বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

চতুর শিয়াল

"ছোটদের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান নাসরুল্লাহ (০ পয়েন্ট)

X অনেক অনেক দিন আগের কথা। এক লোকের একটা যাঁতাকল ছিল। সবাই তাদের গম নিয়ে এসে যাঁতাকল চালককে দিত আর যাঁতাকলের মালিক গমগুলো যাঁতায় পিষে আটা তৈরি করে দিত। তার পারিশ্রমিক ঐ আটা থেকেই নিত সে। যাঁতাকলচালক ঘরের এক কোণে তার পারিশ্রমিকের আটাগুলো জমাতো। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সকাল বেলা যখনি সে যাঁতাকলের কাছে আসতো দেখতো আটার নামগন্ধও নেই। কলচালক মনে মনে বলতো কী ব্যাপার! ঘরের দরোজা তো বন্ধই আছে…তাহলে…আটা গেল কোথায়..! আর তো কোনো পথও নেই। তাহলে আমার আটাগুলো নেয়টা কে? যাঁতাকলচালক সিদ্ধান্ত নেয় কলঘরে রাতের বেলা থাকবে এবং ঘটনার রহস্য আবিষ্কার করবে। যেই কথা সেই কাজ। রাতে সে থেকে গেল এবং দেখলো যেদিক দিয়ে পানি আসে সেদিক দিয়ে একটা শেয়াল এসে সোজা আটার স্তুপে গিয়ে আটা খেতে শুরু করে দিলো। একেবারে পেট ভরে খেলো। খেয়েদেয়ে যেটুকু আটা বাকি ছিল সেটুকু গুটিয়ে নিয়ে চলে গেলে। যাঁতাচালক মনে মনে বললো: আটা চোরের খোঁজ তাহলে পাওয়া গেলো। বলা হয় না ‘দশদিন চোরের, একদিন গৃহস্থের!’ তাই ঘটলো। পরের রাতেই শেয়ালকে ধরে ফেললো। শেয়াল তো চীৎকার চ্যাঁচামেচি শুরু করে দিলো। যাঁতাচালক বললো: কী পেয়েছিস? দুষ্টু শেয়াল! তোর চামড়া তুলে বাজারে বিক্রি করে আমার আটার ক্ষতিপূরণ করবো..। শেয়াল চীৎকার করতে করতেই বললো: আমার কথাটা একটু শোনো! ধরে নিলাম তুমি তাই করবে, আমার চামড়া বিক্রি করবে..কিন্তু তাতে কয় টাকাই বা হবে তোমার! বরং তুমি আমাকে ছেড়ে দাও.. দেখো আমি তোমার জন্যে কী করি! অন্তত আমার চামড়ার চেয়ে ভালো কিছু তো অবশ্যই পাবে তুমি। যদি না পাও তখন আমার চামড়া তুলে বিক্রি করো। শেয়ালের কথা বিশ্বাস করে যাঁতাচালক ছেড়ে দিলো তাকে। শেয়াল চলে গেল। কয়েকদিন পর সে ছেঁড়াখোঁড়া কাপড়ের টুকরো, জুতোর ফিতা, লাগামের টুকরো ইত্যাদি জাতীয় আরো যা যা ছিল সব এনে জমা করলো যাঁতাঘরের এক কোণে। যাঁতাচালক এসব দেখে শেয়ালকে বললো: কী সব ছাইপাঁশ এনে জমাচ্ছো.! শেয়াল বললো: তুমি চুপ করো! এর বহুদিন পর ঐ শহরে বাইরে থেকে এক ব্যবসায়ী এলো। শেয়াল তখন যাঁতাচালককে বললো: তুমি এই চার বস্তা আটা নিয়ে ব্যবসায়ীকে দিয়ে বলো এগুলো আমাদের এক শেয়াল মশাই তোমার জন্যে পাঠিয়েছে। আর বলেছে