বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
-------------------
নিমন্ত্রিতরা চলে গিয়েছেন অনেকক্ষণ। তারপরেও প্রচুর কাজ। বেশিরভাগের দায়িত্বই আকাশের। কারণ ভাইবোনদের মধ্যে সবচেয়ে বড় ও। বড়রা এখন প্রায় বৃদ্ধ। তা ছাড়া ওর জন্য অন্য কেউ ব্যস্ত হলে ওর বড্ড অস্বস্তি হয়। সেই জন্যেই তো বিয়ের সমস্ত কাজ ও একা হাতে সামলেছে।
অনেকেই এগিয়ে এসেছিল সাহায্যের জন্য। কারণ একটা বিয়ে নামানো তো চাট্টিখানি কথা নয়! সকলে আকাশকে ভীষণ ভালবাসে। সেই অনেকটা ‘জীবন দিতে পারা’-র মতো ভালবাসা আর কী। তবে সত্যিই তাই, এরকমই ভালবাসে সকলে আকাশকে। আকাশ নিজেও মাঝে-মাঝে ভেবে অবাক হয়ে যে, এত ভালবাসা পাওয়ার মতো কী আছে ওর মধ্যে? গুঞ্জাও যে কী ভেবে ওর প্রেমে পড়েছিল কে জানে! যাই হোক, এখন ওসব ভেবে লাভ নেই। ঝটপট বাকি কাজগুলো সেরে, সকলে ঠিকঠাক শুয়েছে কি না দেখে ও যাবে ঘরে। গুঞ্জাটা বেচারি অপেক্ষা করে বসে আছে।
এমনিতেই এক মুহূর্ত ওকে না দেখে থাকতে পারে না। সৰ্বক্ষণ যেন ওর গায়ে-গায়ে লেগে থাকতে চায়। একদম ছোট বাচ্চাদের মতো। বলে, “তুমি কাজ করো না, তোমায় তো ডিস্টাৰ্ব করছি না।”
আকাশ শুধু হাসে।
ওরও তা ভাল লাগে। তাই কিছু বলে না। কিন্তু মনে-মনে ভাবে, ‘প্রেমিকা কাছে বসে থাকলে মনের অবস্থাটা যে কেমন হয়, সেটা যদি গুঞ্জা বুঝত!’
কতবার ওইরকম অবস্থা থেকে ওরা আরও বেশি ঘনিষ্ঠ হয়ে পড়েছে। গুঞ্জা নকল-নকল রাগ করে বলেছে, “আর তোমার কাছে-কাছে থাকব না যাও, তুমি খালি জোর করে আদর করে দাও! আমার বুঝি লজ্জা করে না, আকাশ শুধু বলেছে, “সত্যি? আচ্ছা ঠিক আছে। থেকো না। তোমার খারাপ লাগলে থেকে না।”
আর মিটিমিটি হেসেছে। অমনি গুঞ্জা বলেছে, “অমনি মেনে নিলে বলো? কখনও আমার বিরুদ্ধে কিছু বলতে পার না, না? সাধে কি তোমায় এত মারতে ইচ্ছে হয়?” বলেই গুঞ্জা গুম করে আকাশের পিঠে একটা কিল মেরেছে। আর আকাশ বলেছে “থ্যাঙ্ক ইউ!”
