বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বসফরাসে বিস্ফোরণ চ্যাপ্টার- ৭

"সাইমুম সিরিজ" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X ৭ ‘থ্রি জিরো’র শয়তানি দেখছি আমাদের অতিষ্ট করে তুলল। এর অবসান না ঘটালে চলছে না।’ বলছিলেন তুরস্কের প্রেসিডেন্ট আহমদ আরদোগাল বাবাগলু। বৈঠকটা প্রেসিডেন্টের মিনি ক্যাবিনেটের যা রাষ্ট্রের নিরাপত্তার বিষয়টা বিশেষভাবে দেখে থাকে। আজকের মিনি ক্যাবিনেটে হাজির আছেন প্রধানমন্ত্রী, দেশরক্ষামন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং গোয়েন্দা বিভাগ ও সশস্ত্র বাহিনী প্রধান। প্রেসিডেন্ট যা বললেন, তার মধ্যে অস্থিরতার একটা প্রকাশ আছে। এর কারনও আছে। থ্রি জিরোর কবল থেকে প্রেসিডেন্টের উদ্ধার এবং থ্রি জিরোর ৭ জন লোক ধরা পড়ার পর তারা মরিয়া হয়ে উঠেছে। প্রতিশোধের জন্যে ইতিমধ্যেই তারা ৩টি ট্রেন ও দু’টি বাসস্ট্যান্ডের প্রায় তিরিশটির মতো বাস হাওয়া করে দিয়েছে। ওদের এই ভয়ানক অদৃশ্য অস্ত্র মানুষের মধ্যে প্যানিক সৃষ্টি করেছে। থ্রি জিরো হুমকি দিয়েছে, তাদের দাবি মেনে না নিলে তারা ধ্বংসযজ্ঞের সৃষ্টি করবে। শিল্প-কারখানা, ট্রেন, বাস, লঞ্চ, স্টিমার, অস্ত্রগুদাম সব তারা ধোঁয়ার মতো শূন্যে মিলিয়ে দেবে। তারা তাদের সর্বশেষ দাবিতে আজ বলেছে, আগামী ৪৮ ঘন্টার মধ্যে তাদের ৭জন লোককে ছেড়ে দেয়াসহ মি. খালেদ খাকান ও বিজ্ঞানী ড. আন্দালুসিকে তাদের হাতে তুলে না দিলে তারা আক্রমন শুরু করবে। বিষয়টি নিয়ে সকালে ক্যাবিনেট আলোচনা হয়েছে। আহমদ মুসার সাথেও প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী আলোচনা করেছেন। এখন আবার মিনি ক্যাবিনেট আলোচনায় বসেছে ক্যাবিনেটে আলোচিত বিষয় নিয়ে আরও আলোচনার জন্যে। প্রেসিডেন্ট কথা শেষ করলে নড়েচড়ে বসলেন প্রধানমন্ত্রী। বললেন, ‘মাননীয় প্রেসিডেন্ট, ওদের মোকাবিলায় আমরা অনেক দূর এগিয়ে আছি। ওদের অনেক ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। অপূরণীয় ক্ষতি হয়েছে ওদের। প্রায় ফাইনাল স্টেজে আমরা এসেছি পৌঁছেছি। আমরা ওদের উৎখাত করতে পারবো ইনশাআল্লাহ। ‘কিন্তু আমাদের হাতে সময় তো বেশি নেই। অবশ্যই মি. খালেদ খাকান কি ভাবছেন, কি করছেন, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাঁর সাথে আর কিছু আলোচনা হয়েছে জেনারেল মোস্তফার?’ জেনারেল মোস্তফার দিকে তাকিয়ে বললেন প্রেসিডেন্ট। ‘সকালের বৈঠকের পর তার সাথে আর কোন যোগাযোগ হয়নি মহামান্য প্রেসিডেন্ট। স্যার, তার কাজের একটা স্টাইল হলো, কোন ভাবনা, কোন পরিকল্পনা চূড়ান্ত না হলে তিনি বলেন না। আর কোন কাজে হাত দিলে সেটা শেষ না করে ছাড়েন না। আমরা দেখেছি, যখন নিরব থাকেন তিনি, তখনই তিনি সবচেয়ে বেশি কাজ করেন।’ বলল জেনারেল মোস্তফা। ‘ঠিক বলেছেন, জেনারেল মোস্তফা। তবে পরশু দিন সকাল পর্যন্ত সময়। সেই হিসাবে সময় বেশি নেই। তার সাথে সার্বক্ষণিক যোগাযোগ আমাদের থাকতে হবে।’ বললেন প্রধানমন্ত্রী। ‘অবশ্যই স্যার। আমি এ মিটিং...।’ জেনারেল মোস্তফার কথার মাঝখানেই তার মোবাইল বেজে উঠল। জেনারেল মোস্তফা থেমে গিয়ে ‘মাফ করুন আপনারা’ বলে মোবাইল ধরল জেনারেল মোস্তফা। ওপারের কথা শুনতেই মুখে অন্ধকার নামল জেনারেল মোস্তফার। ওপারের কথা শুধু শুনলই। বলল না কিছু। এক সময় কল অফ করে দিয়ে তাকাল প্রেসিডেন্টের দিকে। জেনারেল মোস্তফার চোখ-মুখের অবস্থা দেখে সবাই বুঝতে পারল কোন দুঃসংবাদ নিশ্চয়। জেনারেল মোস্তফা মুখ থেকে টেলিফোন সরাতেই সবাই প্রায় এক সঙ্গে বলে উঠল, ‘কোন খারাপ সংবাদ জেনারেল মোস্তফা?’ ‘থ্রি জিরো’র টেলিফোন। ওরা তাদের দাবির সাথে আরেকটা বিষয় যোগ করেছে। সেটা হলো, তাদের দেয়া দাবি মানার সময় পর্যন্ত তাদের বিরুদ্ধে আক্রমণাত্মক কিছু করা যাবে না। যদি এরকম আক্রমণাত্মক কিছু দেখতে পায়, তাহলে আলটিমেটাম বাতিল হয়ে যাবে এবং তারা এ্যাকশন শুরু করবে। দেশকে তারা লন্ড ভন্ড করে দেবে।’ বলল জেনারেল মোস্তফা। জেনারেল মোস্তফা কথা শেষ করলো, কিন্তু কেউ কিছু বলল না। কারও কাছ থেকে কোন কথা এলো না। হঠাৎ করেই বিষাদের একটা কালো ছায়া সবার চোখে-মুখে নেমে এসেছে। নিরবতা ভাঙল জেনারেল মোস্তফাই। বলল, ‘আমরা কোন সিদ্ধান্তে পৌঁছার আগে বিষয়টা মি. খালেদ খাকানকে জানানো দরকার। ‘ঠিক বলেছ, জেনারেল মোস্তফা। তুমিই টেলিফোন কর তাকে এখনি।’ প্রেসিডেন্ট বললেন। ‘ইয়েস স্যার’ বলে জেনারেল মোস্তফা কল করল আহমদ মুসাকে। বিষয়টা তাকে জানিয়ে তার মতামত জানতে চাইল। আহমদ মুসার কথা সে শুনল। শেষে সালাম দিয়ে কল অফ করে প্রেসিডেন্টের দিকে তাকাল জেনারেল মোস্তফা। বলল, ‘মহামান্য প্রেসিডেন্ট, আহমদ মুসা বলেছেন, দেশকে লন্ডভন্ড করে দেবার সাধ্য তাদের নেই। সকল সামরিক, শিল্প