বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
৩
অফিসের টেবিলে বসে কয়েকদিনের হিসেব-নিকেশ করছিল আহমদ মুসা।
তার অফিসটা রোমেলী দুর্গের পশ্চিম টাওয়ারের আন্ডারগ্রাউন্ডে। সেখানে তিনটি গোপন ফ্লোর রয়েছে। টপ ফ্লোর, সেকেন্ড ফ্লোর এবং বটম ফ্লোর। এই তিনটি ফ্লোর নিয়েই ওআইসি’র ‘আইআরটি’ অর্থাৎ ‘ইন্সটিটিউট অব অ্যাডভান্সড রিসার্চ এন্ড টেকনোলজি’র অফিস। ফ্লোরগুলো টপ থেকে বটমের দিকে ক্রমশ বড় হয়েছে। দুর্গের পশ্চিম টাওয়ারটি দুর্গ-অঞ্চলের সবচেয়ে উঁচু পাহাড়ের মাথায়। টাওয়ার-ফ্লোরের দশ ফিট নিচে টপ ফ্লোর। এই ফ্লোরের আয়তন সাড়ে তিন হাজার ঘন ফিটের মতো। এর নিচের সেকেন্ড ফ্লোরটির আয়তন টপ ফ্লোরের দ্বিগুণেরও বেশি অর্থাৎ প্রায় আট হাজার ঘন ফিট। কিন্তু বটম ফ্লোরটি বলা যায় একটা মাঠের মতো। আয়তন বিশ হাজার ঘন ফুট। এই তিনটি ফ্লোরের টপ ও সেকেন্ড ফ্লোর নির্মিত হয়েছে ১৪৫২ খৃস্টাব্দে। দুর্গটি নির্মিত হয় সুলতান দ্বিতীয় মুহাম্মদের দ্বারা। আর বিশ হাজার ঘন ফিটের বটম ফ্লোরটি নির্মাণ করেছে ওআইসি’র ইঞ্জিনিয়াররা। তিন ফ্লোরের টপ ফ্লোরে বিজ্ঞানীদের পার্সোনাল ফ্ল্যাট। সেকেন্ড ফ্লোরটি রিসার্চ সেন্টার এবং লাইব্রেরী। আর বটম ফ্লোরটি ল্যাবরেটরী ও টেস্ট সেন্টার।
বিজ্ঞানীদের সাথে আহমদ মুসার অফিসও সেকেন্ড ফ্লোরে।
ফ্লোরটির ঠিক মাঝখানে লাইব্রেরী। বৃত্তাকার লাইব্রেরীর চারদিকের বহির্দেয়ালে রয়েছে ছয়টি দরজা। এই ছয়টি দরজা ছয়টি রিসার্চ কমপ্লেক্সে ঢোকার পথ। একেকটি কমপ্লেক্সে বিজ্ঞানীরা এককভাবে বা যৌথভাবে কাজ করেন। এই ফ্লোরে ছয়টি রিসার্চ কমপ্লেক্স ছাড়াও প্রশাসনিক ও নিরাপত্তা কক্ষ রয়েছে।
ওআইসি’র এই ‘আইআরটি’তে আহমদ মুসা রেসিডেন্ট ডাইরেক্টর (আরডি)-এর চাকরি নিয়ে এসেছে। জেনারেল তাহির তারিকের নেতৃত্বে তিন সদস্যের যে সেল এই ইন্সটিটিউট পরিচালনা করে, তাদের কেউ এখানে থাকেন না। ডাইরেক্টর ম্যানেজমেন্ট (ডিএম) একজন আছেন। তিনি প্রশাসনিক বিষয়গুলো দেখেন। আর প্রজেক্টের প্রধান বিজ্ঞানী ‘চ্যান্সেলর অব আইআরটি’ হিসেবে সমগ্র রিসার্চ উইং পরিচালনা করেন। আহমদ মুসার নতুন চাকরিতে তার নতুন নাম হয়েছে খালেদ খাকান। তার পরিচয়, মধ্য এশিয়া অঞ্চলের বিজ্ঞানের একজন অধ্যাপক।
আহমদ মুসা বিজ্ঞানীদের সাথে থাকার জন্যে টপ ফ্লোরে একটা ফ্ল্যাট পেয়েছে। অবশ্য আহমদ মুসা রোমেলী দুর্গের উত্তর পাশে আরও উঁচু একটা পাহাড়ে বাসা ভাড়া নিয়েছে। ইচ্ছেমতো দু’জায়গাতেই সে থাকে।
কাজে যোগ দেয়ার পর বেশ কয়দিন পার হয়ে গেছে আহমদ মুসার।
এই কয়েকদিনের হিসেব একসাথে তার সামনে এসেছে মালার মতো সারিবদ্ধভাবে সাজানো পুঁথির আকারে।
আহমদ মুসা নিশ্চিত হয়েছে যে, বাইরের কেউ আইআরটি’র প্রশাসনিক বিভাগের কম্পিউটার নেটওয়ার্কের একটা কম্পিউটারে ‘প্রজেক্ট রেকর্ড’ ফাইলের আইডি ও পাসওয়ার্ড খুঁজেছে। কম্পিউটারের প্রসিডিংস মনিটরে দেখা গেছে, অজ্ঞাত সেই লোকটি দশ জোড়া আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করেছে। কম্পিউটারের ইমেজ আইতে লোকটির ছবি আসার কথা, কিন্তু আসেনি। অতি চালাক লোকটি মুখোশ পরা ছিল। কিন্তু কম্পিউটারের ক্যারেক্টার মনিটর থেকে জানা গেছে, লোকটি তার কম্পিউটার ব্যবহারের গোটা সময়ের সত্তর ভাগ বাম হাত ব্যবহার করেছে। তার অর্থ, লোকটি বাঁ-হাতি। খুশি হয়েছে আহমদ মুসা। এসব তথ্য কম মূল্যবান নয়।
