বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
৬
গাড়ি থামল বিশাল এক গাড়ি বারান্দায়।
গাড়ি থামতেই উর্দীপরা একজন যুবক বারান্দা থেকে দ্রুত নেমে এল। এসে গাড়ির দরজা খুলে সামনে বসা বুমেদীন বিল্লাহকে লক্ষ্য করে বলল, স্যার আপনি নিশ্চয় মিঃ বিল্লাহ। স্যার আপনাদের জন্য অপেক্ষা করছেন। ওয়েলকাম।’
বুমেদীন বিল্লাহ গাড়ি থেকে নেমে ‘ধন্যবাদ’ বলে আহমদ মুসার দিকে তাকাল।
আহমদ মুসাও গাড়ি থেকে নেমেছে।
আহমদ মুসা গাড়ি থেকে নেমে বুমেদীন বিল্লাহ ও এ্যাটেনড্যান্টের দিকে চাইতেই গাড়ির বারান্দার উপরে বারান্দায় উঠার সিঁড়ির পাশেই দেয়া সুন্দর একটি নেম প্লেট আহমদ মুসার নজরে পড়ল।
নেমপ্লেটটিতে সাদা পটভুমির উপর সুন্দর সাদাটে নীল কালিতে লেখা প্রফেসর (এমিরিটাস) জ্যাক সাইমন। নেমপ্লেটের সাদা পটভূমির উপর ও নীচের গোটা অংশ সাদাটে নীল।
আহমদ মুসা গাড়ি ঘুরে বুমেদীন বিল্লাহর পাশে এসে একসাথে সিঁড়ির দিকে হাঁটতে শুরু করল।
আগে চলছিল এ্যাটেনড্যান্ট।
হাঁটতে হাঁটতে আহমদ মুসা বুমেদীন বিল্লাহকে নেমপ্লেটটি দেখিয়ে বলল, ‘নামটা তুলে নিয়ে যদি ওখানে নীল রংয়ের নামের বদলে যদি নীল ছয় কোণা তারকা বসানো যায়, তাহলে ওটা কি হয় বলুন তো?
মুহুর্তের জন্য থমকে দাঁড়িয়ে নেমপ্লেটের দিকে তাকিয়ে একটু চিন্তা করে বল, ‘বলতে পারলাম না। এ রকম কোন জিনিসের কথা আমার মনে পড়ছে না।’
‘ইসরাইল রাষ্ট্রের পতাকা। এখন মিলিয়ে দেখুন।’
মনে করার একটু চেষ্টা করে বুমেদীন বিল্লাহ বলল, ‘পতাকা দেখেছি, কিন্তু এখন স্মৃতিতে আনতে পারছি না। কিন্তু আহমদ আবদুল্লাহ সুদুরের দুই বিষয়কে এভাবে মিলানোর কথা আপনার মনে পড়ল কি করে?
‘কালার এবং তার সেট আপ ও আকার দেখে মনে হলো।’ বলল আহমদ মুসা।
আবার চলতে শুরু করছে দু’জন।
ভেতরে ঢুকে একটা কক্ষ পেরিয়ে একটা দরজার সামনে এ্যাটেনন্ড্যান্ট থমকে দাঁড়াল। আহমদ মুসারাও তার পেছনে গিয়ে দাঁড়িয়ে পড়ল।
এ্যাটেনন্ড্যান্ট লোকটি বন্ধ দরজায় কয়েকবার নক করল। ভেতর থেকে একটা কন্ঠ ভেসে এ, ‘ইয়েস’।
এ্যাটেনন্ড্যান্ট বলল, ‘স্যার আপনারা যান।’
দরজা ঠেলে আহমদ মুসা ও বুমেদীন বিল্লাহ ঘরে প্রবেশ করল।
তারা দেখল, প্রৌঢ় দীর্ঘদেহী ভারী চশমাওয়ালা সোনালী সাদা রংয়ের একজন লোক দরজার দিকে তাকিয়ে বসে আছে।