শাল, গাউন, হ্যাট এবং মখমলের কিছু রাজকীয় পোশাক তার জন্যে আনতে। গোঁ গোঁ করতে করতে যাঁতাচালক শেষ পর্যন্ত তাই করলো। ব্যবসায়ী আটার বস্তাগুলো নিয়ে গেল আর কয়েকদিন পরই শেয়ালের জন্যে জিনিসগুলো নিয়ে এলো। শেয়াল সেগুলো পরে রওনা দিলো রাজপ্রাসাদের দিকে। শেয়াল প্রাসাদের দরোজায় গিয়ে একটা বিশেষ চেইন বাজালো। এই বিশেষ শব্দটি রাজকন্যার বিয়ের প্রস্তাবের জন্যে বাজানো হয়। যাই হোক প্রাসাদরক্ষীরা বাদশাকে গিয়ে বললো: একটা শেয়াল এসেছে রাজকন্যার বিয়ের প্রস্তাব নিয়ে। রাজা বললো: নিয়ে আসো তাকে। শেয়াল এলো। রাজা জিজ্ঞেস করলো: তুই আসলে কী চাস! শেয়াল বললো: আমার মালিক তোমার কন্যার প্রেমে পড়েছে। সে আমাকে পাঠিয়েছে বিয়ের প্রস্তাব নিয়ে। রাজা বললো: ঠিক আছে। কিন্তু আমি তো তোমার আরবাবকে দেখি নাই। শেয়াল বললো: আচ্ছা, আমি তাহলে নিয়ে আসি। এই বলে শেয়াল চলে গেল। শেয়াল তার মনিবের নাম ঠিক করলো ‘তুযালি বেগ।’ যাঁতাচালকের কাছে এসেই ডাকতে শুরু করলো: তুযালি বেগ! এই তুযালি বেগ! চলো! এই টুকরো কাপড় চোপড়গুলো নিয়ে চলো। আমরা বাদশার দরবারে যাবো। যাঁতাচালক বললো: কাকে তুযালি বেগ ডাকছো! আমি কোথায় আর রাজপ্রাসাদ কোথায়..তোমার মাথা কি ঠিক আছে? শেয়াল বললো: কথা না বলে তাড়াতাড়ি চলো! যাঁতাচালক এবার তুযালিবেগ হয়ে সত্যি সত্যিই ছেঁড়াখোঁড়া কাপড়ের টুকরোগুলো নিয়ে প্রাসাদের দিকে চললো। পথে পড়লো বিরাট একটা নদী। শেয়াল কাপড়ের টুকরোগুলোসহ তুযালিবেগকেও নদীতে ফেলে দিলো। যাঁতাচালক চীৎকার করতে করতে বললো: আমাকে বাঁচাও! তুই তো তোর ষড়যন্ত্র বাস্তবায়ন করেছিস শেষ পর্যন্ত, এবার আমাকে বাঁচা। শেয়াল তুযালিবেগকে পানি থেকে উঠিয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে গেল প্রাসাদে। রাজা জিজ্ঞেস করলো: কী হয়েছে? শেয়াল বললো: কী আর হবে! চল্লিশটা কাফেলা তোমার জন্যে তোহফা নিয়ে আসছিল। একটা গাধার পা কেঁপে উঠলো আর নদীতে পড়ে গেল। ওর পেছনে বাকি গাধারাও পড়ে গেল নদীতে। আমার মনিব ঘোড়ায় চড়ে আসছিল সে পর্যন্ত নদীতে পড়ে ভিজে গেল। অনেক কষ্টে তাকে পানি থেকে উঠালাম ঠিকই কিন্তু উপহার সামগ্রীগুলো সব নদীতে পড়ে গেল। রাজা বললো: আমি বাদশা! চিন্তা করো না। আমার একটা পোশাক নিয়ে তোমার মনিবকে দাও। সেগুলো পরেই সে আসুক। এই ফাঁকে বাদশা লোক পাঠালো প্রকৃত ঘটনা জানার জন্যে। তারা নদীতে কাপড়ের টুকরোগুলো দেখে ভাবলো ঘটনা ঠিক এবং সেটাই বাদশাকে বললো। শেয়াল তার