কার্যত সর্পদংশনে মারা যাওয়া লোকটির ব্যাপারেও আহমদ মুসা বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করেছে। আহমদ মুসা লোকটির মেডিক্যাল রিপোর্ট পরীক্ষা করে নিশ্চিত হয়েছে, তার দেহে যে বিষ পাওয়া গেছে, তা নিঃসন্দেহে সাপের বিষ। কিন্তু আহত স্থানটি সর্পদংশনের ক্ষত নয়। এটা সন্দেহ নয়, সত্য। তবে ঐ ক্ষত সৃষ্টি করেই তার মাধ্যমে রক্তে সাপের বিষ ঢুকানো হয়েছে। এক্ষেত্রে যে প্রশ্নটি আহমদ মুসাকে উদ্বিগ্ন করেছে, সেটা হলো তার দেহে এই ক্ষত সৃষ্টিটি কে করল? কোন অপরিচিত লোকের পক্ষে এতো ঘনিষ্ঠ হয়ে ঐ ধরনের আঘাত করার সুযোগ নেয়া সম্ভব নয়। দুর্গের সেনা-নিরাপত্তা ডিঙানোর প্রশ্ন তো আছেই। এ থেকে এটাই স্বতঃসিদ্ধ হয়ে ওঠে যে, আঘাতকারী লোকটি নিহত নিরাপত্তা গোয়েন্দার খুবই পরিচিত বা আস্থাভাজন এবং সেনা-নিরাপ ত্তা কর্মীদেরও পরিচিত কেউ। তাহলে সে কি ভেতরের না বাইরের পরিচিত কেউ?
তারপর তদন্তের জন্যে নিযুক্ত একজন নিরাপত্তা গোয়েন্দার বসফরাসে ডুবে মরার ঘটনাটিও আহমদ মুসা অনুসন্ধান করেছে। তার পোস্টমর্টেম রিপোর্ট দেখেছে আহমদ মুসা। ওতে সন্দেহের মতো কিছুই সে দেখেনি। একজন স্রেফ ডুবে মরেছে। ঐ দুই নিরাপত্তা গোয়েন্দা যে ফ্ল্যাট দু’টিতে এসে উঠেছিল, সেখানেও গেছে আহমদ মুসা। একসাথে থাকতো ওরা। আহমদ মুসা ওদের ব্যবহৃত বই-পুস্তক, কাগজপত্র, কম্পিউটার সবই পরীক্ষা করেছে। তাদের কম্পিউটারের গোপন ফাইলে আহমদ মুসা তাদের ডেইলি নোটস পেয়েছে। ডেইলি নোটসে শেষ পর্যন্ত সন্দেহ করার মতো কিছু পাচ্ছে না বলে লিখেছে। তবে ডেইলি নোটসে দু’জনেই একটা কথা লিখেছে, ‘সিক্সথ সেন্স’ এর কথা বার বারই বলেছে, আমরা সব সময় কারো নজরের মধ্যে রয়েছি। সুতরাং, আমরা হাওয়ায় ঝাণ্ডা উড়াচ্ছি না। এখন কাজ হলো, চোখের আড়ালের এই শত্রুকে চোখের সামনে নিয়ে আসা। কিন্তু সে সময় তাদের দেয়া হয়নি। আহমদ মুসা গোয়েন্দাদ্বয়ের এভাবে মরার ঘটনা অনুসন্ধান করা থেকে একটা কথাই বুঝল যে, আহমদ মুসাও কারো না কারো নজরের মধ্যে রয়েছে। আহমদ মুসা ওআইসি ও টার্কি গোয়েন্দাদের গঠিত পাঁচ সদস্যের যৌথ তদন্ত টিমের নিরুদ্দেশ হয়ে যাবার ব্যাপারেও অনুসন্ধান করেছে। কিন্তু সামনে এগোবার মতো কোন ক্লু এখনো পায়নি। শেষ একটা ব্যবস্থা হিসেবে তারা তদন্ত কাজে নিযুক্ত হবার পর তাদের মোবাইল বা ল্যান্ড টেলিফোনে যে কলগুলো করেছে কিংবা যে কলগুলো তারা রিসিভ করেছে, তার একটা নির্ঘণ্ট এবং কথা-বার্তার রেকর্ড আহমদ মুসা টার্কিশ গভর্নমেন্টের কাছে চেয়েছিল। সেই রেকর্ডগুলোই এখন তার সামনে। বহুক্ষণ ধরে এই রেকর্ডগুলোই পরীক্ষা করছিল আহমদ মুসা। কিন্তু নতুন কোন ক্লু পায়নি। পাঁচ সদস্যের তদন্ত টিমের নেতা মেজর ইমাম সেদিন টেলিফোন করে অন্য চার সদস্যকে ডেকে নিয়েছিল এবং একত্রিত হয়ে কোথাও বেরিয়েছিল। তারপরেই অন্তর্ধান। ডেকে নেয়ার সময়ের কথা-বার্তা থেকে কোথাও একসাথে বের হবার আহবান ছাড়া আর কিছুই মেলেনি। কোথায় বেরিয়েছিল তারা, এ প্রশ্নের জবাব খোঁজারও চেষ্টা করেছে আহমদ মুসা। তাদের অফিসের গার্ডবয় একজন তুর্কি যুবক। তাকে জিজ্ঞাসাবাদ করে আহমদ মুসা জানতে পেরেছিল, তারা পাঁচজন একটা গাড়িতে উঠেছিল। ড্রাইভিং সিটে বসেছিল মেজর ইমাম। তিনি তুর্কি সেনা গোয়েন্দার কাউন্টার ইন্টেলিজেন্সের একজন তুখোড় অফিসার। পাঁচ সদস্যের টিমেরও তিনি প্রধান। তিনি গাড়ি স্টার্ট দেবার আগে সাথীদের দিকে তাকিয়ে বলেছিলেন, রোমেলী দুর্গের ওপরে উত্তর পাশে ‘আলালা’ পাহাড়ের ‘সরাই’তেঁ আমরা যাব। আমাদের গোয়েন্দা সূত্র কিছু তথ্য দিয়েছে। এরপর তাদের গাড়ি স্টার্ট নিয়ে চলে যায়। এটাই তাদের শেষ যাওয়া। গার্ড যুবকের কাছে এই তথ্য জানার পর আহমদ মুসা আলালা