ও গভর্নমেন্ট স্থাপনা সোর্ডের ডিফেন্স শিল্ডের আওতায় আনা হয়েছে। এরপর বাকি বেসরকারি ও অন্য ধরনের হাজারো টার্গেট। এসব টার্গেটকে আক্রমণের আওতায় আনা অকল্পনীয়, অবশ্যই তাদের অসাধ্য। কিন্তু তিনি বলেছেন, ওদের শেষ দাবি মেনে নেয়ার জন্যে। মেনে নেয়ায় আমাদের কাজের কোনই ক্ষতি হবে না। আমরা যা করব, তা ওদের চোখের সামনে করব না, জানিয়েও করব না। থামল জেনারেল মোস্তফা। ‘আলহামদুলিল্লাহ! আহমদ মুসা ঠিক কৌশল নিয়েছেন। আমরা তার কৌশল গ্রহন করলাম। আর আমাদের দেশকে লন্ডভন্ড করার থ্রি জিরোর দাবি প্রত্যাখান করে মি. খালেদ খাকান যা বলেছেন, সেটাও ঠিক। তবে ক্ষতি যেটুকুই করতে পারুক, সেটাও আমাদের ক্ষতি। সে ক্ষতিও আমাদের এড়াতে হবে। আলহামদুলিল্লাহ! আহমদ মুসার ওপর আমাদের আস্থা আছে। তিনি পারবেন অগ্রসর হতে, যেভাবে চাইছেন। তাকে সর্বাত্মক সাহায্য তোমরা কর।’ প্রেসিডেন্ট বললেন। ‘ইয়েস স্যার।’ বললেন প্রধানমন্ত্রী। ‘সবাইকে ধন্যবাদ’ বলে উঠে দাড়ালেন প্রেসিডেন্ট। প্রচন্ড চাপ আহমদ মুসার মনের ওপর। ওদের আলটিমেটামের ৪৮ ঘন্টার অনেকটা সময় কেটে গেছে। কিন্তু সামনে এক ইঞ্চি এগোনো যায়নি। এবার প্রয়োজন ওদের আসল ঘাঁটির সন্ধান, যেখানে চলছে তাদের গবেষণা, আছে ভয়ংকর অস্ত্রের কারখানা। ওদের পরিত্যক্ত পাম ট্রি গার্ডেনের ঘাঁটির কাগজপত্র ঘেঁটে বিশেষ কিছু পাওয়া যায়নি। ওদের অস্ত্রের নাম ও প্রকৃতি সম্পর্কে আরও কিছু। অদ্ভুত ওদের অস্ত্রটির নাম; ‘ফোটন সাইলেন্ট ডেস্ট্রাকশন ডেমন’ মানে ‘নিরব ধ্বংসের দৈত্য ফোটন।’ সংক্ষেপে ‘ডাবল ডি’। অস্ত্রের নামটা কিন্তু সার্থক। সত্যি ওটা নিরব ধ্বংসের দৈত্য। নিরবে, নিঃশব্দে ধ্বংস করে দেয় মেটালের তৈরি সব কিছু। অস্ত্রটি মানুষ হত্যা করে না, কিন্তু মানুষের, সমাজের, সভ্যতার, শক্তির সব অবলম্বনকে ধ্বংস করে দেয়। এ অস্ত্র ভালো হাতে থাকলে ক্ষতি ছিল না। কিন্তু এ শয়তানদের হাতে থাকার অর্থ অন্য সবারই মহাসংকটে পড়া। অন্য সবাইকে গোলাম বানাবার অস্ত্র হতে পারে এটা। শয়তান তার অস্ত্র অক্ষত রাখবে, ধ্বংস করবে অন্য সকলের অস্ত্র। এমন ধ্বংসের দুনিয়ার মানুষের শত্রু, মানবতার শত্রু। তার হাতে নিরব ধ্বংসের দৈত্য নামের ফোটন অস্ত্র থাকা দুনিয়ার জন্যে, দুনিয়ার মানুষের জন্যে মোটেও নিরাপদ নয়। তাদের এই অস্ত্র, এই গবেষণা সহ তাদের ধ্বংস করতে হবে। তাহলে আমাদের