বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

মা-১০

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X ১০ ইউনুস চৌধুরী আজকে বাসাতেই বসেছেন সন্ধ্যাটা যাপন করতে ৷ বসন্তের হাওয়া বইতে শুরু করেছে বাইরে ৷ তিনি বাগানে বসেছেন গার্ডেন-চেয়ার নিয়ে ৷ দখিনা বাতাস মসলার বাগান থেকে সুগন্ধ বয়ে আনছে ৷ বেয়ারা তৎপর ৷ বরফ আসছে ৷ পানীয় ঢালা হচ্ছে ৷ চৌধুরীকে আজ সঙ্গ দিচ্ছেন তাঁর বন্ধু খালাতো ভাই রতন চৌধুরী ৷ আকাশের গায়ে একটা প্রায় পূর্ণ চাঁদ ৷ চাঁদের পাশে ছুটন্ত মেঘগুলো দেখে মনে হচ্ছে, চাঁদটাই ছুটছে ৷ আর মেঘগুলো যেন স্থির ৷ ইউনুস চৌধুরী সেদিকে তাকিয়ে আছেন ৷ ছাত্রাবস্থায় পড়া থিয়োরি অব রিলেটিভিটির কথা হঠাৎ মনে পড়ে যায় ৷ চাঁদটা স্থির, নাকি মেঘগুলো ? কে জানে রে বাবা ? রাত দশটার পরে তাঁর নিজের ওপর নিয়ন্ত্রণ থাকে না ৷ তিনি নিজের চুল ধরে নিজেই টানতে থাকেন ৷ ‘রতন ৷’ ‘ভাইজান ৷’ ‘সাফিয়া কি আমার বাধ্য হবে না ?’ ‘ভাইজান ৷’ ‘আমার ছেলেকে কি আমি আর ফিরে পাব না ?’ ‘আপনার তো আরেকটা ছেলে হয়েছে ভাইজান ৷ ছোট ভাবি তো মা হয়েছেন!’ ‘কিন্তু আমার আজাদকে কি আমি পাব না ?’ ‘আজাদ তো আপনার আছেই ভাইজান ৷ ও তো ম্যাট্রিক পাস করেই এসেছিল ৷ বাপকে কি কোনো ছেলে ভুলতে পারে ? রক্তের টান বংশের ধারা কোথায় যাবে ?’ ‘কিন্তু সারেংয়ের মেয়েটা কি আমার কথা শুনবে না ?’ ‘শুনবে ৷ শুনবে ৷’ ‘কবে ?’ ‘কোনো বাঘই তো প্রথমে বশ মানে না ৷ সার্কাসের বাঘের কথা বলছি ৷ বাঘকে ধরে ইলেকট্রিক পাওয়ারঅলা চাবুক দিয়ে ভয় দেখানো হয় ৷ আঘাত খেয়ে খেয়ে তারপর বাঘ বশ মানে ৷’ ‘বাট হোয়েন উইল শি গিভ ইন ?’ ‘টুডে অর টুমরো ৷’ ‘তোমার টুডে কবে আসবে ?’ ‘টুমরো ৷’ ‘তোমার টুমরো কবে আসবে ৷ দি ডে আফটার টুমরো ?’ ‘ভাইজান ৷ এক কাজ করেন ৷ ফরাশগঞ্জের বাসা থেকে ওদের উৎখাত করে দেন ৷’ ‘বলো কি! আজাদ আমার ছেলে না ?’ ‘আজাদকে বলেন এ বাসায় এসে থাকতে ৷’ ‘সাফিয়াও তো আমার ওয়াইফ ৷’ ‘তাকেও তো আমরা এ বাসায় এসে থাকতে বলছি ৷’ ‘তুমি বলছ বাসা থেকে তাড়িয়ে দিলে তারা নরম হবে ?’ ‘অবশ্যই ৷ তেজ কমে যাবে ৷’ ‘কীভাবে তাড়াব ? আজাদ তো রিভলবার নিয়ে আমাকে মারতে আসবে ৷ ছেলেটা একদম মা-নেওটা হয়েছে ৷ আনলাইক মি ৷’ ‘আপনার বাবা-মাও তো আপনার সাথেই আছে ৷ আপনি তাদের যথেষ্ট ভক্তি করেন ৷’ ‘করি ৷ জন্মদাতা বাপ, জন্মদাত্রী মা ৷ না করে পারব ? কিন্তু সে তো বাপ মানে না ৷’ ‘মানে ৷ তবে মাকে বেশি মানে ৷’ ‘শোনো ৷ আই অ্যাম এ জমিনডার ফ্রম বিক্রমপুর ৷ আমার টাকা আছে ৷ আমার পাওয়ার আছে ৷ আমার মেয়েমানুষ থাকবে ৷ থাকবে না ?’ ‘জি!’ ‘জমিদারদের মেয়েমানুষ থাকত কি না!’ ‘হক সাহেব তো জমিদারি রাখল না ৷ কৃষক প্রজা পার্টি করল ৷’ ‘এখন হক সাহেব কোথায় ? হয়্যার ইজ হি নাউ!’ ‘ভাইজান, আর খাবেন না ৷ ওঠেন ৷’ ‘আরে নাইট ইজ স্টিল ইয়াং ৷ বসো বসো ৷’ ‘ভাবি রাগ করবেন ৷’ ‘কেন করবে ৷ সে জেনেশুনে আমার কাছে এসেছে ৷ শোনো ৷ আজাদকে বলে দাও সে জমিদারের ছেলে ৷ তারও চালচলন হবে জমিদারের মতো ৷’ ‘সে তো জমিদারের ছেলে না ৷ সে ইঞ্জিনিয়ারের ছেলে ৷’ ‘কিসের ইঞ্জিনিয়ার ? আই অ্যাম নো মোর ইঞ্জিনিয়ার ৷’ ‘দেন ইউ আর আ বিজনেসম্যান ৷ সদাগর ৷ আপনার ফিউডাল নেচার তার রক্তে যাবে কেন ?’ ‘বুর্জোয়ারাও ধোয়া তুলসিপাতা নয় ৷ ক্যাপিটালিজম মানে হচ্ছে পাপ ৷ তুমি পাপী ৷ আমি পাপী ৷’ ‘আপনি পাপী ৷ আমি না ৷’ ‘কী! চোপ শালা! আয়ুব খানের পাকিস্তানে কোনো পাপ নাই ৷ নো ওয়াইন ৷ নো ক্রাইম ৷ চোপ শালা ৷’ ‘এই, শালা বলবি না শালা!’ গার্ডেন চেয়ার উল্টে পড়ে ৷ গেলাস কাত হয়ে গড়িয়ে পড়ে মাটিতে ৷ দুজন দুজনকে জড়িয়ে ধরে চোপ শালা চোপ শালা বলে চলেন ৷ বেয়ারা কিংকর্তব্যবিমূঢ় হয়ে দাঁড়িয়ে থাকে ৷ বাতাসের বেগ কমে আসছে ৷ মেঘগুলো এখন স্থির ৷ চাঁদটাকে এখন লাগছে ডিমপোচের কুসুমের মতো ৷ মেঘগুলো যেন ডিমের শাদা অংশ ৷ মসলার গন্ধের বদলে এখন নাকে এসে লাগছে নানা মৌসুমি ফুলের সুঘ্রাণ ৷ পানীয়র গন্ধের সঙ্গে মিশে ব্যাপারটা বেশ অদ্ভুত হয়ে উঠছে ৷ দুজন মধ্যবয়স্ক লোক গালাগালি ছেড়ে এখন গলাগলি করে দাঁড়িয়ে আছে ৷


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩০ জন


এ জাতীয় গল্প

→ প্রাকপুরুষের চশমা-১০

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now