পাহাড়ের ‘সরাই’তে গিয়েছিল। ‘সরাই’ আলালা পাহাড়ের একটি ট্যুরিস্ট ভিলা। এতে ছোট-বড় বেশ কয়েকটি ফ্ল্যাট আছে। ফ্ল্যাটগুলো সব ভাড়ায় চলে। আহমদ মুসা দেখেছে, ট্যুরিস্ট, নন-ট্যুরিস্ট সব ধরনের লোকই ‘সরাই’তেঁ রয়েছে। ‘সরাই’-এর বৈশিষ্ট্য হলো, এর দক্ষিণ ও পশ্চিম অংশের কিছু ফ্ল্যাট থেকে রোমেলী দুর্গের প্রায় গোটাটাই দেখা যায়। আহমদ মুসা এই সরাইয়ের দক্ষিণ-পশ্চিম সন্ধিস্থলের একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে। এই ফ্ল্যাট থেকে দূরবীনে রোমেলী দুর্গের পশ্চিম টাওয়ারসহ দুর্গের অনেক অংশ বিশেষ করে পশ্চিম অংশ নিখুঁতভাবে দেখা যায়। আহমদ মুসা এই ফ্ল্যাটে প্রতিদিনের একটা অংশ কাটায়।
আহমদ মুসা রোমেলী দুর্গে গিয়ে পাঁচ সদস্যের গোয়েন্দা টিমের সেখানে তদন্তে যাওয়ার কোন হদিসই বের করতে পারেনি। ঐ পাঁচ সদস্যের গোয়েন্দা টিমের মেজর ইমাম কোন এক গোয়েন্দা সূত্র থেকে সরাইতে যাওয়ার ব্যাপারে একটা তথ্য পেয়েছিল। কি তথ্য পেয়েছিল, এটা জানার চেষ্টা করেছে আহমদ মুসা তুরস্কের সামরিক গোয়েন্দা বিভাগ থেকে। কিন্তু বিস্ময়ের ব্যাপার, সামরিক গোয়েন্দা বিভাগ থেকে ঐ দিন, ঐ সময় দূরে থাক, তদন্ত টিমে যোগ দেয়ার পরও কেউই সরাসরি মেজর ইমামের সাথে কথা বলেনি। কারণ, তদন্ত টিমটি তুর্কি সামরিক গোয়েন্দা বিভাগের অধীন নয়, এটা সরাসরি ওআইসি সিকিউরিটি চীফ জেনারেল তাহির তারিকের অধীন। এ ধরনের তদন্ত টিম যে গঠিত হয়েছে এবং তাতে মেজর ইমাম যোগ দিয়েছে, এ তথ্য তুর্কি সামরিক গোয়েন্দার শীর্ষ ব্যক্তি, তুর্কি প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট ছাড়া আর কেউ জানেই না। সুতরাং তদন্তের ব্যাপারে ঐ ধরনের টেলিফোন মেজর ইমাম পাওয়ার প্রশ্নই উঠে না। আহমদ মুসা নিশ্চিত বুঝেছে, তদন্ত টিমকে ট্র্যাপে ফেলতে শত্রুপক্ষেরই টেলিফোন ছিল ওটা। এই চিন্তা থেকে আহমদ মুসা নিশ্চিত হয় যে, তদন্ত টিম গঠনের কথা এবং কাদের নিয়ে গঠিত হয়েছে সে কথা শত্রুপক্ষ জানতে পেরেছিল এবং সেই সাথে তারা জানে তুর্কি সামরিক গোয়েন্দা বিভাগের চলমান ‘আইডেন্টিফিকেশন কোড’। তার মানে, তুর্কি সামরিক গোয়েন্দা বিভাগে কোন গুরুত্বপূর্ণ পর্যায়ের কারো সাথে তাদের সম্পর্ক রয়েছে। কিন্তু এই প্রশ্নটি আহমদ মুসার কাছে পরিষ্কার হয়নি, তারা তদন্ত টিমকে সরাই’তে ডেকেছিল কেন? এই প্রশ্নের সন্ধানেই আহমদ মুসা সরাইয়ের সাথে সম্পর্ক রাখার একটা ব্যবস্থা করেছে।
ভাবনায় ডুবেছিল আহমদ মুসা। তার সামনে খোলা টেলিফোন মনিটরিং ডকুমেন্টের ফাইলটা। ফাইলটা বন্ধ করল আহমদ মুসা। নতুন একটা হিসেব তার সামনে এসে গেল।
বাইরের কে বা কয়জন কিভাবে গবেষণাগারে প্রবেশ করেছিল, কিংবা সে যদি পরিচিত কেউ বা ভেতরের কেউ হয়, তাহলে সে কে? যতটা অনুসন্ধান করতে পেরেছে, তাতে জেনেছে বাইরের কোন লোক ভেতরে প্রবেশের প্রশ্নই ওঠে না। পাঁচ জন বিজ্ঞানী, ডাইরেক্টর ম্যানেজমেন্ট এবং ভেতর ও বাইরের দু’জন সিকিউরিটি ছাড়া বাইরের কারও প্রবেশাধিকার নেই। কিন্তু বাইরের বা ভেতরের কেউ এটা করেছে। আচ্ছা, গোপন তদন্তে নিয়োজিত দু’টি গোয়েন্দা টিমের খবর ওরা পেয়েছিল কি করে? এটা তো কোন ঘোষিত তদন্ত ছিল না? এমনকি বিষয়টি এ প্রতিষ্ঠানেরও কাউকে জানানো হয়নি! তাহলে শত্রুপক্ষের বড় কোন সোর্স এ পক্ষের কোথাও আছে। আর দুই তদন্ত টিম টার্গেট হলো এটা ঠিক আছে, কিন্তু সিকিউরিটির লোকটি টার্গেট হলো কেন? অন্য কেউ নয় কেন? কোন কিছু জেনে ফেলার জন্যে তাকে মারা হয়েছে, না পথের বাঁধা দূর করার জন্যে তাকে মারা হয়েছে?
