বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
বকের বকবকানি
- আসিফ মেহ্দী
বিকট শব্দে বোমা ফুটল। ড্রাইভার হাশমত পেছনের সিটে বসা মামুন সাহেবের দিকে তাকাল। হাশমতের ঝকঝকে দাঁতগুলো দেখে মনে হচ্ছে, হারপিক দিয়ে পরিষ্কার করা! খুব মজার কিছু ঘটেছে; এমন ভঙ্গিতে সে বলল, ‘দুইটা টায়ার একলগে গ্যাছে, স্যার!’
রাস্তাঘাটে টায়ার পাংচার হওয়া মানে ইজ্জত পাংচার হওয়া। তার ওপর দুই টায়ার একসঙ্গে গেছে; টেনশনে মামুন সাহেব দরদর করে ঘামতে আরম্ভ করলেন। হঠাৎ তার কাছে মনে হলো, চারপাশ দুলে উঠল! ভূমিকম্প নাকি! তিনি গাড়ি থেকে বের হতে যাবেন, তখনি বুঝতে পারলেন, গাড়ি ওড়া শুরু করেছে! গাড়ি আকাশের দিকে উঠছে! ঊর্ধ্বগতি বাড়ছেই! নিচের বাড়ি-গাড়ি-গাছপালা ছোট হয়ে আসছে। অধিক আতঙ্কে মামুন সাহেবের হার্ট লাব-ডাব ছন্দ ছেড়ে যেন লাফ-ঝাঁপ শুরু করেছে!
গাড়ির জানালায় খটখট আওয়াজ। উড়ন্ত গাড়ি এখন সামনে এগোচ্ছে; একটি বক উড়ছে তার সঙ্গে। গাড়ির জানালায় সে-ই ঠোকরাচ্ছে। বক কথা বলে উঠল, “জানালা একটু খুলবেন, জনাব? আপনার সঙ্গে কিছু কথা বলতে চাই। আমি ‘দৈনিক বকবকানি’র সংবাদিক; যদিও বকবক করা আমি পছন্দ করি না। আপনার বেশি সময় নিব না।”
মামুন সাহেব জানালা খুলে দিলেন। বক বলল, ‘যদি কিছু মনে না করেন, আপনার একটি ইন্টারভিউ নিতে চাই। আকাশপথে আপনার অনুভূতি কী?’
মামুন সাহেব বিরক্তমুখে বললেন, ‘ভালো।’
‘জেনে সুখী হলাম! জনাব, আপনি জানেন যে মানুষ অতিথি পাখি মারে। কোনো কোনো মানুষের তো “আসলাম, দেখলাম, পাখি মারলাম” টাইপের ড্যামকেয়ার ভাব! অথচ ভেবে দেখুন, অতিথি হয়ে শুধু পাখিরাই আসে। অতিথি পশু বলে কিছু নেই। দলবেঁধে অতিথি গরিলা, অতিথি বানর আসার কথা কখনো শুনেছেন? কিন্তু দুঃখের বিষয় হলো, অতিথি পাখিকে খুন-গুম করা হয়! এইটা আবার কোন বিচার, বলুন? ইদানিং বার্ডটিজিংয়ের ঘটনাও বেড়ে গেছে!’
বকটা বকবক করে না- কথাটি সত্য নয়। কথা বলতে শুরু করলে থামাথামির চিন্তা তার মাথাতেই থাকে না। বককে থামিয়ে দিয়ে মামুন সাহেব বললেন, ‘এসবে আমার কী করার আছে?’
বক আবার বলতে শুরু করল, ‘আপনি যেহেতু টক শো-তে যান; বকাধিকার নিয়ে বক শো করার কথা বলতে পারেন। সৌন্দর্য ও গুণের কারণে আমরা দিনে দিনে বিরল প্রজাতিতে পরিণত হচ্ছি! জানি, শুধু কথায় চিড়া ভাজি হয় না; তবুও...’
