বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
বিশ্ব ইজতেমায় বিভক্তিরেখা
বিশ্বের প্রায় মুসলিমই দাওয়াতে তাবলিগের মেহনতের সঙ্গে পরিচিত। যুগে যুগে মহান মনীষীরা এ দায়িত্ব পালন করেছেন; কিন্তু বিগত শতাব্দীতে তাবলিগ জামাতের মাধ্যমেই বিশ্বব্যাপী এ কাজ বিস্তৃতি পেয়েছে। ৫৪ বছর ধরে অত্যন্ত সুনাম ও গর্বের সঙ্গে টঙ্গীর তুরাগতীরে হয়ে আসছে বিশ্বের সর্ববৃহৎ তাবলিগি ইজতেমা। সারা বিশ্বের বিস্ময়ে পরিণত হয়েছিল তুরাগতীর।
কিন্তু ২০১৯ সালের ইজতেমার চিত্র বাংলাদেশসহ গোটা বিশ্বের ধর্মপ্রাণ মুসল্লিদের হতাশ করেছে। কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার জেরে তাবলিগের চির আপন সাথি-সঙ্গীদের অন্তর্দ্বন্দ্ব গোটা মুসলিম জাতিকে হতবাক করেছে। ২০১৯ সালেই প্রথমবারের মতো তাবলিগের ইতিহাসে দুটি ‘পক্ষ’ শব্দ যোগ হয়েছে।
ভোলায় ধর্ম অবমাননা ইস্যুতে বিক্ষোভ
২০১৯ সালে গোটা বাংলাদেশকে নাড়িয়ে দিয়েছিল ভোলার বোরহানউদ্দিন উপজেলার ধর্ম অবমাননার ঘটনা। বিপ্লব চন্দ শুভ নামের এক হিন্দু যুবকের ফেসবুক ওয়াল থেকে অবমাননাকর একটি স্ট্যাটাস প্রকাশিত হয়। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি বারবার গুজব দাবি এবং অভিযুক্ত যুবককে আটক করা হলেও বিক্ষুব্ধ মুসল্লি বিক্ষোভে নামে। সমাবেশের জন্য পুলিশ অনুমতি না দিলেও সেদিন সকাল থেকেই লোকজন মাঠে জড়ো হতে থাকে। পুলিশ মিছিলে বাধা দিলে অবস্থানের ঘোষণা দেয় তারা। একপর্যায়ে একজন নেতৃস্থানীয় আলেমের গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে সমবেত মানুষ আরো বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ গুলি ছুড়লে চারজন নিহত হয়। আহত হয় ১০ পুলিশ সদস্যসহ দেড় শতাধিক মানুষ।
সফল হজ ব্যবস্থাপনা
২০১৯ সাল হজযাত্রীদের জন্য ছিল মনে রাখার মতো একটি বছর। সরকারের আন্তরিক প্রচেষ্টায় এ বছরের হজ ব্যবস্থাপনা ছিল অন্য বছরের চেয়ে সফল। এ বছর হজ ব্যবস্থাপনাকে সুশৃঙ্খল ও শক্তিশালী করতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছিল সরকার।
এ বছর প্রথমেই হজের খরচ কমিয়ে আনা হয়েছে। ফলে হজযাত্রীদের শুধু বিমানভাড়া বাবদ ১০ হাজার ১৯০ টাকা পর্যন্ত কমানো সম্ভব হয়েছে।
তা ছাড়া সরকারের পক্ষ থেকে বাংলাদেশি হজযাত্রীদের অপেক্ষার সময় ও কষ্ট কমিয়ে আনার লক্ষ্যে সৌদি আরবের পরিবর্তে বাংলাদেশেই প্রি-অ্যারাইভাল ইমিগ্রেশন সম্পন্ন করা, হজের সময় মিনায় অবস্থানকালে বাংলাদেশি হজযাত্রীদের দ্বিতল খাট ব্যবহারে বাধ্য না করা, বাংলাদেশি হজযাত্রীদের উন্নত খাবার পরিবেশন, বেসরকারি ব্যবস্থাপনায় প্রতিটি এজেন্সির সর্বনিম্ন হজযাত্রীর সংখ্যা ১৫০ থেকে ১০০-তে কমিয়ে আনা এবং পবিত্র হজের দিনগুলোয় বাংলাদেশি হজযাত্রীদের জন্য মক্কা, মিনা, আরাফা, মুজদালিফায় যাতায়াতের সুবিধার্থে পুরনো বাসের পরিবর্তে উন্নত মানের নতুন ও পর্যাপ্তসংখ্যক বাস সরবরাহের অনুরোধ জানানো হয়েছে; যার সব দাবিই মেনে নিয়েছে সৌদি আরব।
