বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

গুলাগ থেকে টুইনটাওয়ার চ্যাপ্টার- ৩ ২য় অংশ

"সাইমুম সিরিজ" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X গুলাগ থেকে টুইনটাওয়ার চ্যাপ্টার- ৩ ২য় অংশ আহমদ মুসা ধীরে ধীরে গাড়ি চালিয়ে ৭১ বে ষ্ট্রিট-এর সামনে দিয়ে একবার দক্ষিণে চলে গেল। ‘ভাইয়া, ৭১ বে ষ্ট্রিট তো একটা বদ্বীপ।’ বলল হাসান তারিক। ‘হ্যাঁ, নিশ্চয় বাড়িটা ব-দ্বীপের কেন্দ্রস্থলে হবে। গাড়ি চালিয়ে যাওয়া যাবে না। প্রধান সড়ক থেকে ৭১ বে ষ্ট্রিট-এর গেট পেরিয়ে অনেকটা হাঁটতে হবে মনে হচ্ছে।’ আহমদ মুসা বলল। কিছুটা এগিয়ে গাড়ি আবার ফেরাল আহমদ মুা। ৭১ বে ষ্ট্রিট-এর কাছাকাছি এসে গাড়িটা একটা ঝোপের আড়ালে রেখে দুজন হেঁটে হেঁটে ৭১ বে ষ্ট্রিট বাড়িটার দিকে এগুতে লাগল। বে ষ্ট্রিটটা সাগরের ধার ঘেঁষে তৈরি। রাস্তার পরে সেফটি ফেঞ্চ বা নিরাপত্তা বেড়া। তার পরেই সাগর। তবে কোন কোন স্থানে ভূখন্ড মাথা বাড়িয়ে সাগরে ঢুকে গিয়ে বদ্বীপের আকার নিয়েছে। এসব স্থানে কিন্তু বাঁক না নিয়ে রাস্তা সোজা চলে গেছে। এই ধরনেরই স্থান হলো ৭১ বে ষ্ট্রিট। তখন সন্ধ্যা পুরোপুরি নেমেছে। কিন্তু সাগর তীরের সন্ধ্যা আলো-আঁধারীর এক মিশ্রণ। আলো-আঁধারীর বুক চিরে এগিয়ে যাচ্ছে আহমদ মুসা ও হাসান তারিক প্রশস্ত ফুটপাত ধরে। চারদিকটা নিরব। মাঝে মাঝে শিশ দিয়ে যাচ্ছে রাস্তার চলমান গাড়ি। কদাচিৎ দুএকজন লোক দেখা যাচ্ছে ফুটপাতে চলাচল করতে। ৭১ বে ষ্ট্রিট-এর দুপাশেই সাগর তীরের কিছু দূর পর্যন্ত ছোট-খাট গাছ-গাছড়া ও ঝোপ-ঝাড়। ঝোপ-ঝাড় মিশেছে গিয়ে ৭১ বে ষ্ট্রিট গেটের দুপ্রান্তে। নিশ্চয় এই ধরনের ঝোপ-ঝাড় কেটেই গেটটা তৈরি করা হয়েছে। গেট থেকে যে রাস্তা ব-দ্বীপের অভ্যন্তরে এগিয়ে গেছে তাও দুপাশের ঘন ঝোপ-ঝাড়ের মধ্য দিয়ে। গোটা ব-দ্বীপটাই ঘন জঙ্গলের বর্মে ঢাকা। ৭১ বে ষ্ট্রিট এর গেট তখন দো যেতে শুরু করেছে। ফুটপাতের প্রান্ত ঘেঁষে ঝোপ-ঝাড়ের ছায়া-ঘন অন্ধকারে নিজেদের আড়াল করে গেটের দিকে এগিয়ে যাচ্ছে আহমদ মুসা ও হাসান তারিক। গেটের একেবারে পাশে এসে গেছে তারা। গেটে দরজা আছে, কিন্তু খোলা। হয়তো দরজা রাতে বন্ধ হয় কিছু সময়ের জন্য, কিংবা হয়ই না। গেটের ভেতরের রাস্তাটা নির্জন। রাস্তায় আলো আছে, কিন্তু যথেষ্ট নয়। গেটের ভেতরের রাস্তাটা প্রাইভেট। আলোর ব্যবস্থা দূরে দূরে। সেই আলো রাস্তাকে যথেষ্ট আলোকিত করতে পারেনি। আহমদ মুসা হাতঘড়ির দিকে তাকালো। রাত ৮টা বাজে। সূর্য অস্ত যাবার পর আধা ঘণ্টা পার হয়েছে। এই সময়টাকেই প্রকৃত সন্ধ্যা বলা হয় এই অঞ্চলে। ‘গেট খোলা, তার উপর গেটে ওদের লোক নেই কেন হাসান তারিক বলতে পারো?’ আহমদ মুসা বলল। ‘ভাইয়া কদিন এখানে থেকে বুঝেছি, এখানকার প্রাইভেট বাড়ির প্রাইভেট রোডগুলোর সংস্কৃতি এক ধরনের নয়। কোথাও গেট আছে, কোথাও গেট নেই। কোথাও প্রহরী থাকে, কোথাও থাকে না।’ বলল হাসান তারিক। ‘কিন্তু হাসান তারিক, ভালো করে দেখ। ওপাশে গেটের পাশেই ছোট একটা গার্ডরুম। গার্ডরুমের দরজা খোলা। ভেতরে এই অন্ধকারেও একটা ছোট কিছুর অস্তিত্ব দেখা যাচ্ছে। ওটা চেয়ারই হবে। যদি তাই হয়, তাহলে চেয়ারে মানুষ থাকে। কিন্তু এখন নেই। সে গেল কোথায়? বিশেষ করে আজ সন্ধ্যায় যখন ওদের বিশেষ অনুষ্ঠান।’ ‘ঠিক, সার্বক্ষণিক লোকের তো গেট ফেলে কোথাও চলে যাওয়ার কথা নয়। তাই আমাদের কিছুটা অপেক্ষা করা উচিত। ব্যাপারটা আরও পরিষ্কার হবে।’ ‘হ্যাঁ, হাসান তারিক, এটাই যুক্তিসংগত। তবে চল.........।’ কথা শেষ করতে পারলো না আহমদ মুসা। একটা হাত এসে সাঁড়াশির মত তর গলা চেপে ধরল। আরেকটা হাত এসে চেপে বসল তার নাকে। সংগে সংগেই আহমদ মুসা বুঝল তাকে ক্লোরোফরম করা হচ্ছে। আহমদ মুসা সে মুহূর্তেই শ্বাস বন্ধ করে গোটা দেহের ভার নিচের দিকে ছুঁড়ে দিয়েই দুহাত জোরে সামনের দিকে ছুড়ে দিল। ফলে দেহের ভারে বাড়তি গতির সৃষ্টি হলো এবং আকস্মিক এই গতির শক্তিই আক্রমণকারীর দেহকে সামনে উল্টে দিল। তার হাত খসে পড়লো আহমদ মুসার নাক ও গলা থেকে। লোকটি উল্টে গিয়ে পড়েছিল আহমদ মুসার সামনে। তার মাথা আহমদ মুসার একদম দুহাতের মধ্যে। লোকটি পড়ে গিয়েই পাশ ফিরে উঠে দাঁড়াবার চেষ্টা করছিল। আহমদ মুসা তার ডান হাতের একটি তীব্র কারাত চালাল তার কানের নিচের জায়গায়। তার দেহটা আবার পড়ে গেল মাটির উপর। আহমদ মুসা তাকে উপুড় করে ফেলে তার দুহাতদ পিছমোড়া করে বেঁধে ফেলল পকেট থেকে অ্যাডেসিভ টেপ বের করে। তাকাল এবার আহমদ মুসা হাসান তারিকের দিকে। সে আক্রান্ত হবার আগেই বুঝতে পেরেছিল। দেখল, হাসান তারিক তার আক্রমণকারীকে ধরাশায়ী করে ফেলেছে। আহমদ মুসা তার দিকে তাকাতেই হাসান তারিক ফিস ফিস করে বলে উঠল, ‘এ একটু স্লো ছিল, আমার উপর এসে পড়ার আগেই টের পেয়ে যাই।’ ‘হাসান তারিক, ওকে বেঁধে ফেল। চল একটু দূরে ওদের সরিয়ে নিয়ে যাই। এদের কাছ থেকে কিছু জানা যায় কিনা দেখতে হবে।’ বলল আহমদ মুসা। ওদের টেনে নিয় গেল একদম সাগরের কিনারে। একটা পাথরের উপর ওদের আছড়ে ফেলে দিয়ে আহমদ মুসা বলল, ‘বল তোরা আমাদের উপর আক্রমণ করেছিস কেন?’ হাতের রিভলবারটা ওদের দিকে তাক করল আহমদ মুসা। প্রবল ক্ষোভ ফুটে উঠেছে লোক দুটির চোখে-মুখে। কিন্তু কথা বলল না। আহমদ মুসার রিভলবার নড়ে উঠল। প্রায় নিশব্দে একটা গুলী বেরিয়ে ওদের একজনের মাথার কিছু চুল ছিঁড়ে নিয়ে চলে গেল। বলে উঠল তার সাথে সাথেই আহমদ মুসা, ‘একটা সুযোগ দিলাম। দ্বিতীয় গুলীটায় এবার কিন্তু তোমার ডান কানটা উড়ে যাবে। মরার আগে তোমাকে অনেকবার মরতে হবে।’ আহমদ মুসার রিভলবারের নল নড়ে-চড়ে আবার স্থির হলো তার দিকে। লোকটি মিট মিট করে চাইল। চোখ মুখ তার হঠাৎ শক্ত হয়ে উঠেছে। অকস্মাৎ তার মুখটি ডান দিকে নিচু হয়ে তার সার্টের একটা বোতাম কামড়ে ধরল। আহমদ মুসা বুঝতে পেরেই হাত থেকের রিভলবারটি ফেলে দিয়ে লোকটির জামার কলার ধরে জোরে টান দিয়ে জামার বোতামটি লোকটির মুখ থেকে সরাতে চাইল কিন্তু পারল না। জামা তার মুখ থেকে সরে এল, কিন্তু বোতাম রয়ে গেল লোকটির মুখেই। যখন আহমদ মুসা এদিকে ব্যস্ত, তখন হাসান তারিক দ্বিতীয় লোকটির জামা তার গা থেকে ছিঁড়ে খুলে ফেলেছে। আহমদ মুসা তাকিয়েছিল প্রথম লোকটির লাশের দিকে। বিস্ময় তার চোখে-মুখে। এই হারতাতেই তার চোখের সামনে এ পর্যন্ত WFA-এর তিন জন লোক ধরা পড়ার চাইতে জীবন দেয়া বেশি পছন্দ করল! তার মানে নিজেদের আড়াল করাকে তারা তাদের জীবনের চেয়েও বেশি মূল্যবান মনে করে। আহমদ মুসা লাশের দিক থেকে চোখ ফিরিয়ে তাকাল হাসান তারিকের দিকে। বলল, ‘ধন্যবাদ হাসান তারিক। তুমি একজনকে জীবন্ত হাতে রাখতে পেরেছো।’ বলেই আহমদ মুসা ঘুরে দাঁড়াল দ্বিতীয় লোকটির দিকে, লোকটি বলা যায় একজন নব যুবক। চোখে-মুখে একটা দুর্বিনীত ভাব। দেয়ালে পিঠ ঠেকে গেলে যা হয়। আহমদ মুসা তাকে লক্ষ্য করে বলল, ‘তোমার সঙ্গী বিনা কারণেই নিজেকে শেষ করল।’ লোকটি কথা বলল না। শুধু একবার তাকাল আহমদ মুসার দিকে। আহমদ মুসা আবার বলল, ‘তুমি কি ডেভিড ডেনিমের চাকুরী কর?’ লোকটি চমকে উঠে মুখ তুলল। বলল, ‘তুমি কি করে তাকে জান?’ ‘আমরা তো তার কাছেই যাচ্ছিলাম।’ আহমদ মুসা বলল। ‘হ্যাঁ তোমাদেরই এ সময় আসার কথা।’ বলল লোকটি। ‘তুমি কি করে জান?’ আহমদ মুসার জিজ্ঞাসা। ‘তোমরাই সুলিভান ও কেলভিনদের খুনী।’ বলল লোকটি। ‘কে বলেছে, ডেভিড ডেনিম? তাহলে তুমি তো সবই জান। তুমি আমাদের সাহায্য করতে পারবে।’ শীতল কণ্ঠে বলল আহমদ মুসা। ‘আমি তোমাদের সাহায্য করব?’ বলল লোকটি। তার কণ্ঠে বিস্ময়। আহমদ মুসা বলল, ‘হ্যাঁ, তুমি আমাদের সাহায্য করবে। সেটা হলো, আমরা ডেভিড ডেনিম-এর কাছ থেকে না ফেরা পর্যন্ত তুমি এখানে থাকবে এবং বেঁচে থাকবে। তোমাকে দিয়ে আমাদের অনেক কাজ আছে।’ হাসল লোকটিও। বলল, ‘তোমরা ডেভিড ডেনিম-এর কাছে যেতে পারার আশা করছ? আবার সেখান থেকে ফিরে আসার আশাও করছ?’ ‘তিনি আসমানে থাকেন না। কোথায় থাকেন আমরা জানি।’ বলল আহমদ মুসা। ‘তোমরা আমাদের দুজনকে পরাভূত করে সব জয় করেছ মনে করো না। একবার চেষ্টা করে দেখ।’ লোকটি বলল। আহমদ মুসা তাকাল হাসান তারিকের দিকে। বলল, ‘তুমি এর মুখটা ভালো করে টেপ দিয়ে আটকে দাও। তারপর পাটা বেঁধে ঐ গাছের কান্ডটার সাথে শক্ত করে বেঁধে রাখ।’ হাসান তারিক লোকটিকে নিয়ে একটু উত্তরে তীর ঘেঁষে দাঁড়ানো গাছটার দিকে এগুল। লোকটি যাওয়ার জন্যে পা তুলে আবার ফিরে তাকিয়ে আহমদ মুসাকে বলল, ‘আবার রেখে যাওয়া কেন। আমাকেও মেরে ফেল।’ ‘বললাম তো তুমি আমাদের অনেক কাজে লাগবে।’ বলল আহমদ মুসা। তারপর হাসান তারিককে লক্ষ্য করে বলল, ‘তুমি ওকে বেঁধে সার্চ করে এস। ওকে সার্চ করে দেখা হয়নি। আমি ওকে দেখছি।’ বলেই আহমদ মুসা লাশটির পাশে বসে তাকে সার্চ করতে শুরু করল। মাত্র কয়েক মুহূর্ত, এক মিনিটও পার হয়নি। ‘দাঁড়াও, না হলে গুলী করব।’ হাসান তারিকের এই চিৎকার শুনতে পেল আহমদ মুসা। চমকে পেছন ফিরে দেখল, হাত বাঁধা লোকটি সাগরে ঝাঁপিয়ে পড়ছে, আর হাসান তারিক গুলী ছুড়ছে তার রিভলবার থেকে। আহমদ মুসা দ্রুত উঠে দাঁড়াল। দেখল হাসান তারিকও সাগরে ঝাঁপিয়ে পড়তে যাচ্ছে। ‘হাসান তারিক দাঁড়াও।’ বলে চিৎকার করে উঠল আহমদ মুসা। হাসান তারিক আহমদ মুসার দিকে তাকিয়ে থমকে দাঁড়াল। আহমদ মুসা দৌড়ে গিয়ে পৌছল হাসান তারিকের কাছে। ‘কেন নিষেধ করলেন ভাইয়া। তার তো হাত বাঁধা আছে। সাঁতরাতে পারবে না। ধরা যাবে তাকে।’ দ্রুতকণ্ঠে বলল হাসান তারিক। তার চোখে-মুখে অনুমতি চাওয়ার ভাব। আহমদ মুসা শান্ত কণ্ঠে বলল, ‘হয়তো তাকে ধরা যেত। কিন্তু এতে তোমার বিপদ বাড়ত। তুমি খেয়াল করনি, যে টেপ দিয়ে ওকে বাঁধা হয়েছিল তা ওয়াটার সলিউল। পানিতে পড়ার সাথে সাথেই ওটা গলে গেছে। দ্বিতীয়ত, খাড়া তীর দেখেই বোঝা যাচ্ছে এখানে সাগর গভীর। তৃতীয়ত, জোৎ¯œার আলো থাকলেও গাছ-গাছড়ার কারণে উপকূলটা অন্ধকার। তার উপর এলাকাটা ওর চেনা। সুতরাং ধরার চেষ্টা বৃথাই হতো।’ ‘একটা সুযোগ আমরা হারালাম।’ হতাশ কণ্ঠে বলল হাসান তারিক। ভাবছিল আহমদ মুসা সাগর এবং ডেভিড ডেনিমের বাড়ির দিকে তাকিয়ে। সেই ৭১ বে ষ্ট্রিট-এর ডেভিড ডেনিমের বাড়িটা একটু উত্তরে সাগরের মধ্যে ঢুকে যাওয়া এই উপদ্বীপাকৃতি ভূখন্ডের মাথার দিকেই নিশ্চয় হবে। আহমদ মুসা নিশ্চিত, লোকটি সাঁতরে ডেভিড ডেনিমের বাড়িতে গিয়েই উঠতে পারে। হঠাৎ আহমদ মুসার মুখটি আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। আহমদ মুসা হাসান তারিকের কথার দিকে ভ্রুক্ষেপ না করে বলল, ‘হাসান তারিক আমাদেরকেও সাগরে নামতে হবে।’ ভ্রু কুঞ্চিত হলো হাসান তারিকের। একটু ভাবল। বিস্ময় ফুটে উঠল হাসান তারিকের চোখে-মুখে। বলল, ‘সাগরের পথে ডেভিড ডেনিমের ওখানে যেতে চাচ্ছেন ভাইয়া?’ ‘হ্যাঁ হাসান তারিক। এই পথে সংঘাতের সম্ভাবনা কম। অন্তত বিনা সংঘাতে আমরা ডেভিড ডেনিমের বাড়ি পর্যন্ত পৌছতে পারব।’ বলল আহমদ মুসা। ‘একটা বিষয় ভাইয়া, ওদের সতর্কতা ও আমাদের উপর আক্রমণ দেখে মনে হচ্ছে, আমরা আসব ওরা জানত। তাই সব দিক থেকেই আট-ঘাট বেঁধে রেখেছে ওরা।’ হাসান তারিক বলল। ‘তোমার কথা ঠিক হাসান তারিক। কিন্তু জানবে কি করে ওরা?’ বলল আহমদ মুসা। ‘হতে পারে সুলিভানের অন্তর্ধানের বিষয় তারা যেভাবে জানতে পেরেছে, সেভাবেই জানতে পারে।’ হাসান তারিক বলল। ‘তাতে প্রমাণ হয় না আমরা এখানে আসব। ওদের অনেক লোকই তো এভাবে মারা গেছে।’ বলল আহমদ মুসা। ‘ঠিক ভাইয়া। কিন্তু এ কথায় কোন সন্দেহ নেই যে, ওরা বড় কোন সন্দেহ করেছে।’ আহমদ মুসা কোন উত্তর না দিয়ে একটু ভেবে বলল, ‘তোমার ব্যাগটা ওয়াটার প্রুফ নয়, আমারটাও নয়। কোন ধরনের বোমাই নেয় যাচ্ছে না। ওগুলো ফেলে দিয়ে চল যাই। আমার বিশ্বাস ওগুলোর প্রয়োজনও হবে না।’ আহমদ মুসা ও হাসান তারিক দুজনেই ধীরে ধীরে পানির কিনারায় নেমে গিয়ে সাগরের পানিতে গা ভাসিয়ে দিল। ৭১ নং বে ষ্ট্রিট বাড়িটি সাগরে ঢুকে যাওয়া দ্বীপের একেবারে শেষ প্রান্তে গড়ে উঠেছে। দ্বীপের এই শেষ প্রান্তে হঠাৎ করেই মাথা উঁচু করে দাঁড়িয়েছে ছোট ছোট পাহাড়ের টিলায় ভরা পাথরের দেয়াল। সেখান থেকে পাহাড় নেমে গেছে সাগরের পানিতে। উপকূল এখানে দুর্গম। পানির প্রান্ত রেখা থেকে পাথর ও টিলার ফাঁকে ফাঁকে গজিয়ে উঠেছে গাছ। ঢেকে দিয়েছে টিলাকে। পাহাড়ের দেয়ালকে পেছনে রেখেই তৈরি হয়েছে ৭১ বে ষ্ট্রিট বাড়িটি। সাগর থেকে সোজাসুজি তাকালে বড় বড় গাছ ও তার ফাঁকে পাথুরে টিলার দৃশ্য ছাড়া আর কিছুই দেখা যায় না। দুপাশ থেকেও ঘন জংগল বাড়িটাকে ঢেকে রেখেছে। আহমদ মুসারাও মিনি উপদ্বীপটার নাক বরাবর সামনে এসে উপকূলে উঠে বসল। তারা উপরের দিকে তাকিয়ে আলো-আঁধারে ঘেরা জংগল ছাড়া আর কিছুই দেখতে পেল না। ‘তাহলে দেখা যাচ্ছে ভাইয়া উপকূলের সাথে বাড়ির কোন সম্পর্ক নেই। আমার দক্ষিণ পাশেও দেখেছি ঘন জংগল। মনে হয় বাড়িটা উপকূল থেকে দূরে দ্বীপের মাঝ বরাবর হবে।’ বলল হাসান তারিক। ‘বাড়িটা উপকূল ঘেঁষে না হলেও পানি পর্যন্ত নামার কোন প্যাসেজ তারা রাখবে না, তা স্বাভাবিক নয়।’ আহমদ মুসা বলল। ‘আমরা কি খুঁজব সে প্যাসেজ?’ বলল হাসান তারিক। ‘তার প্রয়োজন নেই। সেটা খুঁজতে যে শ্রম এবং সময় যাবে, তা দিয়ে আমরা উপরে পৌছে যাব।’ আহমদ মুসা বলল। প্রায় আধ ঘণ্টার প্রচেষ্টায় আহমদ মুসারা ৩০ ফুট উপরে পাহাড়ের এক গলি পথে উঠে এল। ঘুটঘুটে অন্ধকার। গাছ-পালার বাধা অতিক্রম করে চাঁদের আলো নিচে পর্যন্ত পৌছতে পারেনি। এর মধ্যেই পশ্চিমমূখী লক্ষ্য ঠিক রেখে এঁকে বেঁকে, কোথাও কোথাও পাহাড় টিলার ছোট ছোট বাধা ডিঙিয়ে তারা এগুতে লাগল। পনের মিনিট চলার পর একটা টিলার দেয়াল ডিঙিয়ে একটা সমতলে এসে নামতেই তারা একটা বিরাট বাড়ির মুখোমুখি হলো। বাড়িটা তিনতলা। বাড়ির ধবধবে সাদা রঙের উপর চাঁদের আলো বাড়িটাকে চারদিকের নিরব পরিবেশে এক স্বপ্নপুরীতে পরিণত করেছে। বিদ্যুতের ঝাঁঝালো আলো ও ইট-পাথরের নগ্ন চেহারা দেখায় অভ্যস্ত আহমদ মুসারা যেন অভিভূত হয়ে পড়ল বাড়িটার দিকে তাকিয়ে। বাড়িটা এখনও চল্লিশ পঞ্চাশ গজ দূরে। মাঝখানে ছোট ছোট গাছ-গাছড়া ও ঘাসের সবুজ চত্বর। বাড়ির দুতলা ও তিনতলার কোন কোন জানালা দিয়ে আলোর রেশ বাইরে ছড়িয়ে আছে। গ্রাউন্ড ফ্লোরের গোটাটাই অন্ধকার। বোধ হয় কোন জানালা খোলা নেই, অথবা হতে পারে সবগুলো আলো নিভানো। আহমদ মুসা চারদিকটা একবার দেখল। পেছনে পাহাড়ের দেয়াল। সামনে দাঁড়িয়ে আছে বাড়িটা, আর সামনের সবুজ চত্বরের উত্তর ও দক্ষিণ দুপাশেই ঘন গাছ-পালার সারি। গাছের সারির নিচটায় ঘুটঘুটে অন্ধকার। ‘চল আমাদেরকে চত্বরের পাশে গাছ-পালার অন্ধকারের কভার নিয়ে এগুতে হবে।’ হাসান তারিককে লক্ষ্য করে কথাগুলো বলে হাঁটতে লাগল আহমদ মুসা চত্বরের দক্ষিণ পাশ লক্ষ্যে। হাসান তারিকও হাঁটতে লাগল পাশা-পাশি। দুজনেই শোল্ডার হোলষ্টার থেকে মেশিন রিভলবার বের করে হাতে নিয়েছে। তারা দুজন হাঁটতে লাগল অন্ধকারে গা ঢাকা দিয়ে বাড়ির দিকে। বাড়ির কাছাকাছি পৌছে গেছে তারা। এক জায়গায় এসে ডান পা মাটিতে ফেলেই আহমদ মুসার মনে হলো, মাটিটা নরম ও পিচ্ছিল। থমকে দাঁড়াল আহমদ মুসা। বাঁ হাত দিয়ে মাটি স্পর্শ করল। মাটি ভেজা। ‘হঠাৎ এখানে মাটি ভিজল কি করে?’ নিজেকেই প্রশ্ন করল আহমদ মুসা। বসে পড়ল আহমদ মুসা। পরীক্ষা করে দেখল এক দেড় বর্গফুট জায়গা জুড়ে মাটি ভেজা। ‘কি ভাইয়া।’ হাসান তারিক ঝুঁকে পড়ে জিজ্ঞাসা করল আহমদ মুসাকে। আহমদ মুসা উঠে দাঁড়াল। বলল ‘বেশ একটু জায়গা জুড়ে মাটি ভেজা। এটা হতে পারে যে, পালানো লোকটি এখানে এসে তার কাপড় চিপেছে। যদি তাই হয়, তাহলে এখানেই কোথাও সাগরে নামার তাদের প্যাসেজ আছে। ‘খুঁজে দেখলে হয় না ভাইয়া?’ বলল হাসান তারিক। ‘বোধ হয় তার প্রয়োজন নেই। চল সামনে এগোই। সাবধান, ওরা কিন্তু সব জানতে পেরেছে।’ আহমদ মুসা বলল। বিড়ালের মত নিশব্দ পা ফেলে এগুচ্ছে আহমদ মুসারা। বাড়ির দক্ষিণ-পশ্চিম কোণায় পৌছে গেছে তারা। গাছের অন্ধকার থেকে বেরিয়ে একটু ডানে ঘুরে ছয় সাত গজ হাঁটলেই বাড়ির দেয়াল স্পর্শ করা যাবে। এখান থেকে বাড়ির পুব ও দক্ষিণ পাশটা পরিষ্কার দেখা যাচ্ছে। দুপাশেরই দুতলা তিন তলার অনেকগুলো জানালা দিয়ে আলো দেখা যাচ্ছে। বাড়ির এ পাশটা পেছন দিক। রাস্তার মুখোমুখি পশ্চিম দিকটা বাড়ির সম্মুখভাব তা নিশ্চিত। বাড়ির ভেতরটাতেও একদম পিনপতন নিরবতা। দাঁড়িয়ে পড়েছে আহমদ মুসা। বাড়িটা কি ফ্যামিলী রেসিডেন্স, না অফিস! ফ্যামিলি রেসিডেন্স হলে এমন ভর সন্ধ্যায় বাড়ি এমন নিরব থাকবে তা স্বাভাবিক নয়। হঠাৎ তার মনে পড়ল পালিয়ে আসা লোকটির মাধ্যমে নিশ্চয় ইতিমধ্যে সবকিছু জানাজানি হয়ে গেছে। তাই কি এই নিরবতা? ঝড় ওঠার কি পূর্বাভাস এটা? আহমদ মুসার এই চিন্তা শেষ হবার আগেই তীব্র আলোর একটা ঢেউ এসে তাদের চারদিকটা ভাসিয়ে দিল। আহমদ মুসা ও হাসান তারিক দুজনেই পশ্চিমমুখো হয়ে দাঁড়িয়েছিল। তারা দেখল, তাদের সামনে চারগজের মধ্যে দাঁড়িয়ে উদ্যত ষ্টেনগান হাতে চারজন। তাদের একজনের হাতেই ফ্লাশ লাইট। সেই চারজনের একজন কোন নির্দেশ দিতে যাচ্ছিল আহমদ মুসাদেরকে। কিন্তু তার মুখ থেকে কথা বের হবার আগেই আহমদ মুসার দেহ ডান দিকে ছিটকে পড়ল। তার পা দুটি শূন্যে উঠল। আর শূন্য থেকে তার দেহ যখন মাটিতে পড়ছিল তখন তার হাতের এম-১০ গুলী করছিল সেই চারজন লক্ষ্যে। চোখের পলকে ঘটে গেল ঘটনাটা। চারজন গুলী বৃষ্টির অসহায় শিকারে পরিণত হলো। চারজনেরই গুলীতে ঝাঁঝরা দেহ মাটিতে ঝরে পড়েছে। ফ্লাশ লাইটও পড়ে গেছে মাটিতে। এমনভাবে পড়েছে যাতে আলোর ফ্লাশ দক্ষিণ দিকে ঘুরে গেছে। আহমদ মুসার সাথে সাথে হাসান তারিকও মাটিতে শুয়ে পড়েছিল শত্রু পক্ষের