রহিমুদ্দির ভাইয়ের বেটা(বাঙ্গালীর হাসির গল্প) "মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান বাপ্পী (০ পয়েন্ট)
X
পল্লীকবি জসীমউদ্দীন__________________
চাচা আর ভাস্তে সন্ধ্যা বেলায় আলাপ সংলাপ করিতেছে-
ভাস্তে:চাচা,আজ বাজারে গিয়াছিলাম৷
চাচা:যাবি না! তবে কি বাড়ি বসিয়া থাকবি নাকি?
ভাস্তে:একটা কুমড়া লইয়া গিয়াছিলাম৷
চাচা:নিবি না? খালি হাতে যাইবি নাকি?
ভাস্তে:একটা লোক আসিয়া কুমড়াটার দাম জিজ্ঞাসা করিল৷
চাচা:দাম জিজ্ঞাসা করিবে না তো কুমড়াটা মাগনা লইবে নাকি?
ভাস্তে:আমি আট অানা চাহিলাম৷
চাচা:আট আনা চাহিবি না? তবে কি মাগনা দাবি অত বড় কুমড়াটা?
ভাস্তে:সে লোকটা দুই আনা বলিল৷
চাচা:বলিবে না? অতটুকু কুমড়া তুমি আট আনা চাহিলেই সে নিবে কেন?
ভাস্তে:আমি বলিলাম, বাপের পুষ্যি কুমড়া খাইছ কোনো দিন?
চাচা:বেশ বলিয়াছিস৷ এত বড় কুমড়াটা ব্যটা কিনা দুই আনা মাত্র দর করিল!
ভাস্তে:এমন সময় এক পুলিশ আসিল৷
চাচা:আসিবে না? তুমি ভদ্রলোকের ছেলেকে বলিয়াছ, বাপের পুষ্যি কোনো দিন কুমড়া খাইছ? দেখ না কী হয়!
ভাস্তে:পুলিশ আসিয়া কুমড়াটার দাম জিজ্ঞাসা করিল৷
চাচা:করিবে না? পুলিস বলিয়া কুমড়াটা মাগনা লইবে নাকি?
ভাস্তে:অামি কুমড়ার দাম অাট আনা চাহিলাম৷
চাচা:বেশ! বেশ! আমার ভাস্তে! দাম চাহিবি না? পুলিশ দেখিয়া ডরাইবি নাকি?
ভাস্তে:পুলিস দুই আনা দাম করিল ৷
চাচা:করিবে না? পুলিশ বলিয়া কি তাহারা জিনিসের দাম-দস্তর জানে না? বলি অতটুকু কুমড়া- তার দাম দুই আনার বেশি আর কত হইবে?
ভাস্তে:আমি বলিলাম, বাপের পুষ্যি কুমড়া খাইছ কোনো দিন?
চাচা:বেশ বলিয়াছিস৷ বেটা আট আনার কুমড়াটা কিনা না দুই আনায় লইতে চায়৷
ভাস্তে:তখন পুলিশ আমাকে ধরিয়া খুব মাইর দিল৷
চাচা:দিবে না? যত বড় মুখ নয়,তত বড় কথা?
ভাস্তে:মারিতে মারিতে আমাকে থানায় লইয়া গেল৷
চাচা:থানায় লইয়া যাইবে না? পুলিশকে তুমি অপমান করিয়াছ৷
ভাস্তে:সেখানে গেলে বড় দারোগা আসিল৷
চাচা:আসিবে না? দেখ না, তোমার ওপর আরও কি দুর্গতি হয়!
ভাস্তে:বড় দারোগা আসিয়া আমাকে ছাড়িয়া দিল ৷
চাচা:দিবে না? তুমি যে রহিমুদ্দির ভাইয়ের বেটা৷
উৎস*বাঙ্গালীর হাসির গল্প-পল্লীকবি জসীমউদ্দীন
গল্পটির বিষয়ে মন্তব্য করুন গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now