শুনে গুঞ্জা নকল রাগ আর আনন্দ মিশ্রিত চিৎকার করে আকাশের গালে একটা চুমু খেয়ে বলেছে, “কাজ করো তো, কাজ করো। অসহ্য ছেলে একটা! প্রাণ ভরে ঝগড়া করব সেইটুকু পর্যন্ত ভগবান আমার কপালে দেননি।” এই বলে হয়তো গুঞ্জা চলে গিয়েছে নিজের কাজে। সেই কাজ কখনও আকাশের বাড়িতে। কখনও বা ওর নিজের বাড়িতে। এইরকম মিষ্টি সম্পর্ক নিয়ে চলেছে ওদের পাঁচ বছরের প্রেম। আর সেই প্রেম আজ পূর্ণ পরিণতি পেতে চলেছে। আজ ওলের ফুলশয্যা। তাই যত তাড়াতাড়ি সম্ভব আকাশ ঘরে যেতে চাইছে।
কাজের ফাঁকে-ফাঁকে বারবার এই পাঁচ বছরের প্রেমের বিভিন্ন স্মৃতি ভেসে উঠেছে আকাশের চোখের সামনে। আর মনে মনে হাসছে। এক্কেবারে পাগলি গুঞ্জাটা। ওদের প্রথম আলাপের দিনটা আকাশের মনে পড়ল। কলেজ থেকে এক্সকারশনে নিয়ে যাওয়া হবে। ফাস্ট ইয়ার থেকে ফাইনাল ইয়ার, সকলেই যাবে। আকাশও যাবে। কলেজের শেষ বছর বলে কথা। গুঞ্জা তখন সবে ফাস্ট ইয়ার, কোনও আলাপ পরিচয় নেই। এমনকি ইন্ট্রোডাকশনের দিন কলেজ যেতে না পারায় আকাশ গুঞ্জাকে তার আগেই দেখেনি পর্যন্ত।
বাসে যেতে-যেতে আন্তঃক্ষরী খেলার সময় গুঞ্জার গান শুনে প্রথম ওকে নজরে পড়ে আকাশের, একেবারে লাস্ট সিটে বসেছিল গুঞ্জা। একটা হাঁটু অবধি লম্বা, লম্বা হাত কুর্তি আর জিনস পরেছিল গুঞ্জা। চোখে চশমা। লম্বা চুলে বিনুনি করা। গায়ের রং শ্যামলা। সাজের স-ও নেই। কানে একটা ছোট্ট দুল ছিল বোধ হয়। কিন্তু অসম্ভব গম্ভীর। অন্য কেউ দেখলে হয়ত ভয় পেত, কিন্তু আকাশের ওই গান্তীর্যটাই ভাল লেগেছিল। কেমন যেন মনে হয়েছিল, কিছু একটা আছে মেয়েটার মধ্যে, একটা অদ্ভুত রহস্য। হাসিটা ভীষণ মিষ্টি। সুন্দর কথা বলে। কিন্তু সকলের সঙ্গে ছ্যাবলামি করে বেড়ায় না। পিছন ফিরে বারবার লেখলে সন্দেহ হতে পারে ভেবে আকাশই সকলকে বাসের মাঝের দিকে মুখ করে বসতে বলেছিল, যাতে সকলে সকলকে দেখতে পায়।
খুব কথা বলতে ইচ্ছে করা সত্ত্বেও কথা বলেনি আকাশ। বলতে পারেনি। খালি মনে হয়েছিল যদি বিরক্ত হয়। তা ছাড়া কী-ই বা কথা বলবে? অন্য ফ্লার্টবাজ ছেলেদের মতো ঝট করে মেয়েদের সঙ্গে ও কথা বলতে পারে না। গুঞ্জা অবশ্য এ ব্যাপারে বরাবরই খুব স্মার্ট। যে কোনও লোক গুঞ্জার সঙ্গে কথা বললেই ও সহজে তার সঙ্গে কথা বলতে পারে। আর আকাশ পারে শুধু গুঞ্জার সঙ্গে কথা বলতে। ঘাটশিলায় চার রাত্রি, পাঁচদিনের ট্রিপ ছিল।
আসলে ইঞ্জিনিয়ারিংয়ে তো আর কোনও এক্সকারশন থাকে না, তবু আকাশদের ব্যাচের কয়েকটা দাপুটে ছেলে ভিসিকে অনেক বলে-কয়ে এই ট্রিপটার ব্যবস্থা করেছিল। অর্ধেক খরচ ছাত্রছাত্রীদের আর অর্ধেক কলেজের। ভাগ্যিস ব্যবস্থাটা করেছিল ছেলেগুলো। তাই তো গুঞ্জাকে পেয়েছিল আকাশ। তারপর ঘাটশিলা পৌঁছেও কত গল্পের আসর, গানের আসর, আড্ডা, বেড়ানো, কতো কিছু। অন্তগুলো ছেলেমেয়ের একসঙ্গে যাওয়া, থাকা, খাওয়া তো আর সহজ নয়! অবশ্য অনেক ছেলেমেয়েই বাড়ি থেকে অনুমতি পায়নি যাওয়ার। ফলে সংখ্যাটা শেষের দিকে খানিকটা কমে গিয়েছিল। চারটে বাস হয়েছিল।