সৌদি কর্তৃপক্ষের ‘‘Makkah Route Initiative’, ফ্রেমওয়ার্কের আওতায় সৌদি আরবের ইমিগ্রেশন বাংলাদেশেই সম্পন্ন করা হয়।
এ বছরই প্রথম ইলেকট্রনিক হেলথ প্রফাইল সিস্টেম চালু করা হয়েছে। এবারই প্রথম ফ্লাইট শুরুর বেশ আগেই তারিখ নির্ধারণ করে সরাসরি হজ এজেন্সির কাছে টিকিট বিক্রির ব্যবস্থা করা হয়েছে এবং টিকিট বিক্রির তথ্যপ্রাপ্তির জন্য সিস্টেমে পে অর্ডার ব্যবস্থাপনা সংযোজন করা হয়েছে। ফলে অনেক অনাকাঙ্ক্ষিত অব্যবস্থাপনা দূর করা সম্ভব হয়েছে।
হজের আগেই মক্কা ও মদিনার বেসরকারি হজ এজেন্সি কর্তৃক ভাড়া করা শতভাগ হোটেল বা বাড়ি পরিদর্শন করা হয়েছে।
বাংলাদেশের সম্মানিত হজযাত্রীদের সঠিক নিয়মে হজ পালন ও ধর্মীয় বিধি-বিধান বিষয়ে পরামর্শ, দিকনির্দেশনা প্রদানের জন্য সারা দেশের শীর্ষস্থানীয় উলামা-মাশায়েখদের সমন্বয়ে ৫৮ সদস্যের হজ উলামা-মাশায়েখ টিম ২০১৯ গঠন করে পবিত্র হজে পাঠানো হয়েছে। এত বৃহৎ পরিসরে সরকারিভাবে উলামা-মাশায়েখদের হজব্রত পালনের উদ্যোগ বাংলাদেশের ইতিহাসে প্রথম।
ইসলামিক ফাউন্ডেশনে অনিয়মের অভিযোগ
এ বছর বারবার অনিয়মের অভিযোগে খবরের শিরোনাম হয়েছে ইসলামিক ফাউন্ডেশন। সরকারের চলমান দুর্নীতিবিরোধী অভিযানে ক্যাসিনো কেলেঙ্কারির নায়কদের সঙ্গে সন্দেহভাজন দুর্নীতিবাজদের তালিকায় চলে আসে ইসলামিক ফাউন্ডেশনের ডিজি সামীম মোহাম্মদ আফজালের নাম, যার জেরে তাঁর ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ব্যাংক।
এ ছাড়া দীর্ঘদিন ধরে তাঁর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি, স্বজনপ্রীতি, ক্ষমতার অপব্যবহার ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। অবশেষে তাঁকে ডিজি পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
গণমাধ্যমে ইসলামচর্চা বেড়েছে
বাংলাদেশের গণমাধ্যমের প্রতি সার্বিকভাবে নজর দিলে এ কথা বলা খুবই স্বাভাবিক যে গণমাধ্যমে ইসলামচর্চা বাড়ছে। দৈনিক ইত্তেফাক, কালের কণ্ঠ, নয়া দিগন্ত, যুগান্তর ও ইনকিলাব প্রতি শুক্রবার পুরো এক পৃষ্ঠায় ইসলামবিষয়ক লেখা প্রকাশ করে থাকে। দৈনিক সমকাল অর্ধপৃষ্ঠা ইসলামের জন্য ছেড়ে দেয়। দৈনিক জনকণ্ঠ প্রতি শুক্রবার ইসলাম বিষয়ে নিবন্ধ প্রকাশ করে থাকে।
বাংলাদেশ প্রতিদিন, মানবকণ্ঠ ও বাংলাদেশের খবর শুক্রবারসহ প্রতিদিন সিঙ্গল কলামে ইসলামবিষয়ক একটি বা দুটি লেখা প্রকাশ করে থাকে। প্রথম আলো হজ, হজ গাইড, রমজান, সমসাময়িক ইস্যু কাভারেজ দিয়ে থাকে। পত্রিকাটি প্রতি শুক্রবার ইসলাম বিষয়ে একটি নিবন্ধ প্রকাশ করে। এ ছাড়া প্রায় সব পত্রিকা রমজান উপলক্ষে প্রতিদিন প্রথম পৃষ্ঠায় বা ভেতরের পৃষ্ঠায় বিশেষ লেখা প্রকাশ করে থাকে; যদিও বেশির ভাগ প্রিন্ট মিডিয়ায় শুক্রবার ইসলাম বিষয়ে বিশেষ আয়োজন থাকে। তা সত্ত্বেও বাংলাদেশে মূলধারার জাতীয় দৈনিকে প্রতিদিন পৃষ্ঠাব্যাপী ইসলাম নিয়ে বিশেষ আয়োজনও লক্ষ করা যায়। দৈনিক আলোকিত বাংলাদেশ ১২ পৃষ্ঠার দৈনিক হিসেবে সর্বপ্রথম এই উদ্যোগ নিয়েছে। মূলধারার পত্রিকার মধ্যে কালের কণ্ঠ গত ১ মে থেকে প্রতিদিন রঙিন পুরো এক পৃষ্ঠা প্রকাশ করছে। সময়ের আলো প্রতিদিন আধাপৃষ্ঠা, শুক্রবার ও বিশেষ দিবসে ইসলাম নিয়ে পুরো পাতা করছে।
