ে দেখেছি এক ভিন্ন রকম জোসেফাইনকে। তাওয়াফ, সা’য়ী ও নামাযে তোমার যে ধ্যানমগ্ন রূপ আমি দেখেছি, তেমন অতীতে দেখিনি।’ আহমদ মুসা বলল। জোসেফাইন ওর হাতটা ওপরে তুলে দু’হাত দিয়ে আহমদ মুসার হাত আঁকড়ে ধরে বলল, ‘যদি তাই বল, তাহলে এটা তোমার ঈমানেরই কৃতিত্ব। তোমার ঈমান আমাকে সঞ্জীবিত করেছে, আমাকে নতুন মানুষ বানিয়েছে। আমি প্রতিদিন মসজিদে নববীতে প্রতি নামাযের পরে আমার প্রিয় রাসূল(সাঃ)-কে উসিলা করে বলি, আল্লাহ যেন তোমাকে ইহজগতে ও পরজগতে এর অফুরান জাযাহ দেন।’ ভারি কণ্ঠ জোসেফাইনের। আহমদ মুসা জোসেফাইনের দু’হাত দু’হাতে ধরে চুম্বনে চুম্বনে ভরে দিয়ে বলল, ‘আমি ভাগ্যবান, আল্লাহর অশেষ দয়ায় তোমাকে পে....।’ ডোনা জোসেফাইন এক হাত দিয়ে আহমদ মুসার মুখ চেপে ধরে বলল, ‘আমার সম্পর্কে এভাবে বলো না, মেইলিগুলি, তাতিয়ানা আপারা অনেক অনেক বড় ছিলেন, তাদের মতো বড় জায়গায় উঠার যোগ্য আমি নই। ওরা আমার প্রেরণা, আমার আদর্শ।’ দু’চোখে অশ্রুর ধারা নেমেছিল জোসেফাইনের। আহমদ মুসা দু’হাত দিয়ে জোসেফাইনের মুখ একটু তুলে ধরে চোখের অশ্রু মুছে দিয়ে বলল, ‘বড়কে চিনতে হলে বড়ই হতে হয় জোসেফাইন। বড় হৃদয় না হলে ওদের এভাবে বড় দেখতে পেতে না।’ ‘তুমি এভাবে বলো না। বড়কে চেনার মতো বড় হওয়া বড়োর সমকক্ষ হওয়া নয়।’ বলল জোসেফাইন। ‘ধন্যবাদ জোসেফাইন। তোমাকে এমন করে যিনি সৃষ্টি করেছেন, সেই আল্লাহ রাব্বুল আ’লামীনকেও ধন্যবাদ।’ জোসেফাইন হাসল। বলল, ‘তুমি কথার রাজা, যুক্তির রাজা। তুমি আইনজীবী হলেও দুনিয়াজোড়া নাম করতে।’ ‘আইনজীবী এখনও হতে পারি।’ হেসে বলল আহমদ মুসা। ‘পার না। ইসলামী বিশ্বের আজকের প্রয়োজনের প্রায়োরিটি তালিকা যদি করা হয়, তাহলে আইন ব্যবসায়ের স্থান হবে নিচে। আমি জানি, প্রায়োরিটিই তোমার সিলেকশন।’ ‘ধন্যবাদ জোসেফাইন। তোমার চেয়ে বেশি আমাকে কে চিনবে বল?’ বলে ঠোঁটে একটা আঙুলের টোকা দিয়ে বলল, ‘তুমি এবার তায়েফ বেড়িয়ে অনেক সুন্দর হয়েছো।’ লাজ-রাঙা হাসি ফুটে উঠল জোসেফাইনের মুখে। আহমদ মুসার উরুতে মুখ গুঁজে বলল, ‘সুন্দর যদি হয়েই থাকি, সেটা তায়েফ বেড়িয়ে নয়, তোমাকে পাশে পাবার কারণে। বিয়ের পর এবারের মতো এতটা দীর্ঘ সময় এমন নিরবচ্ছিন্নভাবে তোমাকে আর কখনও পাশে পাইনি।’ সংগে সংগে কথা বলতে পারল না আহমদ মুসা। বেদনাতাড়িত এক কঠিন সত্য কথা জোসেফাইন বলেছে। আবেগে হঠাৎ করেই হয়তো হৃদয়ের একান্ত গোপন একটা কথা সে বলে ফেলেছে। সত্যি সে কষ্ট দিচ্ছে জোসেফাইনকে। আহমদ মুসা জোসেফাইনের চুলে আঙুল চালিয়ে নাড়তে নাড়তে বলল, ‘দূরত্ব তোমাকে কষ্ট দেয়, আমাকেও কষ্ট দেয় জোসেফাইন। এবার আসার সময়ই ভেবেছি, এরপর যেখানে আমি যাব, তুমি আমার সাথী হবে।’ ডোনা জোসেফাইন চট করে আহমদ মুসার উরু থেকে মুখ তুলল। তাকাল আহমদ মুসার দিকে। বলল, ‘আমার কথা থেকে কষ্ট আবিষ্কার করলে কেন? তোমার সান্নিধ্যে আমি ভালো থাকি, এটা সত্য। তোমার কাছ থেকে দূরে থাকলে শূন্যতার একটা চাপ মনে থাকে, এটাও সত্য, কিন্তু এটা আমার জন্যে দুঃখ নয়। দুঃখ অনুভবের ব্যাপার। দুঃখ অনুভূত না হলে সেটাকে দুঃখ বলা যাবে না। তোমার সান্নিধ্যের শূন্যতা যে চাপ সৃষ্টি করে, সেটা থেকে গৌরব অনুভব করি আমি, বুক ভরা আনন্দ অনুভব করি আমি, দুঃখ নয়। এটা তুমিও জান।’ ‘জানি জোসেফাইন। জানি বলেই তো দূরে আমি থাকতে পারি। তোমার গৌরব অনুভব, তোমার বুক ভরা আনন্দ অনুভব আমাকে শক্তি যোগায় জোসেফাইন।’ বলল আহমদ মুসা। ‘তবে ঐভাবে কথা বললে কেন? আহমদ আবদুল্লাহ বড় না হলে কোথাও বেরুতে আমি পারবো না।’ জোসেফাইন বলল। আহমদ আবদুল্লাহকে সোফায় শুইয়ে দিয়ে জোসেফাইনকে সোফায় পাশে তুলে নিয়ে বলল, ‘এ বিষয়ের আলোচনা থাক।’ ডোনা জোসেফাইন আহমদ মুসার গলা জড়িয়ে ধরে কাঁধে মুখ গুঁজে বলল, ‘তাহলে বল, সিরিত থানারতা, যয়নব, আয়েশারা কবে আসছে। ওদের দেখার জন্যে মন কেমন করছে বুঝাতে পারবো না।’ ‘ওরাও তোমাকে দেখার জন্যে এমনি পাগল হয়ে আছে। আমি সৌদি সরকারকে বলেছি। তারা দাওয়াতের ব্যবস্থা করছে। এ জিলহজ্বেই ওরা আসবে।’ ‘তুমি ওদের বিয়ে দিয়ে এসে ভালো করেছ। না হলে ওরা এভাবে একসাথে আসতে পারতো না।’ ‘শুধু আসতে পারতো না নয়, বিয়েও অনেকদিন অনিশ্চিত হয়ে থাকতো। বিশেষ করে যয়নব যোবায়দা ও ফরহাদ ফরিদ উদ্দিন এবং সিরিত থানারতা ও জাবের জহীর উদ্দিনের বিয়ের ক্ষেত্রে দু’পক্ষই উন্মুখ, কিন্তু কে কথা পাড়বে, কোন পক্ষ প্রথম উদ্যোগ নেবে, এটা হচ্ছিল না।’ ‘সিরিত থানারতাদের এটা হতে পারে। কিন্তু যয়নবদের ক্ষেত্রে এটা তো হবার কথা নয়। তারা একই বংশ, আবার কাছাকাছিও!’ ‘ওদের ক্ষেত্রেই প্রবলেম বেশি ছিল। ফরহাদ ফরিদ উদ্দিন ও যয়নব দু’জনেই চাপা, দশ বছর গেলেও তাদের ইচ্ছার কথা তারা জানাতো না। আর জাবের জহীর উদ্দিন ও দাদী এ বিষয়টা কোনোদিন ভাবেওনি। বিয়ের আগে দাদী ও জাবের দু’জনেই আমাকে বলেছিল, যে বিষয়টা আমাদের কখনও মাথায় আসেনি, সেটাই তুমি প্রায় চোখের নিমেষে করে ফেললে!’ ‘তোমার অনেক পুণ্য হবে। তুমি যে কত ঘর এভাবে বেঁধেছ! কিন্তু আমাদের ঘরটা আমিই বেঁধেছি।’ আহমদ মুসা জোসেফাইনের মুখ কাঁধ থেকে সরিয়ে মুখের কাছে এনে তার গালে টোকা দিয়ে বলল, ‘ঘর বুঝি একা বাঁধা যায়!’ ‘আমি উদ্যোগ নিয়েছি, তোমাকে সম্মত করেছি। তা না করলে দশ বছর কেন, বিশ বছরেও তোমার দিক থেকে কথা আসতো না।’ বলে জোসেফাইন মুখ গুঁজল আহমদ মুসার বুকে। আহমদ মুসা দু’হাত দিয়ে তাকে জড়িয়ে ধরে বলল, ‘তোমার কাছে আমি চিরকৃতজ্ঞ জোসেফাইন।’ হঠাৎ ডোনা জোসেফাইন আহমদ মুসার বুক থেকে মুখ তুলে বলল, ‘গতকাল গভর্নর হাউজ থেকে একটা বড় এনভেলাপ দিয়ে গেছে। তুমি তখন বাসায় ছিলে না। তোমাকে দেখানো হয়নি। নিয়ে আসি ওটা।’ বলে উঠে দাঁড়িয়ে ছুটল নিজের বেডরুমের দিকে। মিনিটের মধ্যে একটা এনভেলাপ নিয়ে ফিরে এল ডোনা জোসেফাইন। আহমদ মুসা এনভেলাপ খুলে দেখল অনেকগুলো চিঠি। চোখ বুলিয়ে দেখল চিঠির কপিগুলো। আহমদ মুসার চোখ উজ্জ্বল হয়ে উঠল। বলল, ‘জোসেফাইন, আমেরিকায় আমি যাদের হজ্বের জন্যে দাওয়াত করে এসেছিলাম, এগুলো তাদের কাছে প্রেরিত সৌদি সরকারের দাওয়াতের আনুষ্ঠানিক চিঠির কপি।’ ডোনা জোসেফাইনের মুখ উজ্জ্বল হয়ে উঠল খুশিতে। বলল, ‘দেখি চিঠিগুলো।’ চিঠিগুলো হাতে নিয়ে এক এক করে পড়তে লাগল, ‘মিসেস জেফারসন, জর্জ আব্রাহাম জনসন, মিসেস জনসন, কামাল সুলাইমান, বুমেদিন বিল্লাহ, ডঃ হাইম হাইকেল, মিসেস হাইকেল, মিঃ মরিস মরগ্যান ও মিসেস মরগ্যান।’ শেষ নামটা পড়ার পর ডোনা জোসেফাইনের মুখের আনন্দ-ঔজ্জ্বল্য হঠাৎ দপ করে নিভে গেল। তাকাল আহমদ মুসার দিকে। বলল, ‘সারাহ জেফারসনের চিঠি কোথায়? সে কি আসবে না?’ ডোনা জোসেফাইনের কণ্ঠ শুকনো। ‘মনে হয়, সে আসবে না বলে দিয়েছে। তাই চিঠি যায়নি। নিয়ম হলো, যারা আসার কনসেন্ট দেয়, তাদেরকেই আনুষ্ঠানিক ইনভাইটেশন লেটার পাঠানো হয়।’ বলল আহমদ মুসা নরম কণ্ঠে সান্ত্বনা দেয়ার মতো করে। ডোনা জোসেফাইন কোনো কথা বলল না। নীরবে এসে সোফায় আহমদ মুসার পাশে বসল। তার মুখ ভারি। কষ্টের প্রকাশ চোখে-মুখে। আহমদ মুসা তাকাল ডোনা জোসেফাইনের মুখের দিকে। বলল, ‘তুমি ভেব না জোসেফাইন। ব্যাপারটা আসলে কি আমি খোঁজ নেব।’ ‘খোঁজ নিয়ে কি করবে? দেখবে যে, সে রিগ্রেট করেছে, এজন্যেই ফরমাল চিঠি পায়নি। আসল ব্যাপার হলো, সে আসতে চায় না এবং তুমিও চাও না সে আসুক।’ ভারি কণ্ঠ ডোনা জোসেফাইনের। আহমদ মুসা দু’হাত দিয়ে ডোনা জোসেফাইনকে জড়িয়ে কাছে টেনে নিল। বলল, ‘তুমি মন খারাপ করো না জোসেফাইন। সে আসতে চায় না, এর মধ্যেই ওর কল্যাণ আছে।’ ডোনা জোসেফাইনের ঠোঁটে একটা ম্লান হাসি ফুটে উঠল। হাসিটা কান্নার চেয়ে করুণ। বলল, ‘ডোনা জোসেফাইন আহমদ মুসার কাঁধে মুখ গুঁজে আছে! এর মধ্যে তুমি কল্যাণ দেখছ, তাই না? তোমরা মেয়েদের মন জান না। আমি একজন মেয়ে। আমিই বুঝতে পারি, অনুভব করতে পারি। তুমি যাকে কল্যাণ বলছ, তা কত কষ্টের, কত মর্মান্তিক ও যাতনার!’ ‘এই দুর্ভাগ্যজনক বিষয়টা আমাদের ভুলে থাকা উচিত জোসেফাইন। মানুষের যেখানে কিছু করার থাকে না, সেটা আল্লাহর ওপর ছেড়ে দিতে হয়। এর মধ্যেই শান্তি ও সান্ত্বনা আছে। তুমি ওকে আল্লাহর হাতে ছেড়ে দাও।’ বলল আহমদ মুসা। ডোনা জোসেফাইন আহমদ মুসার কাঁধ থেকে মুখ তুলল। তার দু’চোখ থেকে নেমে এল নীরব অশ্রুর দু’টি ধারা। চোখে তার শূন্য দৃষ্টি। মাথাটা কাত করে আহমদ মুসার কাঁধে হেলান দিয়ে বলল, ‘তার ব্যাপারে মানুষের করণীয় সব কি শেষ হয়ে গেছে!’ ধীর স্বগতঃ কণ্ঠ জোসেফাইনের। যেন তার নিজের কাছেই নিজের জিজ্ঞাসা ওটা। কর্ডলেস ল্যান্ড টেলিফোনটা বেজে উঠল। টেলিফোনটা ড্রইংরুমের ওপাশে। ডোনা জোসেফাইন উঠে চোখ মুছে দ্রুত টেলিফোন ধরতে গেল। ওপারের কথা শুনেই ‘প্লিজ হোল্ড অন’ বলে টেলিফোন রিসিভারটা মুখের কাছ থেকে সরিয়ে নিয়ে চাপা কণ্ঠে বলল, ‘ওআইসি’র সেক্রেটারি জেনারেল।’ ‘নিয়ে এস।’ বলে আহমদ মুসা সোজা হয়ে সোফায় বসল। ডোনা জোসেফাইন কর্ডলেস টেলিফোনের রিসিভারটা আহমদ মুসার হাতে দিল। ‘থ্যাংকস’ বলে রিসিভারটা নিল আহমদ মুসা। টেলিফোন আহমদ মুসার হাতে দিয়ে ড্রইংরুম থেকে জোসেফাইন বের হয়ে গেল ঘুমানো আহমদ আবদুল্লাহকে কোলে তুলে নিয়ে। চলল বেডরুমে আহমদ আবদুল্লাহকে শুইয়ে দেবার জন্যে। দু’মিনিট পরেই জোসেফাইন ফিরে এল। দেখল, আহমদ মুসা কর্ডলেস রিসিভারটা চার্জ স্ট্যান্ডে রেখে সোফায় ফিরে যাচ্ছে। ‘শেষ হয়ে গেছে কথা?’ পেছন থেকে বলে উঠল জোসেফাইন। পেছন ফিরে ‘হ্যাঁ’ বলে একটু দাঁড়িয়ে ডোনা জোসেফাইনের একটা হাত জড়িয়ে ধরে তাকে নিয়ে একটা সোফায় বসল। বলল, ‘ওরা আসতে চান, এখনি আসবেন কিনা এ জন্যেই টেলিফোন করেছিলেন।’ ‘ওরা কারা?’ বলল জোসেফাইন। ‘ঐ তো যিনি টেলিফোন করেছিলেন, ওআইসি’র সেক্রেটারি জেনারেল ডঃ ওমর আবদুল্লাহ ইবনে আবু বাকর এবং আরেকজন হলেন ওআইসি’র নিরাপত্তা চীফ জেনারেল তাহির তারিক।’ বলল আহমদ মুসা। ‘কম্বিনেশনটা সুবিধের মনে হচ্ছে না।’ বলল ডোনা জোসেফাইন। ঠোঁটে হাসি। ‘সুবিধের নয় কেন?’ জিজ্ঞাসা আহমদ মুসার। ‘সেক্রেটারি জেনারেল ও নিরাপত্তা চীফ যখন একসাথে আসছেন, তখন একটা খারাপ খবর নিশ্চয় তাদের সাথে আসছে।’ বলল জোসেফাইন আহমদ মুসার পাশে বসতে বসতে। আহমদ মুসা জোসেফাইনের মাথাটা ঠেস দিয়ে শরীরটাকে সোফার ওপর লম্বা করে দিয়ে বলল, ‘তুমি রীতিমত গোয়েন্দা হয়ে গেলে দেখছি!’ জোসেফাইন হাতের আঙুল দিয়ে আহমদ মুসার মাথায় জোরে একটা টোকা দিয়ে বলল, ‘এই সহজ মন্তব্যের জন্যে গোয়েন্দা হবার দরকার হয় না জনাব। কোনো ডেলিগেশন কিংবা মিশনে ওআইসি’র মতো সংস্থার সেক্রেটারি জেনারেলের সাথে যখন সংস্থার নিরাপত্তা চীফ যুক্ত হন, তখন ধরে নিতে হবে নিশ্চয় সিকিউরিটির সাথে সংশ্লিষ্ট কোন বিষয় নিয়ে আলোচনা করবে। আলোচনা যখন করবে, তখন নিশ্চয় সিকিউরিটি বিষয়ে কোন সমস্যার সৃষ্টি হয়েছে। আর সিকিউরিটি সমস্যা সব সময় কোন খারাপ মেসেজ নিয়েই আসে।’ হাসল আহমদ মুসা। বলল, ‘ধন্যবাদ জোসেফাইন। তুমি ‘না’ বলতে গিয়ে সিচুয়েশনের চমৎকার দৃষ্টান্ত দিয়ে আরও জোরালো প্রমাণ দিলে যে, গোয়েন্দাদের মতো বিশ্লেষণী শক্তি তোমার আছে।’ ‘থাক, তোমার এসব কথা রাখ। মেহমানরা এসে যাবেন। আমি উঠি।’ বলে জোসেফাইন উঠে দাঁড়াল। ড্রইংরুমের চারদিকে তাকাল। বলল, ‘সব ঠিক আছে। তুমি উঠে ঠিক হয়ে নাও।’ ‘ধন্যবাদ জোসেফাইন’ বলে আহমদ মুসা উঠে দাঁড়াল। জোসেফাইন টেলিফোনের দিকে একটু এগিয়ে রিসিভার তুলে নিয়ে গেটে রিং করে বলল, ‘সিকিউরিটি, দু’জন মেহমান আসছেন, অ্যালার্ট থাক।’ আহমদ মুসার বাড়ির গেটে সৌদি সশস্ত্র বাহিনীর দু’জন সামরিক পুলিশ এবং দু’জন সামরিক গোয়েন্দা সব সময় পাহারায় থাকে। তারা বাড়ির চারধারেও চোখ রাখে। এছাড়া বাড়ি থেকে একটু সামনে বড় রাস্তার মুখে স্থায়ী একটি সামরিক ছাউনিও রয়েছে। আহমদ মুসার বাড়ির দিকে কোন অপরিচিত গাড়ি বা মানুষ যেতে চাইলে তাদের জিজ্ঞাসাবাদ ও সার্চ করা হয়ে থাকে। আহমদ মুসাকে সৌদি সরকার একজন ক্যাবিনেট মিনিস্টারের মর্যাদা দেয়। জোসেফাইন সিকিউরিটির কাছে টেলিফোন করার পাঁচ মিনিটের মধ্যে দু’টি সাদা ও একটি লাল রঙের কার এল। সেনা ছাউনির প্রহরীরা আহমদ মুসার বাড়িমুখী রাস্তার মুখে গাড়ি তিনটিকে দাঁড় করাল। গাড়ি থামতেই পেছনের লাল গাড়ি থেকে একজন নেমে সেনা প্রহরীদের কাছে নিজের গোয়েন্দা অফিসারের আইডি দেখিয়ে বলল, ‘আগের দুই গাড়িতে ওআইসি’র সেক্রেটারি জেনারেল ও সিকিউরিটি প্রধান রয়েছেন।’ প্রহরী সেনা অফিসার তীক্ষ্ণ দৃষ্টিতে গোয়েন্দা অফিসারের দিকে তাকিয়ে বলল, ‘তাদের গাড়িতে ফ্ল্যাগ নেই কেন?’ নিয়ম অনুসারে দু’জনের গাড়িতেই ওআইসি ও সৌদি ফ্ল্যাগ থাকার কথা। ‘আহমদ মুসার বাড়িতে তারা যাচ্ছেন, এটা বাইরের লোকদের কাছ থেকে গোপন রাখতে চান। এজন্যে তারা ওআইসি’র নিজস্ব নাম্বারের গাড়িও নেননি।’ বলল গোয়েন্দা অফিসার। শুনেই সেনা প্রহরী কোথাও ওয়্যারলেস করে সামনের গাড়ি দু’টির নাম্বার দিল। মিনিটখানেক পরেই ওপ্রান্ত থেকে জবাব এল, ‘ওকে, ক্লিয়ার। গাড়ি ট্রান্সপোর্ট পুল থেকে ওআইসি’র নামে ভাড়া নেয়া হয়েছে।’ ওয়্যারলেস অফ করে সেনা প্রহরী এগোলো সামনের সাদা গাড়ি দু’টির দিকে। ওআইসি’র সেক্রেটারি জেনারেল ডঃ ওমর আবদুল্লাহ ইবনে আবু বাকর এবং সিকিউরিটি প্রধান জেনারেল তাহির তারিক দু’জনকেই একনজর করে দেখে দু’জনের কাছেই দুঃখ প্রকাশ করল দেরি করিয়ে দেবার জন্যে। গাড়ি তিনটি আহমদ মুসার বাড়িমুখী রাস্তায় প্রবেশ করে ছুটল তার বাড়ির দিকে। সেনা প্রহরী ঘুরে দাঁড়িয়ে পা বাড়াল ছাউনিতে উঠে আসার জন্যে। ওয়্যারলেসে আবার কথা বলছিল আহমদ মুসার বাড়ির গেটে পাহারায় থাকা মিলিটারি পুলিশের সাথে। কথা শুরু করেছিল ওআইসি’র সেক্রেটারি জেনারেল ডঃ ওমর আবদুল্লাহ ইবনে আবু বাকর। বলছিল সে, ‘জনাব আহমদ মুসা, আপনাকে ধন্যবাদ। আপনি মদীনাতুন্নাবীকে অনেক বেশি সংগ দিলেন।’ ডঃ ওমর আবদুল্লাহ ইবনে আবু বাকর মদীনায় জন্মগ্রহণকারী একজন সম্মানী ব্যক্তিত্ব। তিনি মদীনা ইন্টারন্যাশনাল ইসলামী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একজন অধ্যাপক ছিলেন। তিনি সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ বড় বড় পদে দায়িত্ব পালন করেন। সবশেষে তিনি জাতিসংঘে সৌদি আরবের স্থায়ী প্রতিনিধি ছিলেন। আহমদ মুসা চায়ের কাপ মুখে তুলছিল। কাপটা পিরিচে নামিয়ে রাখল। তার মুখের চেহারা ঈষৎ পাল্টে আবেগঘন হয়ে উঠেছে। বলল সে, ‘না জনাব, এবার একটু বেশি প্রিয় মদীনাতুন্নাবীর সংগ লাভের সৌভাগ্য পেয়ে আমি ধন্য হয়েছি। দুঃখিত, মন চাইলেও এই সুযোগ আমি সব সময় পাই না।’ আহমদ মুসার কণ্ঠ ঈষৎ ভারি। আহমদ মুসার আবেগ সবাইকে স্পর্শ করেছে। সবার চোখে-মুখে একটা আবেগের স্ফূরণ ঘটেছে। ‘কিন্তু আহমদ মুসা, মদীনাতুন্নাবীকে সংগ দেয়া কিংবা তার সংগ লাভের চেয়ে অনেক বড় কাজ আপনি করেন। প্রিয় নবী আল্লাহর রাসূল(সাঃ) নিশ্চয় অনেক খুশি আপনার প্রতি। রাব্বুল আ’লামীনও সন্তুষ্ট আছেন। তাঁর বিপদগ্রস্ত বান্দাহদের সাহায্যে ছুটে যাওয়ার চেয়ে বড় কোন কাজ আছে বলে আমার জানা নেই।’ বলল ডঃ ওমর আবদুল্লাহ ইবনে আবু বাকর। ‘যদি রাব্বুল আ’লামীন আমার কাজ কবুল করেন, তবেই তো তাঁর সন্তুষ্টি। তাঁর সন্তুষ্টি, আর প্রিয়নবী(সাঃ)-এর খুশি ও শাফায়েতই তো আমাদের পরম পাওয়া।’ আহমদ মুসা বলল। ‘আমরা সাক্ষ্য দিচ্ছি, রাব্বুল আ’লামীনের সন্তুষ্টি লাভ এবং প্রিয়নবী(সাঃ)-এর খুশির কাজই আপনি করেছেন এবং করছেন।’ বলল ডঃ ওমর আবদুল্লাহ ইবনে আবু বাকর। ‘অবশ্যই আমরা সবাই সাক্ষী।’ বলেই একটু থেমে জেনারেল তাহির তারিক সংগে সংগেই আবার বলে উঠল, ‘আমি আপনাকে আরেকটা বিষয়ে ধন্যবাদ জানাতে ও সেই সাথে একটা অভিযোগও করতে চাই।’ আহমদ মুসা তাকাল জেনারেল তাহির তারিকের দিকে। ঠোঁটে এক টুকরো মিষ্টি হাসি ফুটে উঠল তার। বলল, ‘ওয়েলকাম জনাব।’ ‘আপনাকে আমার আন্তরিক ধন্যবাদ যে, আপনি এবার আমাদের বাড়ির পাশ আন্দামান পর্যন্ত গিয়েছিলেন। আর অভিযোগ হলো, বাড়ির পাশে গিয়েও আমাদের বাড়িতে আপনি যাননি।’ বলল জেনারেল তাহির তারিক। তারও মুখে হাসি। জেনারেল তাহির তারিকের বাড়ি বাংলাদেশে। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল। একজন বিখ্যাত নিরাপত্তা বিশেষজ্ঞ তিনি। তিনি দীর্ঘদিন বাংলাদেশ সেনাবাহিনীর কাউন্টার ইন্টেলিজেন্স বিভাগের চীফ ছিলেন। জাতিসংঘ শান্তি মিশন বিভাগের তিনি সিকিউরিটি চীফ ছিলেন তিন বছর। সর্বশেষে তিনি বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্সের প্রধান ছিলেন। এই দায়িত্বে থাকা অবস্থাতেই তিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে রিটায়ার করার পরদিনই তাকে ওআইসি’র নিরাপত্তা বিভাগের প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে। তার বয়স এখন পঞ্চাশ বছর। কিন্তু দেখলে মনে হয় তিনি চল্লিশ বছরও ক্রস করেননি। মেদহীন ও পেটা লোহার মতো ঋজু শরীর তার। একহারা ফর্সা চেহারায় শক্ত দুই চিবুক ও মাথার সামনের দুই-চারটা পাকা চুল তাকে আরও ব্যক্তিত্বপূর্ণ করে ফেলেছে। জেনারেল তাহির তারিকের কথায় হেসে ফেলল আহমদ মুসা। বলল, ‘জনাবের অভিযোগ অবশ্যই ছোট নয়। সম্মানিত এক বড় ভাইয়ের বাসায় ঢুকে গেট থেকে অ্যাবাউট টার্ন করা অবশ্যই বড় অভিযোগের বিষয়।’ বলে আহমদ মুসা থামল। মুখের হাসি সরে গিয়ে ধীরে ধীরে আহমদ মুসার মুখ গম্ভীর হয়ে উঠল। বলল, ‘জনাব, বাংলাদেশ আমার কাছে বিরাট আগ্রহ ও আকর্ষণের বস্তু। মুসলিম বিশ্বের মানচিত্রের দিকে চাইলেই আমার চোখ আটকে যায় বাংলাদেশের উপর। বাংলাদেশ অনাত্মীয় পরিবেশ ঘেরা এক অরক্ষিত ভাইয়ের মতো। গোটা মুসলিম দুনিয়ায় বাংলাদেশ একমাত্র দেশ, যার কোন মুসলিম প্রতিবেশী দেশ নেই অন্তত তার চারদিকে এক হাজার মাইলের মধ্যে। অথচ মুসলিম দুনিয়ার দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ এটি। শুধু তাই নয়, আমি যতদূর জেনেছি, এতটা সংবেদনশীল ও ধর্মভীরু মানুষের দেশ আর কোনটা নয়। এমন দেশের দরজা থেকে চলে এসেছি, সেখানে যাইনি, এটা আমার দুর্ভাগ্য।’ জেনারেল তাহির তারিকের মুখও গম্ভীর হয়ে উঠেছিল। একদৃষ্টে তাকিয়ে ছিল আহমদ মুসার দিকে। বলল, ‘বাংলাদেশকে আপনি এতটা ঘনিষ্ঠভাবে অনুভব করেন আহমদ মুসা! সত্যি বলছি, এমন দৃষ্টিতে বাংলাদেশকে আমি দেখিনি কখনও। সত্যিই তো বাংলাদেশের এক হাজার মাইলের মধ্যে কোন মুসলিম প্রতিবেশী নেই!’ ‘আমরা বাইরে থেকে যেটা বুঝি, আপনাদের ভেতর থেকে তা বোঝার কথা নয়। আপনাদের বিষয়টা স্বাভাবিক হয়ে গেছে, অস্বাভাবিকতাটা বাইরে থেকে আমরা দেখতে পাই।’ বলল আহমদ মুসা। ‘বাংলাদেশ এমন অনাত্মীয় পরিবেশের মধ্যে আছে বলেই সেদেশের মানুষ যেমন সচেতন, সংগ্রামী, তেমনি ধর্মভীরুও। বাংলাদেশের সশস্ত্রবাহিনীও মনন ও দক্ষতার দিক থেকে মুসলিম বিশ্বের অতুলনীয় এক নিরাপত্তা বাহিনী। সেখানকার রাজনীতিকরাও ইসলামী বিশ্বের, ইসলামী স্বার্থের খুবই ঘনিষ্ঠ।’ বলল ডঃ ওমর আবদুল্লাহ ইবনে আবু বাকর। ‘ধন্যবাদ জনাব আপনাদের, বাংলাদেশ সম্পর্কে এই সুধারণা প্রকাশের জন্যে।’ বলে একটু থেমে ডঃ ওমর আবদুল্লাহ ইবনে আবু বাকরের দিকে চেয়ে বলল, ‘জনাব, আমরা এবার প্রসংগে আসতে পারি।’ ‘ঠিক, জেনারেল তাহির তারিক। জনাব আহমদ মুসার বেশি সময় নষ্ট করা আমাদের ঠিক হবে না।’ বলল ওআইসি’র সেক্রেটারি জেনারেল ডঃ ওমর আবদুল্লাহ ইবনে আবু বাকর। ‘আমার সময় নিয়ে ভাববেন না জনাব। ওয়েলকাম। আপনাদের কথা বলুন।’ আহমদ মুসা বলল হাসিমুখে। গম্ভীর হয়ে উঠল ওআইসি’র সেক্রেটারি জেনারেল ডঃ ওমর আবদুল্লাহ ইবনে আবু বাকরের মুখ। সে একটু নড়ে-চড়ে উঠে সামনের দিকে একটু ঝুঁকে বসল। বলতে শুরু করল, ‘জনাব আহমদ মুসা আপনি জানেন, ইস্তাম্বুলে ‘ওআইসি ইন্সটিটিউট অব অ্যাডভান্সড রিসার্চ এন্ড টেকনোলজি’ আছে। সংক্ষেপে সেটা ‘ওআইসি আইআরটি (OIC IRT)’ বলে পরিচিত। দৃশ্যত ওটা ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের একটা রিসার্চ উইং। কিন্তু আসলে প্রতিষ্ঠানটি ওআইসি পরিচালিত স্বাধীন প্রতিষ্ঠান। ওআইসি’র নিরাপত্তা কমিটি মনোনীত তিন সদস্যের একটা কমিটি এই প্রতিষ্ঠান পরিচালনা করেন। প্রতিষ্ঠানটি মানব কল্যাণকর মৌলিক কিছু বিষয়ে গবেষণায় রত। তার মধ্যে একটি হলো, আক্রান্ত দেশের ক্ষয়ক্ষতির ঝুঁকি হ্রাস। গণবিধ্বংসী যে সব অস্ত্র প্রচলিত আছে বা প্রচলিত হতে যাচ্ছে, সে সব অস্ত্রকে আঘাত হানার আগেই নিউট্রাল, নিষ্ক্রিয় বা নিরাপদ-ধ্বংসের উপায় বের করার মহৎ কাজে নিয়োজিত এই প্রতিষ্ঠান। তুরস্ক সরকার ইস্তাম্বুলের ‘রোমেলী হিসার’ অর্থাৎ রোমেলী দুর্গের পশ্চিম টাওয়ারের নিচে অবস্থিত গোপন আন্ডারগ্রাউন্ড ফ্লোরগুলো ছেড়ে দিয়েছে এই প্রতিষ্ঠানের জন্যে। দুর্গে একটা সেনা গ্যারিসন থাকায় এই গবেষণাগারটি খুবই নিরাপদ। ওআইসি বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে সেখানে গড়ে তুলেছে অত্যাধুনিক গবেষণা প্রতিষ্ঠান। কিছু অত্যন্ত প্রতিভাবান বিজ্ঞানী সেখানে কাজ করছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়ে সেখানে গবেষণা চলছে। চাঞ্চল্যকর কিছু সফল আবিষ্কারও হয়েছে।’ থামল ডঃ ওমর আবদুল্লাহ ইবনে আবু বাকর। গ্লাস তুলে নিয়ে কয়েক ঢোক পানি পান করল। তার মুখ হয়ে উঠেছে আরও গম্ভীর। কথা বলা শুরু করল আবার, ‘গবেষণাগারে সম্প্রতি কিছু রহস্যজনক ঘটনা ঘটেছে। প্রথমে বিজ্ঞানীদের ব্যবহৃত বিশেষ কিছু কম্পিউটারে অজ্ঞাত কেউ সার্চ করার কয়েকটি আলামত পাওয়া যায়। তারপর একদিন একজন সিকিউরিটি অফিসারকে দায়িত্ব পালনের এলাকায় মৃত অবস্থায় পাওয়া যায়। দৃশ্যত সে বিষক্রিয়ায় মারা গেছে বলে দেখা যায়। পরীক্ষায় প্রমাণ হয়, সে সাপের বিষের ক্রিয়ায় মারা গেছে। কিন্তু সর্প দংশনের যে চিহ্ন ছিল, তার গভীরতা, বিস্তার, প্রকৃতি দেখে বিশেষজ্ঞরা একে সন্দেহ করেছে। ওআইসি’র একজন কাউন্টার ইন্টেলিজেন্স এজেন্টকে সংগে সংগেই তদন্তের জন্যে কাজে লাগানো হয়। তিনি কাজ শুরু করার দু’দিন পর তার মৃতদেহ পাওয়া যায় বসফরাসের পানিতে। পোস্টমর্টেমের রিপোর্ট বলছে, সে ডুবে মারা গেছে। এরপর তুর্কি প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করে ওআইসি’র তিনজন এবং তুরস্কের দু’জন নিরাপত্তা অফিসার নিয়ে পাঁচ সদস্যের একটা নিরাপত্তা টিম গঠন করা হয় তদন্তের জন্যে। টিম দায়িত্ব গ্রহণের একদিন পর তারা সেদিন রাত নয়টায় একসঙ্গে বের হন ঘটনাস্থল সরেজমিনে দেখার জন্যে। তারা একটা গাড়িতে করেই বের হন। তাদেরই একজন ড্রাইভ করেন গাড়ি। চরম বিস্ময়ের ব্যাপার হলো, তাদের আর কোন খোঁজ পাওয়া যায়নি। গাড়িটারও সন্ধান মেলেনি। শুধু আমরা নই, তুর্কি সরকারও ভয়ানক উদ্বিগ্ন।’ আবার থামল ডঃ ওমর আবদুল্লাহ ইবনে আবু বাকর। তার চোখে-মুখে উদ্বেগ ও হতাশা। শরীরটা পেছন দিকে সোফায় এলিয়ে দিল ডঃ ওমর আবদুল্লাহ ইবনে আবু বাকর। বলল, ‘আমরা খুবই উদ্বিগ্ন। তুর্কি সরকারও ভীষণ উদ্বেগের মধ্যে পড়েছে। সন্দেহ করছি, আমরা বড় কোন ষড়যন্ত্রের মধ্যে পড়েছি। কিন্তু এই সন্দেহ প্রমাণ করার মতো কোন তথ্য আমাদের হাতে নেই। তাহলে ঘটনাগুলো কি সবই কাকতালীয়? এটা হতে পারে না। আর ষড়যন্ত্র যদি ধরে নিতে হয়, তাহলে সেটা বিরাট হয়ে দাঁড়াচ্ছে। সর্পদংশনের ক্যামোফ্লেজে সিকিউরিটি অফিসার হত্যা, ডুবে মরার ক্যামোফ্লেজে এক গোয়েন্দা হত্যা এবং পাঁচজন শীর্ষস্থানীয় গোয়েন্দাকে একসাথে গায়েব করে ফেলা, এসব কোন বড় ও শক্তিশালী শত্রুর কাজ বলে ধরে নিতে হবে। কে এই শত্রু? আমাদের তো কোন শত্রু নেই। এসব ব্যাপার নিয়ে আমরা দীর্ঘ আলোচনা করেছি। তুর্কি প্রধানমন্ত্রীর সাথে বসেছি। তারাও আমাদের মতোই বিমূঢ়। আমরা অনেক ভেবেছি। শেষে আমি ও তুর্কি প্রধানমন্ত্রী মিলেই সিদ্ধান্ত নিয়েছি আপনাকে ডাকার।’ বলে মুহূর্তকাল থেমেই বলে উঠল, ‘আমরা আর কোন বিকল্প খুঁজে পাইনি। আপনাকে বিষয়টা দেখার দায়িত্ব নিতে হবে। এটা আমাদের সকলের তরফ থেকে অনুরোধ।’ থামল ডঃ ওমর আবদুল্লাহ ইবনে আবু বাকর। সংগে সংগেই জেনারেল তাহির তারিক বলে উঠল, ‘আমাদের আশংকা এবং এ আশংকাকে আমি সত্য বলে মনে করি, ইস্তাম্বুলের রোমেলী দুর্গ ঘিরে বড় ঘটনা ঘটেছে। আপনার সাহায্য দরকার এবং অবিলম্বে।’ আহমদ মুসার কপাল কুঞ্চিত। ভাবছিল সে। বলল, ‘বড় ঘটনার জন্যে বড় কারণ থাকতে হয়। কি কারণ এমন থাকতে পারে বলে আপনারা মনে করেন?’ ‘কারণ জানলে তো শত্রুকে কিছুটা চেনা যেত। কিন্তু এত বড় ঘটনার কারণ হতে পারে এমন কোন কিছু খুঁজে আমরা পাচ্ছি না।’ বলল জেনারেল তাহির তারিক। ধীরে ধীরে আহমদ মুসা সোফা থেকে গা তুলে সোজা হয়ে বসল। বলল, ‘বলতে আপত্তি না থাকলে দয়া করে বলুন, কোনো গুরুত্বপূর্ণ গবেষণায় রিসার্চ ইন্সটিটিউট সম্প্রতি কি সাফল্য লাভ করেছে?’


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৯ জন


এ জাতীয় গল্প

→ বসফরাসের আহ্বান চ্যাপ্টার- ৩ বাকি অংশ
→ বসফরাসের আহ্বান চ্যাপ্টার- ৭ (শেষ)
→ বসফরাসের আহ্বান চ্যাপ্টার- ৬ বাকি অংশ
→ বসফরাসের আহ্বান চ্যাপ্টার- ৬
→ বসফরাসের আহ্বান চ্যাপ্টার- ৫ বাকি অংশ
→ বসফরাসের আহ্বান চ্যাপ্টার- ৫
→ বসফরাসের আহ্বান চ্যাপ্টার- ৪
→ বসফরাসের আহ্বান চ্যাপ্টার- ৩
→ বসফরাসের আহ্বান চ্যাপ্টার- ২ বাকি অংশ
→ বসফরাসের আহ্বান চ্যাপ্টার- ২
→ বসফরাসের আহ্বান চ্যাপ্টার- ১ বাকি অংশ
→ বসফরাসের আহ্বান চ্যাপ্টার- ১

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now