বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

গুলাগ অভিযান চ্যাপ্টার- ২

"সাইমুম সিরিজ" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X ২ বেদিতে উঠতে উঠতে ভ্যানিসা গনজালো বলল, ‘ভাইয়া, গত মাসে আমরা আসতে পারিনি। তাতেই দেখো মনে হচ্ছে বেদিটা জংগলে ভরে গেছে। এ রকম তো হওয়ার কথা ছিল না।’ সার্গিও গনজালোও বেদিতে উঠছিল ভেনিসার সাথে। বলল, ‘ভিয়েনীরা এসেছিল তো। মনে হয় ওরা বেদিটা পরিষ্কার করে যায়নি।’ ‘তাই হবে। আজ আমাদের সংগ্রামের শক্তিরা দুধ খেয়ে যাবার পর আমরা বেদিটা পরিষ্কার করব ভাইয়া’। বলল ভ্যানিসা গনজালো। ‘আমিও তাই ভাবছি।’ বলল সার্গিও গনজালো। দুজনেই উঠল বেদিতে। দুজনের হাতেই দুটা কারবাইন শ্রেণীর ক্ষুদ্র সাবমেশিনগান। দুজনেই হাতের সাবমেশিনগান কাঁধে ঝুলিয়ে কাঁধের থলে থেকে বের করল প্লাষ্টিকের একটা পট। পটের মুখ খুলতে খুলতে ওরা দুজনে গেল বেদির মাঝখানে রাখা দুটো পাথরের বড় বাটির দিকে। পটের মুখ খুলে ওরা দুজন পাথরের দুই বাটিতে পটের সবটুকু দুধ ঢেলে দিল। পটের মুখ বন্ধ করে কাঁধের ঝুলানো ব্যাগে রেখে দুজনেই কাঁধ থেকে সাবমেশিনগান হাতে নিল এবং দুজনেই সাবমেশিনগানের ব্যারেল বাটির দুধে ডোবাল। তারপর আবার সাবমেশিনগান কাঁধে ঝুলিয়ে দ্রুত নেমে এল বেদি থেকে। দুজনেরই পরনে ফুল সামরিক পোশাক। কাঁধের সাবমেশিনগান ছাড়াও ওদের কোমরে একদিকে ঝুলানো রিভলবার, অন্যদিকে খাপবদ্ধ ছুরি। দুজনের মাথায় সামরিক টুপি। দুজনে ওরা ভাই বোন। আজোরস দ্বীপপুঞ্জের স্বাধীনতা সংগ্রামের নেতা। এ কারণেই পতুর্গীজ আইনে গনজালো বংশ বিদ্রোহী পরিবার। আজোরস দ্বীপপুঞ্জের পর্তুগীজ আইন ও পুলিশ এই পরিবারের সন্ধানে সর্বক্ষণ পই পই করে ঘুরছে। বেদি থেকে নেমে সার্গিও এগোচ্ছিল দক্ষিণ দিকে। ভ্যানিসা গনজালো বলল, ‘ভাইয়া, বেদিটা গাছ-গাছড়ায় ছেয়ে গেছে। আমরা যেখানে দাঁড়িয়ে বেদিতে আমাদের অতিথিদের আসা-যাওয়া দেখি, সেখান থেকে আজ বেদির কিছুই দেখা যাবে না।’ ‘তাহলে।’ থমকে দাঁড়িয়ে বলল সার্গিও গনজালো। ‘চল এই গাছটায় উঠে যাই। ওখান থেকে ভালো করে দেখতে পাব।’ বলল ভ্যানিসা গনজালো। ‘ঠিক, ভ্যানিসা গাছে ওঠা যায়। সব ভালো করে দেখা যাবে। কিন্তু তুমি গাছে উঠতে পারবে তো?’ সার্গিও গনজালো বলল। ‘কি বলছ ভাইয়া। তুমি কি নতুন হলে নাকি?’ বলল ভ্যানিসা গনজালো। ‘ঠিক আছে। চলো।’ বলে সার্গিও গনজালো গাছের দিকে এগোলো। বেদির পুবপাশে একটা উঁচু গাছে তারা উঠে বসল। ওখান থেকে উচ্চভূমির বিরাট এলাকাসহ উত্তর দিকে নেমে যাওয়া ঢালকেও পরিষ্কার দেখা যায়। ওরা বেদিকে সামনে রেখে পশ্চিমমুখী হয়ে বসল। তারা গাছে উঠে বসার পর দশ মিনিটও গেল না। পূব দিক থেকে এক জোড়া দীর্ঘ সাপ এক সাথে এসে বেদিতে উঠল। এগুলো তারা দুধ ভর্তি পাথরের বাটির দিকে। সাপ দুটি দুবাটি থেকে দুধ খাওয়া শুরু করল। গাছে বসে দুভাইবোন সার্গিও ও ভ্যানিসা আনন্দের সাথে দেখছিল এই দৃশ্য। দৃশ্যটা দেখতে দেখতে সার্গিও গনজালো বলে উঠল, ‘আমাদের চার পুরুষ সাপেরও চার পুরুষ ধরে এই দৃশ্য এভাবেই দেখে হয়ে আসছে। এই সাপরা আমাদের শক্তি ছাড়া, সংগ্রাম ও ঐতিহ্যের প্রতীক।’ ‘কিন্তু ভাইয়া, সাপের অব্যর্থ ছোবলের মত আমরা শত্রুর উপর অব্যর্থ আঘাত হানতে পারছি কই? আমরা এগুতে পারছি না কেন?’ বলল ভ্যানিসা। সার্গিও কিছু বলতে যাচ্ছিল। কিন্তু ভ্যানিসার চোখ ঢালের উপর পড়তেই ভূত দেখার মত চমকে উঠে সার্গিওর মুখ চেপে ধরে বলল, ‘ঢালের দিকে দেখ ভাইয়া।’ সংগে সংগেই সার্গিও চোখ ফেরালো ঢালের দিকে। দেখলো দুজন লোক পাশাপাশি ঢাল বেয়ে দ্রুত উঠে আসছে। ভ্রুকুঞ্চিত হলো সার্গিও গনজালোর। ফিস ফিস করে বলল ভ্যানিসাকে, ‘দুজনের কেউ এদেশের নয়, ইউরোপেরও নয়।’ ‘তাহলে কোথাকার?’ ‘এশিয়ান মনে হচ্ছে ভ্যানিসা আমার কাছে।’ ‘তাহলে ওরা আমাদের শত্রু হওয়ার কথা নয়। কিন্তু ভাইয়া দুজনের হাতেই তো মেশিন রিভলবার?’ ‘আসলেই এশিয়ানরা আমাদের শত্রু হবার কথা নয়। কিন্তু ওরা যেহেতু অস্ত্রধারী সেহেতু শত্রু হতেও পারে। আর ওদের চলার ভংগি দেখে মনে হচ্ছে অস্ত্র তারা কারো না কারো বিরুদ্ধেই বহন করছে। তাদের সেই শত্রু কে? আমরাও হতে পারি। আর আমাদেরই রাজ্যের মধ্যে এখন ওরা।’ বলল সার্গিও। লোক দু’জন তখন উচ্চভূমির প্রান্তে উঠে এসেছে। বসল তারা। কিন্তু উন্মুক্ত জায়গায় না বসে ছোট গাছ-গাছড়ার মধ্যে বসল। নিচু কণ্ঠে তারা কথা বলছিল। মাঝে মাঝেই উঁকি দিচ্ছিল ঢালের দিকে। হঠাৎ এক সময় তারা নিচের উপত্যকার দিকে তাকিয়ে দ্রুত গড়িয়ে উচ্চভূমির প্রান্ত থেকে কিছুটা ভেতরে গাছ-গাছড়ার আরও আড়ালে সরে এল। উৎকর্ণ হয়ে উঠল সার্গিও। বলল ফিসফিস করে, ‘নিচে উপত্যকায় মনে হয় কুকুরের চিৎকার শুনলাম। মনে হয় ওরা দুজনও শুনতে পেয়েছে কুকুরের চিৎকার। এ জন্যেই গড়িয়ে ওরা আরও আড়ালে সরে এল। নিশ্চয় ওরা কারো তাড়া খেয়ে পালিয়ে আসছে এবং তাড়াকারীরা নিচের উপত্যকায় পৌছে গেছে।’ ‘কিন্তু ভাইয়া এদের চোখে-মুখে তো পলাতকদের মত ভয় ও উদ্বেগ নেই!’ বলল ভ্যানিসা। ‘তা ঠিক। কিন্তু এর অর্থ এই নয় যে তারা পলাতক নয়।’ সার্গিও বলল। ওরা এ সময় দেখল, লোক দু’জন বেদির দিকে এগুচ্ছে। আঁৎকে উঠল ভ্যানিসা। ফিসফিস করে বলল, ‘ভাইয়া, আমাদের মেহমান সর্পরাজরা তো এখনও বেদিতে!’ ‘আমরা দর্শক, যা ঘটবে তা ঘটতে দাও। পাপ করলে পাপের সাজা ওদের পেতে হবে।’ বলল সার্গিও। লোক দুজন তখন বেদিতে উঠছিল। সার্গিও ও ভ্যানিসা বিস্ময়ের সাথে দেখল, সাপ দুটি বেদির দক্ষিণ প্রান্ত দিয়ে সারি বেধে নেমে চলে গেল। তাদের বিস্ময়ের বড় কারণ হলো, প্রতিদিন সাপ দুটো দুধ খাওয়ার জন্য যেমন বেদিতে উঠে আসে পূর্ব প্রান্ত দিয়ে দুধ খাওয়ার পর নেমেও যায় তেমনি পূর্ব প্রান্ত দিয়ে। কিন্তু আজ প্রথমবার ওরা নামল দক্ষিণ প্রান্ত দিয়ে। তার মানে তাদের মেহমান সাপ দুটো আপোশ করল লোক দুজনের সাথে, ভাবল সার্গিও। লোক দুজন বেদিতে উঠার আগেই যেমন সাপ দুটো চলে গেল, তেমনি ভিন্ন রাস্তা দিয়ে গেল একই রাস্তা ব্যবহারের সংঘাত এড়িয়ে। ‘ভাইয়া, কি বুঝলে?’ বলল ভ্যানিসা। ‘বুঝলাম, এ দুজন আমাদের শত্রু নয়, বা আমাদের জন্যে ক্ষতিকর নয়।’ বলল সার্গিও। ‘আমারও তাই মত। আর ওদের দুজনের চেহারা কোনও ভাবেই ক্রিমিনালের মত নয়। নিরীহ, নিষ্পাপ ভদ্রলোক বলেই ওদের মনে হয়।’ বলল ভ্যানিসা। কথা শেষ করেই ভ্যানিসা আবার চাপা উত্তেজিত কণ্ঠে বলল, ‘ভাইয়া দেখ, ওরা দুজন ওদের মেশিন রিভলবার বাগিয়ে যুদ্ধের পজিশন নিয়ে বসে আছে।’ সাপ দুটো ঠিক পথে গেল কিনা দেখছিল সার্গিও। ভ্যানিসার কথায় সে মুখ ফিরাল, দেখল, লোক দুজন বেদির উত্তর প্রান্তে গাছ-গাছড়ার আড়াল নিয়ে ঢালের দিকে তাদের রিভলবার তাক করে বসে আছে। এক মিনিটও পার হলো না। নিচের উপত্যকার জংগল থেকে দুটি কুকুর নিয়ে ষ্টেনগানধারী দুজন লোক বেরিয়ে এল। তারা উঠতে শুরু করল ঢাল বেয়ে। তাদের পেছনে পেছনে বেরিয়ে এল চল্লিশ পঁয়তাল্লিশ জনের বিশাল বাহিনী। প্রত্যেকের হাতেই উদ্যত ষ্টেনগান। মনে হচ্ছে একদল যোদ্ধা এগুচ্ছে যুদ্ধের জন্যে। ‘তাহলে ওরাই তাড়া করে নিয়ে আসছে এ দুজনকে?’ বলল ভ্যানিসা ফিসফিস করে সার্গিওর উদ্দেশ্যে। ‘ভাবছি, এ দুজন বিদেশী। কিন্তু ওরা কারা? কি নিয়ে এই লড়াই?’ ধীরে ধীরে চাপা কণ্ঠে বলল ভ্যানিসা। ‘দূর থেকে দেখে যতটা বুঝা যাচ্ছে, তাতে সবাইকেই তো এদেশী বলে মনে হচ্ছে।’ বলল সার্গিও। লোক দুজন রিভলবার বাগিয়ে বসে আছে। আর ওরা ঢাল বেয়ে উঠে আসছে। ‘দুই রিভলবার দিয়ে ওদের সাথে কিভাবে এরা লড়াই করবে, এরা এতদূর পালিয়ে এল, কিন্তু এখন আবার রুখে দাঁড়াল কেন?’ ভ্যানিসা বলল। ‘এদের ষ্ট্রাটেজিক জ্ঞান খুব টনটনে ভ্যানিসা। এরা খুবই সুবিধাজনক অবস্থান বেছে নিয়েছে। এ রকম জায়গা এদের সামনেও ছিল না, পেছনেও নেই।’ বলল সার্গিও। ‘কিন্তু এরা এভাবে বসে কেন? ওদের এগুতে দিচ্ছে কেন?’ চাপা উত্তেজিত কণ্ঠে বলল ভ্যানিসা। ওরা তখন ঢালের মাঝামাঝি জায়গায় বসে আছে। ওদের দিকে তাক করে বসা এদের একজন এ সময় ওদের দিকে একটা ফাঁকা গুলী করল সাধারণ রিভলবার থেকে। উত্তরে ওরা সংগে সংগে একসাথে গুলী বৃষ্টি শুরু করল বেদি লক্ষ্যে। এরাও বেদির উপর শুয়ে পড়ে তাদের দুই মেশিন রিভলবারের ট্রিগার টিপে ওদের উপর ঘুরিয়ে নিতে লাগল। মাত্র কয়েক সেকেন্ড। ওদিক থেকে গুলী ছোড়া বন্ধ হয়ে গেল। ঢালে আর কাউকেই দাঁড়ানো দেখা গেল না। ওদিকের গুলী বন্ধ হলে এরাও গুলী ছোড়া বন্ধ করে দিল এবং উঠে বসল বেদির উপর। ‘কি আশ্চর্য, ওরা কি সবাই মরে গেল?’ প্রশ্ন তুলল ভ্যানিসা। ‘বলেছিলাম না ভ্যানিসা। এরা খুব কুশলী। উপযুক্ত জায়গা বেছে নিয়েছে। আবার ওদের নিয়েও এসেছে ঢালের মাঝখানে, তারপর আক্রমণ করেছে। যাতে পালাতে না পারে।’ সার্গিও বলল। ‘না ভাইয়া, এরা প্রথম আক্রমণ করেনি। ঢাল থেকে ওরাই প্রথম আক্রমণ করেছিল। কিন্তু ভাইয়া, এরা ঐ একটা ফাঁকা গুলী কেন করেছিল?’ ‘ঠিক জানি না। হতে পারে ওদেরকে প্রথমে আক্রমণে আনা অথবা হটিয়ে দেয়ার জন্যে।’ ‘ওদেরকে এরা আক্রমণে আনতে চাইবে কেন?’ আবার জিজ্ঞাসা ভ্যানিসার। ‘আমিও ব্যাপারটা বুঝতে পারছি না ভ্যানিসা।’ বলল সার্গিও। ‘কিন্তু এরা এখন কিসের অপেক্ষা করছে। ঢালে তো এখন নেমে যেতে পারে। যুদ্ধ জয় তো হয়েই গেছে।’ বলল ভ্যানিসা। ‘বোধ হয় এরা আশংকা করছে, উপত্যকায় ওদের শত্রু পক্ষের লোক আরও আছে।’ সার্গিও বলল। কিছু বলতে গিয়েও তার মুখ দিয়ে আর কথা বেরুল না। সে দেখল, পশ্চিম দিক থেকে দুজন ষ্টেনগানধারী বেদির পেছন পর্যন্ত এসে পৌছেছে। ভ্যানিসা চাপা কণ্ঠে দ্রুত বলল, ‘ভাইয়া, বেদির পেছনে।’ সার্গিও তাকিয়েছিল ঢালের দিকে। সে তাড়াতাড়ি মুখ ঘুরাল বেদির পেছনে। দেখতে পেল দুজন ষ্টেনগানধারীকে। তাদের ষ্টেনগানের ব্যারেল তখন লোক দুটিকে লক্ষ্য করে এগিয়ে আসছে। দেখেই চাপা কণ্ঠে ‘ভ্যানিসা........’ বলতে বলতেই সার্গিও তার কারবাইনের ট্রিগার চেপে ধরল ঐ দুজন ষ্টেনগাধারীর লক্ষ্যে। ভ্যানিসাও আগেই তার কারবাইন ঘুরিয়ে নিয়েছিল। সার্গিওর সাথে তারও কারবাইন গর্জন করে উঠেছিল। দুজন ষ্টেনগানধারীর ঝাঁঝরা হয়ে যাওয়া দেহ ঝরে পড়ল মাটিতে। সার্গিও ও ভ্যানিসা দেখল সেই লোক দুজন প্রথমেই গাছে চড়ে থাকা তাদের দিকেই ফিরে তাকিয়েছে। তারপর ধীরে ধীরে তাদের দৃষ্টি ঘুরে গেল বেদির পেছনে পড়ে থাকা লাশ দুটির দিকে। তারা বেদির দক্ষিণ প্রান্ত পর্যন্ত এগিয়ে লাশ দুটিকে দেখল। আবার তাদের চোখ উঠে এসে নিবদ্ধ হলো সার্গিওদের উপর। লোক দুজনের একজন আহমদ মুসা, সার্গিওদের উদ্দেশ্যে পর্তুগীজ ভাষায় বলল, ‘ধন্যবাদ। আপনারা দুজনকে হত্যা করে আমাদের দুজনের প্রাণ বাঁচিয়েছেন। অথচ আপনারা ওদের কিংবা আমাদের কাউকেই চেনেন না।’ সার্গিওরা নেমে এল। সার্গিও বলল আহমদ মুসার মুখোমুখি দাঁড়িয়ে, ‘আমরা ওদেরকে বা আপনাদেরকে চিনি না বটে। কিন্তু আক্রমণকারী কে আর আক্রান্ত কে তা আমরা দেখেছি। আমরা আক্রান্তকে সাহায্য করেছি।’ ‘অপরাধী আক্রমণকারীরা হয়, কিন্তু আক্রান্তরাও হতে পারে।’ আহমদ মুসা বলল। ‘তা হতে পারে। তবে আমাদের সে ভুল হয়নি, আপনার কথায় নিশ্চিত হলাম।’ বলল সার্গিও। ‘ধন্যবাদ। প্রথমে আমার মনে হয়েছিল আপনারা যেন স্বর্গের দূত। আমাদের রক্ষার জন্যে দয়া করে ঈশ্বর আপনাদের পাঠিয়েছেন। আমার বিস্ময় এখনও যায়নি। এখানে আপনারা এলেন কি করে? দয়া করে আপনাদের পরিচয় দেবেন?’ আহমদ মুসা বলল। ‘আমি সার্গিও গনজালো।’ বলল সার্গিও। তারপর ভ্যানিসাকে দেখিয়ে বলল, ‘এ আমার সহোদরা ছোট বোন ভ্যানিসা গনজালো। আমরা এ এলাকার। এর বেশি কিছু বলার আগে আপনারা কে তা আমাদের জানা প্রয়োজন।’ ‘আমরা বিদেশী। লিজে বিমান বন্দরে নামার পর যাচ্ছিলাম ‘গঞ্জালেস ইন্টারন্যাশনাল হোটেলে’ থাকার জন্যে।’ বলে একটু থামল আহমদ মুসা। তারপর হোটেলের পথে তাদের কিডন্যাপ এবং হত্যা প্রচেষ্টাসহ গাড়ির জানালা ভেঙে তাদের পলায়নের সব কথা খুলে বলল। ‘আপনারা বিদেশী। আপনাদের সাথে ওদের শত্রুতা কেন? ওরা কারা?’ বলল ভ্যানিসা। ‘ওয়ার্ল্ড ফ্রিডম আর্মি’ (WFA) এর সাথে আপনাদের পরিচয় আছে?’ আহমদ মুসা সার্গিও ও ভ্যানিসা দুজনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল। উত্তরে সার্গিও বলল, ‘পরিচয় নেই, তবে জানি আমরা ঐ সংগঠনকে। সংগঠনটা চরম ইহুদীবাদী। গোটা দুনিয়া দখলের দুঃস্বপ্ন ওদের। আজর ওয়াইজম্যান ওদের নেতা।’ ‘ধন্যবাদ মি. সার্গিও। আপনারাতো দেখছি ওদের অনেক কিছুই জানেন। ওদের.......।’ আহমদ মুসার কথা সমাপ্ত হতে পারলো না। আহমদ মুসাকে মাঝপথে থামিয়ে দিয়ে সার্গিও আবার বলে উঠল, ‘আজোরসের পর্তুগীজ গভর্নর ‘পেড্রো’র স্ত্রী ‘ক্রিষ্টিন করণিকা’ ইহুদী। এই সুবাদে WFA এখানে ব্যাপক সুবিধা নিচ্ছে। কিন্তু আপনাদের সাথে WFA এর শত্রুতা কিসের? আপনাদের পরিচয় কিন্তু বলেননি।’ আহমদ মুসা একটু ভাবল। তারপর মুখ তুলল সার্গিওর দিকে। গভীর দৃষ্টিতে একবার সে দেখল সার্গিওকে। উত্তর দিতে কিছু দেরি হলো আহমদ মুসার। হাসল সার্গিও। বলল, ‘বুঝেছি, বিশ্বাস করতে পারছেন না আমাদের।’ আহমদ মুসা সলজ্জ হাসল। বলল, ‘স্যরি, এটা অবিশ্বাস নয়, সতর্কতা। বিশেষ পরিস্থিতিতে এটা সবাইকেই করতে হয়। যেমন আপনারাও আপনাদের সবটা পরিচয় আমাদের কাছে দিতে পারেননি।’ আবার হাসল সার্গিও। বলল, ‘কিছু পরিচয় আমরা গোপন রেখেছি বলে কি আপনি মনে করেন?’ ঠোঁটে হাসি ফুটে উঠল আহমদ মুসার। বলল, ‘আপনারা ব্যক্তি পরিচয় দিয়েছেন। কিন্তু দলীয় বা সাংগঠনিক একটা পরিচয় আপনাদের আছে সেটা দেননি।’ ‘কি করে বুঝলেন আমাদের একটা সাংগঠনিক পরিচয়ও আছে?’ গম্ভীর কণ্ঠস্বর সার্গিওর। ‘আপনাদের ইউনিফরম ব্যক্তিগত নয়, নিশ্চয় কোন দল বা সংগঠনের। বিশেষ করে আপনাদের ইউনিফরমের বুকে উদীয়মান সূর্যের আলোকস্নাত আজোরস দ্বীপপুঞ্জের যে ইনসিগনিয়া সেটা ব্যক্তিগত নয় অবশ্যই। আপনাদের কারবাইনেও ঐ একই ইনসিগনিয়া আমি দেখতে পেয়েছি। এর অর্থ এই অস্ত্রগুলোও আপনাদের ব্যক্তিগত নয়।’ সার্গিও ও ভ্যানিসার চোখে-মুখে অপার বিস্ময়। তাদের দুজনেরই গভীর বিস্ময় দৃষ্টি আহমদ মুসার উপর নিবদ্ধ। বলে উঠল সার্গিও গম্ভীর কণ্ঠে, ‘আপনাদের পরিচয়ের ব্যাপারে খুব আগ্রহী ছিলাম না। কিন্তু এখন আপনার পরিচয় জানার কৌতূহল দমন করা কিছুতেই সম্ভব হচ্ছে না। এ রকম সুক্ষ ও সার্বিক দৃষ্টিওয়ালা লোককে আমি শার্লক হোমস-এর বইতে দেখেছি, আর আজ আপনাকে জীবন্ত দেখলাম। অতএব এখন আপনার পরিচয় জানতেই হবে। তার আগে আমাদের ছোট্ট পরিচয়টা বলছি।’ বলে একটু থামল সার্গিও। একটু মাথা নিচু করল। মাথা তুলল পরক্ষণেই এবং বলা শুরু করল, ‘ইনসিগনিয়ার উদীয়মান সূর্যটা স্বাধীনতার সূর্য। আমরা চাই আমাদের গোটা আজোরস স্বাধীনতা সূর্যের সোনালী আলোক ধারায় সণাত হোক। আমাদের সংগঠেনর নাম..........’ সার্গিও’র মুখ থেকে কথা কেড়ে নিয়ে আহমদ মুসা বলে উঠল, ‘আজোরস ইনডিপেনডেন্ট পিপল’ (AIP)। হাসল সার্গিও। বলল, ‘আমি বিস্মিত হলাম না। কারণ আপনি নতুন এক শার্লক হোমস। অতএব আজোরস দ্বীপপুঞ্জের স্বাধীনতা সংগ্রামের নাম জানা আপনার জন্যে বড় কথা নয়।’ বলে একটু থেমেই আবার শুরু করল, ‘আজোরসের স্বাধীনতা সংগ্রামে ‘আজোরস ইনডিপেনডেন্ট পিপল (AIP) -কে নেতৃত্ব দিচ্ছে আজোরস দ্বীপপুঞ্জ আবিষ্কারক এবং এখানে প্রথম বসতিস্থাপনকারী গনজালো পরিবার। আমরা সেই ‘গনজালো’ পরিবারের সদস্য। আমার বড়ভাই রিকার্ডো এখানকার পর্তুগীজ সরকারের হাতে বন্দী হবার পর আমি আন্দোলনকে দেখাশূনা করার দায়িত্ব পালন করছি।’ থামল সার্গিও। থেমেই আবার বলে উঠল, ‘আমাদের সব কথা বলেছি। এবার আপনাদের কথা বলুন।’ হাসল আহমদ মুসা। বলল, ‘আমাদের কথা খুব বেশি নয়। WFA কিছু লোককে এই দ্বীপপুঞ্জের কোন এক দ্বীপে বন্দী করে রেখেছে। আমরা এসেছি তাদের উদ্ধার করতে।’ ‘বন্দী করেছে তারা কারা?’ জিজ্ঞাসা ভ্যানিসার। ‘ওরা কয়েকজন একটি গোয়েন্দা ফার্মের কর্মকর্তা। ওদের গোয়েন্দা ফার্ম WFA ধ্বংস করে দিয়েছে এবং তার ৭ জন কর্মকর্তাকে কিডন্যাপ করেছে।’ আহমদ মুসা বলল। ‘সেই ফার্ম কি ফ্রান্সের ষ্ট্রাসবার্গের স্পুটনিক?’ বলল ত্বরিত কণ্ঠে ভ্যানিসা। ‘হ্যাঁ, তুমি জানলে কেমন করে?’ জিজ্ঞাসা আহমদ মুসার। ‘আমি ঐ সময় ফ্রান্সে ছিলাম। লা-মন্ডেতে ঐ নিউজ আমি পড়েছি। স্পুটনিকের গোয়েন্দারা দেড় যুগ আগের নিউইয়র্কের টুইন-টাওয়ার ধ্বংসের কার্যকরণ অনুসন্ধান করছিল।’ বলল ভ্যানিসা। ‘কিন্তু WFA এই গোয়েন্দাদের প্রতিষ্ঠান ধ্বংস ও গোয়েন্দাদের কিডন্যাপ করল কেন?’ ভ্যানিসা থামতেই বলে উঠল সার্গিও। ‘আপনার প্রশ্নের উত্তর হিসেবে, ‘ঠাকুর ঘরে কেরে, আমি কলা খাইনি’ এই প্রবাদ প্রযোজ্য।’ বিস্ময় ফুটে উঠল সার্গিওর চোখে-মুখে। বলল, ‘তার মানে WFA টুইন টাওয়ার ধ্বংসের তদন্ত বানচাল করার জন্যে স্পুটনিক ধ্বংস করেছে এবং তার ৭ গোয়েন্দাকে কিডন্যাপ করেছে?’ ‘ওদের ভূমিকা তো তাই প্রমাণ করছে।’ আহমদ মুসা বলল। ‘আরও একটা মজার খবর আছে, যেদিন স্পুটনিক ধ্বংস হয়, তার একদিন পর ইসরাইল রেডিওর দেশরক্ষা বিভাগের একটা সমীক্ষায় মন্তব্য করা হয় যে, ‘স্পুটনিকের সব কাজের মধ্যে একটা সাম্প্রদায়িক লক্ষ্য আছে। দেড় যুগেরও বেশি পর তারা টুইন টাওয়ার ধ্বংস নিয়ে যে কাজ করছে, তাও সাম্প্রদায়িক উদ্দেশ্য প্রণোদিত। মার্কিন যুক্তরাষ্ট্রের মুসলমানদের ভীষণ একগুয়েমি এবং বর্তমান মার্কিন সরকারের প্রশ্রয়েই টুইন টাওয়ার ধ্বংসের মত ডেড ইস্যু নিয়ে স্পুটনিক কাজ করার সুযোগ পেয়েছে।’ মার্কিন সরকারও স্পুটনিকের যোগসাজসে পরিচালিত এই ষড়যন্ত্রের বিরুদ্ধে বিশ্ব বিবেককে রুখে দাঁড়াবার জন্যে আহবান জানায়।’ বলল হাসান তারিক। ‘হ্যাঁ, ইসরাইল সরকারের এই প্রতিক্রিয়াও প্রমাণ করছে, টুইন টাওয়ার ধ্বংসের বিষয়ে কোন কার্যকর তদন্ত হোক তা তারা চায় না। এই না চাওয়ার অর্থ এই ধরা যায় যে, টুইন টাওয়ার ধ্বংসের সাথে সংশিস্নষ্ট কোন সত্য তারা গোপন করতে চায়।’ সার্গিও বলল। ‘হ্যাঁ, স্পুটনিক ধ্বংস হওয়া এবং তার গোয়েন্দারা কিডন্যাপ হওয়ার এটাই কারণ।’ বলল আহমদ মুসা। ‘আপনারা কি স্পুটনিকের লোক?’ জিজ্ঞাসা সার্গিওর। ‘না, আমরা স্পুটনিকের লোক নই। আমরা স্পুটনিকের শুভাকাংখী। এতবড় অন্যায়ের প্রতিবিধান হওয়া উচিত বলেই আমরা কাজে নেমেছি।’ আহমদ মুসা বলল। ‘আপনার তাহলে কে?’ জিজ্ঞেস করল ভ্যানিসা। আহমদ মুসা একটু হাসল। হাসান তারিককে দেখিয়ে বলল, ‘ইনি ফিলিস্তিন বিপ্লবের একজন নেতা। এখন ফিলিস্তিন সরকারের একজন উপদেষ্টা। নাম হাসান তারিক।’ বলে আহমদ মুসা একটু থামল। থেমেই আবার বলল, ‘আর আমার নাম আহমদ মুসা। হাসান তারিকের মত আমার বিশেষ কোন পরিচয় নেই।’ ‘আহমদ মুসা’ নাম শুনে সার্গিও ও ভ্যানিসা দুজনেরই কপাল কুঞ্চিত হয়ে উঠল। চোখে-মুখে ফুটে উঠল প্রবল জিজ্ঞাসা। ভ্যানিসাই প্রথম কথা বলে উঠল, ‘কোন আহমদ মুসা? এই ক’দিন আগে মার্কিন যুক্তরাষ্ট্র ও সুরিনামে যাকে নিয়ে মহা হৈ চৈ হয়ে গেল সেই আহমদ মুসা?’ ভ্যানিসার কণ্ঠস্বর দ্রুত। যেন এক মুহূর্তেই সব কথা বলে ফেলতে চায়। আহমদ মুসা কিছু বলার আগেই কথা বলে উঠল হাসান তারিক। বলল, ‘হ্যাঁ, উনি সেই আহমদ মুসা। তবে হৈ চৈ শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে ও সুরিনামে নয়, চীন, রাশিয়া, ককেশাস, ফ্রান্স, ফিলিস্তিন সব জায়গাতেই একটা করে ভূমিকম্প ঘটিয়েছেন তিনি।’ হাসান তারিক থামতেই সার্গিও ও ভ্যানিসা দুজনেই কোমর বাঁকিয়ে সামনে মাথা ঝুঁকিয়ে আহমদ মুসাকে বাউ করে কিছু বলতে যাচ্ছিল, এমন সময় একটা চালু ইঞ্জিনের শব্দ কানে এল। থেমে গেল সার্গিও ও ভ্যানিসা। উৎকর্ণ হয়ে উঠল তারা। আহমদ মুসাও উৎকর্ণ হয়ে উঠেছিল। মুহূর্ত কয়েক কান পেতেই সে বলে উঠল, ‘দুটি হেলিকপ্টার আসছে এদিকে। আমার ধারণা মিথ্যা না হলে ওরা এখানেই ল্যান্ড করবে।’ বিস্ময় ফুটে উঠেছে সার্গিও ও ভ্যানিসার চোখে-মুখে। বলল সার্গিও, ‘কেন আসবে হেলিকপ্টার, কার হেলিকপ্টার? আমি তো জানি WFA-এর কোন হেলিকপ্টার নেই।’ ‘ঠিক করে বলা মুষ্কিল। তবে আমি আন্দাজ করছি, WFA হেলিকপ্টার ভাড়া করেছে তার প্রেরিত বাহিনীর খোঁজ নেবার জন্যে।’ আহমদ মুসা বলল। ‘হেলিকপ্টারগুলো পুলিশের বলে মনে করছেন না কেন? WFA পুলিশকে বলে পুলিশের সাহায্য নিতে পারে। আমার মনে হয়, যে দু’জন লোক পেছন থেকে আক্রমণ করার জন্যে উপরে উঠে এসেছিল, তারাই মোবাইলে জানিয়ে দিয়েছিল তাদের বাহিনী ধ্বংস হয়ে যাবার কথা।’ বলল সার্গিও। ‘আমি WFA-কে যতটা জানি তাতে বলতে পারি, তারা এক্ষেত্রে পুলিশের সাহায্য নেবে না। এমনকি এতবড় ম্যাসাকারের কথা তারা পুলিশের কাছ থেকে গোপন করবে।’ আহমদ মুসা বলল। ‘কেন?’ বলল সার্গিও। ‘প্রথম কারণ, WFA তার এতবড় বিপর্যয় ও দুর্বলতার কথা পুলিশকে জানাতে চাইবে না। দ্বিতীয় কারণ, এ ধরনের বড় খুন-খারাবির কথা জানতে পারলে আইন-শৃঙ্খলার কারণেই পুলিশ WFA-এর কাজে হস্তক্ষেপ করতে পারে বা তাদের উপর চোখ রাখতে পারে, এমন আশংকা করতে পারে WFA’রা।’ আহমদ মুসা বলল। সার্গিও ও ভ্যানিসা বিস্মিত চোখে তাকিয়ে আছে আহমদ মুসার দিকে। ধীরে ধীরে তাদের চোখে ফুটে উঠল মুগ্ধ দৃষ্টি। বলল সার্গিও, ‘ধন্যবাদ মি. আহমদ মুসা। আপনার চিন্তাই ঠিক।’ বাক্যটা শেষ করেই মুহূর্তের জন্যে একটু থেমেই আবার বলে উঠল, ‘এখন করণীয় কি, ঠিক করা দরকার। আমি মনে করি, হেলিকপ্টারগুলো যদি WFA-এরই হয়ে থাকে, তাহলে ওগুলো ল্যান্ড করার আগেই ধ্বংস করে দিতে পারি।’ ‘না মি. সার্গিও, আমরা যা বলছি সবই অনুমান। নিশ্চিত না হয়ে এতবড় পদক্ষেপে যাওয়া ঠিক হবে না। এমনও তো হতে পারে, পুলিশে ইনফরমেশন দিয়ে তাদের জ্ঞাতসারে এই হেলিকপ্টার দুটি পাঠাচ্ছে WFA, অথবা এই হেলিকপ্টারে দুএকজন পুলিশকেও তারা পাঠাচ্ছে। আমরা যদি হেলিকপ্টার ধ্বংস করি, আর যে দুটি বিকল্পের কথা আমি বললাম, তার যে কোন একটি যদি সত্য হয়, তাহলে পুলিশের সাথে সংঘাত আমাদের অবশ্যম্ভাবী হয়ে উঠবে। আমরা এই সংঘাত এখন এড়াতে চাই।’ বলল আহমদ মুসা। হাসল সার্গিও। বলল, ‘ধন্যবাদ আপনাকে। আহমদ মুসার কথার পর আর কোন কথা চলে না। এখন বলুন আমাদের কি করণীয়। হেলিকপ্টারগুলো এসে পড়ল বলে।’ ‘এই উচ্চভূমির পাশে এমন কোথাও আমাদের আত্মগোপন করে অপেক্ষা করতে হবে, যেখান থেকে এই উচ্চ ভূমিটা দেখা যায়। ওদের এ ধারণা দিতে হবে যে, সংঘাতের পরেই এ স্থান ছেড়ে আমরা অন্য কোথাও চলে গেছি।’ ‘এর দ্বারা আমরা কি অর্জন করতে চাচ্ছি?’ জিজ্ঞাসা সার্গিওর। ‘নিরর্থক এই সংঘাত এড়ানোর চেষ্টা করা।’ বলল আহমদ মুসা। ‘নিরর্থক কেন?’ ভ্যানিসা জিজ্ঞেস করল। ‘এ সংঘাতে আমাদের জড়ানোর মধ্যে ওদের লক্ষ্য হলো আমাদের ক্ষতি করা, ধ্বংস করা। কিন্তু আমাদের লক্ষ্য ওদের ধ্বংস করা নয়, আমাদের বন্দী লোকদের উদ্ধার করা। আমরা এই সংঘাতে জড়িয়ে পড়লে আমাদের লক্ষ্য অর্জন জটিলতর হবে। দ্বিতীয়ত, আমি চাই না এ সংঘাতে আপনারা আমাদের সাথে আছেন এটা কোনওভাবে তাদের জানার সুযোগ হোক।’ বলল আহমদ মুসা। ‘কেন চান না?’ ভ্যানিসাই আবার জিজ্ঞেস করল। ‘নতুন শত্রু সৃষ্টি করা আপনাদের ঠিক হবে না। আপনাদের স্বাধীনতা সংগ্রামের জন্য WFA এখন কোন প্রত্যক্ষ শত্রু নয়, কিন্তু আমাদের হয়ে ওদের সাথে সংঘাতে নামলে আপনারাও শত্রু হয়ে যাবেন।’ বলল আহমদ মুসা। বিস্ময় ফুটে উঠেছে সার্গিও ও ভ্যানিসার চোখে-মুখে। বলল সার্গিও, ‘আমাদের স্বাধীনতা সংগ্রাম নিয়ে আপনি এর মধ্যেই এতটা ভাবছেন! যে লাভ-ক্ষতির কথা আমাদের মাথায় আসেনি, সেটাও আপনার ভাবনার বিষয়!’ বলে একটু হাসল সার্গিও। হাসিটার মধ্যে দিয়ে ফুটে উঠল তার হৃদয়ের একরাশ বিমুগ্ধতা। সে কিছু বলতে যাচ্ছিল। কিন্তু তার আগেই ভ্যানিসা বলে উঠল, ‘পরকে আপনি এত আপন করে ভাবতে পারেন বলেই আপনি এত বড়, আপনার এত সাফল্য আহমদ মুসা। এমন মানুষের কাছেই মানুষ তার সবকিছু হারিয়ে বসতে পারে।’ আবেগ-কম্পিত কণ্ঠ ভ্যানিসার। ভ্যানিসা থামতেই আহমদ মুসা উৎকর্ণ হয়ে বলে উঠল, ‘ওরা আরও কাছে এসে গেছে, আমাদের এখনি সরতে হবে।’ কিন্তু সার্গিও আহমদ মুসার কথায় ভ্রুক্ষেপ না করে ধীরে ধীরে বলে উঠল, ‘এতদিন আমরা ভেবে এসেছি, যত পার শত্রুকে মার, তাতেই লাভ। কিন্তু আজ আপনার কাছে শিখলাম, লক্ষ্যকেই বড় করে দেখতে হবে। লক্ষ্য অর্জনে সহায়ক হয় না বা লক্ষ্য অর্জনকে জটিল করে তোলে এমন সংঘাত, হত্যাকান্ড অনর্থক, তাকে অবশ্যই এড়াতে হবে। এটা যে কত বড় শিক্ষা! ধন্যবাদ আপনাকে মি. আহমদ মুসা।’ ‘লক্ষ্যকে বড় করে দেখার অর্থ কিন্তু আবার এই নয় যে, লক্ষ্য অর্জনের জন্যে যা ইচ্ছা তাই করা যাবে। লক্ষ্য অর্জনে সহায়ক নয় এমন অনর্থক কিংবা ক্ষতিকর সংঘাত সংঘর্ষ যেমন পরিত্যাজ্য, তেমনি নিছক লক্ষ্য অর্জনের স্বার্থে হলেও অযৌক্তিক ও অন্যায় হয় এমন কোন কাজ বা ঘটনাও ঘটানো যাবে না।’ বলল আহমদ মুসা। ‘কিন্তু আপনাদের WFA এবং আমাদের ক্ষেত্রে পর্তুগীজ সরকার কি এই নীতিবোধ মানছে?’ জিজ্ঞেস করল সার্গিও। ‘তাদের লক্ষ্যই যেখানে অবৈধ, সেখানে তাদের পন্থার বৈধতা নিয়ে আলোচনা চলে না। কিন্তু আমার আপনার লক্ষ্য মহৎ, কোন অবৈধ পথ ও পন্থার ক্লেদ দিয়ে একে কলুষিত করা যাবে না।’ বলল আহমদ মুসা। কথা শেষ করেই আহমদ মুসা নড়ে উঠল। বলল, ‘চলুন মি. সার্গিও, কোন দিকে যেতে হবে।’ সম্বিত ফিরে পাওয়ার মত নড়ে উঠল সার্গিও। চলতে শুরু করে বলল, ‘আসুন, আপনি যেমন বলেছেন, তেমন ভালো শেল্টার আছে। ওখান থেকে সরে পড়ারও ভালো পথ আছে।’ সবার সাথে ভ্যানিসাও চলতে শুরু করেছে। হাঁটছে সে আহমদ মুসার পাশাপাশি। তার মুখ গম্ভীর। চলতে চলতে আহমদ মুসাকে লক্ষ্য করে বলল সে, ‘লক্ষ্য অর্জনে যে পন্থার দিকে সবশেষে আপনি ইংগিত করেছেন, সেটা গ্রহণ করলে তো আমাদের সবাইকে ‘সেন্ট’ অন্য কথায় সাধু-সন্ত হতে হবে। অস্ত্র ধরা যাবে না। স্বাধীনতা সংগ্রামের তাহলে কি হবে?’ হাসল আহমদ মুসা। বলল, ‘তোমার লক্ষ্য স্বাধীনতা অর্জন, বন্দুক ধরা তোমার লক্ষ্য নয়। লক্ষ্যকে রক্ষার জন্যেই যখন বন্দুক ধরা প্রয়োজন তখন অবশ্যই বন্দুক ধরতে হবে। সাধু-সন্ত হলেও ধরতে হবে।’ হাসল ভ্যানিসা। বলল, ‘বুঝেছি। লক্ষ্য অর্জনে আপোশহীন হতে হবে, লক্ষ্য রক্ষার জন্যেই লড়াই করতে হবে।’ থামল ভ্যানিসা। থেমেই আবার বলে উঠল, ‘ইতিহাস সাক্ষী, আপনি মাঠের একজন বিপ্লবী। কিন্তু আবার মনে হচ্ছে আপনি নীতিবাগিশ দার্শনিক একজন সেইন্ট। এটা কি বৈপরিত্য নয়?’ ‘আমরা মুসলমান। একজন মুসলিম একই সাথে গৃহী, পুলিশ এবং সৈনিক।’ আহমদ মুসা বলল। ‘আপনি মুসলিম! ও, তাইতো আহমদ মুসা তো মুসলমানই।’ বলল ভ্যানিসা। ‘মন খারাপ হলো তোমার?’ বলল আহমদ মুসা ভ্যানিসাকে লক্ষ্য করে। ‘মন খারাপ হবে কেন? বরং একটু ভালই লাগছে। আজোরস দ্বীপপুঞ্জের পর্তুগীজ সরকার আমাদের স্বাধীনতা সংগ্রামে বিভেদ সৃষ্টি ও এই সংগ্রামে গনজালেস পরিবারের নেতৃত্ব নষ্ট করে একে দুর্বল করার জন্যে অপপ্রচার করে বেড়ায় যে, গনজালো পরিবার নাকি আদিতে মুসলিম ছিল। অপপ্রচার হলেও মুসলমানদের প্রতি কিছুটা আকর্ষণ তো আমাদের থাকবেই।’ ভ্যানিসা বলল। ‘অবাক খবর দিলে তুমি। আসল সত্যটা কি সার্গিও?’ বলল আহমদ মুসা। ‘আমরা এ ব্যাপারে কিছুই জানি না। অপপ্রচার নিয়ে মাথা ঘামাবার প্রয়োজন বোধ করিনি আমরা কোন সময়।’ সার্গিও বলল। হেলিকপ্টার দুটো এসে পড়েছে। দুএক মিনিটের মধ্যেই ওরা এই উচ্চভূমির আকাশে এসে পৌছবে। উচ্চভূমির পূর্ব-দক্ষিণ পাশে পাহাড়ের গোড়ায় এসে গেছে আহমদ মুসারা। একটা সংকীর্ণ গিরিপথে ঢুকতে ঢুকতে সার্গিও বলল, ‘এসে গেছি আমরা। সাত আট ফিট উপরে উঠলেই একটা দীর্ঘ গিরিপথের মুখে শেল্টারটা। তার উপর পাহাড়ের ছাদ। সামনে উচ্চভূমির দিকটা উন্মুক্ত, কিন্তু গাছ-গাছড়ায় ঢাকা।’ সবাই সংকীর্ণ গিরিপথ বেয়ে উঠতে লাগল শেল্টারের দিকে। হেলিকপ্টার দুটি ল্যান্ড করল আহমদ মুসাদের গুহা মুখের ঠিক নিচেই। উচ্চভূমির গোটা এলাকা গাছ-পালায় ঢাকা। উচ্চভূমির উত্তর দিকে ঢালু স্লোপ, পশ্চিম দিকেও তাই। এই দুই ঢালে হেলিকপ্টার ল্যান্ড করা সম্ভব নয়। উচ্চভূমির দক্ষিণ দিকটা দুর্গম। দিকটা অসংখ্য পাহাড় টিলা, সংকীর্ণ উপত্যকা ও গাছপালায় আচ্ছাদিত। ওদিকে হেলিকপ্টার ল্যান্ডের কোন সুযোগ নেই। উচ্চভূমির মাঝখানে সমতল পাথুরে একটা চত্বর আছে। এই চত্বরেই ল্যান্ড করেছে হেলিকপ্টার দুটি। হেলিকপ্টার দুটি পূবমুখী হয়ে পাশাপাশি ল্যান্ড করেছে। এদের বিশাল পাখার ব্লেডগুলো আহমদ মুসাদের গুহামুখের মাত্র সাত আট ফুট দূর দিয়ে ঘুরছে। হেলিকপ্টার ল্যান্ডিং এর জন্যে এই স্থানটি বেছে নেয়ায় আহমদ মুসা দারুন খুশি। ওদের ওঠানামা এবং কথাবার্তারও অনেক কিছুই তারা শুনতে পাবে। ল্যান্ড করার মিনিট পাঁচেক পর হেলিকপ্টার দুটির দরজা একই সাথে খুলে গেল। দরজা খোলার সাথে সাথেই দুটি হেলিকপ্টার থেকে ৩জন করে ছয়জন লোক লাফ দিয়ে নামল। তাদের সকলের হাতেই উদ্যত ষ্টেনগান। নেমেই তারা হেলিকপ্টারকে পেছনে রেখে সামনে ছুটে গিয়ে পজিশন নিল। পরক্ষণেই ছয়টি ষ্টেনগান থেকে গুলী শুরু হলো। উচ্চভূমির সব দিক লক্ষ্য করেই তারা গুলী ছুড়ছে। মিনিট পাঁচেক একটানা গুলীর পর তাদের ছয়টি ষ্টেনগানই থেমে গেল। আহমদ মুসা বুঝল, শত্রুকে আতংকিত করা কিংবা শত্রুর উপস্থিতি ও প্রতিক্রিয়া যাচাই করার জন্যে ফাঁকাগুলীর এ মহড়া চলছে। আরও মিনিট পাঁচেক পার হলো। হেলিকপ্টার থেকে আরও দুজন নেমে এল। তাদের কাঁধেও ষ্টেনগান ঝুলানো এবং দুজনের হাতেই একটি করে ফোল্ডিং চেয়ার। হেলিকপ্টার দুটির মাঝখানে তারা চেয়ার দুটি সামনা সামনি করে পাতল। কাঁচা পাকা চুলের দুজন রাশভারী লোক নেমে এল হেলিকপ্টার থেকে। বসল তারা চেয়ার দুটিতে। দুজনের কাউকেই চিনতে পারল না আহমদ মুসা। দুজন নিশ্চয় বড় নেতা গোছের কেউ হবে। তবে সে নিশ্চিত যে এদের মধ্যে WFA-এর প্রধান আজর ওয়াইজম্যান নেই। বসেই দুজনের একজন মুখ তুলে পজিশন নিয়ে হাঁটু গেড়ে বসে থাকা ছয়জনের একজনকে লক্ষ্য করে উচ্চকণ্ঠে বলে উঠল, ‘রিকার্ডো’ দুজনকে পাহারায় রেখে তোমরা চারজন ওদিকে যাও। কেউ বেঁচে আছে কিনা দেখ। চল্লিশটি লাশই গুণে আসবে। দেখলাম অস্ত্রগুলো পড়ে আছে। ওগুলো নিয়ে আসবে। সবার কাছেই মোবাইল থাকার কথা। ভালো করে সার্চ করে দেখে ওগুলো অবশ্যই নিয়ে আসবে। মনে রেখ, মোবাইলগুলো অস্ত্রের চেয়েও গুরুত্বপূর্ণ।’ কথাগুলো আহমদ মুসারাও শুনতে পেল। শুনে মনটা খচখচ করে উঠল আহমদ মুসার। মোবাইল ওদের কাছে আছে, এ কথা মনেই করেনি আহমদ মুসারা। মোবাইলগুলো শুধু টেলিফোন ইনডেক্সই নয়, কার সাথে কখন যোগাযোগ হয়েছে তারও একটা বর্তমান নির্ঘণ্ট। আর আপসোস করে লাভ নেই, ওগুলো এখন ওদের হাতেই পড়ে গেল, ভাবল আহমদ মুসা। ওদিকে রিকার্ডো নামক লোকটি তিনজনকে সাথে করে নিয়ে চলে গেল উচ্চভূমির উত্তর ঢালের দিকে। ওরা চলে গেলে চেয়ারে বসা নেতা গোছের সেই রাশভারী লোকটি সামনের চেয়ারে বসা দ্বিতীয় লোকটিকে উদ্দেশ্য করে বলল, ‘মি. ডেভিড ডায়ার, খবর পাওয়ার পনের মিনিটের মধ্যে আমরা পৌছে গেছি। ওরা সরে পড়ার জন্যে খুব বেশি হলেও সাত আট মিনিট সময় পেয়েছে। এই সময় ওরা এক মাইল পথও যেতে পারেনি। সুতরাং ওদের আশে পাশেই পেয়ে যাব।’ ‘মি. এডাম এরিয়েল, আমারও তাই মত। কিন্তু ওদের আশে-পাশে পেতে হলে এখনই আমাদের কাজ শুরু করা দরকার।’ ‘হ্যাঁ সেটাই হবে মি. ডায়ার।’ বলে এডাম এরিয়েল পকেট থেকে একটা কাগজ বের করল। মেলে ধরল কাগজটি সামনে। কাগজটি টেরসিয়েরা দ্বীপের একটা মানচিত্র। আহমদ মুসা ও হাসান তারিক দুজনের চোখেই দূরবীন। এডাম এরিয়েলরা আট নয় ফিট নিচে ৪০ ডিগ্রী কোণে আছে বলে দূরবীনের ফোকাস সহজেই মানচিত্রের উপরও ফেলা যাচ্ছে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯২ জন


এ জাতীয় গল্প

→ গুলাগ অভিযান চ্যাপ্টার- ১
→ গুলাগ অভিযান চ্যাপ্টার- ১ বাকি অংশ
→ গুলাগ অভিযান চ্যাপ্টার- ২ বাকি অংশ
→ গুলাগ অভিযান চ্যাপ্টার- ৩
→ গুলাগ অভিযান চ্যাপ্টার- ৩ বাকি অংশ
→ গুলাগ অভিযান চ্যাপ্টার- ৪
→ গুলাগ অভিযান চ্যাপ্টার- ৪ বাকি অংশ
→ গুলাগ অভিযান চ্যাপ্টার- ৫
→ গুলাগ অভিযান চ্যাপ্টার- ৬
→ গুলাগ অভিযান চ্যাপ্টার- ৭ (শেষ)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now