প্রত্যেক বাসে দু’জন করে টিচার ছিলেন। আর কপালগুণে গুঞ্জা আর আকাশ একই বাসে উঠেছিল। পরে অবশ্য গুঞ্জা আকাশকে বলেছিল যে ও জেনে-শুনেই ওই বাসে উঠেছিল আকাশের সঙ্গে থাকবে বলে। এইরকম চুপিচুপি কত মিষ্টি-মিষ্টি কাজ যে আকাশের জন্য গুঞ্জা করে, তার হিসেবে নেই। এই জন্যেই তো এত পাগলের মতো ভালবাসে আকাশ গুঞ্জাকে। গুঞ্জা আকাশের সবটা বুঝতে পারে। আকাশ কোন কাজ কী ভেবে করছে, গুঞ্জা সেটা আকাশের গতিবিধি দেখেই বলে দিতে পারে।
এইরকম সময়ে গুঞ্জা একটা কথা খুব বলে যেটা শুনে আকাশের খুব মজা লাগে। কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে, একটু সামনের দিকে ঝুঁকে জিজ্ঞেস করে, “কী করতে চাইছ বলো তো?” আর আকাশ লাজুক হেসে বলে “কিছু না।” আকাশের এই বাহ্যিক শান্ত স্বাভাবটার পিছনে যে চঞ্চল, অশান্ত, শিশু আকাশটা আছে, তাকে শুধু গুঞ্জাই দেখতে পায়। যতদিন মা ছিল, মা বুঝতে পারত। মা মারা যাওয়ার পর থেকেই আকাশ নিজেকে কেমন সকলের থেকে গুটিয়ে নিয়েছিল। সকলের বড়, কাজেই লায়িত্ব পালন, সমাজসেবা, প্রতিষ্ঠিত হওয়া, এই সব নিয়েই মাতিয়ে রেখেছিল নিজেকে। গুঞ্জা এসে সব কেমন বদলে দিয়েছিল। সব কেমন সহজ হয়ে গিয়েছিল। ঠিক যা-যা দরকার ছিল জীবনে, তার সবটাই গুঞ্জা দিয়েছে আকাশকে। তাই পৃথিবীতে নিজেকে সবচেয়ে সুখী মনে হয়। আজ গুঞ্জাকে সব চেয়ে আপন করে পাওয়ার দিনে তাই এত কথা মনে পড়ল আকাশের।
সোহম শুধু জেগে আছে দাদার জন্য। অনেকবার বলেও আকাশ ওকে ঘুমোতে পাঠাতে পারেনি। সোহম বলেছে আকাশকে ঘরে ঢুকিয়ে তারপর ও শুতে যাবে। আকাশও কথা না বাড়িয়ে এইটুকু মেনে নিয়েছে। এবার দুরুদুরু বুকে আকাশ চলছে ঘরের দিকে। উত্তেজনার পারদ চড়েছে। যেতে-যেতেই আরও কত কথা মনে পড়েছে। যেমন ঘাটশিলার ওই ট্রিপেই গুঞ্জা আর আকাশ একেবারেই প্রাণের বন্ধু হয়ে উঠেছিল। ঘুম ছাড়া আর সমস্ত সময়টাই ওরা একসঙ্গে কাটাত। কত যে গল্প, কত যে মিল।
বাসে যেতে-যেতে অন্তাক্ষরী, তারপর এই ওই তাই করে কথাবার্তা, তারপর চা খেতে নামার সময় গুঞ্জাকে পড়ে যেতে দেখে আকামের ধরে ফেলা। আর তারপর গুঞ্জার সেই অনর্গল কথা বলে আকাশের মন জয় করে ফেলা। সকলে সেদিন অবাক হয়েছিল আকাশকে দেখে। আওয়াজও দিয়েছিল প্রচুর। যে ছেলেকে পেটে কিল মারলেও একটার বেশি দুটো কথা বলানো যায় না, সেই ছেলে একটা মেয়ের সঙ্গে এত হাসি-গল্পে মেতে গিয়েছে যার সঙ্গে আলাপ মাত্র কয়েক ঘণ্টার! আকাশ অবশ্য সেদিন বা তারপরও কোনওদিন এসবকে পাত্তা দেয়নি। আর গুঞ্জা তো কোনওদিনই ওসব ফালতু জিনিসকে পাত্তা দিত না।
