বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

তার (১ম পর্ব)

"গোয়েন্দা কাহিনি" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X তার (১ম পর্ব) মানিক চেঁচিয়ে পড়ছিল খবরের কাগজ শ্রোতা হচ্ছে জয়ন্ত। সে চোখ বুজে ইজিচেয়ারে শুয়ে আছে। তার মুখে বিরক্তির লক্ষণ । কোন খবরে নূতনত্ব নেই। খুনীরা খুন করছে সেই পুরাতন উপায়ে। চোররাও চুরি করবার নূতন পথ আবিষ্কার করতে পারছে না। সাধু এবং অসাধু সব মানুষই হচ্ছে একই বাঁধা পথের পথিক। মানিক একটা নূতন খবর পড়ছে : ‘ অদ্ভূত দৈব দুর্ঘটনা! ‘ গত সপ্তাহে শালিখার একটা বাড়িতে অজিতকুমার বসু নামক জনৈক যুবক বজ্রাঘাতে মারা পড়িয়াছিল, এই সংবাদ আমরা যথাসময়ে পত্রস্থ করিয়াছি । গত পরশ্য রাতে আবার সেই বাড়িতেই অজিতকুমারের দ্বিতীয় ভ্রাতা অসীমকুমারের মৃত্যু হইয়াছে ঐ বজ্রাঘাতের ফলেই। ইংরেজী প্রবাদে বলে, দুর্ভাগ্য কখনো একা আসে না। কিন্তু উপর-উপরি দুইবারই একই পরিবারে একই দুর্ভাগ্যের এমন আশ্চর্য আবির্ভাবের কাহিনী আমরা আর কখনই শ্রবণ করি নাই।’ জয়ন্ত চোখ মেলে সোজা হয়ে উঠে বসে বললে, ‘ থামো মানিক। আপাতত আর কোনও খবর পড়ে শোনাতে হবে না।’ মানিক হেসে বললে, ‘ বুঝেছি।’ ‘ কি বুঝেছ ?’ ‘ এই খবরটার ভিতরে তুমি চিন্তার খোরাক পেয়েছ।’ ‘ তা পেয়েছি বৈকি। আমার পাপী মন একরকম অসম্ভব দৈব দুর্ঘটনাকে সহজে স্বীকার করতে রাজী নয়। ভগবানের হাতের আড়ালে আমি দেখছি মানুষের হাত।’ মানিক জবাব না দিয়ে কাগজখানা সামনের টেবিলের উপর রেখে দিলে। জয়ন্ত খানিকক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। তারপর বললে, ‘ টেলিফোনের রিসিভারটা এগিয়ে দাও তো ।’ ‘ কাকে ফোন করবে?’ ‘ আমাদের বন্ধু গিরীন্দ্র চৌধুরীকে।’ ‘ ইন্সপেকটর গিরীন্দ্র চৌধুরী?’ ‘ হ্যাঁ। তার কার্যক্ষেত্র তো ঐ অঞ্চলেই ; হয়ত সে আমাদের অন্ধকার মনকে কিঞ্চিত্ আলোকিত করতে পারবে।’ যথাসময়ে ফোনের মধ্যে জাগ্রত হল গিরীন্দ্র চৌধুরীর কণ্ঠস্বর । ‘ গিরীন্দ্র, আমি জয়ন্ত।’ ‘ একই বাড়ীতে বজ্রাঘাতে দুই ব্যক্তির মৃত্যু। ঘটনা কি তোমারই এলাকায় ঘটেছে ?’ ‘ ও হো হো, বুঝেছি। মনসা পেয়েছে ধুনোর গন্ধ! তা, ঠিক আন্দাজ করেছ ভাই ? ঘটনাস্থলে আমাকেও হাজির হতে হয়েছে বটে, কিন্তু ঐ পর্যন্ত ।’ ‘ মানে ?’ ‘ মনের কোণে উঁকিঝুঁকি মারছে সন্দেহ! কিন্তু সে সন্দেহ প্রকাশ বা পোষণ করবার উপায় নেই।’ ‘ কেন?’ ‘ লোক-দুটো সত্য-সত্যই বজ্র বা বিদ্যুতের আক্রমণে মারা পড়েছে ।’ ‘ তবে আবার সন্দেহ কিসের ?’ ‘ না, ঠিক সন্দেহও নয় । তবে মাঝে মাঝে পাচ্ছি যেন বিপরীত ইঙ্গিত । একবার বেড়াতে বেড়াতে আমার এখানে আসবে নাকি?’ ‘ নারাজ নই।’ জয়ন্ত ও মানিককে দেখে গিরীন্দ্র বললে, ‘ প্রথমেই তোমরা কি এক-এক পেয়ালা কফি পান করতে চাও । জান তো, আমি চায়ের ভক্ত নই।’ জয়ন্ত বললো ‘ কফি বা চা কিছুই চাই না। আমরা আজ গল্প শুনতে এসেছি ।’ ‘ তাহলে একেবারে গোড়া থেকে শুরু করি।’ ‘ হ্যাঁ, গৌরচন্দ্রিকা বাদ দিয়ে।’ ‘ শোন । আজ এক বছর হল, অমরনাথ বসু মারা গিয়েছেন। তিনি ছিলেন একজন বড় জমিদার, যথেষ্ট স্থাবর ও অস্থাবর সম্পত্তির মালিক। অজিতকুমার, অসীমকুমার আর অমলকুমার হচ্ছে তাঁর তিন ছেলে। ছোট অমল নাবালক, সেকেণ্ড ইয়ারের ছাত্র । অমরবাবুর একটি মাত্র মেয়ে সুষমা, তার বিবাহ হয়েছে, স্বামীর নাম সুরেন্দ্রনাথ মিত্র। সুষমার শ্বশুরবাড়ি বিদেশে কিন্তু পিতার মৃত্যুর পর ভাইদের অনুরোধে স্বামীর সঙ্গে বাপের বাড়িতেই বাস করে । এই হচ্ছে গত আর বর্তমান পাত্রপাত্রীদের পরিচয়। ‘ প্রথমে অজিত যখন বজ্রাঘাতে মারা পড়ে, ঘটনাটা আমার মনে স্থায়ী রেখাপাত করেনি। ডাক্তার বললে মৃত্যুর কারণ বিদ্যুতের আঘাত । কিন্তু গেল পরশু অসীমও ঐ ভাবে মারা পড়তে আমরা রীতিমত চমকে গিয়েছি ; এবারেও ডাক্তারের মুখে মৃত্যুর কারণ শুনলুম বটে, কিন্তু দুই সপ্তাহের মধ্যে একই পরিবারের উপর বজ্রের এমন পক্ষপাতিত্ব বিস্ময়কর। অবশ্য দুটি ঘটনার রাত্রেই মেঘাচ্ছন্ন সজল আকাশ থেকে বজ্রের হুঙ্কার আমরা সকলেই শুনেছি।’ ‘ তবে তুমি সন্দিগ্ধ হয়েছ কেন?’ ‘ দু-দিনই ঘটনাস্থলে গিয়ে দুটো মৃতদেহ ছাড়া বজ্রাঘাতের আর কোনও চিহ্ণই দেখতে পাইনি ।’ ‘ এ ছাড়া আর কিছু লক্ষ্য করেছ ?’ ‘ করেছি । দু-দিনই লাস পাওয়া গিয়েছে পূর্বদিকের জানালার নীচে মেঝের উপর । এও লক্ষ্য করেছি মৃত্যুর রাত্রে অজিত আর অসীম যে বিছানায় ঘুমিয়েছিল, খাটের শয্যার উপরে সে প্রমাণের অভাব নেই। কিন্তু দুর্যোগময় রাত্রে তারা শয্যা ত্যাগ করে জানালার ধারে এসেছিল কেন ? এ প্রশ্নের উত্তর পাইনি।’ ‘ তাহলে তোমরা কোন মামলা খাড়া করতে পারনি ।’ ‘ উঁহু ! মামলা দাঁড়াবে কিসের উপরে । প্রমাণ কই । সন্দেহ তো প্রমাণ বলে গ্রাহ্য হবে না!’ ‘ আমাকে একবার ঘটনাস্থলে নিয়ে যেতে পার?’ ‘ অনায়াসে । সেখানে গিয়ে পৌঁছতে পাঁচ-ছয় মিনিটের বেশি লাগবে না। কিন্তু সেখানে গিয়ে তুমি কি দেখবে?’ ‘ যা দেখবার তাই।’ গিরীন্দ্র হেসে উঠে বললে, ‘ কিন্তু আমি ভবিষ্যত্বাণী করছি সেখানে গিয়ে আমরা যা দেখেছি, তার চেয়ে বেশি কিছুই তুমি দেখতে পাবে না? এটা মামলাই নয়, আশ্চর্যভাবে দৈব দুর্ঘটনায় দুটো লোক মরেছে এইমাত্র।’ ‘ আশা করি তোমার কথাই সত্য হবে। এখন চল।’ অমরবাবুর বাড়িখানি মাঝারি। তার পূর্বদিকে ট্রাম লাইনের পাতা রাস্তা, পশ্চিম দিকে খিড়কির পুকুর ও বাগান এবং দক্ষিণদিকে প্রতিবেশীদের বাড়ির সারি । গিরীন্দ্রের সঙ্গে জয়ন্ত ও মানিক রাস্তার দিকের দোতলার বারান্দায় এসে দাঁড়ালো । গিরীন্দ্র সব দেখাতে দেখাতে বললে, ‘ বারান্দার কোণে এই যে তিনখানা ঘর দেখছ এর প্রথমখানা হচ্ছে অজিতের ঘর। দ্বিতীয়খানা অসীমের আর তৃতীয়খানা অমলের । প্রথম ঘরের এই জানালার তলায় অজিতের আর দ্বিতীয় ঘরের ঐ জানালার তলায় পাওয়া গেছে অসীমের মৃতদেহ। এ দুটো ঘর এখন খালি পড়ে আছে।’ জয়ন্ত দু’খানা ঘরে ঢুকেই চারিদিকে দৃষ্টিপাত করতে লাগল। প্রত্যেক জানালা, এমনকি দেওয়ালের লোহার গরাদে পর্যন্ত ভাল করে পরীক্ষা করলে। উল্লেখযোগ্য কিছুই পাওয়া গেল না । তারপর তারা তৃতীয় ঘরের একটা জানালার কাছে গিয়ে দাঁড়ালো। বাহির থেকেই দেখা গেল, ঘরের ভিতরে চেয়ারের উপরে বসে রয়েছে দুটি লোক। একজনের বয়স হবে আঠারো ঊনিশ আর এক জনের চল্লিশের কাছাকাছি । জয়ন্তের দিকে ফিরে গিরীন্দ্র চুপি চুপি বললে, ‘ অমল আর তার ভগ্নিপতি সুরেনবাবু ।’ তারপর ঘরের দিকে ফিরে চেঁচিয়ে বললে, ‘ কী হয়েছে সুরেনবাবু, অমলের মুখের ভাব অমনধারা কেন।’ অমলের মাথায় সস্নেহে হাত বুলোতে বুলোতে সুরেন বললে, ‘ বাড়িতে আবার পুলিশ দেখে অমল ভয় পেয়েছে । তাই আমি একে বোঝাবার চেষ্টা করছি।’ ‘ বেশ করেছেন । আমরা বাঘ নই, তেড়ে গিয়ে অমলকে কামড়ে দেব না। আজ একেবারে শেষ তদন্ত করতে এসেছি, আর আসব না ।’ সুরেন বললে, ‘ আর তদন্ত! এ হচ্ছে ভগবানের মার, পুলিশ তদন্তের ধার ধারে না !’ সেদিক থেকে ফিরে আসতে আসতে জয়ন্ত জিজ্ঞাসা করলে, ‘ অমল কি এখনো এই ঘরেই থাকে?’ ‘ হ্যাঁ।’ ‘ একলা?’ ‘ হ্যাঁ।’ ‘ সুরেনবাবুর ঘর কোথায়?’ ‘ বাড়ির পশ্চিম দিকে।’ বারান্দার রেলিঙের উপরে হাত রেখে ট্রামের রাস্তার দিকে তাকিয়ে জয়ন্ত চুপ করে দাঁড়িয়ে রইল। সে যে কী ভাবছে, তার মুখ দেখে কিছুই বোঝবার জো নেই । মানিক বললে, ‘কী হে, ধ্যান সাগরে তলিয়ে গেলে নাকি?’ ‘ আমি তলাবার চেষ্টা করছি না মানিক, আমি ভাসবার চেষ্টা করছি ।’ গিরীন্দ্র ঠাট্টার সুরে বললে, ‘ কী আবিষ্কার করলে শুনি?’ ‘ শুনবেন? এই বাড়িতে চোর আসতে পারে সহজেই ।’ ‘ তাই নাকি?’ ‘ নিচের ঐ গ্যাস-পোস্টটার দিকে তাকিয়ে দেখ। ওর উপরে উঠলেই এই বারান্দার নাগাল পাওয়া যায়।’ ‘ উঃ, অভাবিত আবিষ্কার!’ ‘ আর একটা আবিষ্কার করেছি রাস্তার ওধারকার ঐ বাড়িখানার গায়ে ভাড়া- পত্র টাঙানো রয়েছে। ঐ বাড়িখানা ভাড়া দেওয়া হবে।’ ‘ তাতে তোমারই বা কী, আমারই বা কী?’ ‘ মনে করছি বাড়িখানা আমিই ভাড়া নেব। জায়গাটি আমার বেশ লাগছে। কিছুদিন এখানে বাস করব।’ ‘ মানে ?’ ‘ মানে কিছুই নেই। এ হচ্ছে আমার খেয়াল। আর খেয়াল হচ্ছে অর্থহীন। অতঃপর আমরা প্রস্থান করতে পারি।’ জয়ন্ত ঠাট্টা করেনি, আজ কদিন হল সত্যসত্যই শালিখার সেই বাড়িখানায় উঠে এসেছে। মানিকের কৌতুহলের সীমা নেই। সে বিলক্ষণ জানে, জয়ন্তর খেয়াল হয় না অকারণে । ঐ দুই মৃত্যুর ভিতর থেকে সে কোন সূত্র আবিষ্কার করেছে নিশ্চয়ই। নইলে ঘটনাস্থলের সামনা-সামনি থাকবার জন্য তার এতখানি আগ্রহ কেন? জয়ন্তের মনের ভিতর প্রবেশ করবার জন্যে গিরীন্দ্রও কম ব্যস্ত হয়ে ওঠেনি । সে রোজই আসে আর একই প্রশ্ন করে, ‘ কেন তুমি এ বাড়িখানা ভাড়া নিলে। এখানে থাকলে তোমার কোন্ উদ্দেশ্য সিদ্ধ হবে?’ জযন্ত বোবা । শুধু মুখ টিপে হাসে আর নস্য নেয়। হপ্তা-দুই কেটে গেল। দুপুরবেলায় জয়ন্ত বাইরে বেরিয়েছিল একটা ছোট ব্যাগ হাতে করে ফিরে এল সন্ধ্যার সময়ে। মানিক বললে, ‘ ব্যাগটি নূতন দেখছি , ভিতরে কি আছে?’ ব্যাগটা সযত্নে আলমারির ভিতর পুরে রহস্যময় হাসি হেসে জয়ন্ত বললে, ‘যথাসময়েই বুঝতে পারবে।’ (চলবে)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৯ জন


এ জাতীয় গল্প

→ তার (১ম পর্ব)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now