ফাইল বন্ধ করলেও এসব নতুন চিন্তার মধ্যে ডুবে গিয়েছিল আহমদ মুসা। পায়ের শব্দে মুখ তুলল সে। দেখল, ডাইরেক্টর ম্যানেজমেন্ট (ডিএম) ডঃ আবদুল্লাহ বিন বাজ তার টেবিলের দিকে আসছে।
ডঃ শেখ আবদুল্লাহ বিন বাজ এর অফিস মানে গোটা প্রশাসনিক অফিস এই টাওয়ারের বাইরে, পাশেই। দুর্গের ভেতরেই ওটা নতুন একটা বিল্ডিং। ডঃ আবদুল্লাহ বিন বাজসহ ছোট্ট প্রশাসনিক স্টাফ সেখানেই বসেন। প্রশাসনিক স্টাফদের ভেতর ডঃ আবদুল্লাহ বিন বাজই গবেষণাগারে প্রবেশ করতে পারেন।
ডঃ শেখ বাজ এগিয়ে এসেছে আহমদ মুসার টেবিলের পাশে।
আহমদ মুসা উঠে দাঁড়িয়ে সালাম দিয়ে হ্যান্ডশেক করে স্বাগত জানাল তাকে। বলল, ‘ডঃ বাজ, আমি আপনাকে ডেকেছিলাম, কষ্ট দিয়েছি। প্লিজ বসুন।’
ডঃ বাজ বসতে বসতে বলল, ‘কোন কষ্ট নয় স্যার। এটা আপনার ডিউটি, আমারও ডিউটি।’
ডঃ বাজ ইংরেজিতে জবাব দিল আহমদ মুসার। সে আরবিভাষী, সৌদি। সৌদি আরবের বিখ্যাত বাজ পরিবারের ছেলে। এই বাজ পরিবার বাদশাহ ইবনে সৌদের গুরু শেখ আবদুল ওয়াহাব নজদী পরিবারেরই একটা শাখা। এই পরিবারকে সম্মান করে আহমদ মুসা। আহমদ মুসা খুশি হয়েছে যে, এই পরিবারের ছেলে এই ধরনের একটি দায়িত্ব পাওয়ারই উপযুক্ত।
কিন্তু ডঃ শেখ বাজ জানে না এখানে আহমদ মুসার মিশন সম্পর্কে। রেসিডেন্ট ডাইরেক্টর ছিল না, এখন নেয়া হয়েছে এটাই সে জানে।
‘ধন্যবাদ ডঃ শেখ বাজ। আপনাকে ডেকেছি কারণ আমি আসার পর আপনার সাথে কিছু অফিসিয়াল কথা ছাড়া আর কোন কথাই হয়নি। কেমন আছেন?’ আহমদ মুসা বলল।
‘আলহামদুলিল্লাহ। ভালো স্যার। আপনি কেমন বোধ করছেন? কেমন লাগছে ইন্সটিটিউট? কেমন দেখছেন ইস্তাম্বুলকে?’ বলল ডঃ শেখ বাজ।
হাসল আহমদ মুসা। বলল, ‘আমি খুব ভালো বোধ করছি। ভালো লাগছে সবকিছু।’
‘ধন্যবাদ স্যার। আমরা একটা অস্বস্তিতে আছি। একজন প্রকৌশল বিজ্ঞানী ও একজন সিকিউরিটি অফিসারের পরপর মৃত্যু হলো। মৃত্যুকে সন্দেহজনক মনে করা হলেও তদন্ত এগোতে পারেনি, নিশ্চয় জানেন। এর মধ্যে বড় পদে আপনার আগমন আমাদের আশান্বিত করেছে। ইতোমধ্যেই আপনি একটা উদ্দীপনার সৃষ্টি করেছেন। কি জানি, আমরা আগের চেয়ে অস্বস্তিও যেন কম অনুভব করছি।’ বলল ডঃ শেখ বাজ।
‘ধন্যবাদ। কিন্তু তদন্ত কেন এগোতে পারল না? আপনাদের অভিমত কি?’ আহমদ মুসা বলল।
‘সাধারণ দৃষ্টিতে সবটাই দুর্ভাগ্য বলে মনে হয়। সবগুলো মৃত্যুই দুর্ঘটনা বা স্বাভাবিক কারণে হয়েছে। শুধু শেষ পাঁচ জনের নিখোঁজ হওয়া ছাড়া।’
‘আচ্ছা বলুন তো ডঃ শেখ বাজ, বিজ্ঞানীরা, আপনারা কয়েকজন ও সিকিউরিটি দু’জন ছাড়া ভেতরে আর কেউ কি প্রবেশ করে?’ আহমদ মুসার জিজ্ঞাসা।
ডঃ শেখ বাজ একটু চিন্তা করে বলল, ‘না স্যার, বাইরের অন্য কেউ ভেতরে আসতে পারে না, আসা নিষিদ্ধ।’
‘আচ্ছা, টপ ফ্লোরে রেসিডেন্সিয়াল কোয়ার্টার রয়েছে। যারা ওখানে থাকেন, তাদের কেউ এখানে আসে না?’ আহমদ মুসা বলল।
‘আসার বিধান নেই। তবে বিভিন্নভাবে কেউ কেউ আসেন। যেমন, যে তারিখে আমার বাসায় ফেরার কথা, সেদিন হয়তো আমার স্ত্রী এসে আমাকে নিয়ে গেল। এ ধরনের ঘটনা অন্যদের ক্ষেত্রেও ঘটে। তবে বাইরের এমন কেউ এসে বাস করে না।’ বলল ডঃ শেখ বাজ।
‘এমন যারা আসেন, তারা সেকেন্ড ফ্লোর এবং বটম ফ্লোরে যান কিংবা যেতে পারেন?’