সেই যে কথা শুরু হয়েছিল, আজও চলেছে। শেষ হবে না বোধ হয়। এরপর আকাশের মনে পড়ে গেল ঘাটশিলার শেষ রাতে গুঞ্জাকে প্রথম চুমু খাওয়ার ঘটনাটা। ভীষণ মজার ছিল পুরো ব্যাপারটা। আকাশ কোনও কারণে সেদিন খাওয়ার পর চশমাটা ঘরে রেখেই হাঁটতে বেরিয়েছিল গুঞ্জার সঙ্গে। হোটেলের পিছনে কম্পাউন্ডের মধ্যেই একটা রাস্তা ছিল, আর রাস্তাটার শেষে দু’পাশে দুটো কংক্রিটের বেঞ্চ। ওরা দু’জনে হেঁটে-হেঁটে গল্প করত। তারপর যখন ইচ্ছে হত তখন বেঞ্চে বসত পাশাপাশি। পরের দিন সকালে কলকাতা ফেরার কথা ছিল ওদের।
কাজেই সেটাই ছিল শেষ রাত। আকাশ ততদিনে গুঞ্জাকে এতটাই ভালবেসে ফেলেছে যে, ওর মনে হয়েছিল যদি আর কোনওদিন গুঞ্জাকে এত কাছে পাওয়ার সুযোগ না পায়! তাই কে জানে হঠাৎ কী করে অমন লাজুক ছেলে গুঞ্জার ঠোঁটে চুমু খেয়ে ফেলল! আর অদ্ভুতভাবে গুঞ্জাও আপত্তি করল না। এরপর গুঞ্জা কিছু না বলে উঠে চলে এসেছিল ওর ঘরে। আকাশও ভেবেছিল সব বুঝি শেষ হয়ে গেল। ওই একটা ভুল হয়তো কেড়ে নেবে গুঞ্জাকে ওর কাছ থেকে। পরের দিন বাসে গুঞ্জা ওর পাশে বসেনি, আর কোনও কথাও বলেনি। নিজের উপর রাগে আকাশের চোখে জল এসেছিল।
মনে হয়েছিল, “এত নোংরা আমি? একটা মেয়েকে একটু কাছে পেয়েই তাকে...ছিঃ!’ কিন্তু না, গুঞ্জা আকাশকে ভুল বোঝেনি। বাস থেকে নামার সময় “বাই” বলেছিল। আর বলেছিল পরের দিন ফোন করবে। এরপর এমন একদিনও যায়নি যেদিন গুঞ্জার সঙ্গে আকাশের কথা হয়নি। অনেকদিন পরে গুঞ্জা আকাশকে বলেছিল যে সেদিন রাত্রে যখন আকাশ চশমা না পরে হাঁটতে বেরোয়, তখনই ওর সন্দেহ হয়েছিল যে আকাশ ওরকম একটা কিছু করতে পারে। ষষ্ঠ ইন্দ্ৰিয় বোধ হয় একেই বলে। আকাশ অবশ্য বলেছিল যে ওরকম কোনও উদ্দেশ্য নিয়েই ও সেদিন চশমা ঘরে রেখে বেরোয়নি। তারপর থেকে হাজার অসুবিধে সত্ত্বেও আকাশ চশমা খুলে কোনওদিন গুঞ্জাকে চুমু খেতে পারেনি। ভাবতেই একবার চশমাটা হাত দিয়ে ঠিক করে নিল আকাশ। ঘরের দরজাটা দেখতে পাচ্ছে আকাশ। আবার কত কথা মনে পড়ে যাচ্ছে।
কলেজ যতদিন ছিল, ততদিন তো রোজই দেখা হত দু’জনের। তারপর আকাশ চাকরি জয়েন করার পর এল মোবাইল, আর শনি-রবিবার দেখা হওয়া বা বেরনো। এই সময়েও গুঞ্জা অনেকদিন আকাশের লাঞ্চটাইমে কলেজ ডুব মেরে সেক্টর ফাইভে আকাশের সঙ্গে দেখা করে আসত। এসে বলত, “তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল, তাই চলে এলাম।” এরপর সেই মিষ্টি হাসি। আকাশ কিছু বলতে পারত না। শুধু অবাক হয়ে লেখত ওর পাগলামি। দশ মিনিট বকবক করে “বাই” বলে গুঞ্জা ফিরে যেত।
