বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এই সময় কলিংবেল বেজে উঠল টেবিলে রাখা কলিং বক্স থেকে।
লতিফা কামাল ‘এক্সকিউজ মি’ বলে কলিং বক্সটা টেনে সামনে নিয়ে একটা সুইচ অন করে বলল, ‘মিসেস কামাল বলছি, কে আপনি দয়া করে বলুন’
ওপারের কথা শুনল লতিফা কামাল। শুনেই প্রবল একটা বিব্রতভাব ফুটে উঠল তার চোখ মুখে। বলল সে ওপারের লোককে উদ্দেশ্য করে, ‘হোল্ড অন প্লিজ।’
বলে কলিং বক্স নিরব করে দিয়ে বলল, ‘স্যরি ভাই সাহব, একটা কান্ড ঘটে গেছে। আমি লা-মন্ডের রিপোর্টার বুমেদীন বিল্লাহকে সময় দিয়েছিলাম। আমি ভুলেই গিয়েছিলাম এই এ্যাপয়েন্টমেন্টের কথা। তিনি এসেছেন। কি করি এখন?
‘বুমেদী বিল্লাহ?’ কোন অসুবিধা নেই মিসেস কামাল। তাঁকে ডাকুন। তাঁর সাথে দেখা হলে আমরাও খুশি হবো। তিনি আপনার সাথে একান্তে কথা বলতে চাইলে আমরা পাশের ঘরে সরে যাবে’ বলল আহমদ মুসা।
‘ধন্যবাদ ভাই সাহেব।’ বলে লতিফা কামাল কলিং বক্স অন করে বলল, ‘স্যরি ফর ট্রাবল, প্লিজ আপনি আসুন।’
লতিফা কামাল কলিং বক্স অফ করতেই আহমদ মুসা বলে উঠল, মিসেস কামাল, বুমেদীন বিল্লাহর সাথে আমাদের এই দেখা হওয়াকে আমি আল্লাহর এক সাহায্য বলে মনে করছি। মনে মনে তাঁকে আমি চাইছিলাম।
যদি উনি রাজী হন আমরা কথা বললে আপনার আপত্তি নেই তো?
বিষণ্ণতা ফুটে উঠল লতিফা কামালের মুখে। বলল, ‘এভাবে অনাত্মীয়ের মত কথা বলছেন কেন? আমি এবং আপনারা কি আলাদা ভাই সাহেব?
‘ধন্যবাদ বোন লতিফা কামাল।’ বলল আহমদ মুসা।
‘যাই উনি এসে পড়বেন’ বলে লতিফা কামাল উঠে গেল দরজার দিকে মেহমানকে রিসিভ করার জন্য।
আধা মিনিটের মধ্যে মেহমানকে রিসিভ করে সাথে নিয়ে ড্রইংরুমে প্রবেশ করল লতিফা কামাল।
আহমদ মুসা, ফাতিমা ও যায়েদ উঠে দাঁড়িয়েছে মেহমানকে স্বাগত জানানোর জন্য।
বুমেদীন বিল্লাহকে দেখে বিস্মিত হলো আহমদ মুসা। একেবারে আলজেরিয়ার স্বাধীনতা সংগ্রামের নেতা ‘আহমদ বেন বেল্লা’র চেহারা।
বেন বেল্লাহর যে চেহারা আহমদ মুসার চোখে ভাসছে তার বয়স একটু বেশি, এর বয়স একটু কম।
আহমদ মুসা বুমেদীন বিল্লাহকে স্বাগত জানিয়ে হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দিয়ে বলল, আপনাকে ‘বুমেদীন বিল্লাহ’ না বলে ‘বেন বেল্লাহ’ বললেই মানাত ভাল।’
বুমেদীন বিল্লাহ হ্যান্ডশেকের জন্য হাত বাড়িয়ে দিয়ে হেসে বলল, ‘আহমদ বেন বেল্লাহর’ বেল্লাহ’ তো আছেই, আমার মাতৃকূলের ঐতিহাসিক ব্যাক্তি ‘হুয়ারী বুমেদিনে’র ‘বুমেদীন’ বাদ দেবেন কেন। আমার পিতা আমার পিতৃকুল মাতৃকুলকে এক সঙ্গে ধরে রাখার জন্যই দুই ইতিহাসকে যোগ করে আমার নাম রেখেছেন।’
আহমদ মুসা তাকে কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরে বলল, ‘দুই ইতিহাসের যোগ ফল হয়ে আপনি তাদের চেয়ে বড় ইতিহাস।’
বুমেদীন বিল্লাহ আহমদ মুসাকে জড়িয়ে ধরে বলল, ‘আমি মৃত ইতিহাসের সাক্ষী বটে, কিন্তু আপনি ইতিহাস সৃষ্টি করেছেন। পুলিশ আপনাকে খুঁজছে, তার চেয়েও বেশি খুঁজছি আমি। আমি কিন্তু আপনাকে ছাড়ছিনা।’
আহমদ মুসা জড়িয়ে ধরা থেকে ছেড়ে দিয়ে তাকে নিয়ে এক সোফায় পাশাপাশি বসতে বসতে বলল, ‘আমিও আপনাকে ছাড়ছি না মিঃ বুমেদীন বিল্লাহ। বিশেষ করে আপনার দ্বিতীয় নিউজ পড়ার পর আপনাকে দারুণভাবে প্রয়োজন হয়ে পড়েছে।’
‘চমৎকার, দু’জনকে দু’জনার প্রয়োজন। আসুন তাহলে, আরেকবার হ্যান্ডশেক করি।’ বলল বুমেদীন বিল্লাহ।
‘দু’জনে হ্যান্ডশেক করল আবার।
আহমদ মুসা হ্যান্ডশেক করে বুমেদীন বিল্লাহকে ধরে রেখেই বলল, ‘আপনি আমাকে চিনলেন কি করে?