আহমদ মুসারা ঢুকতেই লোকটি উঠে দাঁড়ল এবং কয়েক ধাপ এগিয়ে এল। ‘ওয়েলকাম’ বলে আহমদ মুসার সাথে হাত মেলাল।
বুমেদীন বিল্লাহ নিজের পরিচয় দিয়ে আহমদ মুসাকে দেখিয়ে বলল,
‘আমার বন্ধু। নাম আলী আবদুল্লাহ। সমুদ্র ভ্রমনের নেশা। ইদানিং তিনি সমুদ্রের উপর কুইজ তৈরী করছেন।’
আহমদ মুসার এই নাম ও পরিচয় আগেই ঠিক করে রেখেছিল বুমেদীন বিল্লাহ। তার যুক্তি ছিল রাইন ইন্টারন্যাশনাল হোটেলে দু’জন লোক নিহত হওয়ার ঘটনার পর ‘আহমদ আবদুল্লাহ’ নামটি পত্র-পত্রিকায় এসেছে। এ নাম প্রফেসর জ্যাক সাইমন ও পত্র-পত্রিকায় দেখতে পারেন। সুতরাং নামটি কোন বিপত্তির সৃষ্টি করতে পারে। আহমদ মুসা ও বুমেদীন বিল্লাহর এ চিন্তাকে ওয়েলকাম করেছিল।
‘ওয়েলকাম টু বোথ’ বলে প্রফেসর জ্যাক সাইমন বাম পাশের দুটি সোফার দিকে ইংগিত করে বসতে বলল এবং নিজেও ফিরল সোফায় বসার জন্য।
আহমদ মুসা ও বুমেদীন বিল্লাহ সোফায় বসল।
ঘরটি বৃত্তাকার। ঘরের চারদিকে বৃত্তাকার করেই সোফা সাজানো।
বৃত্তের মাঝখানটা ফাঁকা।
বসার পর প্রফেসর জ্যাক সাইমন আহমদ মুসার দিকে চেয়ে বলল, ‘আপনি সমুদ্রকে ভালবাসেন জেনে খুশি হয়েছি। সমুদ্রকে আমিও ভালবাসি। তবে বেশি ভালবাসি আটলান্টিককে।’
‘ধন্যবাদ। বলুন কি করতে পারি আপনার জন্যে।’ প্রফেসর জ্যাক সাইমন বলল।
‘স্যার জার্মানীর এক কুইজ ফার্ম থেকে কিছু কুইজ পেয়েছি, সেগুলো আমি কাজে লাগাতে চাই। কিন্তু একটা আইল্যান্ডের কোন ট্রেস করতে পারছি না। বুমেদীন বিল্লাহ বলল, এর সমাধান শুধু আপনার কাছেই পাওয়া যেতে পারে। বলল আহমদ মুসা।
‘আইল্যান্ডের ছবি আছে। এর নাম, অবস্থান ও কোন রাষ্ট্রের অংশ, এটা বলে দিতে হবে তো? প্রফেসর জ্যাক সাইমন বলল।
‘জি স্যার।’ বলল বুমেদীন বিল্লাহ।
‘দাও ছবিটা। প্রফেসর জ্যাক সাইমন বলল।
‘ছবি নয় আকার বোঝা যায় এমন একটা স্কেচ আছে।’ বলে আহমদ মুসা স্কেচটা প্রফেসর সাইমনের হাতে তুলে দিল।
স্কেচটি হাতে নিল প্রফেসর জ্যাক সাইমন।
চোখের সামনে তুলে ধরল স্কেচটি।
দেখতে লাগল সে দ্বীপটাকে।
ধীরে ধীরে ভ্রুকুঞ্চিত হয়ে উঠল তার। বিস্ময়, সেই সাথে জিজ্ঞাসা ফুটে উঠল তার চোখ-মুখে। এক সময় এক চোরা দৃষ্টিতে তাকাল সে আহমদ মুসার দিকে। তারপর হঠাৎ সহজ হয়ে উঠে প্রশ্ন করল, ‘দিকের চিহ্নটা কি ঠিক আছে দ্বীপের ?