কোন আক্রমণ হলে তা থেকে বাঁচার জন্যে। আহমদ মুসা ও হাসান তারিক মাটিতে শুয়ে একটুক্ষণ অপেক্ষা করল ওপক্ষের প্রতিক্রিয়া জানার জন্যে। ওদের চারজনের সবাই মারা গেছে কিনা, ওপক্ষের কোন আক্রমণ আসে কিনা! আহমদ মুসা ও হাসান তারিক দুজনেরই চোখ পশ্চিম দিকে অর্থাৎ ওরা যেখানে গুলী খেয়ে পড়ে গেছে সে দিকে নিবদ্ধ। ওদিকে অনুসন্ধিৎসু চোখ রেখেই আহমদ মুসা ও হাসান তারিক উঠে বসল। দুজন পাশাপাশি। আহমদ মুসা ফিস ফিস করে কিছু বলার সাথে সাথে উঠতে যাচ্ছিল। এ সময় আহমদ মুসা ও হাসান তারিক দুজনেই অনুভব করল তাদের পিঠে ভারী কিছু একটার স্পর্শ এবং শুনতে পেল পেছন থেকে শান্ত ও শক্ত একটি কণ্ঠ, ‘আমাদের সাথীদের যেভাবে হত্যা করলে আমরাও এখন তোমাদের সেভাবেই হত্যা করতে পারি। কিন্তু তা করব না যদি অস্ত্র রেখে হাত ওপরে তোল এ মুহূর্তেই।’ ইতিমধ্যে পেছন থেকে আক্রমণকারীদের একজন ফ্লাশ লাইটটি তুলে নিয়ে তার ফ্লাশটা এদিকে ফিরিয়ে দিয়েছে। আলোতে উজ্জ্বল হয়ে উঠেছে চারদিক আবার। আহমদ মুসা ও হাসান তারিক দুজনেই হাত তুলেছে। ভারী বস্তুর স্পর্শটা এখনও তাদের পিঠে লেগেই আছে। ভারী বস্তুর স্পর্শটা ষ্টেনগানের নলের এ কথা শুরুতেই বুঝে নিয়েছে আহমদ মুসা। আলো জ্বলে উঠতেই পেছন থেকে একজন লোক এসে আহমদ মুসা ও হাসান তারিকের দুহাত পিছমোড়া করে বেঁধে ফেলল। পিঠে ঠেসে থাকা ষ্টেনগানের নল ধাক্কা মেরে আহমদ মুসাদের সামনের দিকে ঠেলে দিল। সেই সাথে পেছন থেকে আগের সেই কণ্ঠ বলে উঠল, ‘সামনে আগাও। পালাবার চেষ্টা করলে কুকুরের মত গুলী করে মারব।’ যে লোকটি হাত বেঁধেছিল, সেই লোকটি আগে আগে চলল। তার পেছনে চলতে লাগল আহমদ মুসা ও হাসান তারিক। দুতলায় উঠে একটা হলঘরে প্রবেশ করল তারা। পুরো কার্পেট মোড়া সোফায় সাজানো ঘর। ঘরের মাঝখানে বড় সোফায় বসে আছে একজন। দীর্ঘ দেহ, রাজসিক পোষাক। আহমদ মুসারা দরজায় পৌছতেই লোকটি বসে থেকেই বলে উঠল আহমদ মুসাদের লক্ষ্য করে, ‘আমি ডেভিড ডেনিম। আপনাদের জন্যেই অপেক্ষা করছি। তবে আর একটু অপেক্ষা করতে হবে। ভিক্টর রাইয়া ও সোফিয়া সুসানকে আনার জন্যে লোক পাঠিয়েছি। ওদেরও সাহায্য চাই।’ কথাটা শেষ করে লোকটি চোখ ঘুরাল আহমদ মুসাদের পেছনের ষ্টেনগানধারীর দিকে। বলল, ‘ধন্যবাজদ জীম। পেছন থেকে তোমার আক্রমণ খুবই কার্যকরী হয়েছে। যাও ওদের পাশের ঘরে বন্ধ করে রাখ। ওরা এলে এদের নিয়ে আসবে।’ ষ্টেনগানধারী জীম লোকটি আহমদ মুসাদের হলঘর থেকে বের করে নিয়ে পাশের একটি ছোট ঘরে ঢুকিয়ে ঘর বন্ধ করে দিল। ঘরটার দরজা বন্ধ হতেই অন্ধকারে ডুবে গেল ঘর। ঘরটাতে কোন আলো নেই। ‘এই ওয়েটিং রুমের ব্যবস্থা আল্লাহই আমাদের জন্য করেছেন হাসান তারিক।’ বলল আহমদ মুসা। ‘কেন একথা বলছেন ভাইয়া?’ হাসান তারিক বলল। ‘মুক্তির পথ বের করার জন্যে একটা এক্সক্লুসিভ সময় পাওয়া গেল।’ বলল আহমদ মুসা। ‘তা ঠিক। কিন্তু জানালাহীন এ বন্ধ ঘরে পথ কি আমরা পাব?’ হাসান তারিক বলল। ‘আমাদের কি দিয়ে বেঁধেছে দেখেছ?’ বলল আহমদ মুসা। ‘অটো প্লাষ্টিক কর্ড।’ হাসান তারিক বলল। ‘হ্যাঁ। এ কর্ডে গিরা দেয়া যায় না। বাঁধার পর দুই প্রান্ত মুড়ে দিলে প্লাষ্টিক কর্ডের গিরার চেয়ে শতগুণ শক্তিশালী হয়। কিন্তু মুড়ে দেয়া প্রান্ত খোলা খুব সহজ। শুধু উল্টোদিকে ঘুরিয়ে দিলেই হলো।’ হেসে উঠল হাসান তারিক। বলল, ‘বুঝেছি ভাইয়া। আপনারটা আমি, আর আমারটা আপনি।’ খুলে গেল দরজা। খুলে যাওয়া দরজা দিয়ে প্রবেশ করল এক রাশ আলো। পিছমোড়া করে বাঁধা অবস্থায় পাশাপাশি বসে ছিল আহমদ মুসা ও হাসান তারিক। আলোর ফ্লাশ গিয়ে পড়েছে তাদের উপর। জীম নামের লোকটা দরজায় এসে দাঁড়িয়েছে। তার হাতে আগের মতই ষ্টেনগান। তার পেছনে আরও দুজন ষ্টেনগানধারী। ‘উঠে এস দুজন।’ বলল জীম নামের লোকটা। উঠল আহমদ মুসা ও হাসান তারিক দুজনেই। জীম আগে আগে চলল। পেছনে আহমদ মুসারা দুজন। তাদের পেছনে দুজন ষ্টেনগানধারী। ঘরে ঢুকে আহমদ মুসা দেখল, ডেভিড ডেনিম বসে আছে তার সেই সোফায়। তার সামনে পাশাপাশি সোফায় বসে আছে ভিক্টর রাইয়া ও সোফিয়া সুসান। তাদের পেছনটা আহমদ মুসার দিকে। কিন্তু পেছনটা দেখেই আহমদ মুসা চিনতে পারল ওদের। দরজার ভেতরে দুপাশে আরও দুজন ষ্টেনগানধারী দাঁড়িয়েছিল। আহমদ মুসা ঘরে ঢুকতেই ডেভিড ডেনিম বলে উঠল জীমকে লক্ষ্য করে, ‘ওদের এদিকে নিয়ে এস।’ বলেই ইংগিত করল তার ডান পাশে ও সোফিয়া সুসানদের বাম পাশ অর্থাৎ দরজার সোজাসুজি জায়গাটার দিকে। জীম আহমদ মুসা ও হাসান তারিককে নিয়ে এল সে জায়গাতেই। ডেভিড ডেনিম-এর কথা শুনে সোফিয়া সুসান ও ভিক্টর রাইয়া তাকিয়েছিল পেছন দিকে। আহমদ মুসাকে দেখে তারা দুজনেই চমকে উঠল। বিশেষ করে ছানা-বড়া হয়ে গেছে সোফিয়া সুসানের চোখ। পর মুহূর্তেই ভয় ও উদ্বেগে ফ্যাঁকাসে হয়ে উঠল সোফিয়া সুসানের মুখ। আহমদ মুসা ও হাসান তারিককে এনে দাঁড় করানো হলো ডেভিড ডেনিমের ডানপাশ ও সোফিয়া সুসানদের বাম পাশের মধ্যবর্তী ফাঁকা জায়গাটায়। আহমদ মুসার মুখোমুখি হবার জন্যে ডেভিড ডেনিম একটু ডানদিকে ঘুরে বসল। ভিক্টর রাইয়া ও সোফিয়া সুসানকেও বামদিকে ঘুরে তাকাতে হলো আহমদ মুসাদের দেখার জন্যে। ষ্টেনগান বাগিয়ে জীম দাঁড়াল আহমদ মুসাদের বাম পাশে ডেভিড ডেনিমের কাছাকাছি জায়গায় আহমদ মুসার দিকে ষ্টেনগান তাক করে। ঘরে আসা অবশিষ্ট চারজন ষ্টেনগানধারী দাঁড়াল দরজায় আহমদ মুসাদের দিকে চোখ রেখে। আহমদ মুসা স্থির হয়ে দাঁড়াবার আগেই ডেভিড ডেনিম হো হো করে হেসে উঠল। বলল, ‘ভাবছ বোধ হয় তোমার জন্যে ফাঁদ পাতা হলো কি করে? আমরা জানলাম কি করে যে তুমি আসছ!’ থামল ডেভিড ডেনিম। হো হো করে হেসে উঠল আবার। বলল, ‘সুলিভানকে খুন করে তার পকেটে চিরকুট পেয়ে ধেয়ে আসছিলে আমাকে পরবর্তী শিকার বানাতে। কিন্তু জানতে না সুলিভানের কাছে যেমন চিরকুট ছিল, তেমনি ছিল একটা ট্রান্সমিটার চীফ যা খুঁজে পাওয়া তোমার সাধ্য ছিল না।’ ‘আমরা সুলিভানকে জিন্দা চেয়েছিলাম। কিন্তু কেলভিনের মত সুলিভানও নিজেকে নিজেই হত্যা করেছে, এটা আপনি জানেন। সুলিভান হাতছাড়া হবার পরেই চিরকুট থেকে সন্ধান পাওয়ার পর আপনার সন্ধানে এসেছি।’ আহমদ মুসা বলল। ‘সুলিভানকে কেন জিন্দা চেয়েছিলে? আমার সন্ধানে কেন?’ বলল ডেভিড ডেনিম। ‘এ প্রশ্নের উত্তর প্রশ্নকর্তার নিজেরই জানা আছে।’ আহমদ মুসা বলল। আহমদ মুসার উত্তরের সঙ্গে সঙ্গে কথা বলল না ডেভিড ডেনিম। আগুন ঝরা তার দৃষ্টি তুলে ধরল সে আহমদ মুসার দিকে। বলল একটু সময় নিয়ে ধীরে ও শক্ত কণ্ঠে, ‘তুমি কে জানি না। অনেকেই তোমাকে আহমদ মুসা বলে। কিন্তু আমি তোমাকে অতবড় ভাবতে চাই না। তোমার প্রসংগে পরে আসব। আজ ডেকেছি ভিক্টর রাইয়া ও সোফিয়া সুসানকে। ওদের কেসটা সেটে করার জন্যে সুলিভানকে ডেকেছিলাম। সে নেই। কিন্তু তাই বলে ক্ষতি হয়নি কিছু। তার বদলে পেয়েছি তোমাদেরকে, মানে প্রধান আসামীকে। প্রধান আসামীর সামনে বিচার হবে কলাবরেটর আসামীদের।’ বলে ডেভিড ডেনিম তাকাল ভিক্টর রাইয়ার দিকে। বলল, ‘ভিক্টর রাইয়া আপনাদের কেন ডেকেছি জানেন?’ ভিক্টর রাইয়া কোন জবাব দিল না। প্রচন্ড বিরক্তি নিয়ে তাকাল শুধু। ‘ডেকেছি আপনাকে উপলব্ধি করাবার জন্যে যে আজর ওয়াইজম্যানের ‘ওয়ার্ল্ড ফ্রিডোম আর্মি’র বিরুদ্ধে যাওয়ার শাস্তি কত ভয়াবহ।’ বলল ডেভিড ডেনিম। ‘মি. ডেভিড আপনি আমার দেশে বসে এ দেশেরই একজন দায়িত্বশীল অফিসারকে হুমকি দিচ্ছেন।’ ভিক্টর রাইয়া। হাসল ডেভিড ডেনিম। বলল, ‘দেশে জন্ম নিলেই দেশের মালিক হওয়া যায় না। দেশে যাদের শাসন চলে সেই হয় দেশের মালিক। তোমাদের সরকার পার্লামেন্ট ও প্রশাসন ইচ্ছা-অনিচ্ছায় আমাদের শাসনের অধীন। আমরা যা চাই, তাই এখানে হয়। গোলাম বেয়াদব ও বিদ্রোহী হলে তার কি পরিণাম হওয়া উচিত ভিক্টর রাইয়া?’ ‘মি. ডেভিড, ভালো লোকদের শুভেচ্ছাকে, করুণাকে গোলামী বলে ভুল করছেন। দেশ কেউ বিক্রি করেনি আপনাদের কাছে।’ বলল ভিক্টর রাইয়া। আবার হাসল ডেভিড ডেনিম। বলল, ‘ভিক্টর রাইয়া, শুভেচ্ছার বিনিময়ে করুণার বিনিময়ে কেউ বিলিয়ন বিলিয়ন ডলার হস্তগত করে না, আবার কেউ বিলিয়ন বিলিয়ন ডলার দিয়ে শুভেচ্ছা, করুণা কেনে না। যখন এ ধরনের বিনিময় হয়, তখন সেটা হয়ে থাকে ক্রয়-বিক্রয়। সুতরাং আপনারা বিক্রি হয়েছেন, আমরা কিনে নিয়েছি। ক্রীতদাসরা নিছক গোলামের চেয়েও নিকৃষ্ট কিছু।’ চুপসে গেল ভিক্টর রাইয়ার মুখ। কোন উত্তর সে দিল না। সেই হাসি হাসল আবার ডেভিড ডেনিম। বলল, ‘ভিক্টর রাইয়া, পলা জোনসের বাড়ির হত্যাকান্ড, এ্যামানুয়েলের বাড়িতে সংঘটিত হত্যাকান্ড এবং গোয়েন্দা সদর দফতরের হত্যাকান্ড আপনার জ্ঞাতসারে হয়েছে। বিশেষ গোয়েন্দা সদর দফতরের হত্যাকান্ডে আপনি ও সোফিয়া সুসান শরীক ছিলেন। হত্যার বদলে হত্যার নির্দেশ এসেছে আমাদের কাছে।’ উদ্বেগ ফুটে উঠেছে ভিক্টর রাইয়ার চোখে-মুখে। এবারও কোন কথা বলল না ভিক্টর রাইয়া। কথা বলল সোফিয়া সুসান। তার চোখ-মুখ লাল হয়ে উঠেছিল। প্রবল ক্রোধ ঠিকরে পড়েছিল তার চোখ-মুখ থেকে। বলল সে, ‘টাকায় বিক্রি হওয়া কয়েকজন লোক দেশের মালিক নয়। দেশের মালিক দেশের জনগণ। তারা কখনো আপনাদের গোলাম নয়, দেশও আপনাদের কেনা সম্পত্তি নয়। আর মি. ডেভিড, আপনাদের ক্রাইম আপনাদেরকে যে পরিণতির শিকার করেছে, তার দায় অন্যের ঘাড়ে চাপাবেন না।’ ভীষণ উত্তেজিত কণ্ঠ সোফিয়া সুসানের। কথাগুলো বলে একটু থামল সোফিয়া সুসান। একটু দম নিয়েই সোফিয়া সুসান আবার বলে উঠল, ‘আব্বা উঠুন, আর এক মুহূর্ত নয় এখানে।’ উঠে দাঁড়াল সোফিয়া সুসান। সোজা হয়ে বসল ডেভিড ডেনিম। বলল সোফিয়া সুসানকে লক্ষ্য করে, ‘এটা তোমার কমান্ডো হেডকোয়ার্টার নয়, এটা তোমার প্রভুর হেডকোয়ার্টার।’ বলে একটু থেমেই আবার বলা শুরু করল, ‘তোমার শরীর বোধ হয় একটু বেশি গরম। আমরা ঠান্ডা করতেও জানি। কথা শেষ করেই ডেভিড ডেনিম তাকাল দরজায় দাঁড়ানো একজন ষ্টেনগানধারীর দিকে। বলল, ‘ডগ, তুমি তো মেয়েদের সঙ্গ একটু বেশি পছন্দ কর। এস সুসানকে একটু ঠান্ডা করে দিয়ে যাও। তার পূজনীয় পিতাসহ সবাই দেখুক, তার দেহের গরম কিভাবে ঠান্ডা হয়।’ বলে ডেভিড ডেনিম তাকাল আহমদ মুসা ও ভিক্টর রাইয়ার দিকে। বলল, ‘ভাববেন না ওর একটুকুও লজ্জা আছে। ওকে আদর করে সবাই আমরা ডগ বলে ডাকি। এ ডগ কুস্তি লড়তো। এখন আমাদের বাহিনীতে।’


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৪৩ জন


এ জাতীয় গল্প

→ গুলাগ থেকে টুইনটাওয়ার চ্যাপ্টার-১ বাকি অংশ
→ গুলাগ থেকে টুইনটাওয়ার চ্যাপ্টার- ৩ বাকি অংশ
→ গুলাগ থেকে টুইনটাওয়ার চ্যাপ্টার- ৪ বাকি অংশ

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now