‘সেদিন রাতে হোটেল কক্ষে দু’জন লোক নিহত হওয়ার ঘটনার পর পুলিশের সাথে আমিও গিয়েছিলাম। দেখেছি আপনাকে।
আপনার ভোলার কথা নয়। পুলিশ যাই ভাবুক, সেদিন রাতেই কিন্তু আমার মনে হয়েছে পুরো পরিচয় আপনার পাওয়া গেল না।
তারপর সেদিন রাইন পার্কের মোড়ে গুলিতে ঝাঁঝরা হয়ে যওয়া যে গাড়ি পাওয়া গেছে তার আরোহী ছিলেন আপনি, সেটা অনুসন্ধানে আমি জানতে পেরেছি। এরপর শার্লেম্যানের ৫ নং বাড়ির ১৪ জনের হত্যার যে ঘটনা সেও আপনিই ঘটিয়েছেন বলে আমি নিশ্চিত।
আপনি সেখানে বন্দী ছিলেন। ওদের হত্যা করে আপনি মুক্ত হয়েছেন। এ সব থেকে আমার নিশ্চিত ধারনা হয়েছে, স্পুটনিকের ঘটনায় আপনি তৃতীয় পক্ষ। এই তৃতীয় পক্ষের কোন পরিচয় আমার জানা নেই। এটা না জানলে আমি ঘটনা নিয়ে আমি আগাতে পারছি না।’ বলল বুমেদীন বিল্লাহ।
‘রাইন পার্কের মোড়ে গুলিতে ঝাঁঝরা হয়ে যাওয়া গাড়ির আমি আরহী ছিলাম, এটা হোটেল রাইনের গাড়ি রেজিষ্টার থেকে জানা সম্ভব, কিন্তু শার্লেম্যানের ৫ নং বাড়িতে ১৪ জন নিহত হওয়ার ঘটনার সাথে আমাকে জড়িত করছেন কিসের ভিত্তিতে? জিজ্ঞেসা করলে আহমদ মুসা।
‘দুই কারণে আমি এটা মনে করছি। এক, হোটেলের নিহত দু’জন এবং শার্লেম্যান ৫ নং বাড়িতে নিহত ১৪ জন একই গ্রুপের। দ্বিতীয়তঃ স্পুটনিক ধ্বংসকারী এই গ্রুপের সাথে আপনি ছাড়া আর কারো সাথে সংঘাত বাধেনি। বলল বুমেদীন বিল্লাহ।
‘ঘটনার পেছনে মোটিভ একটা বড় জিনিস। আমাকে আপনি তৃতীয় পক্ষ ধরে নিয়েছেন। কিন্তু এই তৃতীয় পক্ষ আমি হবো কেন? আমার স্বার্থ কি এখানে? আহমদ মুসা বলল।
‘এটা আমারও প্রশ্ন। এই প্রশ্নের সমাধান আমি করতে পারিনি। এই কারণেই আমি আপনাকে খুঁজছি। আপনার পরিচয় জানতে পারলে মোটিভটা পরিস্কার হতে পারে’ বলল বুমেদীন বিল্লাহ।
আহমদ মুসা হাসল। বলল, মিঃ বুমেদীন বিল্লাহ, আমরা কিন্তু মিসেস কামালের প্রতি অবিচার করছি। আপনার এপয়েন্টমেন্ট হয়েছে মিসেস কামালের সাথে। আর এসে কথা বলছেন আপনি আমার সাথে।
এটা ঠিক নয়। এবার আপনি.............।’
কথার মাঝখানে আহমদ মুসাকে থামিয়ে বুমেদীন বিল্লাহ লতিফা কামালের দিকে তাকিয়ে হাত জোড় করে বলে উঠল, ‘ম্যাডাম মিসেস কামাল আমাকে মাফ করুন। আসলে তৃতীয় পক্ষ সম্পর্কে আপনি কি জানেন, কিংবা জানার ব্যাপারে কি সাহায্য করতে পারেন, আপনার আত্মীয় এই ফাতিমা কামালকে কোথায় পাওয়া যাবে, এসব জিজ্ঞাসার জন্যেই আমি আপনার এপয়েন্টমেন্ট নিয়েছিলাম। এখন আপনার এখানে এসে দেখি শুধু ফাতিমা কামাল ও যায়েদ নয়, স্বয়ং তৃতীয় পক্ষ এখানে হাজির। সুতরাং তার সাথেই কথা বলছি। আমি আপনার সহযোগিতা চাই।’
হাসল লতিফা কামাল। বলল, আমি এখানে এখন তৃতীয় পক্ষ। আপনাদের দু’পক্ষকেই আমি সমান সহযোগিতা করব।’ দেখুন মিঃ বুমেদীন বিল্লাহ, আপনি আসার প্রায় পূর্ব মুহুর্তে মিসেস লতিফা কামাল আমাকে বলেছেন, তিনি এবং আমরা একপক্ষ। এখন তিনি আলাদা হতে চাচ্ছেন।’ আহমদ মুসা বলল মুখে কৃত্রিম গাম্ভীর্য টেনে।