‘জি হ্যাঁ।’ বলল আহমদ মুসা।
‘দ্বীপ সম্পর্কে আপনারা কিছু আন্দাজ করতে পেরেছেন? প্রফেসর জ্যাক সাইমন বলল।
‘না, পারিনি।’ বলল আহমদ মুসা।
আহমদ মুসা থামতেই প্রফেসর জ্যাক সাইমন বলে উঠল, ‘দ্বীপটার সাইজ এ্যাভারেজ ক্যারেক্টরের। এক দৃষ্টিতে চিহ্নিত করা মুস্কিল।
আপনারা একটু বসুন। আমার কম্পিউটারের ইনডেক্স ও ক্যাটালগ একটু কনসাল্ট করে আসি। আপনারা গল্প করুন। চা পাঠিয়ে দিচ্ছি।’
বলে উঠে ভেতরে চলে গেল প্রফেসর জ্যাক সাইমন।
প্রফেসর জ্যাক সাইমন চলে যাবার পর বুমেদীন বিল্লাহ আহমদ মুসাকে ফিস ফিস করে বলল, ‘কি মনে করছেন , দ্বীপটাকে উনি কি চিহ্নিত করতে পারবেন?
‘মি. বুমেদীন বিল্লাহ আমার চোখ যদি ভুল না দেখে থাকে তাহলে আমি বলব তিনি দ্বীপটাকে ইতিমধ্যেই চিহ্নিত করেছন।’ বলল আহমদ মুসা।
‘কি করে বুঝলেন? জিজ্ঞেস করল বুমেদীন বিল্লাহ।
‘আমার দিকে চেয়ে যখন তিনি কথা বলছিলেন, তখন তার চোখ-মুখের ভাব দেখে আমি এটা বুঝেছি। না চিনতে পারলে যে অবস্থা, যে চেহারা মানুষের হয়, সেটা তাঁর মধ্যে আমি দেখলাম না। যখন তিনি ইনডেক্স ও ক্যটালগ দেখার কথা বললেন, তখনও কথায় অন্তরের কোন স্পর্শ ছিল না।’ বলল আহমদ মুসা।
‘চিনতে পারলে তা গোপন করবেন কেন? কম্পিউটারে ইনডেক্স ও ক্যাটালগ কনসাল্ট করার কথাইবা বলবেন কেন? বুমেদীন বিল্লাহ বলল।
‘আমার কথাটা চুড়ান্ত নয় মিঃ বিল্লাহ। ওটা আমার একটা ধারনা। হতে পারে প্রফেসর জ্যাক সাইমন এমন এক ধরনের মানুষ যার মনের ভাবটা চোখ-মুখে ফুটে উঠতে পারে না এবং চোখ-মুখের ভাব মনের কথা বলে না। এ ধরনের শক্ত মনের ব্যতিক্রমী ব্যাক্তিত্ব দুনিয়াতে অনেক আছে। প্রফেসর জ্যাক সাইমন হতে পারেন তাদেরই একজন। বলল আহমদ মুসা।
চা এসে গিয়েছিল। চায়ে চুমুক দিয়ে বলল বুমেদীন বিল্লাহ, দ্বীপের সন্ধান পেলে কি করবেন মিঃ আহমদ আবদুল্লাহ?