আর আকাশ অবাক হয়ে ভাবত যে, “এই মেয়েটা আমায় ভালবাসে? ওর নখের যোগ্যও তো আমি নই!” কিন্তু ভালবাসার তো কখনোই নিয়ম থাকে না, কাজেই নিজেই সুখী ভেবেই দিন কেটে যেত আকাশের। আকাশও অবশ্য কম করেনি গুঞ্জার জন্য। গুঞ্জা বাড়ির একমাত্র মেয়ে। কলকাতার নামী ইঞ্জিনিয়ারিং ফার্মের মালিক গুঞ্জার বাবা। মা কলেজের প্রিন্সিপাল। একমাত্র সন্তান গুঞ্জা। মা-বাবা দু’জনেরই স্বপ্ন ছিল মেয়ে ইঞ্জিনিয়ার হয়ে পারিবারিক ব্যবসার হাল ধরবে। গুঞ্জা কষ্ট করে হলেও সেটা মেনে নিয়েছিল। আকাশের সঙ্গে আলাপ হওয়ার পর যখন আকাশ জানতে পারল যে গুঞ্জা অসম্ভব ভাল ছবি আঁকে, তখনই আকাশ ওকে বলেছিল ইঞ্জিনিয়ারিং ছেড়ে দিতে।
গুঞ্জা উড়িয়ে দিয়েছিল কথাটা ও জানত তা সম্ভব নয়। না হলে আর্ট কলেজে অ্যাডমিশনের খবর কি গুঞ্জা কম বার জোগাড় করেছিল? কিন্তু কোনওদিন সাহস করে ফর্মটা ফিলআপ করতে পারেনি। আকাশই তো গুঞ্জার মা-বাবাকে বুঝিয়ে গুঞ্জাকে আর্ট কলেজে ভর্তি করিয়েছিল। তবে তাতে বিশেষ লাভ হয়নি। কারণ কলেজের ট্রেনিং গুঞ্জার কোনওদিন ভাল লাগেনি। ও বলতও আকাশকে যে, “এই ডিগ্রি আমার কোনও কাজে লাগবে না।” হল ও তাই, ফাইনাল পরীক্ষাটাই দিল না ও। বলল, “ধুর, এইসব করে আঁকাটাই তো হচ্ছে না, আমি আঁকতে চাই। অনেক—অনেক আঁকতে চাই। আকাশও বুঝেছিল। বলেছিল, “ঠিক আছে, তাই হবে। তুমি আঁকো, যত খুশি আঁকো৷” গুঞ্জা ও আঁকতে শুরু করল। অনেক এঁকেছে গুঞ্জা।
সেইসব আঁকার এগ্জিবিশনও হয়েছে। তাও আকাশেরই উদ্যোগে। এখন গুঞ্জা শিল্পী মহলে একটি বেশ পরিচিত নাম। উঠতি শিল্পী হিসেবে সকলে ওকে চেনে। ভালবাসে খুব। যেবার গুঞ্জা ফাইনাল পরীক্ষা দিল না, সেইবছর গুঞ্জার জন্মদিনে উপহার হিসেবে আকাশ ওর স্টাডি রুমটাকে পালটে গুঞ্জার জন্য স্টুডিয়ো বানিয়ে দিয়েছিল। যাতে ও যখন খুশি যত খুশি আঁকতে পারে। আকাশের মনে হয়েছিল। এর চেয়ে বেশি কিছু কোনদিনও হয়ত ও গুঞ্জার জন্য করতে পারবে না। ঘরটা দেখে গুঞ্জা আকাশের গলা জড়িয়ে হাউ-হাউ করে কেঁদেছিল।
জিজ্ঞেস করেছিল, “এত ভালবাসো আমায়?” আকাশ বলেছিল, “সবচেয়ে বেশি।” সত্যি তো, মায়ের পরে আর কাউকে তো কোনদিন আকাশ এত ভালবাসেনি। তারপর আকাশের ফ্ল্যাটেই দু’জনে মিলে কেক কাটে, খাওয়া-দাওয়া আর গল্প করে সারা সন্ধে কাটিয়ে দিয়েছিল। আসলে গুঞ্জা কেদেঁছিল অন্য কারণে। আকাশের ভীষণ পড়ার শখ। আর সেই শখ মেটানোর জন্য অতটুকু ফ্ল্যাটেও ছোট ঘরটাকে লাইব্রেরি-কাম-স্টাডি বানিয়েছিল আকাশ। টু-রুম ফ্ল্যাট হয়ে গিয়েছিল সিংগল রুম ফ্ল্যাট। অফিস থেকে ফিরে বা গুঞ্জা না থাকাকালীন সময় পেলেই আকাশ বই পড়ত। প্রচন্ড ভালবাসে আকাশ পড়তে। যা পায় তাই নিয়ে পড়ে। আর গুঞ্জাকে গল্প করে সেই সব নিয়ে। গুঞ্জা তো মাঝে-মাঝেই ‘পণ্ডিতদা’ বলে ক্ষ্যাপায় আকাশকে। সত্যি খুব জানার নেশা আকাশের।