হাসল লতিফা কামাল। বলল, ঠিক আছে। আপনার কথা আমি অস্বীকার করছিনা। কিন্তু এক পক্ষের হয়েও অন্য পক্ষকে সহযোগীতা করা যায়, যদি স্বপক্ষের স্বার্থের বিরুদ্ধে না যায়। তাছাড়া হোষ্ট হিসাবে আমার মেহমানদারীরও একটা ভুমিকা আছে।
‘এরপর আর কোন কথা নেই। মেহমানদারীর প্রয়োজনটা আসন্ন হয়ে উঠেছে। সুতরাং মিসেস কামালের প্রস্তাবের প্রতি আমার পূর্ণ সম্মতি আছে।’ বলল আহমদ মুসা হাসতে হাসতে।
আহমদ মুসা কথা শেষ করতেই বুমেদীন বিল্লাহ বলে উঠল, ‘নিঃস্পত্তি হয়ে গেল। আসুন তাহলে আমরা আমাদের কথায় ফিরে আসি।’
‘অবশ্যই। তবে শুরুটা এবার আমি করব।’ বলল আহমদ মুসা।
বুমেদীন বিল্লাহ থমকে গিয়ে একটু চিন্তা করে বলল, ‘ঠিক আছে মি.আহমদ আবদুল্লাহ। শুরু করুন।’
‘আচ্ছা মি. বুমেদীন বিল্লাহ, সেদিন শার্লেম্যান রোডে ওদের অফিস কম্পিউটারটা কি আপনি দেখে ছিলেন?’
‘হ্যাঁ দেখেছি। পুলিশ পরীক্ষা ও ডিকোড করার জন্য কম্পিউটার তাদের অফিসে নিয়ে যায়।’
‘কম্পিউটারে পাওয়া দলিল-দস্তাবেজ সম্পর্কে প্রেস ব্রিফিংকালে পুলিশ কি দলিলগুলো আপনাদের দেখিয়েছিল?’ জিজ্ঞেস করল আহমদ মুসা।
‘তাদের নোট থেকে আমাদের বলেছিল।’ বুমেদীন বিল্লাহ বলল।
‘নতুন গুলাগ’ সম্পর্কে কিছু বলেছিল? জিজ্ঞেসা করল আহমদ মুসা।
‘নতুন গুলাগ?’ কাদের নতুন গুলাগ? বিস্ময়ে চোখ কপালে তুলে বলল। ‘বলছি। কিন্তু তার আগে আপনাকে একটা কথা দিতে হবে যে, ‘আমাদের এখানকার গোটা আলোচনা ‘অফ দ্যা রেকর্ড।’ এর কোন কিছুই পত্রিকায় দিতে পারবেন না। মনে করুন আপনি আমার সাথে কথা বলছেন বেন বেল্লাহ ও হুয়ারী বুমেদীনদের একজন উত্তরসূরী হিসাবে, সাংবাদিক হিসাবে নয়। বলল আহমদ মুসা শান্ত এবং দৃঢ় কন্ঠে।
‘আপনি মজার কথা বলছেন আহমদ আব্দুল্লাহ। আমার পরিচয়কে এভাবে কেউ কোন দিন তুলে ধরেনি।’ বলেই আহমদ মুসার দিকে হাত বাড়িয়ে তার হাত ধরে বলল, হ্যাঁ আমি কথা দিচ্ছি আহমদ আবদুল্লাহ।’
‘ধন্যবাদ মি. বুমেদীন বিল্লাহ।’ বলে একটু থেমেই আহমদ মুসা আবার বলতে শুরু করল, ‘‘আলেকজান্ডার সোলঝে-নিৎসীনের উপন্যাসে ‘গুলাগ দ্বীপপুঞ্জে’র কথা আছে। মানবতার দোজখ অমন ‘গুলাগ’ সোভিয়েত দেশে অনেক ছিল। তবে সে অতীতের কথা। কিন্তু ইহুদী সন্ত্রাসবাদী সংগঠন ‘ওয়ার্ল্ড ফ্রিডমআর্মি’(WFA) সোভিয়েত ও নাজী স্টাইলে ‘নতুন গুলাগ’ স্থাপন করেছে।’
বিস্ময় জেগে উঠল বুমেদীন বিল্লাহর চোখে-মুখে। বলল, কি উদ্দেশ্যে স্থাপন করেছে? নতুন গুলাগে কারা আছে?
‘তাদের গুলাগ লোক চক্ষুর সামনে এখনো আসেনি। তবে আমি মনে করি, সক্রিয়বাদী মুসলিম ও কামাল সুলাইমানদের মত সত্যসন্ধানীরা আছেন।’
ভ্রু কুচকে গেল বুমেদীন বিল্লাহর। বলল, ‘তার মানে কি আপনি মনে করেন কামাল সুলাইমান সহ স্পুটনিকের সবাইকে ঐ নতুন গুলাগে রাখা হয়েছে?