‘দ্বীপ সম্পর্কে খোজ খবর নিতে হবে। তার পর প্রয়োজনে দ্বীপে যেতে হবে, যদি স্পুটনিকের লোকেরা সেখানে আটক থাকে।’ বলল আহমদ মুসা।
‘আপনার সাথে দেখা হওয়ার পর থ্রিলের প্রতি আমার আকর্ষণ বেড়েছে। মনে হচ্ছে কি জানেন, এ ধরনের অভিযানে আমি আপনার সংগী হই।’ বুমেদীন বিল্লাহ বলল।
‘তাহলে সাংবাদিকতার কি হবে? জিজ্ঞেস করল আহমদ মুসা।
‘এ ধরনের অভিযানে সাংবাদিকতা বাধা হবে কেন? যুদ্ধে কি সাংবাদিকরা শরীক হয় না? বলল বুমেদীন বিল্লাহ। আহমদ মুসা হাসল। বলল ‘আসলে কি জানেন, আপনি আপনাকে চিনতে পারেন নি, দুই ঐতিহাসিক রক্তের ধারা আপনার শরীরে। একটি ধারা এসেছে আলজেরিয়ার বিপ্লবী নেতা আহমদ বেন বেল্লাহর কাছ থেকে। এ সেই মহান বেন বেল্লাহ যিনি ১৯৫৪ সালে ফরাসী ঔপনিবেশিকদের বিরুদ্ধে আলজেরিয়ার জনগণের বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিলেন এবং দেশ স্বাধীন হওয়ার পর আলজেরিয়ার প্রেসিডেন্ট হয়ে ছিলেন। আরেকটি রক্তের ধারা হুয়ারি বুমেদীনের দিক থেকে। তিনিও আলজেরিয়ার একজন স্বাধীন সংগ্রামী এবং আলজেরিয়ার দীর্ঘকালীন প্রেসিডেন্ট। এই দুই রক্ত আপনাকে একটা স্বভাব সংগ্রামী মানসিকতা দিয়েছে। আপনার সাংবাদিকতা আপনার এই স্বভাব সংগ্রামেরই অংশ। এখন আবার প্রত্যক্ষ সংগ্রামের পরিবেশ দেখে আপনার মন তার সাথেও শামিল হতে চাচ্ছে।’ থামল আহমদ মুসা।
বিস্ময় দৃষ্টিতে বুমেদীন বিল্লাহ অপলক তাকিয়ে আছে আহমদ মুসার দিকে। আহমদ মুসা থামলে আরও কয়েক মুহুর্ত সময় নিয়ে বুমেদীন বিল্লাহ ধীরে ধীরে বলল, ‘আপনি কে জানি না। কিন্তু মনে হয় আপনি আর এক আহমদ বেন বেল্লাহ হবেন, যিনি মানুষকে জাগাতে, তাকে সংগ্রামী বানাতে পারেন। এখন সত্যিই আমার নিজেকে নতুন পরিচয়ের নতুন মানুষ মনে হচ্ছে। আমি কখনই বেন বেল্লাহ কিংবা বুমেদীনকে আমার মডেল ভাবতে পারিনি, বরং ঘৃনা করেছি তাদের রাজনীতিকে। অথচ এই মুহুর্তে আমার মনে হচ্ছে, আহমদ বেন বেল্লাহ ও বুমেদীনের আরেকটা পরিচয় ছিল। সেটা বিপ্লবীর পরিচয়। এই পরিচয় আমার জন্য মডেল হতে পারে এবং এটা সময়েরও প্রয়োজন। আপনাকে............।
আরও কিছু বলতে যাচ্ছিল বুমেদীন বিল্লাহ। কিন্তু এ সময় ড্রয়িং রুমে ফিরে এলেন প্রফেসর জ্যাক সাইমন।
তার সোফায় বসতে বসতে প্রফেসর জ্যাক সাইমন বলল, ‘স্যরি, অনেক্ষণ আপনাদের বসিয়ে রেখেছি। ‘
‘স্যরি স্যার। আমাদেরই তো দুঃখ প্রকাশ করা দরকার। আপনাকে কষ্ট দিচ্ছি আমরা।’ বলল বুমেদীন বিল্লাহ।
আমাদের জন্যে কোন সুখবর আছে স্যার ?’ আহমদ মুসা বলল।
‘অবশ্যই ইয়ংম্যান।’ বলে একটু থামল প্রফেসর জ্যাক সাইমন।
তারপর ধীরে ধীরে আবার শুরু করল, ‘কুইজের উদ্যোক্তাদের ধন্যবাদ দিতে হয় মি. আলী আবদুল্লাহ। এ দ্বীপের সন্ধান তারা পেল কি করে ?
কোন মানচিত্র, এমনকি স্যাটালাইট চিত্রেও এ দ্বীপের কোন আকার স্পষ্ট নয়। কিন্তু আপনার স্কেচে দ্বীপটির নিখুঁত আকার এল কি করে?
