চাল চোর ও আমার স্বপ্ন "মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ফরহাদ নানা (০ পয়েন্ট)
X
চাল চোর নামক নূতন এক প্রজাতির উদ্ভব হইয়াছে।ইহাদের উদ্ভাবনের খবরে তামাম ফেসবুক জগতে ঝড় উঠিয়াছে।সেই ঝড়ের দাপটে এই অধম ঘুমাইতে পারিতিছিনা।আমার মন-মস্তিষ্কে কেবলই প্রশ্ন জাগে-ইহারা কারা?শুনিয়াছি-তাঁহারা দেখিতে মনুষ্য প্রজাতিরই মতন।তাহাদের দুই হস্ত,দুই পদ,দুই কর্ণ,মুখমন্ডলে একটি নাসিকা প্রভৃতি রহিয়াছে।তাহাদের কতকের প্রকাশিত আলোকচিত্র সংবাদযোগে দেখিয়াছি।দেখিলাম,তাহারা ব্যাপক খুশী।"চাল চোর" বলিয়া তাহাদের আখ্যা দেয়া হইলেও, তাহারা হাস্যোজ্জ্বল বদনে প্রকাশিত হইয়াছেন।
তাহারা কি কোন মহাপুরুষ?নাকি কোন দেবতা?নাকি ভিনগ্রহের কোন প্রাণী?
এমন সব ভয়ংকর চিন্তা ভাবনা করিতে করিতে ঘুমাইয়া পড়িয়াছিলাম।স্বপ্নে দেখিলাম-এক 'চাল চোর' আমার দাঁড়ি ধরিয়া টান মারিল?
আমি বলিলাম-আপনাদিগকে সালাম,হে মহান চাল চোর বর্গ?
তাহারা সংখ্যায় অগণিত।সকলে পরস্পর মুখ চাওয়া-চাওয়ি করিতেছে।
তারপর তাঁহাদের সর্দার আগাইয়া আসিলেন।বলিলেন-বঙ্গ ভূমিতে তুমিই একমাত্র আমাদিগকে সম্মান করিলে।তোমাকে উপযুক্ত বর দিব।
তাহার পূর্বে আমাদিগের জন্য একটা কাজ করিতে হইবে।
আমি উৎসাহের সহিত বলিলাম-"কি কাজ?"
সর্দার হাঁকাইলেন-"বঙ্গে আমাদের আদর্শ প্রচার করিবে।লোকে না বুঝিয়াই ইহাকে গালমন্দ করে,তামাশা করে।তোমার কাজ হইবে,আমাদিগের এ মহান কর্ম লোকজনকে যুক্তি দিয়া বুঝাইবে।"
আমি চুপ মারিয়া গেলাম।সর্দার চিৎকার করিলেন।
"পারিবে না?"
"পারিব।আলবৎ পারিব।শতবার পারিব।"
অতঃপর তাহাদের চরণ ধূলি লইলাম।তাহারা চলিয়া গেলেন।
আমি বিড়বিড় করিতে লাগিলাম-"চাল চোর -জিন্দাবাদ!'
নিদ্রাভঙ্গ হইল।জাগিয়া উঠিয়া স্বপ্নপ্রাপ্ত দায়িত্ব সমন্ধে সজাগ হইলাম।
মাথার ঘাম পায়ে ফেলিয়া তিনখানা যুক্তি 'চাল চোর' আদর্শের অনূকুলে পেশ করিতেছি----
যুক্তি নং ১ঃ- আমরা সকলেই চোর।প্রেমিক প্রেমিকার মন চুরি করিয়া থাকে।কই তাহাকে কেহ ত মন্দ বলে না?বরং,আয়েশ করিয়া তাহা উপভোগ কর।
যুক্তি নং ২ঃ-কেহ যদি আমার ফেসবুক স্ট্যাটাস শেয়ার করে,আমি ত তাহাকে চুরি বলিব না।স্ট্যাটাস যেমন করিয়া শেয়ার করিয়া রাখা যায়,অনলি মি করিয়া রাখা যায়-তেমন করিয়া চাল অনলি মি করিয়া রাখার নাম চুরি হইবে কেন?অনেকে বলিবেন -চাল ত সরকারের।তাহা কেন অনলি মি করিয়া রাখা হইবে?
আমি ইহার কোন উত্তর করিব না।
কেননা,ইহা ফালতু প্রশ্ন।
যুক্তি নং ৩ঃ-যুক্তি নং ১কে, যুক্তি নং ২ দ্বারা ভাগ করিয়া দিলেই যুক্তি নং ৩ পাইবেন।
আজ তাহলে যাই।
চাল চোর-জিন্দাবাদ।
বি.দ্রঃ-আমার কাছে চাল চোর' বলিয়া খ্যাত মহাপুরুষদিগের পদ ধূলি সংরক্ষিত আছে।ইহা স্বপ্নে প্রাপ্ত।চাইলে যে কেহই নিতে পারিবেন।
যাহার লাগিবে এই অমূল্য, ঔষধ বিশেষ,মহারত্ন, ধনরাজি-জাস্ট ইনবক্স মি।
আগে চাহিলে, আগে পাইবেন।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now