‘আমি এ চিন্তা করতে চাইনা, কিন্তু এ চিন্তার কোন বিকল্প নেই।’ আহমদ মুসার কন্ঠ শান্ত এবং দৃঢ়।
আহমদ মুসার এ কথা শোনার সাথে সাথে ভয় ও উদ্বেগ ফুটে উঠল লতিফা কামালের চোখে মুখে।
বুমেদীন বিল্লাহর চোখে-মুখেও ভাবান্তর। আহমদ মুসা থামলেও সে কথা বললনা। একটু পর সে বলে উঠল, ‘এই গুলাগের কথা কি শার্লেম্যান রোডে সেদিন ধারা পড়া কম্পিউটারে আছে? ‘ওয়ার্ল্ড ফ্রিডম আর্মি’ নামটাও কি ঐ কম্পিউটারে আছে?
‘হ্যাঁ আছে।’ আহমদ মুসা বলল। ‘কিন্তু আপনি জানলেন কি করে? জিজ্ঞাসা বুমেদীন বিল্লাহর।
‘ওখান থেকে ফেরার আগে আমরা সেদিন তিন তলার অফিস-কম্পিউটারটা চেক করেছিলাম এবং সব দলিল-দস্তাবেজের প্রিন্ট নিয়ে এসেছি।’ আহমদ মুসা বলল।
প্রবল বিস্ময়ে ছেয়ে গেল বুমেদীন বিল্লাহর মুখ। বলল সে, ‘কোড ভেঙ্গেছিলেন আপনারা? কিন্তু পুলিশ তো পারেনি। অফিসে নিয়ে বিশেষজ্ঞ এনে তবেই কম্পিউটারের গোপন ফাইলগুলো ওপেন করা সম্ভব হয়।’
‘হ্যাঁ কোড ভাঙা সম্ভব হয়েছিল।’ আহমদ মুসা বলল।
‘আমারা যাওয়ার কথা আপনি বললেন। ‘আমরা’- এর মধ্যে আর কে ছিল।’ জিজ্ঞাসা করল বুমেদিন বিল্লাহ।
‘ফাতিমা ও যায়েদ।’ আহমদ মুসা বলল।
বুমেদীন বিল্লাহ বিস্মিত চোখে তাকাল ফাতিমা ও যায়েদের দিকে। বলল, ‘আপনারা এ ব্যাপারে বিশেষজ্ঞ। বিশ্ববিদ্যালয়ে আপনাদের পড়ার বিষয় কি ছিল?
হাসল যায়েদ। বলল, ‘বিশ্ববিদ্যালয়ে আমাদের সাবজেক্ট কম্পিউটার বিজ্ঞান নয়। আমি সেদিন কম্পিউটার অপারেট করেছি বটে, কিন্তু ভাইয়া আমাকে কতগুলো কোড ট্রাই করতে বলেছিল এবং তারই দু’টি দিয়ে দুই কম্পিউটারের লক খুলে গিয়েছিল।’
বুমেদিন বিল্লাহ বিস্মিত চোখে তাকাল আহমদ মুসার দিকে।
বুমেদিন বিল্লাহর কিছু বলার আগে আহমদ মুসা বলে উঠল, নিশ্চয় আপনি এখন প্রশ্ন করবেন, কম্পিউটারের নতুন গুলাগে কি ছিল?
বুমেদিন বিল্লাহ গম্ভীর কন্ঠে বলল, ‘না’ আমার প্রশ্ন আপনি আসলে কে? শুনেছি, যার হাতে বন্দুক খুব বেশি চলে তার মাথা বেশি চলে না। কিন্তু আপনি দেখছি, বন্দুক চালনা ও মাথা চালনায় সমান দক্ষ। যাক এ প্রশ্ন। আপনি ঐ প্রশ্নের জবাব দিন, বলুন নিউ গুলাগে কি আছে?’ নিউ গুলাগ ফাইলে আছে একটা দ্বীপের স্কেচ এবং নিউ গুলাগের উদ্দেশ্য সম্পর্কে কিছু কথা।’ আহমদ মুসা বলল।
‘দ্বীপের স্কেচ তার মানে ঐ দ্বীপটাই নিউ গুলাগ? দ্বীপটার নাম কি? দ্রুত ও এক নিঃশ্বাসে কথাগুলো বলল বুমেদীন বিল্লাহ।
‘দ্বীপের নাম ‘সাও তোরাহ।’ আহমদ মুসা বলল।
‘সাও তোরাহ?’ কোথায় এদ্বীপ? বলল বুমেদীন বিল্লাহ।
‘এই প্রশ্নেরই জবাব আমি সন্ধান করছি বুমেদীন বিল্লাহ। মিসেস লতিফা কামালের কাছেও এসেছিলাম এই উদ্দেশ্যে। তিনি ভূগোলবিদ, দ্বীপটার সন্ধান নিশ্চয় তিনি দিতে পারবেন, এ আশা নিয়েই আমরা ছুটে এসেছিলাম।’ আহমদ মুসা বলল।
আহমদ মুসার কথা শুনে বুমেদীন বিল্লাহ একবার তাকাল মিসেস কামালের দিকে। তারপর আহমদ মুসাকে লক্ষ্য করে বলল, ‘পেয়েছেন দ্বীপের সন্ধান?’