কথা শেষ করতেই প্রফেসর জ্যাক সাইমনের মোবাইল বেজে উঠল।
মোবাইল তুলে নিয়ে প্রফেসর জ্যাক সাইমন বলল, ‘ইয়েস সাইমন স্পিকিং।’
ওপারের কথা শুনে বলল, ‘ইয়েস।’ OK, বলে মোবাইল রেখে দিল।
মোবাইল রেখে দিয়েই প্রফেসর জ্যাক সাইমন তার পূর্ব কথার রেশ ধরে বলে উঠল , হ্যাঁ মি. আলী আবদুল্লাহ , কুইজ উদ্যোক্তারা এ দ্বীপের এই নিখুঁত মাপটা পেল কোথায়?’
ভ্রু কুঞ্চিত হলো আহমদ মুসার। একটু ভাবল আহমদ মুসা। প্রফেসার জ্যাক সাইমনের এ জিজ্ঞাসার মধ্যে বিদ্রুপ ও অভিযুক্ত করার মানসিকতা রয়েছে। তার চোখে-মুখেও একটা অযৌক্তিক কাঠিন্য।
আহমদ মুসা ধীরে ধীরে বলল, ‘কোন অভিযাত্রি, কোন গ্রন্থ অথবা সরকারী কোন সূত্র থেকেও পেতে পারে।’
প্রফেসর জ্যাক সাইমন আহমদ মুসারা যে দরজা দিয়ে প্রবেশ করেছিল সেই দরজার দিকে তাকিয়েছিল। তার ঠোটে ফুটে উঠেছে এক টুকরো শক্ত হাসি। আহমদ মুসার কথা শেষ হতেই প্রফেসর বলে উঠল,
‘কেন কোন তিন তলার কম্পিউটার থেকে পেতে পারে না?
প্রফেসর জ্যাক সাইমনের কথা শেষ হবার আগেই আহমদ মুসা যেন এক ঝাঁকুনি দিয়ে জেগে উঠল। কখন তার ডান হাত কোটের পকেটে চলে গিয়েছিল। বের হয়ে এল রিভলবার। রিভলবারটি উঠল প্রফেসর জ্যাক সাইমনের মাথা লক্ষ্যে। সেই সাথে আহমদ মুসার কন্ঠ থেকে বেরিয়ে এল, ‘দেরী হয়ে গেছে, নেম প্লেটটা দেখেই আমার সব কিছু বুঝা উচিত ছিল।’
হঠাৎ হো হো হাসির শব্দ এল ড্রইংরুমের সামনের দরজার দিক থেকে।
তাকাল আহমদ মুসা সেদিকে। দেখল, চারটি ষ্টেনগান ও একটি রিভলবার তাদের দিকে তাক করা। হো হো করা কন্ঠটি আজর ওয়াইজম্যানের। হাসির সাথে সাথেই সে বলে উঠল, ‘সত্যিই দেরী হয়ে গেছে আহমদ মুসা। আর তোমার করার কিছুই নেই।’
বলে সে প্রফেসর জ্যাক সাইমনকে লক্ষ্য করে বলল, ‘প্রফেসর ডেভিড দানিয়েল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার ঐতিহাসিক টেলিফোনের জন্য। আপনি দয়া করে আহমদ মুসার হাত থেকে রিভলবারটি নিয়ে নিন।’
প্রফেসর জ্যাক সাইমন উঠে এসে আহমদ মুসার পেছনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে রিভলবার কেড়ে নিল।
‘প্রফেসর জ্যাক সাইমন আপনার ইহুদী নাম দেখছি ডেভিড দানিয়েল। নাম কবে পাল্টেছেন? জিজ্ঞাসা আহমদ মুসার।
‘পাল্টাব কেন? ফ্যামিলী নাম হিসাবে এটা সব সময় চালু আছে। পাবলিকলী আমি জ্যাক সাইমন।’
‘মি. জ্যাক সাইমন আপনার মত লোক যে ছব্দবেশী হবেন এটা বিশ্বাস করতে মন চায়নি। তাই রিভলবার বের করতে অনেক দেরী হয়েছে।’ আহমদ মুসা বলল।