বিষয়েরও কোনও বাছ-বিচার নেই। ছোটবেলা থেকেই ও এরকম। তাই পড়ার অভ্যোসটা ছাড়েনি কোনদিন। তাই সেদিন যখন নিজের প্রাণের চেয়ে প্রিয় বইগুলোকে বাক্সবন্দি করে বারান্দায় সরিয়ে রেখে ওই ঘরটা কে শুধু রং-তুলি আর ইজেল-ক্যানভাসে ভরিয়ে উপহার দিয়েছিল গুঞ্জাকে, তখন আর গুঞ্জা নিজেকে ধরে রাখতে পারেনি। নিজের সবচেয়ে প্রিয় জায়গাটা গুঞ্জার জন্য ছেড়ে দিয়েছে আকাশ। এটা ভেবেই ও অভিভূত হয়ে যাচ্ছিল। এত ভালবাসা পাওয়ার কি যোগ্য ও? সন্মান রাখতে পারবে তো এই ভালবাসার? কী দিতে পেরেছে ও আকাশকে? গুঞ্জা সেদিন ভয়ও পেয়েছিল খুব। পাগল প্রেমিকদের নিয়ে সবসময়ই ভয় থাকে প্রেমিকাদের। কখন যে কী করে বসে।
মা চলে যাওয়ার পর আরও বেশি করে পড়তে শুরু করে দিয়েছিল আকাশ। এই একটা জিনিস দিয়েই সব ভুলে থাকা যায়। তবে পড়াশোনায় কিন্তু কোনদিনই কিছু অসাধারণ ছিল না আকাশ। সম্মানজনক নম্বর পেয়ে পাশ করেছে চিরকাল। চাকরি পেয়েছে। ব্যস। সংসারের হাল ধরেছে। হাল ধরেছে বলা ভুল হবে। সংসারের চেহারাও বদলে দিয়েছে। আরও চারটে ভাই-বোন আর বাবা। ভাই-বোনেদের মধ্যে বয়সের পার্থক্য দু-তিন বছর করে। সকলের সব দায়িত্ব দাদার। আর দাদাও হাসিমুখে সেই দায়িত্ব পালন করে যাচ্ছে আজ পাঁচ বছর ধরে। কতটাকা মাইনে পেত আকাশ যখন চাকরি শুরু করেছিল? নিজের পড়ার লোনের বোঝাও ছিল সঙ্গে। সব ম্যানেজ করে আজ এই জায়গায় দাঁড় করিয়েছে সকলকে। পুরো পরিবারকে। সকলে খুশি, তাই আকাশও খুশি। আর সকলের পর গুঞ্জা তো আছেই, খুশির সবচেয়ে বড় কারণ।
তবে গুঞ্জার ভয়ের মতো পাগলামি কোনদিনই আকাশ করেনি। তবে আজ ভীষণ পাগল-পাগল লাগছে আকাশের। বিশ্বাসই করতে পারছে না। গুঞ্জার সঙ্গে ফুলশয্যা হতে চলেছে ওর। কিন্তু স্বপ্ন ছিল এই দিনটাকে ঘিরে ওদের। কত গল্প করেছে। দু’জনে এই নিয়ে। গুঞ্জার খুব ইচ্ছে ছিল ওদের ফুলশয্যাটা হিন্দি সিনেমার মতো হোক। মানে সেই দারুণ সুন্দর ফুল দিয়ে সাজানো খাট, রোম্যান্টিক ল্যাম্পের আলোয় ভরপুর ঘর, খাটের পাশে টেবিল ল্যাম্প, সব মিলিয়ে যেমন হয় আর কী। আর সমস্ত গয়না আর সাজে বেশ ‘দুলহন’ সেজে, হাঁটুর উপর হাতে রেখে, ঘোমটায় মুখ ঢেকে বসে থাকবে গুঞ্জা। আকাশ বেশ দরজা খুলে ঢুকে একটা অতি আত্মবিশ্বাসী হাসি হেসে দরজা বন্ধ করে ধীরে-বীরে গুঞ্জার সামনে এসে বসবে। আস্তে-আস্তে ঘোমটা সরিয়ে নতুন বউয়ের মুখ দেখবে আর তারপর একটা দীর্ঘ চুম্বন। আকাশ জানে দরজার ওপাশে গুঞ্জা আজ ঠিক ওইভাবেই বসে আছে আকাশের অপেক্ষায় !