‘দ্বীপের সন্ধান পাইনি, তবে দ্বীপের সন্ধান কার কাছে পাওয়া যেতে পারে সেটা তিনি আমাদের জানিয়েছেন।’ বলল আহমদ মুসা।
‘আমি কি জানতে পারি দ্বীপের সন্ধানটা কোথায় পাওয়া যাবে?’ বুমেদীন বিল্লাহ বলল।
‘উনি বলেছেন, সমুদ্রপৃষ্ঠ ও দ্বীপতত্ত্ব বিশেষজ্ঞের কাছে এর সন্ধান পাওয়া যেতে পারে।’ বলল আহমদ মুসা।
আহমদ মুসা থামতেই লতিফা কামাল বলে উঠল, হ্যাঁ, আমি এটাই বলছি। ‘সমুদ্রপৃষ্ঠ ও দ্বীপতত্ত্ব’ বিশারদরা দ্বীপের সাইজ দেখে সমুদ্র স্রোত নির্ণয় করতে পারেন এবং সমুদ্র স্রোত বিচার করে সমুদ্রের স্থানটাও চিহ্নিত করা তাঁদের পক্ষে সম্ভব হয়। এছাড়া আরও উপাদান ও উপলক্ষ তাঁদের বিচার্য আছে।
‘ধন্যবাদ মিসেস কামাল। আপনার একথায় আমার মনে আশা জাগছে যে, দ্বীপটার সন্ধান আমরা পাব। আমার মনে হয় তারা দ্বীপের নাম দেখ ও দ্বীপের এলাকা নির্ধারণ করতে পারবেন। যেমন আমি ভাবছি, মধ্য ও দক্ষিণ আমেরিকার ল্যাটিন অঞ্চলের কোথাও অথবা উত্তর আটালান্টিকের স্পেন ও পর্তুগাল বরাবর পশ্চিমে কোথাও এ দ্বীপটা থাকতে পারে।’
‘ভাই সাহেব, এই ভাবনার আপনার ভিত্তি কি? জিজ্ঞেস করল মিসেস কামাল।
‘দ্বীপের নামের দুটি অংশ আছে। তার এক অংশ হিব্রু, অন্য অংশ ল্যটিন। আমি মনে করছি হিব্রু শব্দটা এসেছে ইহুদীদের ঐতিহ্য বোধ থেকে এবং ল্যাটিন অংশটা এসেছে আঞ্চলিক বিবেচনা বা প্রভাব থেকে। আমি যে অঞ্চল গুলোর উল্লেখ করছি সেগুলো ল্যাটিন ভাষা প্রভাবিত।’ আহমদ মুসা বলল।
চমৎকার। আপনার যুক্তি অকাট্য মিঃ আহমদ আবদুল্লাহ। আমার বিশ্বাস আপনার এ যুক্তি বিশেষজ্ঞদের এই দ্বীপ সন্ধানে সাহায্য করবে।’ বলল বুমেদীন বিল্লাহ।
‘আপনাকে ধন্যবাদ ভাই সাহেব। আপনি যে চিন্তা করছেন, আমার মাথায় এই চিন্তা কোন দিন আসত কিনা সন্দেহ’ লতিফা কামাল বলল।
‘মিসেস কামাল, দ্বায়িত্ব মানুষকে দ্বায়িত্বশীল বানায়। দ্বায়িত্ব এসে পড়লেই চিন্তা এমনিতেই মাথায় চাপত।’
বলে আহমদ মুসা একটু থামল, তারপর বলে উঠল, মিসেস কামাল, পরামর্শ দিন কার কাছে আমরা যেতে পারি। আমি তো কাউকে চিনি না।
‘আমার বিশ্ববিদ্যালয়ে এ ব্যাপারে বিশেষজ্ঞ যিনি, তিনি এখন দেশের বাইরে। অন্য কাউকে তো আমি দেখছিনা।’ বলল মিসেস কামাল।
মিসেস কামাল থামতেই বুমেদীন বিল্লাহ বলল, মিঃ আবদুল্লাহ, একজন প্রবীণ আটলান্টিক বিশেষজ্ঞের সাথে আমার পরিচয় আছে। তিনি প্যারিস বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমিরিটাস। বাস করেন এই স্ট্রাসবার্গেই।
আটলান্টিক সমুদ্র স্রোত, ভূতত্ব, দ্বীপের গঠন ও প্রকৃতি ইত্যাদি আটলানিটক সংক্রান্ত বিষয়ের উপর তাঁর অনেক বই আছে। আমি মনে করি তার সাথে আপনি কনসাল্ট করতে পারেন। আমি সাথে করে নিয়ে যেতে পারি। কিন্তু তার আগে একটা কথা বলুন, আপনি কেন এসব করবেন। আপনার লক্ষ্য কি?
‘আপনি তো আগেই আমাকে তৃতীয় পক্ষ বলে অভিহিত করেছেন। আসলেই আমি তৃতীয় পক্ষ। আমি স্পুটনিকের অপহৃত নেতাদের উদ্ধার করতে চাই। এবং সেটা করতে গিয়ে স্পুটনিক ধ্বংসের আসল লক্ষ্য সম্পর্কে খোঁজ-খবর নেয়া এবং এ বিষয়ে কিছু করণীয় থাকলে করতে চাই।’ আহমদ মুসা বলল।
‘কিন্তু যত দূর জানি আপনি একা। একাকি করতে পারবেন।’ বলল বুমেদীন বিল্লাহ।
‘না একা নই, সাথে আল্লাহ আছেন।’ আহমদ মুসা বলল।
বুমেদীন বিল্লাহর মুখ উজ্জল হয়ে উঠল। বলল, আরেকটা কথা, স্পুটনিক নিউইয়র্কের ডেমোক্রাসি ও লিবার্টি টাওয়ার ধ্বংসের উপর তদন্ত করছিল। এ ব্যাপারে আপনার মত কি?
