বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
সকাল বেলা ঘুম থেকে চোখ কচলাতে কচলাতে বেরিয়ে এলাম। বাসা থেকে বের হয়ে বাড়ির গেটের সামনে দেখলাম একটা পিচ্চি মেয়ে লাল টুকটুক স্কুল ইউনিফর্ম আর কাঁধে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটির চাউনি দেখেই কেমন যেন মায়া লেগে গেল! ওলে লে লে! কি গুডু গুডু পিচ্চিটা!
আমি তাকে একটু আদর করার জন্য সামনে এগিয়ে গেলাম। মেয়েটি আমার দিকে কিছুক্ষন জুল জুল চোখে তাকিয়ে ছিল। তারপর ফিক করে হেসে ফেলে বলল, "আমার নাম তামান্না তাসনীম"।
আমি তো অবাক! মেয়েটি নাম বলছে কেন? আমি তো তার নাম জিজ্ঞেস করিনি। পরে বুঝলাম ঘটনাটা। সাধারণত অপরিচিত কেউ এলেই তাকে জিজ্ঞেস করে, "বাবু, তোমার নাম কি?"
এই এক প্রশ্নের উত্তর দিতে দিতে সে অভ্যস্ত হয়ে পড়েছে! তাই কেউ কিছু জিজ্ঞেস করার আগেই এখন উত্তর দিয়ে বসে! আমি কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, "তামান্না অনেক ভাল একটা মেয়ে! ঠিক মত পড়াশুনা কর তো?"
তামান্না লক্ষি মেয়েটির মত মাথা ঝাঁকিয়ে বলল, "জি! আমি বিবিএতে পড়ি"।
কি শুনলাম আমি? ঠিক শুনলাম না ভুল শুনলাম? আবার জিজ্ঞেস করলাম, "কিসে পড় বললা?"
"আমি বিবিএতে পড়ি!"
খাইছে! এই মেয়ে বলে কি? আমার মাথার ভেতর সব তালগোল পাকিয়ে গেল! ঘুম থেকে কি আদৌ উঠেছি নাকি ঘুমিয়ে ঘুমিয়ে এখনও স্বপ্ন দেখছি? বিবিএ পাস করতে করতে আমার ২৩ বসন্ত পেরিয়ে গেল আর এই নাদান বালিকা বলে কি না বিবিএতে পড়ে! ফাজলামি করতেছে নাকি আমার সাথে? নাকি কেউ শিখিয়ে দিয়েছে এসব বলা জন্য? আবার প্রশ্ন করলাম, "কি বলছ তুমি এসব?"
"আমি সত্যি বলতেছি! বিশ্বাস করেন!" তামান্নার নিষ্পাপ চেহারা দেখে মনে হচ্ছে না সে মিথ্যা বলছে! ওরে! ওরে! আমার মাথা ঘোরে! সাত সকালে কি হইতেছে আমার সাথে।
আমার বয়সী একটা ছেলে দেখলাম এগিয়ে এল এদিকে। টাকা না চাবি কি যেন একটা পকেটে ঢুকানোর ফাঁকে বলল, "মা মনি চল চল! আমাদের দেরি হচ্ছে"।
আমি জিজ্ঞেস করলাম, "ও ভাই! তামান্না কি বলে? সে নাকি বিবিএতে পড়ে?"
ছেলেটা হেসে বলল, "ভুল কিছু বলতেছে না! ওর স্কুলের নাম ব্লু বার্ডস
একাডেমি। স্কুলের স্যার ম্যাডামরা সংক্ষেপে বিবিএ বলে!"
ওহ! কাহিনী তাহলে এই খানে ঘোল হইছে! এলাকায় একটা বিল্ডিং এর নিচতলায় দুই তিনটা ঘুপচির মত রুম নিয়ে স্কুল খুলে বসেছে! নাম দিয়েছে "ব্লু বার্ডস একাডেমি"! সংক্ষেপে আবার "বিবিএ"! বড়ই বিভ্রান্তিকর!
আর এদেরই বা কি দোষ? প্রতিবছর বাড়ছে স্কুল গোয়িং শিক্ষার্থীদের সংখ্যা। সেই হারে তো স্কুলগুলোতে স্থান সংকুলান সম্ভব হচ্ছে না! তাই একটা যেমন তেমন স্কুল খুলে বসতে পারলেই আপনি শিক্ষার্থী পেয়ে যাবেন অনায়াসেই! এখন বাংলাদেশের সবচেয়ে বড় ব্যাবসা ক্ষেত্র হচ্ছে শিক্ষাবাণিজ্য!
লেখাঃ Nazim Ud Daula
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now