দরজার সামনে দাঁড়িয়ে একবার চশমা, চুল, পাঞ্জাবি সব ঠিকঠাক করে নিয়ে সেই স্বপ্নের দরজা খুলে ঢুকল আকাশ। আত্মবিশ্বাস আছে ঠিকই, কিন্তু মনের মধ্যে কেমন যেন একটা ভয়-ভয় মতো ভাব। কারণটা আকাশ কিছুতেই বুঝতে পারছে না, তাই ঝেড়ে ফেলল এই বোকা-বোকা ভাবনাটাকে মন থেকে। আজ শুধু আনন্দের দিন। সোহম দূর থেকে দাদাকে দেখছে। আকাশ ঘরের ভিতর ঢুকল। ঠিক যা-যা যেমনভাবে দেখবে বলে আশা করেছিল, সব ঠিক তেমন ভাবেই রয়েছে। গুঞ্জার মনের মতো করে সাজিয়েছে আকাশ ওদের এই স্বপ্নের ফুলশয্যাকে। গুঞ্জাও ঠিক তেমনিভাবে ঘোমটা দিয়ে হাঁটুর উপর হাত রেখে বসে রয়েছে। আকাশ ঠিক গুঞ্জার স্বপ্নের মতো ধীর পায়ে গিয়ে বসল খাটের উপর, গুঞ্জার ঠিক সামনে। ঘোমটাটা আস্তে-আস্তে তুলাল গুঞ্জার মুখের উপর থেকে। ইস, কেন যে এত মিষ্টি গুঞ্জাটা? একটু কমও তো হতে পারত। আর কত ভালবাসবে ওকে? এতপর তো ভালবাসাই কম পড়ে যাবে! তাও একটাই নিশ্চিন্তি যে ভালবাসা কখনও কম পড়ে না। গুঞ্জা লিপস্টিক মুছে ফেলেছে। আকাশ জানত গুঞ্জা এটাই করবে, তাই হেসে ফেলল।
গুঞ্জা বলল, “তোমার সুবিধের জন্যই তো করেছি।” আকাশও লাজুক হেসে বলল, “থ্যাঙ্ক ইউ।” গুঞ্জার বাঁ গালটাকে ডানহাত দিয়ে ধরে যখন ধীরে-ধীরে আকাশের ঠোঁটটা গুঞ্জার দিকে এগোচ্ছে তখন গুঞ্জা বলে উঠল, “আজ চশমাটা খুলতে পার।” বলেই দু’জনে প্রচণ্ড হাসিতে ফেটে পড়ল। হাসি থামার পর মনের সুখে দু’জনে দু’জনকে চুমু খেল। যেন এই শেষ সুযোগ। তারপর...
আকাশ ঘরে ঢ়োকার পরই সোহম ডাক্তারকে ফোন করে দিয়েছিল। নার্স তো আগে থেকেই ঘরে ছিলেন, আধঘণ্টা পর ডাক্তার মল্লিক পৌঁছন সোহমদের বাড়ি। আকাশের ঘরের দরজা খুলে দেখা যায় আকাশ খাটের সামনে অজ্ঞান হয়ে পড়ে আছে। বুকে জড়ানো ওদের বিয়ের একটা ছবি। ডাক্তারই ছবিটা খাটের পাশের টেবিলে রাখতে নির্দেশ দিয়েছিলেন সোহমকে। ডাক্তার সোহমকে বললেন, “কাল সকালে আকাশ কীরকম থাকে তারপর নির্ভর করবে আমাদের পরবর্তী ট্রিটমেন্ট। তবে আমার মনে হচ্ছে ভায়োলেন্সটা বোধ হয় আর থাকবে না। এত বড় একটা স্বপ্ন অপূর্ণ ছিল তো। তার উপর নিজের সবচেয়ে কাছের মানুষকে হারিয়েও সেটা না মানতে পারা। এই সবই আকাশের এই প্রচণ্ড মানসিক ভারসাম্যহীনতার কারণ।
আশা করা যায় এবার ওকে ধীরে ধীরে সুস্থ জীবনে ফিরিয়ে আনা যাবে। থ্যাঙ্কস টু ইউ সোহম। তুমি তোমার দাদার জন্য যা করেছ, তার কোনও তুলনা হয় না। যাই হোক, আমি অ্যাম্বুলেন্স সঙ্গেই এনেছি। সিস্টার তো আছেনই। আমরা আকাশকে নিয়ে যাচ্ছি। ইঞ্জেকশন তো দেওয়াই হয়েছে, কাজেই চিন্তার কিছু নেই। তুমি এবার নিশ্চিন্তে ঘুমোতে যাও। কাল সকালে বরং আমায় একটা ফোন করে হাসপাতালে চলে এস...” সোহম মাথা নেড়ে সম্মতি জানাল।
জামাকাপড় পাল্টে বিছানায় শুয়ে পাঁচ বছর আগের সমস্ত স্মৃতি ওর চোখের সামনে ভেসে উঠল। চোখ জলে ভরে গেল। মনে পড়ল গুঞ্জা বউদির ওদের বাড়িতে বউ হয়ে হয়ে ঢোকা। বউভাতের দিন সকালে ভাতকাপড়ের অনুষ্ঠানে দাদাকে প্রণাম করা নিয়ে বউদির সঙ্গে কত মজা করেছিল ওরা। বউদিও সেরকমই ছিল। একেবারে ওদের মনের মতো।