‘বটম ফ্লোরে এমন কেউ এবং অন্য কেউই যেতে পারে না। ইন্সটিটিউটের চ্যান্সেলর প্রধান বিজ্ঞানী ডঃ আমির আবদুল্লাহ আন্দালুসীই শুধু জানেন বটম ফ্লোরে প্রবেশের একমাত্র দরজার ছয়টি ডিজিটাল লকের কোনটি দিয়ে কখন কোন কোড ব্যবহার করে প্রবেশ করা যাবে। তিনিই মাত্র দরজা খোলেন এবং বিজ্ঞানীদের ভেতরে নিয়ে যান। সুতরাং তার দৃষ্টির বাইরে কারও সেখানে প্রবেশ করা সম্ভব নয়। তবে সেকেন্ড ফ্লোরে যাওয়ার ক্ষেত্রে এমন বিধি-নিষেধ নেই। যারা এ ফ্লোরে আসেন, তারা ইচ্ছে করলে সেকেন্ড ফ্লোরে যেতে পারেন।’ বলল ডঃ শেখ বাজ।
আহমদ মুসা মনে মনে ভাবল, সেকেন্ড ফ্লোরে তো মাস্টার কম্পিউটারটা রয়েছে, যেখানে বিভিন্ন বিষয়ের সাথে ইন্সটিটিউটের রিসার্চ ব্লু-প্রিন্টের বিবরণসহ বিজ্ঞানীদের বায়োডাটা ও রিসার্চ স্পেসিফিকেশন রয়েছে। এই কম্পিউটারেই প্রবেশ করতে চেয়েছিল অদৃশ্য অজানা কেউ। এই অজানা কেউ কে হতে পারে? এসব চিন্তা আহমদ মুসার মাথায় বিদ্যুৎ চমকের মতো খেলে গেল। আহমদ মুসা বলল ডঃ শেখ বাজ-এর কথা শেষ হবার পর, ‘এভাবে যারা আসেন বা এসেছেন, তাদের কোন হিসেব এন্ট্রিলগ রেজিস্টারে আছে?’
‘জ্বি স্যার। নিয়ম অনুসারে প্রত্যেকেরই নাম, পরিচয়, দস্তখত এন্ট্রিলগে রয়েছে। এছাড়া ক্লোজ-সার্কিট ক্যামেরা লগের ফটোও আমরা কম্পিউটারে পাব।’
‘ম্যামেরা লগে কি শুরু থেকেই সব ফটো বা দৃশ্য সংরক্ষিত আছে?’
‘অবশ্যই স্যার। শুধু ফাস্ট এন্ট্রি নয় স্যার, প্রত্যেক ফ্লোরেরই আলাদা আলাদা এন্ট্রি ক্যামেরা লগ রয়েছে কম্পিউটারে। এ লগগুলো প্রতি মাসে রুটিন চেক হয়। সম্প্রতি সন্দেহজনক একটা ঘটনা ঘটার পর সবগুলো লগ কমপ্লিট চেক করা হয়।’ বলল ডঃ শেখ বাজ।
‘সন্দেহজনক কি ঘটনা?’
‘মাস্টার কম্পিউটারে সন্দেহজনক সার্চের প্রমাণ পাওয়া গেছে।’
বিষয়টা আহমদ মুসা আগে থেকেই জানে। তার তদন্তের এটাও একটা ইস্যু।
বলল আহমদ মুসা, ‘লগ পরীক্ষা থেকে কিছু পাওয়া গিয়েছিল?’
‘কিছু পাওয়া যায়নি স্যার। অজানা-অপরিচিত কারও প্রবেশের প্রমাণ পাওয়া যায়নি। বিজ্ঞানীদেরও গুরুত্বপূর্ণ অফিসিয়াল কাজের গোপনীয়তার স্বার্থে কক্ষ পর্যায়ে সিসিটিভি ক্যামেরা পাহারায় রাখা হয়নি। সেটা থাকলে গোপনে কে মাস্টার কম্পিউটারে বসেছিল, তা জানা যেত।’ ডঃ শেখ বাজ বলল।
‘ডঃ শেখ বাজ, আমাদের ইন্সটিটিউটের ভেতরে বাইরে সার্বিক নিরাপত্তার ব্যাপারে কি আপনি সন্তুষ্ট?’