‘কেন আমাকে সন্দেহ করেছিলে নাকি? জিজ্ঞেস করল জ্যাক সাইমন।
‘অবশ্যই। আপনার নেমপ্লেটটা তো একটা ইসরাইলি পতাকা।’ আহমদ মুসা বলল।
‘তাও তুমি ধরে ফেলেছ? তুমি সত্যিই অদ্বিতীয় আহমদ মুসা।’ বলল প্রফেসর জ্যাক সাইমন।
প্রফেসর জ্যাক সাইমন থামতেই আজর ওয়াইজম্যান বলে উঠল, ‘প্রফেসর ডেভিড দানিয়েল আহমদ মুসার এই কথা বলা কিন্তু একটা কৌশল। শৃগালের মত ধূর্ত, আর সাপের মত বিষাক্ত এই লোক মিঃ প্রফেসর। আপনি দূরে থাকুন।
বলেই আজর ওয়াইজম্যান চোখ ফেরাল আহমদ মুসার দিকে। বলল, ‘তোমরা দু’জন মেঝেতে উপুড় হয়ে শুয়ে পড় আহমদ মুসা। আমি কিন্তু দু’বার নির্দেশ দেব না এবং তোমাকে এক মূহুর্ত বাঁচিয়ে রাখার ইচ্ছাও আমার নেই।
আহমদ মুসা তাকাল বুমেদীন বিল্লাহর দিকে। দেখল বুমেদীন বিল্লাহর চোখ ভরা একরাশ বিস্ময় নিয়ে তাকিয়ে আছে আহমদ মুসার দিকে। আহমদ মুসা তার দিকে চাইতে সে বলে উঠল, ‘ওরা যা বলেছে এটাকি ঠিক? আপনি সত্যিই আহমদ মুসা?
‘হ্যাঁ ভাই।’ বলে একটু থামল। তারপর হেসে বলল, ‘আসুন মিঃ ওয়াইজম্যানের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করি।’
আহমদ মুসা সোফা থেকে উঠল এবং এগুলো মেঝের মাঝখানটার দিকে।
বুমেদীন বিল্লাহও আহমদ মুসার পেছনে।
আহমদ মুসা পূর্ব দিকে মাথা দিয়ে উপুর হয়ে কার্পেটের উপর শুয়ে পড়ল। বুমেদীন বিল্লাহ আহমদ মুসার বাম পাশে একইভাবে শুয়ে পড়ল।
‘বার বার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোমার বধিব পরান’ বুঝলে আহমদ মুসা। দু’বার তোমার ভাগ্য সহায় হয়েছে, খাঁচা কেটে পালাতে পেরেছ। এবার তোমাকে মরতে হবে, তবে তার আগে তোমাকে একটু নাচাতে চাই।’ বলল আজর ওয়াইজম্যান আহমদ মুসাকে লক্ষ করে।
কথা শেষ করেই আজর ওয়াইজম্যান একজন ষ্টেনগানধারীর দিকে একটা প্যাকিং টেপের বান্ডিল ছুড়ে দিয়ে নির্দেশ দিল ওদের পিছ মোড়া করে বেঁধে ফেল।
নির্দেশ দিয়ে আজর ওয়াইজম্যান প্রফেসর ডেভিড দানিয়েলকে লক্ষ্য করে বলল, মিঃ ডেভিড দানিয়েল, আসুন পাশের ঘরে একটু কথা বলি।’
আজর ওয়াইজম্যান ও প্রফেসর ডেভিড দানিয়েল পাশের ঘরে চলে গেল।
একজন ষ্টেনগানধারী এক হাতে ষ্টেনগান অন্য হাতে টেপ নিয়ে এগুলো প্রথমে আহমদ মুসার দিকে।
সে আহমদ মুসার পেছন দিক দিয়ে গিয়ে তার উপর চেপে বসে তাকে পিছমোড়া করে বাঁধতে চাইল।
আহমদ মুসা দু’পা এবং দু’হাত ছড়িয়ে শুয়ে ছিল।
ষ্টেনগানধারী লোকটি আহমদ মুসার দু’পায়ের মাঝখান দিয়ে এগুলো তার পিঠের দিকে।