‘আমি মনে করি স্পুটনিক সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ হাতে দিয়েছে। এই তদন্ত হওয়া প্রয়োজন। স্পুটনিক চাইলে আমিও তাদের সাথে থাকব।’ আহমদ মুসা বলল।
‘এবার আমি আমার পুরানা প্রশ্ন করতে চাই মিঃ আহমদ আবদুল্লাহ।
সেটা হলো, আপনি কে? কেন আপনি তৃতীয় পক্ষ হতে এলেন? বলল বুমেদীন বিল্লাহ।
‘আমার প্রশ্নের জবাব দেবার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আপনি এই স্পুটনিক কেসে কেন বিশেষ আগ্রহ দেখাচ্ছেন?
কেন আপনি আমাদের সহযোগিতা করতে চাচ্ছেন? ফ্রান্সের সাংবাদিকদের মধ্যে আপনি ব্যাতিক্রম কেন ? জিজ্ঞাসা আহমদ মুসার।
আহমদ মুসার কথা শেষ করার পর সংগে সংগে জবাব দিল না বুমেদীন বিল্লাহ। মুখটা সে একটু নীচু করছে। গম্ভীর হয়ে উঠেছে তার মুখমন্ডল।
কয়েক মুহুর্ত চুপ করে থাকার পর ধীরে ধীরে বলল, স্পুটনিক ধ্বংসযজ্ঞ আমাকে আহত করেছে। পুলিশের নিস্ক্রিয়তা আমি মেনে নিতে পারিনি, সাংবাদিকদের বৈষম্য দৃষ্টি আমাকে ভীষণ কষ্ট দিয়েছে। তাই স্পুটনিকের পাশে এসে দাঁড়িয়েছি।’
‘স্পুটনিকের ধ্বংসযজ্ঞ আপনাকে আহত করেছে কেন? সেটা কি শুধু স্পুটনিক একটা ভাল মানবতাবাদী সংস্থা বলেই? জিজ্ঞেস করল আহমদ মুসা।
আবার নিরবতা বুমেদীন বিল্লাহর। একটু পরে সে বলে উঠল, কি আপনি জানতে চাচ্ছেন, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, মিঃ আহমদ আবদুল্লাহ, কিন্তু ফরাসী পুলিশও কিছু ফরাসী সাংবাদিক খৃষ্টান ও ইহুদী হওয়ার কারণে যেমন মুসলিম প্রতিষ্ঠানের সাথে অসহযোগিতা করেছে, তেমনি আমি মুসলিম হিসাবে স্পুটনিককে সহযোগিতা করতে চাচ্ছি।’
বুমেদীন বিল্লাহ থামতেই আহমদ মুসা বলে উঠল, ধন্যবাদ মিঃ বিল্লাহ। আপনার মত ঐ একই কারণেই আমি স্ট্রসবার্গ ছুটে এসেছি। কারণ আমিও একজন মুসলিম। নিউইয়র্কের ডেমোক্রাসি ও লিবার্টি টাওয়ার ধ্বংসের পুরানো দায়টা আমরা মুসলমানরা এখনও বয়ে বেড়াচ্ছি। স্পুটনিক এ দায় থেকে আমাদের মুক্ত করতে চেয়েছিল। তাই স্পুটনিকের উপর ধ্বংসযজ্ঞ আপনার মত আমাকেও আহত করেছে। স্পুটনিকের সাত গোয়েন্দার মহান মিশনকে সহযোগিতা করার জন্য আমি এসেছি।’
‘মি. আহমদ আবদুল্লাহ আপনাকে ধন্যবাদ। আপনার কাছে আমার দু’টি প্রশ্ন ছিল। দু’টির মধ্যে ‘আপনি কেন এসেছেন’ এ প্রশ্নের জবাব আপনি দিলেন। কিন্তু ‘আপনি কে’ এই প্রশ্নের জবাব কিন্তু এখনও হয়নি।’
আহমদ মুসা হাসল। বলল, আজই হলো প্রথম সাক্ষাত। প্রথম দিনেই জানা শোনা সব শেষ হয়ে যাওয়া ঠিক নয়। পরের জন্য কিছু রাখুন।’
বুমেদীন বিল্লাহও হাসল। বলল, আমার আপত্তি নেই। তবে আগ্রহটা আমার আরও বাড়ল।
বুমেদীন বিল্লাহ কথা শেষ করতেই লতিফা কামাল উঠে দাঁড়িয়ে বলল, ‘খাবার টেবিলে নাস্তা এসেছে। আমি সকলকে নাস্তা খাবার আমন্ত্রণ জানাচ্ছি।
‘খাবার সামনে রেখে নামাজও চলে না, কথা তো চলতেই পারে না। সুতরাং চলুন।’ বলতে বলতে উঠে দাঁড়াল আহমদ মুসা।
তার সাথে সাথে সবাই উঠে দাঁড়াল।
‘শুনলেন তো অধ্যাপক ডেভিড দানিয়েল, আমরা কত বড় শনির দশায় পড়েছি!’ বলল আজর ওয়াইজম্যান।