‘জ্বি স্যার। বাইরের নিরাপত্তা তুর্কি নিরাপত্তা বাহিনী রক্ষা করে। দুর্গে প্রবেশ তারা নিয়ন্ত্রণ করে। তাদের ক্লিয়ারেন্স ছাড়া ইন্সটিটিউট পর্যন্ত কেউ পৌঁছতে পারে না। ইন্সটিটিউটে প্রবেশের গেট নিয়ন্ত্রণ করে আমাদের একজন সিকিউরিটি অফিসার। পালাক্রমে একজন সিকিউরিটি ইনস্টিটিউটের প্রধান গেট রক্ষা করে। ভেতরের জন্যে একজন সিকিউরিটি অফিসার আছেন। কিন্তু সন্দেহজনক ঘটনা ঘটার পর তাকেও বাইরের নিরাপত্তা রক্ষায় নিয়োগ করা হয়েছে সম্প্রতি। ইনস্টিটিউটের নিরাপত্তার দিকটা আমি মনে করি এই দিক দিয়ে নিশ্চিত।’
‘ঠিক আছে, ডঃ শেখ বাজ। এনট্রান্স লগ এবং সিসিটিভি ক্যামেরা লগ আমার টেবিলে দেবেন। আমিও একটু দেখব।’
বলে আহমদ মুসা ঘড়ির দিকে তাকিয়ে দেখল বেলা তিনটা বাজতে যাচ্ছে।
তারপর আহমদ মুসা তাকাল ডঃ শেখ বাজের দিকে। বলল, ‘ডঃ শেখ বাজ, আমি উঠব।’
‘কোথায় যাবেন স্যার? বাসায়? আপনি তো এ সময় বের হন না।’ বলল ডঃ শেখ বাজ।
‘আমি পুলিশের জোনাল আর্কাইভসে যাব।’
‘আলালা পাহাড়ের আল-আলা পার্কের লাগোয়া যে বড় পুলিশ অফিস ওটায়?’ জিজ্ঞেস করল ডঃ শেখ বাজ।
‘হ্যাঁ’ বলল আহমদ মুসা।
‘আর্কাইভসে কি কাজ?’
‘তেমন কিছু না। সুলতান মুহাম্মদ মটরওয়ে থেকে যে রাস্তা আলালা পাহাড়ের ‘সরাই’ পর্যন্ত এসেছে, সে রাস্তায় গত একমাস ধরে যে সব গাড়ি চলাচল করেছে তার একটা তালিকা দরকার।’
‘সে তো অনেক বড় ব্যাপার! আপনি গোয়েন্দার মতো কথা বলছেন দেখছি! এ দিয়ে কি করবেন?’
হাসল আহমদ মুসা। বলল, ‘এটা ইস্তাম্বুল শহরে গাড়ি চলাচলের একটা স্যাম্পলিং। এটা আমার একটা হবি।’
বলে উঠে দাঁড়াল আহমদ মুসা।
রোমেলী দুর্গ যে পাহাড়ে তার উত্তর-পশ্চিমে আলালা পাহাড়। অপেক্ষাকৃত অনেক উঁচু। এই পাহাড়েই ‘সরাই’ বিল্ডিং-এ আহমদ মুসা ভাড়া থাকে। এই পাহাড়ের ওপরেই সমতল বিরাট এলাকা জুড়ে একটি পার্ক। এটাই আল-আলা পার্ক। পার্কের পাশে বিরাট টিলা জুড়ে পুলিশ আর্কাইভস। পার্কের চারদিক ঘিরে রাস্তা। রাস্তার পাশ থেকে একটা সিঁড়ি উঠে গেছে টিলার ওপরে। এ সিঁড়ি দিয়েই উঠতে হয় পুলিশ আর্কাইভসে।
আর্কাইভসে মাগরিবের নামায পড়ে সন্ধ্যা সাড়ে ছয়টায় আহমদ মুসা বেরিয়ে পড়ল আর্কাইভস থেকে।
সিঁড়ি বেয়ে নেমে রাস্তা অতিক্রম করে আহমদ মুসা পার্কে প্রবেশ করল।
আহমদ মুসা তার গন্তব্য আড়াল করার জন্যে গাড়ি পার্কের বাইরে রেখে পার্কের ভেতর দিয়ে হেঁটে পুলিশ আর্কাইভসে গিয়েছিল।
পার্কে প্রবেশের গেটের উদ্দেশ্যে হাঁটতে লাগল আহমদ মুসা। সন্ধ্যা পেরিয়ে রাত নামলেও পার্ক তখনও দিনের আলোর মতোই ঝলমলে।
প্রচুর লোক তখনও পার্কে। কেউ পায়চারি করছে, কেউ কেউ এখানে ওখানে বসে গল্প করছে।
ইস্তাম্বুল যেমন পাহাড়ের শহর, তেমনি গাছ-গাছালিরও শহর।
পার্কের ফ্লোরও উঁচু-নিচু। বিভিন্ন গাছ-গাছালিতে পরিকল্পিতভাবে সজ্জিত পার্কটি।
একটু নিরিবিলি জায়গা দেখেই এগোচ্ছিল আহমদ মুসা। একটা গাছের ছায়া পার হচ্ছিল সে।
পেছন থেকে চার জন লোক আহমদ মুসার দিকে ছুটে গেল। তাদের দু’জন জামার তলা থেকে লোহার ব্যাটন বের করে নিয়েছে। অন্য দু’জনের হাতে রিভলভার। পেছনের ব্যাটনধারী বেড়ালের মতো নিঃশব্দে এগিয়ে আহমদ মুসার মাথা লক্ষ্যে আঘাত করল।