দেশ রূপান্তর পত্রিকায় এক-তৃতীয়াংশ পৃষ্ঠাজুড়ে প্রতিদিন ইসলাম বিষয়ে বিভিন্ন লেখা ছাপা হচ্ছে।
বিশ্বব্যাপী বাংলাদেশি হাফেজদের জয়জয়কার
কাতারে ‘শেখ জাসেম মোসাবাকা’ কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশি চারজন হাফেজ অংশগ্রহণ করে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা হলেন কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম হাফেজ মাওলানা তোফায়েল আহমেদ, আবু সুহাইলা মোহাম্মদ, হাফেজ কারি মোহাম্মাদুল্লাহ, শায়েখ আব্দুল ওয়াহাব ইউসুফ আহমেদ ও অন্যজন মোছা. খাদিজা।
জর্দানে ২৭তম অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করে হাফেজ সাইফুর রহমান ত্বকি প্রথম স্থান অধিকার করেছেন। কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় তৃতীয় গ্রুপে (প্রথম ১৫ পারা) বিশ্বে দ্বিতীয় হয়েছেন বাংলাদেশের হাফেজ শিহাব উল্লাহ। পুরস্কার হিসেবে ৫০ হাজার সৌদি রিয়াল ও সম্মাননা তাঁর হাতে তুলে দেন মক্কার গভর্নর খালিদ বিন ফয়সাল।
তরুণদের ধর্মচর্চা বেড়েছে
একটি জাতীয় দৈনিক তরুণদের ভাবনা নিয়ে বিশেষ জরিপ প্রকাশ করেছে। সেই জরিপ মতে, বাংলাদেশের তরুণদের বড় অংশই ধর্ম চর্চা করে। আর বেশির ভাগ তরুণ মনে করে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বাংলাদেশ উদার। তারা আরো মনে করে, তরুণদের মধ্যে ধর্মচর্চা আগের চেয়ে বেড়েছে।
মুসলমান তরুণদের ৩৭.৩ শতাংশ বলেছে, তারা দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে। পাঁচ ওয়াক্ত নামাজ শহর ও গ্রামের তরুণ ছেলেদের চেয়ে মেয়েরা বেশি পড়ে। দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এমন তরুণ ২০১৭ সালের তুলনায় ১০ শতাংশ বেড়েছে। ২০১৭ সালে ২৭.৫ শতাংশ তরুণ বলেছিল, তারা দিনে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে।
কয়েকজন আলেমের ইন্তেকাল
২০১৯ সালে বাংলাদেশের শীর্ষস্থানীয় কয়েকজন আলেম ওফাত লাভ করেছেন। তাঁরা হলেন আল-জামেয়া আল-ইসলামিয়া পটিয়ার সিনিয়র মুহাদ্দিস, ইসলামী ইতিহাসবিদ আল্লামা রহমত উল্লাহ কাউসার নিজামী (রহ.), একই প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক, আরবি সাহিত্যিক আল্লামা মীর খলিলুর রহমান আল-মাদানি, জামেয়া দারুল মাআরিফের সহযোগী পরিচালক ড. জসীম উদ্দীন নদভি, সিলেট দরগাহ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবুল কালাম জাকারিয়া, ৩২ খণ্ডে প্রকাশিত বুখারি শরিফের ব্যাখ্যাগ্রন্থ ‘কাশফুল বারী’ প্রণেতা আল্লামা ইদ্রীস (রহ.) প্রমুখ ইন্তেকাল করেছেন
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now