লোকটি যখন আহমদ মুসার নিতম্বের কাছাকাছি এসে পৌছেছে, তখন আহমদ মুসার দুই পা তীব্র বেগে উঠে এসে লোকটির দুই হাঁটুর উপর আঘাত করল। আকস্মিক এই আঘাতে লোকটি মুখ থুবড়ে পড়ে গেল আহমদ মুসার উপর। আর তার ষ্টেনগানটি গিয়ে পড়ল আহমদ মুসার পাশে একেবারে তার ডান হাতের উপর।
আহমদ মুসা এক মুহুর্তও সময় নষ্ট করেনি। লোকটি আহমদ মুসার উপর পড়ে যাবার আগেই আহমদ মুসা পাশ ফিরে তার বাম হাত ঘুরিয়ে নিয়েছিল ডান হাতের কাছে। ষ্টেনগান ডান হাতের উপর পড়ার সাথে সাথেই আহমদ মুসার দুই হাত ষ্টেনগান নিয়ে তাক করল তিন ষ্টেনগানধারীকে। শুয়ে থেকেই আহমদ মুসা ট্রিগার চাপল।
তিনজন ষ্টেনগানধারী ঘটনার আকস্মিকতায় বিমূঢ় হয়ে পড়েছিল। তার উপর তাদের সহযোগী লোকটি আহমদ মুসার উপর গিয়ে পড়ায় তারা দ্বিধায় পড়ে গিয়েছিল।
ফলে অসহায়ভাবে তারা আহমদ মুসার গুলী বৃাষ্টর শিকার হলো। মূহুর্তেই তিনজনের ঝাঁঝরা হয়ে যাওয়া দেহ ঝরে পড়ল মেঝের উপর।
এদিকে আহমদ মুসা উপর পড়ে যাওয়া লোকটি প্রাথমিক ধাক্কা কাটিয়ে ঘটনা বুঝে উঠেই সক্রিয় হয়ে উঠল। আহমদ মুসা যখন গুলী করছিল, তখন লোকটির দু’হাত সাঁড়াশীর মত আহমদ মুসার গলা লক্ষ্যে পৌঁছে গিয়েছিল।
আহমদ মুসা যখন তিনজন ষ্টেনগানধারীকে ভূপাতিত করে তার ষ্টেনগানের ব্যারেল নীচে নামাল, তখন লোকটির দুই হাত সাঁড়াশীর মত চেপে বসেছে আহমদ মুসার গলায়।
প্রতিরক্ষার জন্য আহমদ মুসা ষ্টেনগানকেই ব্যাবহার করল।
দু’হাতে ধরা ষ্টেনগানের বাট দিয়ে প্রচন্ড গুঁতা মারল আহমদ মুসা লোকটির মাথায় এবং সাথে সাথেই আহমদ মুসা মোচড় দিয়ে দেহটাকে ঘুরিয়ে নিল।
মাথায় আঘাত পেয়ে লোকটার দুই হাত আহমদ মুসার গলা থেকে আলগা হয়ে পড়েছিল এবং দেহটাও শিথিল হয়ে পড়েছিল।
আহমদ মুসার দেহের ধাক্কায় সে পাশে গড়িয়ে পড়ল। লোকটি তখন গলা ছেড়ে দিয়ে ষ্টেনগান ধরার জন্য ঝাঁপিয়ে পড়ল। আহমদ মুসা ততক্ষণে তার ষ্টেনগান ঘুরিয়ে নিয়েছে। আহমদ মুসা ট্রিগার চেপে ধরল ষ্টেনগানের ব্যারেল তার পাঁজরে ঠেকিয়ে।
লোকটা ঝাঁপিয়ে পড়া এবং আহমদ মুসা ট্রিগার চাপা এক সাথেই হয়েছিল। এক ঝাঁক গুলীর তোড়ে লোকটার দেহ একটা রক্তাক্ত মাংসপিন্ডে পরিনত হলো।
আহমদ মুসা উঠে দাঁড়াচ্ছিল। এই সময় চিৎকার করে উঠল বুমেদীন বিল্লাহ, মিঃ আহমদ মুসা গুলী..........।’
ভীত, আতংকিত বুমেদীন বিল্লাহ তখনও গুলী গোলার মধ্যে উঠে দাঁড়াতে সাহস পায়নি। শুয়ে থেকেই চারদিকটা সে দেখার চেষ্টা করছিল।