শেষ মুহূর্তে পায়ের শব্দে টের পেয়েছিল আহমদ মুসা। দ্রুত মাথাটা বাম দিকে সরিয়ে নিয়েছিল সে। কিন্তু তবু আঘাতটা এড়াতে পারল না। হাতুড়ির মতো একটা আঘাত নেমে এল মাথার ডান পাশের ওপর এবং তা নেমে গেল কান মাড়িয়ে। আরেকটা আঘাত এসে তার কাঁধ যেন গুঁড়িয়ে দিল।
আহমদ মুসা পড়ে গিয়েছিল উপুড় হয়ে। কিন্তু পড়ে গিয়েই ফলোআপ আঘাত থেকে বাঁচার জন্যে গড়িয়ে বাম দিকে সরে গেল।
দুই ব্যাটনধারী ঘুরে দাঁড়াচ্ছিল নতুন করে আঘাত করার জন্যে।
আহমদ মুসা সরে গিয়েই লাফ দিয়ে উঠে দাঁড়িয়েছে।
দুই ব্যাটনধারী ঝাঁপিয়ে পড়তে যাচ্ছিল তার দিকে।
আহমদ মুসা দেহ শূন্যে তুলে তার দু’পা ছুঁড়ে দিল ওদের দু’জনের ধাবমান পায়ের দিকে। অব্যর্থ আঘাত। ওরা গোড়াকাটা গাছের মতো আছড়ে পড়ল আহমদ মুসার ওপর।
প্রস্তুত আহমদ মুসা। ওরা দু’জন নিজেদের সামলে নেবার আগেই দু’হাতে ওদের দু’জনের গলা সাঁড়াশির মতো প্রচণ্ডভাবে পেঁচিয়ে ধরল। তারপর ওদের গলা মুচড়ে দিয়ে ওদের হাতের ব্যাটন কেড়ে নিল।
অন্যদিকে রিভলভারধারী দু’জন ছুটে আসছিল রিভলভার বাগিয়ে।
আহমদ মুসা তখন ব্যাটন হাতে বসা অবস্থায় ছিল। উঠে দাঁড়াবার সময় নেই। নতুন ভাবনার অবকাশ নেই। তবে আহমদ মুসার এ চিন্তা ছিল যে, জানাজানি, শোরগোল এড়াবার জন্যে ওরা পারতপক্ষে গুলি চালাবে না। আহমদ মুসা দ্রুত চিন্তা করে এই মুহূর্তে তার হাতে থাকা শেষ সুযোগ হিসেবে ব্যাটন দু’টি সর্বশক্তি দিয়ে ছুঁড়ে মারল ওদের রিভলভার ধরা হাতের দিকে।
প্রচণ্ড গতিতে লোহার সলিড ব্যাটন ছুটে গিয়ে ঠিক ঠিক আঘাত করল ওদের রিভলভার ধরা হাতে। ওদের হাতের রিভলভার ছিটকে পড়ে গেল। হাতও ওদের আহত হলো।
আহমদ মুসা ব্যাটন ছুঁড়েই উঠে দাঁড়াল। সেই সাথে গলার মোচড়ের আঘাত তখনও সামলে উঠতে না পারা একজনের কোমরের বেল্ট ধরে এক হ্যাঁচকা টানে মাথার উপর তুলে নিয়ে ছুঁড়ে মারল ব্যাটনে আঘাতপ্রাপ্ত দু’জনের উপর।
এদিকে আহমদ মুসার পাশে পড়ে থাকা দ্বিতীয় জন মরিয়া হয়ে টলতে টলতে উঠে দাঁড়িয়ে পেছন থেকে পেঁচিয়ে ধরল আহমদ মুসার গলা।
আহমদ মুসা দু’হাতের কনুই দিয়ে প্রচণ্ড কয়েকটা ঘা দিল লোকটির পাঁজরে। ব্যথায় কোঁৎ কোঁৎ শব্দ বেরুলো তার মুখ থেকে। কিন্তু আহমদ মুসার গলা সে ছাড়ল না। বরং গলায় তার হাতের চাপ আরও তীব্র হলো। শ্বাস বন্ধ হবার উপক্রম হলো তার। লোকটি তার গায়ের সাথে লেপটে থাকায় কনুই এর আঘাত আর কার্যকরী হচ্ছিল না। লোকটিকে দেহ থেকে বিচ্ছিন্ন করার এক কৌশল হিসেবে আহমদ মুসা পা দু’টিকে একটু ফাঁক করে, শক্ত করে সর্বশক্তিতে দেহের উপরের অংশে প্রচণ্ড এক ঝাঁকি দিয়ে বাঁকিয়ে নিয়ে মাথাটা অনেকটা লম্বভাবে নিজের পায়ের দিকে ছুঁড়ে দিল।
লোকটির পেছন দিকটা উল্টে এসে ছিটকে আহমদ মুসার সামনের দিকে চলে এল। অন্যদিকে আহমদ মুসা তার কোমর থেকে পা পর্যন্ত অবস্থানটা অনড় রাখার চেষ্টা করে তা নিচের দিকে ছুঁড়ে দিয়ে তার মাথাটা হাঁটুর লেভেলে পৌঁছার পর আরেকটা ঝাঁকুনি দিয়ে ওপর দিকে তোলার চেষ্টা করল। মাথাটা ওপর দিকে উঠল না বটে, কিন্তু নিচের দিকে যাওয়ার গতি থেকে থেমে যাওয়ায় একটা ঝাঁকুনির সৃষ্টি হলো। এই ঝাঁকুনি ও লোকটির দেহ উল্টে গিয়ে পড়ার প্রবল চাপ- দুইয়ে মিলে আহমদ মুসার গলায় পেঁচানো লোকটির দু’হাত শিথিল হয়ে গেল।