মনিবকে রাজপোশাক দিয়ে বললো: এই তুযালবেগ! প্রাসাদে ঢুকে কিন্তু জোরে সালাম দেবে। তারপর গিয়ে বসবে বাদশার পাশে। বসে এদিক ওদিক সবার দিকে তাকাবে। তুযালবেগ পোশাক পরে রওনা হলো প্রাসাদের দিকে। প্রাসাদে ঢুকতেই সে শেয়ালের পরামর্শ ভুলে গেল। প্রাসাদের মাঝখানে দাঁড়িয়ে চারদিকে ওপরে নীচে সব দেখতে লাগলো। বাদশা শেয়ালকে বললো: কী খবর! তোমার মনিব এতো সূক্ষ্মভাবে সবকিছু দেখছে, যেন এর আগে আর কখনো এসব দেখে নি। শেয়াল বললো: আসলে ব্যাপারটা তা না, তুযালবেগ আপনার পুরোনো পোশাক পরেছে কী না, সেজন্যে, সঙ্কোচবোধ করছে। বাদশা সাথে সাথে বেগের জন্যে নতুন পোশাক বানানোর আদেশ দিলো এবং তাদের থাকার ব্যবস্থা করতে বললো। শেয়াল আর তার আরবাব ভালোভাবেই কদিন কাটালো প্রাসাদে। একদির সে বাদশাকে বললো: আমরা তো জনাব এখানে থাকা খাওয়ার জন্যে আসি নি, এসেছি তোমার কন্যার বিয়ের প্রস্তাব নিয়ে। এখন বিয়ে দিলে বলো, নৈলে আমরা চলে যাই। পথে আমার মনিবের প্রচুর মাল-সামানা রেখে এসেছি, জানিনা সেগুলোর কী অবস্থা। বাদশা অনেক চিন্তাভাবনা করে শেষ পর্যন্ত বিয়ে দেওয়ার ঘোষণা দিলো। বিয়েও হয়ে গেল। বাদশা চল্লিশজন গোলাম, চল্লিশজন চাকরানী, চল্লিশটা উট, চল্লিশটা গাধা এবং চল্লিশটা ঘোড়ার পিঠ ভর্তি উপঢৌকন দিলো কন্যার সাথে। এগুলো নিয়ে তো তুযালবেগ পড়েছে বিপাকে। কোথায় নিয়ে রাখবে এসব। রাজকন্যাকেই বা কোথায় নিয়ে উঠাবে। শেয়াল বললো: তুমি ভেবো না। তুমি পুরো কাফেলা নিয়ে অমুক জায়গা আসো। আমি গেলাম। এই বলেই শেয়াল চলে গেল পাহাড়ের উঁচুতে চমৎকার একটি প্রাসাদে। সেখানে ছিল সাতটি বিশাল হাতি। শেয়াল হাতিদেরকে গিয়ে বললো: নীচের দিকে তাকাও! দেখছো না ধুলো উড়ছে? হাতীরা বললো; হ্যা! তাইতো। শেয়াল বললো। রাজকন্যার কঠিন এক অসুখ হয়েছে। ডাক্তার বলেছে কন্যার সারা শরীরে হাতীর তেল মাখতে হবে। সে কারণেই তারা এদিকে আসছে তোমাদের তেল বের করার জন্যে। হাতীরা একথা শুনেই ধড়মড় করে প্রাসাদ ছেড়ে পালিয়ে গেল। শেয়াল প্রাসাদটাকে সুন্দর করে সাজালো। ততক্ষণে তুযালবেগ তার স্ত্রীসহ প্রাসাদে এসে হাজির হলো। প্রাসাদের চারদিকে তাকিয়ে বললো: এটা তো দেখছি বাদশার প্রাসাদের চেয়েও সুন্দর। এই সুন্দর প্রাসাদেই তারা জীবন যাপন করতে লাগলো।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৮ জন


এ জাতীয় গল্প

→ সিংহ ও চতুর শিয়াল
→ সিংহ ও চতুর শিয়াল

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now