মামুন সাহেব বাচাল বককে আবার থামিয়ে দিয়ে বললেন, ‘প্রবাদটি হলো, শুধু কথায় চিড়া ভিজে না।’
‘প্রবাদ বাদ দেন, জনাব। ভিজা-ভাজি, সবই আমার কাছে এখন সমান। প্রজাতি বিলুপ্ত হলে আমি আইডেন্টিটি ক্রাইসিসে ভুগব, এই টেনশনে অস্থির হয়ে আছি! আমাদের...’
এই মুহূর্তে গাড়ি আকাশে স্থির হয়ে আছে। সাংবাদিক বক কথা বলেই চলেছে। হঠাৎ মামুন সাহেব খেয়াল করলেন, দূরে আরেক বক চেঁচিয়ে বলছে, ‘খালি দশ, খালি দশ, সেলফি বিশ, সেলফি বিশ!’ সেই বকের অপর পাশে অন্য বকরা উড়ে এসে লাইন করে দাঁড়াচ্ছে!
মামুন সাহেব সাংবাদিক বককে জিজ্ঞেস করলেন, ‘চিৎকার করছে, ওই বকটা কে?’
‘বকধার্মিক! বাগাধারা অনুযায়ী যার অর্থ...’
‘সে কী করছে?’
‘মানুষ দেখানোর লোভ দেখিয়ে অন্যান্য বকদের কাছ থেকে দশটা করে ছোট মাছ নিচ্ছে। আর যারা মানুষের সাথে সেলফি তুলতে চায়, তাদের কাছ থেকে নিচ্ছে বিশটা...’
‘আকাশে মানুষ কোথায় যে সেলফি তুলবে?’
‘কেন, আপনি! আপনার কথা বলেই তো...’
‘তার মানে! আমার সাথে সেলফি তোলার কথা বলে ব্যবসা করছে; অথচ আমিই জানি না! আমার পারমিশনই তো নেয় নাই!’
‘দুঃখিত জনাব, আমাকে একটু রুড হতে হচ্ছে! অতিথি বক দেখার আগে তো দূরের কথা; মারার আগেও তো আপনারা কোনো পারমিশন নেন না! আপনি কী করে আশা করেন যে...’
মামুন সাহেবের মাথা কাজ করছে না। তিনি নাক-চোখ বন্ধ করে কানে আঙ্গুল গুঁজে বসে রইলেন। একটু পর তাকিয়ে দেখেন, তার গাড়ির চারপাশে শ’ খানেক বক! গাড়ির কাঁচে উপর্যুপরি ঠোঁটের আঘাত পড়ছে! একসময় ডানপাশের জানালার কাঁচটি ভেঙে এক বক ঠোঁট ঢুকিয়ে দিল। সেই বক গেয়ে উঠল, ‘একটা সেলফি দিয়া যান, আমি গরীব ভাইজান! গরীব বক বইলা কি আমাদের কোনো সাধ-আহ্লাদ থাকতে পারে না?’ মামুন সাহেব নিজের মাথা দুই হাত দিয়ে জাপটে ধরে বসে রইলেন।
গাড়ির জানালায় আরও জোরে ঘা পড়ছে। হঠাৎ মামুন সাহেব চেতনা ফিরে পেলেন! দ্রুত কয়েকবার এদিক-ওদিক তাকালেন। জ্যামের মধ্যেই পড়ে আছেন। গাড়ির জানালায় এক ভিক্ষুক ঠকঠক করেই যাচ্ছে। বর্ষা এলে শুরু হয় রাস্তা খোঁড়াখুঁড়ির মহোৎসব; তখন শহুরে জীবনও খুঁড়িয়ে চলে। খোঁড়াখুঁড়ির কাজ চলছে এ রাস্তাতেও। আষাঢ়ে বৃষ্টিতে ভয়াবহ ট্রাফিক জ্যামে পড়ে মামুন সাহেব আষাঢ়ে স্বপ্নের পথে উড়ে এলেন খানিকক্ষণ!
*স্বপ্ন বৈশাখ সংখ্যা ২০১৬ তে প্রকাশিত
বিভাগঃ রম্য
±±সমাপ্ত‡‡
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now