বুমেদীন বিল্লাহর চিৎকার করে উঠার সংগে সংগেই আহমদ মুসা নিজের দেহ পেছনের দিকে ছুঁড়ে দিল। তার উপর দিয়ে একটা বুলেট শাঁ করে চলে গিয়ে দেয়ালে বিদ্ধ হলো।
আহমদ মুসা মাটিতে আছড়ে পড়লেও ষ্টেনগান তার হাত থেকে পড়েনি এবং তার আঙুল ট্রিগার থেকে সরেনি।
যে দিক থেকে গুলী এসেছে, তার বিপরিত দিকে পড়েছে আহমদ মুসার মাথা। ফলে সে মেঝেতে শুয়ে পড়লে তার চোখ গিয়ে পড়েছে দরজাটির উপর যেখানে আজর ওয়াইজম্যান গুলী করেছে।
আহমদ মুসা শুয়ে পড়েই ট্রিগার টিপেছে তার ষ্টেনগানের। এক ঝাঁক গুলী ছুটে গেল দরজার উপর।
আজর ওয়াইজম্যান টার্গেট ঠিক করে দ্বিতীয় গুলী করার আর সুযোগ পেল না। আহমদ মুসা দেখতে পেল তার দেহটা একটা ঝাঁকি দিয়ে উঠে দরজার আড়ালে ছুটে গেল। আহমদ মুসার মনে হলো আহত হয়েছে আজর ওয়াইজম্যান।
শোয়া অবস্থা থেকে আহমদ মুসা তড়াক করে উঠে দাঁড়াল এবং ছুটল দরজার দিকে।
আহমদ মুসা দরজার ওপারে রক্তের ফোটা ফোটা দাগ দেখতে পেল। রক্তের দাগ অনুসরণ করে ছুটল।
বাইরের বারন্দায় বেরিয়ে দেখল একটা গাড়ি বেরিয়ে যাচ্ছে গেট দিয়ে।
আহমদ মুসা ফিরতে যাচ্ছিল এ সময় একটা থামের আড়াল থেকে বেড়িয়ে এল ফাতিমা ও যায়েদ। বেরিয়েই রক্তে ভেজা আহমদ মুসার দিকে আতংকিত চোখে ফাতিমা বলল, ‘আপনি ঠিক আছেন ভাইয়া? কাঁধ চেপে ধরে একজন এদিক দিয়ে পালাল।’
‘ভাল আছি। তোমরা এস।’ বলে আহমদ মুসা ছুটল ভেতরে। প্রফেসার জ্যাক সাইমনকে পেতে হবে, ধরতে হবে তাকে।
আহমদ মুসা চারটি লাশ পড়ে থাকা রক্তাক্ত হল রুমটিতে প্রবেশ করতেই সামনের দরজার দিক থেকে, যে দরজা দিয়ে প্রফেসার জ্যাক সাইমন ওরফে ডেভিড দানিয়েল দ্বীপের ইনডেক্স ও ক্যাটালগ দেখার জন্য ভেতরে গিয়েছিল, বুমেদীন বিল্লাহর চিৎকার ভেসে এল মিঃ আহমদ মুসা প্রফেসর জ্যাক সাইমন পালাচ্ছিল ধরে ফেলেছি।’
বলতে বলতে বুমেদীন বিল্লাহ প্রফেসর জ্যাক সাইমনকে হিড় হিড় করে টেনে নিয়ে দরজা দিয়ে হল রুমে প্রবেশ করল এবং বলল, ‘আমার অনুমান যদি মিথ্যা না হয়, তাহলে এই প্রফেসরই টেলিফোন করে এই কিলারদের ডেকে এনেছে।’
‘আপনি ঠিক অনুমান করেছেন মি. বিল্লাহ। দ্বীপের ইনন্ডেক্স ও ক্যাটালগ দেখার ভান করে ইনি আজর ওয়াইজম্যানদের টেলিফোন করার জন্যই ভেতরে গিয়েছিলেন। আধা ঘন্টার ও বেশি ভেতরে দেরী করেছিলেন তাদের আসার সুযোগ দেয়ার জন্য। একে পাকড়াও করার জন্য আপনাকে ধন্যবাদ মিঃ বিল্লাহ।’ বলল আহমদ মুসা।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now