বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
লেখকঃ মোহাম্মদ শাহজামান শুভ।
জামির খুব আদরের একটা বিড়াল ছিল। সে বিড়ালকে নিয়ে কত কাহিনি, কত গল্প! প্রথম থেকেই বিড়ালের নাম রাখার ঝক্কি শুরু হয়। অনেক ভেবেচিন্তে জামি নাম দিল ‘বাঘা’। নামটা শুনলেই একটা কীর্তিমান ভাব আসে, মনে হয় বিড়ালটা বুঝি গর্জে উঠবে। কিন্তু বিড়ালের বাস্তবতা হলো—গা এলিয়ে শুয়ে থাকা আর মাঝে মাঝে দুধের বাটির পাশে ঘুরঘুর করা।
একদিন জামির এক বন্ধু এসে শুনলো নামটা বাঘা। সঙ্গে সঙ্গে ভুরু কুঁচকে বললো—
“আরে ধুর জামি, বাঘের চেয়ে শক্তিশালী তো ড্রাগন! তুই বিড়ালের নাম ড্রাগন রাখ।”
বন্ধুর কথায় জামি ভেবে দেখলো, ঠিকই তো! ড্রাগনের নাম শুনলেই শক্তি, আগুন আর রহস্যময়তা মনে পড়ে। তাই বিড়ালের নাম বদলে রাখা হলো ‘ড্রাগন’।
কিন্তু এর মধ্যেই আরেকজন এসে হাজির। সে বললো—
“ড্রাগন আকাশে ভাসে, তার জন্য বাতাস দরকার। বাতাস ছাড়া ড্রাগন তো নিস্তেজ। বুঝলি কত শক্তিশালী বাতাস? বিড়ালের নাম রাখ বাতাস।”
জামি আরেকবার ভাবলো। হুম, বাতাস ছাড়া তো কিছুই চলে না। খুবই দারুণ ব্যাপার। তাই বিড়ালের নাম আবার পাল্টে হয়ে গেল ‘বাতাস’।
কদিন পর এক দার্শনিক টাইপ বন্ধু এসে দাঁড়াল। শুনে সে হাসতে হাসতে বললো—
“বাতাসকে থামাতে পারে কে জানিস? কেবল প্রাচীর। বাতাস যতই জোরে বয়ে যাক, প্রাচীরের সামনে এসে আটকে যায়। তাই নাম রাখ প্রাচীর।”
জামি তখন এতটা বিভ্রান্ত যে, কোনো কিছুতেই আপত্তি করলো না। বিড়ালের নাম বদলে গেল আবার, এবার হলো ‘প্রাচীর’।
কিন্তু এ সুখও স্থায়ী হলো না। হঠাৎ এক ছটফটে ছেলে এসে বললো—
“প্রাচীর কিসের এত বড় শক্তি! ইঁদুর এসে টুকটাক করে ফুটো করে দেয়। দ্যাখো কত কাণ্ড ইঁদুরের! তাই নাম রাখ ইঁদুর।”
জামির মাথায় হাত। তারপরও বিড়ালের নাম পাল্টে হয়ে গেল ‘ইঁদুর’।
শেষমেশ আরেকজন জ্ঞানী এসে বললো—
“ইঁদুর কার কাছে জব্দ জানিস? বিড়ালের কাছে। তাই এত ঘুরেফিরে নাম রাখার দরকার কী, বিড়ালের নাম বিড়ালই থাকুক। তাহলেই সব ঠিক।”
সবাই তখন হেসে গড়িয়ে পড়লো। জামি বুঝলো, আসলে যত নামেই ডাকুক, বিড়াল বিড়ালই। নামের খেলায় যতই ঝড় উঠুক, শেষে নিজের জায়গাতেই ফিরে আসে।
________________________________________
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now