বউদি প্ৰণাম করবেই আর দাদা প্ৰণাম নেবে না বলে সারা বাড়ি ছুটে বেড়াচ্ছে। বাড়ির সকালে সেদিন কত খুশি ছিল। স্বাভাবিক। বাড়ির বড় ছেলের বিয়ে বলে কথা। তার ব্যাপারই আলাদা। দাদার ইচ্ছে ছিল ফুলশয্যাটা দাদার ওই ছোট ফ্ল্যাটেই হোক। সেই মতোই সমস্ত ব্যবস্থা হয়েছিল। বউদিকে নিয়ে সোহমের মাসতুতো বউদি রুনু গিয়েছিল বিউটি পার্লারে। ছটার মধ্যে বউ নিয়ে ওয়েডিং হলে পৌঁছনোর কথা ছিল। কিন্তু পৌঁছেছিল বউদির রক্তাক্ত মৃতদেহ। রুনু বউদি স্বাভাবিক হওয়ার পর জানা গিয়েছিল, গাড়িটা যখন আনন্দপুরের পাশ দিয়ে ফিরছিল তখন হঠাৎই ওদের গাড়ির পাশ দিয়ে দুটো বাইকে কয়েকজন দুষ্কৃতী নিজেদের মধ্যে গুলি চালাতে থাকে। বউদিরা প্রথমে কিছুই বুঝতে পারেনি। কীসের আওয়াজ তাও বোঝেনি, কারণ গাড়ির কাচ তোলা ছিল। গুঞ্জা বউদি কী ভেবে যেন জানলার কাচ খুলে দেখতে চেয়েছিল কী হচ্ছে আসলে বাইরে। ঠিক তখনই একটা গুলি ছুটে এসে লাগে বউদির বুকের বা দিকে।
ড্রাইভার মাথা ঠান্ডা রেখে সঙ্গে-সঙ্গে স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়েছিল, কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গিয়েছিল। দাদা বউদির ওই রক্তাক্ত দেহ দেখেই অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফেরার পর থেকেই সম্পূর্ণ উন্মাদ। এতবছর ধরে আকাশ অ্যাসাইলামে ছিল। সোহম অনেক খুঁজে গুঞ্জা আর আকাশের ডায়রি খুঁজে বের করে। সেই ডায়রি পড়েই ওদের এইসব স্বপ্নের কথা ও জানতে পারে আর তক্ষুণি ও সব জানায় ডাক্তার মল্লিককে। এক বছর ধরে নানা পরিকল্পনা করে আজকের এই নাটক উপস্থাপন করা হয় আকাশের সামনে। আকাশকে নিজের ভূমিকায় অভিনয় করাতে যে কীভাবে তৈরি করা হয়েছে এই এক বছর, তা শুধু সোহম আর ডাক্তারই জানেন। সাহায্য করেছে শুধু একটা নাম, ‘গুঞ্জা’।
ডাক্তারবাবু বলেছিলেন যে গুঞ্জাকে একদম নিজের করে পাওয়ার এই স্বপ্নটা যতদিন না পূরণ হচ্ছে ততদিন ওর এই অস্বাভাবিক উন্মাদনা হয়তো সংযত হবে না। তাই দু’জনের চেষ্টায় এই নাটকটা আজ উপস্থাপিত হয় আকাশের সামনে। এখন সোহম অপেক্ষা করছে কাল সকালের জন্য। যদি দাদাকে আবার সুস্থ দেখতে পায়! তা হলে বোধ হয় একটু শান্তি পাবে। এই চৌত্ৰিশ বছরের জীবনে দাদা ওদের জন্য আর ওদের পরিবারের জন্য যা করেছে তা বোধ হয় জীবন দিয়েও শোধ করা যায় না। দাপটের সঙ্গে আর হাসিমুখে সব দায়িত্ব পালন করে গেছে। গুঞ্জা বউদির ভালবাসাই তো ওকে এত জোর দিয়েছিল। তাই সেই দাদার সুস্থতা কামনায় এইটুকু কিছুই নয়। বাড়ির বড় ছেলে, যে কিনা সকলের ভরসা, সে এরকম বন্ধ উন্মাদ হয়ে হাসপাতালে থাকলে বাড়ির যে কী অবস্থা হয়, সেটা বলে বোঝানো যাবে না। কাল আবার দাদাকে হয়ত আগের মতো সুস্থ দেখতে পাবে, এই আশাতেই সোহম চোখ বুজল... যদি ঘুম আসে।
(সমাপ্ত)
----------
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now