‘কিন্তু এত বড় বস্নানডার কিভাবে হলো? আমি বুঝলাম, আপনার লোকেরা প্রাণপণ লড়াই করেছে। সবাই মারা গেছে এটাই তার প্রমাণ। কিন্তু লড়াই-এর মত সমান গুরুত্বপূর্ণ ছিল কম্পিউটারের রেকর্ড নষ্ট করে দেয়া। কিন্তু তারা সেটা করেনি।’ অধ্যাপক ডেভিড দানিয়েল বলল।
‘আহমদ মুসা বন্দী হবার পর এত বড় বস্নান্ডার ঘটবে, এটা কারও কল্পনাতেও ছিল না। যাক, যখন বিপর্যয় ঘটেছে তখন আমাদের দূর্বলতাতেই ঘটেছে তাতে কোন সন্দেহ নেই। এখন বলুন শেষ রক্ষার উপায়, স্পুটনিক ধবংসের পরিকল্পনা, ওদের সাত জনকে কিডন্যাপ করার ডকুমেন্ট, সাও তোরহ দ্বীপের মানচিত্র, সবই গিয়ে পড়েছে পুলিশের হাতে। স্ট্রসবার্গের পুলিশ কমিশনারকে অনুরোধ করে কোন রকমে মানচিত্র ও ডকুমেন্টের বিস্তারিত প্রেসে দেয়া আটকাতে পেরেছি। কিন্তু ডকুমেন্টগুলো প্যারিস থেকে চেয়ে পাঠানো হয়েছে। ডকুমেন্টগুলো প্যারিসে গেলেই পত্রিকায় এসে যাবে। পুলিশ প্রধান যে ধরনের লোক, আমি কোন কথা-ই তাকে মানাতে পারবো না। যে টুকু পত্রিকায় এসেছে, তাতেই আমাদের বাইরে বেরুবার উপায় নেই। এর পর ডকুমেন্টের সব কথা যদি পত্রিকায় আসে তাহলে আমরা শেষ হয়ে যাব।’
‘আমর মন কিছুতেই মানছে না মি.ওয়াইজম্যান, একজন লোক একাই এভাবে আপনাদের তুলা ধুনা করল।’ বলল অধ্যাপক ডেভিড দানিয়েল।
‘আমাদের কথা আর কি বলব। আপনি জানেন, বলতে গেলে আহমদ মুসার একার হাতেই ইহুদীবাদের গর্ব জেনারেল শ্যারণ তার দলবল সহ শেষ হয়ে গেল। গোটা ইহুদীবাদই আজ মহা বিপর্যয়ের মধ্যে পড়ছে অধ্যাপক ডেভিড। যে কোন ভাবে ডকুমেন্টগুলোর প্রেসে যাওয়া আটকাতে হবে।’ আজর ওয়াইজম্যান বলল।
‘আমাকে কি করতে হবে বলুন।’ অধ্যাপক ডেভিড দানিয়েল বলল।
‘জনাব প্যারিস বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সম্মানিত প্রফেসর এমিরেটাস আপনি। তার উপর প্রেসিডেন্ট আপনার ব্যাক্তিগত বন্ধু। এই সুযোগ আপনাকে কাজে লাগাবার অনুরোধ করছি।’ বলল আজর ওয়াইজম্যান।
‘প্রেসিডেন্টকে আমি কি বলব? অধ্যাপক ডেভিড দানিয়েল বলল।
‘ডকুমেন্টগুলো ভূয়া বলে গোটা বিষয়টাই ধামা চাপা দিতে হবে। বলতে হবে যে, মুসলিম মৌলবাদীরা ইহুদীদের ফাঁসাবার জন্য এই ভূয়া ডকুমেন্ট সাজিয়েছে।’ বলল আজর ওয়াইজম্যান।
‘কিন্তু মি.ওয়াইজম্যান, এটুকু করলেই আপনার বিপদ কেটে যাবে। মূল বিপদ তো বলছেন আহমদ মুসা। তার কি করবেন! এত কিছু পারছেন, ফরাসী পুলিশের সাহায্য নিয়ে তাকে পথ থেকে সরাতে পারছেন না? অধ্যাপক ডেভিড দানিয়েল বলল।
‘সেখানেও এক বিপদ আছে। ফরাসী রাজকুমারীকে আহমদ মুসা বিয়ে করার পর ফরাসী পুলিশের কাছে সে অনেকটা আপন হয়ে গেছে। তার উপর আমেরিকার সাম্প্রতিক ঘটনাবলীতে ফরাসী পুলিশের কাছে আহমদ মুসার ইমেজ অনেক অনেক বেড়ে গেছে। এই অবস্থায় ফরাসী পুলিশের কাউকে কাউকে তার বিরুদ্ধে পাওয়া যাবে, সবাইকে পাওয়া যাবে না।’ বলল আজর ওয়াইজম্যান।
‘কিন্তু এই যে বললেন, পুলিশ স্ট্রাসবার্গে কোথাও আহমদ মুসাকে দেখতে পেলে ধরে তাকে আপনাদের হাতে তুলে দেবে। সেটা কিভাবে? অধ্যাপক ডেভিড দানিয়েল বলল।
‘স্ট্রাসবার্গের পুলিশের কাছে আহমদ মুসার পরিচয় আহমদ আবদুল্লাহ হিসাবে। তারা আহমদ আবদুল্লাহকে আমাদের হাতে তুলে দেবে, আহমদ মুসাকে নয়।’ বলল আজর ওয়াইজম্যান।
