বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ফুলি খালা ক্লাস সিক্স পর্যন্ত পড়েছেন তাই কথাবার্তা বলেন শুদ্ধ ভাষায়। আমি ভুলভাল কথা বললে মাঝে মাঝে আমাকে শুদ্ধ করে দেন। আমাদের বাসায় আমরা সবাই ফুলি খালাকে ভয় পাই। সবচাইতে বেশি ভয় পান আম্মু আর তার থেকেও বেশি ভয় পান আব্বু। যখন ফুলি খালা কাছাকাছি থাকেন না তখন আম্মু চোখ পাকিয়ে বলেন, “এই ফুলিকে আমি বাসা থেকে বিদায় করব। কাজের বুয়া হয়ে আমাদের সাথে কী ভাষায় কথা বলে লক্ষ করেছ?”
আব্বু বলেন, “লক্ষ করি নাই আবার! সে কি ভলান্টারি কাজ করে? মোটেই। মাসের শেষে গুনে গুনে টাকা দেই। দুই ঈদে বোনাস।”
“গত ঈদে শাড়ি কিনে দিয়েছি।”
“কতো বড় সাহস–আমি রাত্রে টেলিভিশন দেখছি, আর আমাকে এসে বলে, অনেক রাত হয়েছে। টেলিভিশন বন্ধ করে ঘুমাতে যান। বলে খট করে টেলিভিশনটা বন্ধ করে দিল!”
আম্মু নাক দিয়ে ফোঁস করে একটা নিশ্বাস ফেলেন। আবার যখন ফুলি খালা আশেপাশে থাকেন তখন দুইজনই একেবারে কেঁচোর মতো হয়ে যান। আম্মু আহাদি গলায় বলেন, “ফুলি, তোমার চিকেনটা আজকে যা ভালো হয়েছে কী বলব।”
আব্বু বলেন, “ইউ আর এ জিনিয়াস ফুলি। তোমার আসলে ফাইভ স্টার হোটেলের কুক হওয়া উচিত ছিল।”
আম্মু বলেন, “গ্রামের বাড়িতে তোমার সবাই ভালো আছে তো?”
আবু বলেন, “সামনের মাসে তোমাকে একটা মোবাইল টেলিফোন কিনে দেই। তা হলে যখন ইচ্ছা হবে বাড়িতে কথা বলতে পারবে।”
তখন ফুলি খালা মুখ ঝামটা দিয়ে বলেন, “এর চাইতে লোহার শিক গরম করে আমার কপালে দুইটা ছ্যাকা দেন। মোবাইল ফোন আর টেলিভিশন এই দুই জিনিস আমি দুই চোখে দেখতে পারি না। কে এই দুইটা জিনিস আবিষ্কার করেছিল কে জানে–তার ওপরে নিশ্চয়ই আল্লাহর গজব পড়বে।”
আবু আর আম্মু দুইজনেই ফুলি খালার কথার সাথে সাথে মাথা ঝাঁকাতে থাকেন। আম্মু বলেন, “ঠিকই বলেছ ফুলি। মোবাইল টেলিফোনে বেশি কথা বললে না কি ব্রেনের মাঝে ক্যান্সার হয়।”
আব্বু বলেন, “ইউ আর রাইট ফুলি। ইউ আর হান্ড্রেড পার্সেন্ট রাইট। পৃথিবী থেকে টেলিভিশন ব্যান করে দেওয়া দরকার! সময়ের কী ভয়াবহ অপচয়।”
এই হচ্ছে আমার আব্বু, আম্মু আর ফুলি খালা। তবে এই তিনজনকে নিয়ে আমার বেশি সমস্যা নাই–আমার সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমার বড় ভাই টিটুকে নিয়ে। সে কিছুদিন আগেও ঠিকঠাক ছিল আস্তে আস্তে কেমন যেন আজব হয়ে গেল। এখন দিনরাত খালি সে পড়ে, পড়তে পড়তে তার চেহারার মাঝে ভালো ছাত্র ভালো ছাত্র ভাব চলে এসেছে। ঘাড়টা একটু কুঁজো, গলাটা চিকন, চোখ দুইটা গর্তের ভিতর এবং ঠোঁটের ওপর খুব হালকা গোঁফ ওঠার চিহ্ন। যতক্ষণ স্কুলে থাকে ভাইয়া কী করে আমি জানি না কিন্তু যতক্ষণ বাসায় থাকে ততক্ষণ সে গুনগুন গুনগুন করে নাকি সুরে মাথা দুলিয়ে দুলিয়ে কিছু একটা মুখস্থ করে। আমি আর তার ধারেকাছে যাই না, গেলেই তার বইটা আমার হাতে ধরিয়ে দিয়ে বলে, “এই তিতা, দেখ দেখি আমার এই পৃষ্ঠাটা ঠিকমতোন মুখস্থ হয়েছে কি না।”
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now