বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

ভূত সাহেবের বাড়ি

"ভৌতিক গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sayemus Suhan (০ পয়েন্ট)

X ছোটবেলায় জুট মিলের যে কোয়ার্টারটিতে আমরা থাকতুম, তার অনতিদূরে ছিল ভুত সাহেবের কোয়ার্টার l এ সেই জুটমিল যেখানে থাকার গপ্প আগেও করেছি l সেই যে কোম্পানির বাগান পেরিয়ে শেয়ালের গর্তের কাছে শেয়ালের বাচ্চা দেখতে যাওয়া, টমেটো ক্ষেতে ঢুকে, টমেটো, তারপর কড়াই শুঁটি তুলে আনা আর সুজ্জ্যমুখী গাছে টিয়াদের চন্দনাদের এসে বসা, এ সেই জায়গারই গপ্প l এ সব গপ্প খুঁজলেও কোথাউ পাওয়া যাবে না l কেবল যখন মনের ভেতর থেকে বেরোবে তখন নানা রং পেন্সিল এ এঁকে নাও যেমন খুশি, যেমনটি মনে আসে l তা সেই ভূত সাহেব কে নিয়ে প্রচলিত ছিল অনেক গপ্প l ফিরত ফুলবসিয়া মাসি, সাবি মাসি, উত্তিম দাদা, লাল দরওয়ানদের মুখে মুখে l বাবা মায়েরা এক জটলা হলেও যে এ কথায় সে কথায় ভূত সাহেবের কথা উঠত না তা নয়, তবে সবাই তাঁকে কেমন যেন এড়িয়ে চলতে চাইত l আমরা তাঁকে এক আধ দিন দেখতে পেতাম বৈকি l ডিউটি সেরে তিনি যখন সন্ধ্যেবেলা ঘরে ফিরতেন l কোয়ার্টার এর যারা দুষ্টু ছেলে বলে নাম ছিল, সেই সব চিনু পাপ্পু, বাচ্চু গৌতম দাদারা – ‘ওরে ওই যে ভূত আসছে, এবারে ঘাড় মটকাবে’ বলে ছুটত, ইচ্ছে করে ওনাকে শুনিয়ে শুনিয়ে l আমি দূর থেকে স্পষ্ট দেখতুম ভূত সাহেবের চোখে জল চিক চিক করে উঠছে l অল্প হেসে, কেমন অপ্রস্তুত হয়ে তিনি ঘরে ঢুকে যেতেন নিজেই চাবি খুলে l শুনেছি ভূত সাহেবের তিন কুলে কেউ নেই l তবে ওনার মা আছেন প্রতিষ্ঠিত l মা কালী l অনেক রাত অবধি তিনি মায়ের পূজা করেন l তাঁর ঘর থেকে শঙ্খ, কাঁসর, ঘন্টার আওয়াজ শোনা যায় l মায়েরা দুষ্টু বাচ্চারা না ঘুমুলে ভয়ে দেখিয়ে ঘুম পাড়ান, ওই ভূত সাহেব আসছে l আমার মায়ের এতে খুব আপত্তি ছিল l বাবাকে বলতে শুনেছি, কেন যে নিরীহ মানুষটাকে নিয়ে সবাই এত ঠাট্টা করে বুঝি নে বাপু l যাক আমাদের সেই মফস্সলের জীবন ধিকি ধিকি করে বেশ চলেছিল l সক্কাল সক্কাল গঙ্গা পেরিয়ে স্কুল যাওয়া, ফিরেই পার্ক এ বন্ধুদের সাথে ছুটোছুটি খেলাধুলো l বাড়িতে পড়াশোনা, গপ্পের বই আর ছোটখাটো দুষ্টুমি, এই নিয়ে মশগুল l এর মধ্যেই আসতো পুজো পাব্বন, রথ ,দোল বিস্বকম্মা পুজো, জগত্ধাত্রী পুজো – আমরা শহুরে জীবন থেকে ছিলাম একটু একপেশে, আলাদা l তাই এই সব ছোটখাটো কৌতুহলগুলো আমাদের জীবনের খোরাক ছিল l একদিন সব ছেলেমেয়েরা মিলে ঠিক করলাম, আমরা ভূত সাহেবের জানলা দিয়ে উঁকি দেব, দেখব, অবশ্যই উনি যখন বাড়ি থাকবেন না তখন l সন্ধ্যেবেলা, পরীক্ষা শেষ বলে মায়েরা অত খোঁজ খবর রাখছেন না l ভাবছেন, আমরা খেলছি এধার ওধার l চিনুর, কাঁধের উপর উঠে যেই না বাচ্চুদাদা উঁকি মেরেছে খড়খড়ি তুলে, অমনি – ‘ও মা গো’ বলে বাচ্চু পড়ল মাটিতে আর সব্বাই এর ওর ঘাড়ে l আর তারপর, নিমেষের মধ্যে কোথায় যে সব ছুট দিল আমি আর দিশা পাই না l আমি কি করি, বাড়ির দিকে ছুট লাগাতে যাব, এমন সময় একটা শক্ত হাত আমাকে কপাত করে ধরে ফেলেছে – ‘খুকি, কি দেখছিলে ভেতরে?’ পেছন ফিরে দেখি, ও মা গো, স্বয়ং ভূত সাহেব l কিন্তু মুখে কি নির্মল হাসি l বললেন ‘আমাকে ভয় খাও কেন তোমরা, এই দেখো হামি মানুস আছি তো, এই দেখো তো হামার হাত পা সব আছে সব’ – বলে হো হো করে হেসে উঠলেন, পকেট থেকে একটা পাকা পেয়ারা বের করে আমাকে বললেন ‘আম্রুধ, লো খাও … অভি হসনা মত … ঠিক হ্যায়?’ .. আমি তখন পালাতে পারলে বাঁচি, বললাম ‘ঠিক হ্যায় ….’ বলে সেই যে ছুট …. আর পেছন ফিরি নি l মাকে কিছু বলাও গেল না l খালি বাবা বাড়ি ফিরলে জিজ্ঞাসা করলাম, ‘বাবা ভূত সাহেব খুব ভালো না ? আচ্ছা ভূত সাহেব এর পদবি ভূত কেন …’ বাবা শুনে বললেন … ‘উনি ভূত সাহেব তাই l তা ভূত সাহেব কে আজ তুই কোথায় পেলি, উনি তো গত পরশু দেশে গেছেন l’ আমি চমকে উঠলাম, কিন্তু হাতের পেয়ারা তো মিথ্যে না l পরদিন, আরো অবাক হলাম যখন শুনলাম, ওরা কেউ নাকি ভূত সাহেবের বাড়ি উঁকি মারতে যায় নি, মানে আমিও যাইনি l ওরা আমাকে খ্যাপাতে লাগলো l এই তো আমার হয়, মাঝে মাঝে কি যে দেখে ফেলি, আর সে সব ঘটনার একটা করে প্রমান আমার সাথে থেকেই যায়, সেটাই বিরক্তিকর l একবার সেই, ‘আই স্পাই’ খেলতে গিয়ে যেমন হয়েছিল l কিন্তু সেটা তো আর একটা গপ্প, পরে কখনো আবার বলা যাবে … উফ !


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮১ জন


এ জাতীয় গল্প

→ ভূত সাহেবের বাড়ি

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now