অধ্যাপক ডেভিড দানিয়েল কিছু বলতে যাচ্ছিল। আজর ওয়াইজম্যানের মোবাইলটি বেজে উঠল।
থেমে গেল অধ্যাপক ডেভিড দানিয়েল।
‘মাফ করুন’ বলল আজর ওয়াইজম্যান টেলিফোন ধরল।
ওপারের কথা শুনেই ভ্রু কুঁচকে উঠল আজর ওয়াইজম্যানের। বলল দ্রুত কন্ঠে, ‘তোমার দু’জন বাড়ির সামনে পাহারায় থাক আমি লোকজন নিয়ে আসছি।
বলে মোবাইল অফ করে দিয়ে আজর ওয়াইজম্যান অধ্যাপক ডেভিডের উদ্দেশ্যে দ্রুত কন্ঠে বলল, ‘অধ্যাপক ডেভিড আহমদ মুসার সন্ধান পাওয়া গেছে। একটা বাড়িতে সে আরও দু’জনকে সাথে নিয়ে থাকে। আমাদের দু’জন লোক বাড়িটার সামনে পাহারায় আছে।
লোকজন নিয়ে আমি ওখানেই যাচ্ছি। পরে আবার কথা বলব আপনার সংগে।’ বলে অধ্যাপক ডেভিড দানিয়েলের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে এল আজর ওয়াইজম্যান।
চারজন লোক নিয়ে ছুটল সে আহমদ মুসার বাড়ির উদ্দেশ্যে।
কিন্তু আজর ওয়াইজম্যান যখন তার লোকজন নিয়ে আহমদ মুসার আটতলায় গিয়ে পৌছল, তার বেশ কিছু আগে আহমদ মুসা বুমেদীন বিল্লাহকে নিয়ে আটলান্টিক বিশেষজ্ঞ অধ্যাপক এমিরিটাস জ্যাক সাইমনের সাথে দেখা করার জন্য বেরিয়ে গেছে। আর তখন ফাতিমা এবং যায়েদ ও বাসা থেকে বেরিয়ে লিফটের দিকে এগুচ্ছিল। এই সময় তারা দেখল লিফঠ থেকে বেরিয়ে তাদের ফলাটের দিকে এগুচ্ছে ক’জন লোক। এটা দেখে ফাতিমা এবং যায়েদ দুজনে একটা আড়াল নিয়ে দাঁড়িয়ে পড়ল ব্যাপার কি তা দেখার জন্যে। ওরা পাঁচজন যখন ফাতিমাদের দরজায় গিয়ে দাঁড়িয়েছে, সে সময় ওদের একজনের মোবাইল বেজে উঠল। লোকটি মোবাইল তুলে নিয়ে চাপা কন্ঠে বলল, ‘ইয়েস, আজর ওয়াইজম্যান।’
লোকটা ওপারের কথা শুনল। শুনেই গা ঝাড়া দিয়ে সটান হয়ে দাঁড়াল। উত্তেজনা ঠিকরে পড়তে লাগল তার চোখ মুখ থেকে। অনেকটা স্বাগতঃই বলে উঠল লোকটা, ‘আমরা আহমদ মুসার তালাশে এসেছি তার বাড়িতে, আর আহমদ মুসা গিয়ে বসে আছে আমাদের হাতের মুঠোর মধ্য। চল সকলে।
তারা পাঁচজন আবার লিফটে গিয়ে উঠল।
চলে গেল তারা।
আড়াল থেকে বাইরে বেরিয়ে গেল ফাতিমা ও যায়েদ।
দু’জনেরই চোখ মুখ শুকনো।
চোখ-মুখে তাদের উদ্বেগ।
আজর ওয়াইজম্যান স্বাগতোক্তিতে যা বলেছে তা শুনতে পেয়েছে ফাতিমা ও যায়েদ দুজনেই।
দু’জন কারো মুখে কোন কথা নেই। অবশেষে নিরবতা ভাঙল ফাতিমা। বলল, ‘আহমদ মুসা ভাইয়ারা আজর ওয়াইজম্যনদের হাতের মুঠোয় যাবেন কি করে? ওরা তো গেলেন অধ্যপক সাইমনের সাথে দেখা করতে। তাহলে কি বুমেদীন বিল্লাহ বিশ্বাসঘাতকতা করেছে?
আহমদ মুসা ভাইকে অন্য কোথাও নিয়ে তুলছে? থামল ফাতিমা।
আতংক ফুটে উঠল যায়েদের চেখে-মুখে। বলল, ‘আমারও এই রকমই সন্দেহ হচ্ছে।
ফাতিমা স্থির দাঁড়িয়েছিল। নড়ে উঠল। চলতে শুরু করল ফ্ল্যাটের দরজার দিকে। বলল, এস যায়েদ, নোট বুকে অধ্যাপক জ্যাক সাইমনের ঠিকানা লেখা আছে।’
যায়েদ ফতিমার সাথে হাঁটতে হাঁটতে বলল, ‘অধ্যপক জ্যাক সাইমনের ঠিকানা দিয়ে কি করবে?
‘কিছু একটা তো করতে হবে আগে জ্যাক সাইমনের ঠিকানা তো দেখি!
দরজা খুলে দু’জনেই ফ্ল্যাটে প্রবেশ করল।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now