আহমদ মুসা লোকটির হাতের বাঁধন থেকে মুক্ত হয়েই বুক ভরে এক শ্বাস নিয়ে তার পায়ের কাছে পড়ে যাওয়া লোকটির কোমরের বেল্টের নিচে হাত চালিয়ে তার দেহটা শূন্যে মাথার ওপর তুলে নিল।
ওরা তিনজন সার বেঁধে ছুটে আসছিল।
আহমদ মুসা লোকটিকে ছুঁড়ে মারল তাদের ওপর।
তিনজনই পেছনের দিকে ছিটকে মাটিতে পড়ে গেল।
আহমদ মুসা ছুটে গেল পড়ে থাকা দু’টি রিভলভারের দিকে। কুড়িয়ে নিল দু’টি রিভলভার দু’জায়গা থেকে।
রিভলভার দু’টি কুড়িয়ে নেবার পর মাথা তুলে দেখল, ওরা চারজন উঠে দাঁড়িয়ে ছুটে পালাচ্ছে।
গুলি করার জন্যে রিভলভার তুলেও থেমে গেল আহমদ মুসা। শুরুতেই খুনোখুনিতে যেতে চায় না সে। রিভলভার দু’টি ফেলে দিয়ে বসে পড়ল সে। একটা প্রবল ক্লান্তি ঘিরে ধরছে যেন তার দেহকে। মাথার ডান পাশ ও কাঁধে অসহ্য একটা যন্ত্রণা। একটু জিরিয়ে নিয়ে উঠবে, ভাবল আহমদ মুসা। অবসন্নতায় মাথা ঝুঁকে পড়েছিল নিচের দিকে।
পায়ের শব্দে চমকে উঠে মুখ তুলল আহমদ মুসা। দেখল, একজন পুরুষ, একজন মহিলা তার দিকে ছুটে আসছে।
ওরা এল আহমদ মুসার কাছে। পুরুষটি আঁতকে ওঠা কণ্ঠে বলল, ‘আপনার ডান পাশটা রক্তে ভেসে যাচ্ছে। আপনাকে এখনি হাসপাতালে নেয়া দরকার।’
‘আক্রমণের গোটা ঘটনা আমরা দাঁড়িয়ে দেখেছি, আমরা কিছু করতে পারিনি, দুঃখিত। লোকজন ডাকার কথাও মনে হয়নি। ঘটনা এত দ্রুত ঘটে গেল!’ মহিলাটি বলল।
পুরুষটির বয়স চল্লিশ প্লাস হবে। মহিলাটির বয়সও চল্লিশ হবে। দু’জনেরই পরনে বিকেলের ওয়াকিং ট্রাউজার। পুরুষটির গায়ে ফুল টি-শার্ট, আর মহিলাটির গায়ে হালকা ফুলহাতা জ্যাকেট। দু’জনের কথাবার্তায় শিষ্টাচার ও চোখে আন্তরিক সমবেদনা।
আহমদ মুসা মেয়েটির কথার উত্তরে বলল, ‘ধন্যবাদ। এ ধরনের আকস্মিক ঘটনায় বাইরে থেকে কিছু করার থাকে না।’
‘এখনি আপনাকে হাসপাতালে নিতে হবে। মাথার ডান পাশ ও বাঁ কাঁধের আঘাত সাধারণ নয়।’ বলল পুরুষটি।
‘হাস্পাতাল-ক্লিনিকে আমি যাব না। সব ঠিক হয়ে যাবে। আমি বাসায় ফিরব। পার্কের উত্তর গেটে আমার গাড়ি আছে।’ আহমদ মুসা বলল।
‘ঠিক আছে। একটু সামনেই আমাদের বাড়ি। আমরা দু’জনেই ডাক্তার। আপনাকে কিন্তু আমরা এ অবস্থায় কিছুতেই ছেড়ে দিতে পারি না।’ বলল পুরুষটি।
হাসল আহমদ মুসা। বলল, ‘আপনার ইথিকসকে আমি ভাঙতে বলতে পারি না। চলুন।’
বলে উঠে দাঁড়াল আহমদ মুসা।
ডাক্তার পুরুষ ও মহিলা দু’জন হেঁটেই পার্কে এসেছিল। আহমদ মুসাকে নিয়ে তারা আহমদ মুসার গাড়িতেই উঠল।
ডাক্তার পুরুষটি ড্রাইভিং সিটে বসল। ডাক্তার মহিলাটি পেছনের সিটে আহমদ মুসার পাশে বসল।
‘আপনি ঠিক তুর্কি নন বলে মনে হয়। কোথায় থাকেন আপনি?’
‘রোমেলী দুর্গের এক প্রতিষ্ঠানে চাকরি করি।’ বলল আহমদ মুসা।
ডাক্তারদের বাড়ি দূরে নয়। কয়েক মিনিটের মধ্যেই পৌঁছে গেল তারা।
মাথা, কান ও কাঁধের ড্রেসিং শেষ করতে এক ঘন্টা সময় লেগে গেল। মাথার ডান পাশটা থেঁতলে অনেকটা চামড়া উঠে গিয়েছিল। কান কয়েক জায়গায় ফেটে গিয়েছিল। কাঁধের বাহুর সন্ধিস্থলের জায়গাটাও দারুণ থেঁতলে গিয়েছিল। কোন ফ্র্যাকচার হয়েছে কিনা, এক্স-রে না করলে বোঝা যাবে না।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now