অস্ত্র সোর্ড হয়ে দাঁড়াবে মানবতাকে রক্ষার অপ্রতিদ্বন্দ্বী অস্ত্র। সব দেশ যদি ডিফেন্সের সোর্ড পেয়ে যায়, তাহলে আক্রমণকারী সব অস্ত্র অচল হয়ে পড়বে। ফলে এধরনের অস্ত্র তৈরিতে সব দেশই নিরুৎসাহিত হবে। ফলে বিলিয়ন বিলিয়ন অর্থে অস্ত্র তৈরি হবে না এবং সেই অর্থ সাশ্রয় হবে। মানুষের, মানবতার কল্যাণে লাগবে সেই অর্থ এবং এভাবেই আমাদের অস্ত্র, সেভিয়ার অব ওয়ার্ল্ড র‍্যাশনাল ডোমেইন (দুনিয়ার মানুষ্যত্ব- আদর্শের রক্ষক) নাম সার্থক হবে। ভাবনায় ডুবে গিয়েছিল আহমদ মুসা। ‘সোর্ড’ এর কথা ভাবতে গিয়ে একটা আবেগ এসে তাকে আচ্ছন্ন করে ফেলেছিল। জোসেফাইন আহমদ মুসার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করল। পারল না। আহমদ মুসার চোখ ঠিকই আছে তার দিকে, কিন্তু তাতে কোন দৃষ্টি নেই। জোসেফাইন সামনের সোফা থেকে উঠে এসে আহমদ মুসার পাশে বসল। ধীরে ধীরে হাত রাখল আহমদ মুসার কাঁধে। আহমদ মুসা একটু চমকে উঠে ফিরে তাকাল জোসেফাইনের দিকে। আহমদ মুসার চোখে তখনও শূন্য দৃষ্টি। জোসেফাইন আহমদ মুসার কাঁধে চাপ দিয়ে বলল, ‘কি ভাবছ এমন করে?’ আহমদ মুসা পূর্ণ দৃষ্টিতে তাকাল জোসেফাইনের দিকে। বলল, ‘ভাবছি ওদের আলটিমেটামের কথা। সময় যাচ্ছে, কিন্তু সামনে এগোবার পথ দেখা যাচ্ছে না। ওদের ঘাঁটি, হেড কোয়ার্টার ওরা কোথায় শিফ্‌ট করল, সেটাই আমরা লোকেট করতে পারছি না। সবচেয়ে বেদনার বিষয় হয়েছে, ওদের যে ৭ জন লোক ধরা পড়েছিল, পুলিশের অসতর্কতার কারণে তাদের কাউকে বাঁচিয়ে রাখা যায়নি। জ্ঞান ফেরার সংগে সংগেই ওরা পটাসিয়াম সাইনাড খেয়ে...।’ মোবাইল বেজে উঠল জোসেফাইনের। জোসেফাইন আহমদ মুসার কথার মাঝখানেই বলে উঠল, ‘এক্সকিউজ মি, টেলিফোনটা ধরছি।’ বলে জোসেফাইন সোফার একপাশে কাত হয়ে কলটা অন করল। ওপারে জেফি জিনার কণ্ঠ শুনেই জোসেফাইন বলল, ‘আসসালামু আলাইকুম, কেমন আছেন?’ ‘ভালো। আপনি কেমন আছেন? ব্যাস্ত নন তো আপনি?’ বলল জেফি জিনা। ‘ব্যস্ত থাকব কেন, আমার তো কোন কাজ নেই। আহমদের আব্বার সাথে একটু কথা বলছিলাম খুব দুশ্চিন্তার মধ্যে আছেন এখন তিনি।’ বলল জোসেফাইন। ‘কি নিয়ে ওঁর দুশ্চিন্তা?’ জিজ্ঞাসা জেফি জিনার। ‘ওরা ৪৮ ঘন্টার আলটিমেটাম দিয়েছে। এই আলটিমেটামের মোকাবিলা করতে হলে ওদের হদিস প্রয়োজন। সে হদিস এদের কাছে নেই।’ বলল জোসেফাইন। সংগে সংগে উত্তর দিল না জেফি জিনা। মূহুর্ত কয়েক পরে তার কণ্ঠ শোনা গেল। বলল, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে কোর্স করছেন সেই শিক্ষক স্মার্থা দু’দিন আগে টেলিফোনে কারও সাথে কথা বলার সময় বলছিল, বসফরাসের পূর্বে উত্তর ইস্তাম্বুলের একটা বড় ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স তাদের নতুন ঠিকানা। আমি জানিনা এটা কোন গুরুত্বপূর্ণ ইনফরমেশন কি না?’ ‘ধন্যবাদ মিস জেফি, প্লিজ আপনি ওর সাথে একটু কথা বলুন। তার আরও কিছু জিজ্ঞাসাও থাকতে পারে।’ জোসেফাইন বলল। ‘প্লিজ, না। হঠাৎ কথা বলতে খারাপ লাগবে। পরিচয় নেই, উনিই বা কি ভাববেন? আমার যা জানা আপনাকে তো বললাম। প্লিজ।’ ‘ঠিক আছে। সে ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের কি নাম বলছিল?’ জিজ্ঞাসা জোসেফাইনের। ‘নাম বলেনি, বলেছিল ঐটুকুই। গত দু’দিন থেকে সে হঠাৎ করেই উধাও। আচ্ছা থাক, আহমদ আব্দুল্লাহ কেমন আছে?’ ‘ভালো আছে।’ ‘অনেক দিন ওর সাথে দেখা হয়নি, না?’ বলল জেফি জিনা। ‘আসুন না আমাদের বাসায়। এলেন না কোন দিন।’ জোসেফাইন বলল। তার কন্ঠে অনুযোগের সুর। ‘যাবো একদিন।’ বলল জেফি জিনা। ‘সে দিন কবে আসবে? আসার কথা বললেই কোন না কোন অসুবিধা দাঁড় করাবেনই?’ জোসেফাইন বলল। ‘হযরত আইয়ুব সুলতান রা.-এর ওখানে এর মধ্যে কবে আসবেন?’ জিজ্ঞাসা জেফি জিনার। ‘যাওয়ার আগে আপনাকে জানাব। আপনাকে না পেলে তো মজা হবে না।’ বলল জোসেফাইন। ‘ধন্যবাদ। আর কথা নয়। আপনি অবশ্যই ব্যস্ত। রাখি।’ জেফি জিনা বলল। ‘আবার ব্যস্ততার কথা!’ বলল জোসেফাইন। ‘স্যরি। আসসালামু আলাইকুম।’ ‘ধন্যবাদ। ওয়া আলাইকুম সালাম।’ বলে মোবাইলের কল অফ করে দিল জোসেফাইন। আহমদ মুসা উদ্‌গ্রীব হয়ে তাকিয়ে ছিল জোসেফাইনের দিকে। বলল, ‘তোমার বান্ধবী কি বলছিল? কি এক ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের কথা বললে?’ ‘স্মার্থা মানে সেই শিক্ষিত মেয়েটা। সে নাকি দু’দিন আগে কারও সাথে টেলিফোনে কথা বলার সময় বসফরাসের পশ্চিমে উত্তর ইস্তাম্বুলে একটা ইন্ড্রাস্ট্রিয়াল কমপ্লেক্সে তাদের নতুন ঠিকানার কথা বলেছে।’ আহমদ মুসা সোজা হয়ে বসল। ভ্রূ কুঞ্চিত হলো তার। বলল আহমদ মুসা দ্রুত কন্ঠে, ‘ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের নাম বলেছে?’ ‘নাম নয়, শুধু ঐ টুকুই বলেছিল।’ বলল জোসেফাইন। ‘বসফরাসের পশ্চিমে উত্তর ইস্তাম্বুলে একটা ইন্ড্রাস্ট্রিয়াল কমপ্লেক্স’ কথাটা কয়েকবার মনের মধ্যে আওড়াল আহমদ মুসা। শুনেছে এমন কথা সে এর আগে। কোথায়? হঠাৎ আহমদ মুসার মনে পড়ল, প্রেসিডেন্ট কিছু দিন আগে তাকে বলেছিলেন, বিজ্ঞানি আবদুর রহমান আরিয়েহকে বসফরাসের পূর্ব পাড়ে পার্বত্য এলাকায় একটা ইন্ডাস্ট্রিয়েল কমপ্লেক্স স্থাপনের অনুমতি দিয়েছিলেন। সংগে সংগেই লাফ দিয়ে উঠল আহমদ মুসা সোফা থেকে অপ্রত্যাশিত কিছু পেয়ে যাবার আনন্দে। বলল, ‘বোধ হয় পেয়ে গেছি জোসেফাইন!’ বলেই আবার বসে পড়ল। বলল, ‘জোসেফাইন, আমার মোবাইলটা দাও তো!’ আহমদ মুসার আনন্দে জোসেফাইনেরও মুখ উজ্জ্বল হয়ে উঠেছিল। দ্রুত উঠে গিয়ে মোবাইল এনে আহমদ মুসার হাতে দিয়ে বলল, ‘কি পেয়ে গেছ? ওদের নতুন ঠিকানা?’ ‘বলছি জোসেফাইন, প্রেসিডেন্টকে টেলিফোনটা করে নিই।’ বলে কল করল প্রেসিডেন্টকে। ওপারে প্রেসিডেন্টের কন্ঠ পেয়েই আহমদ মুসা বলল, ‘মি. প্রেসিডেন্ট! স্যার, এভাবে বিরক্ত করার জন্যে আমি দুঃখিত। জরুরি...।’ ‘মি. খালেদ খাকান, এধরনের কথার আশ্রয় নেবেন আপনি, এটা আমার জন্যে খুবই দুঃখের। আমার ২৪ ঘণ্টা সময় আপনার জন্যে ওপেন। প্লিজ বলুন।’ আহমদ মুসার কথার মাঝখানেই বলে উঠলেন প্রেসিডেন্ট। ‘ধন্যবাদ, স্যার। একটা জরুরি বিষয়ের জন্যে আপনাকে টেলিফোন করেছি। একদিন আপনি বলেছিলেন, বিজ্ঞানি আবদুর রহমান আরিয়েহকে ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের জন্যে একটা বিশাল এলাকা বরাদ্দ দিয়েছিলেন বসফরাসের পূর্ব পাড়ে উত্তর ইস্তাম্বুলে। সে ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের নামও আপনি বলেছিলেন। আমি মনে করতে পারছি না। আপনি কি একটু সাহায্য করতে পারবেন?’ বলল আহমদ মুসা। ‘হ্যাঁ, মি. খালেদ খাকান, ঘটনাটা আমার মনে আছে। নাম হলো, ‘আরিয়েহ ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড’।’ ‘অনেক ধন্যবাদ, স্যার।’ আহমদ মুসা বলল। ‘ধন্যবাদ দিন, কিন্তু বিদায় নেবেন না। যেজন্যে এত বড় ধন্যবাদ, সেই আরিয়েহ ইন্ডাস্ট্রিজ নিয়ে আপনার আগ্রহ কেন বলুন।’ প্রেসিডেন্ট বললেন। ‘স্যার, আমার ইনফরমেশন যদি ঠিক হয়, তাহলে এটাই আমাদের খুঁজে বেড়ানো সোনার হরিণ।’ আহমদ মুসা বলল। ‘আলহামদুলিল্লাহ! আপনার জিজ্ঞেস করা দেখেই আমার সন্দেহ হয়েছিল। থ্রি জিরোর সাথে সংশ্লিষ্ট কিছু হবে এটা। একদম সোনার হরিণ হবে তা বুঝিনি। আলহামদুলিল্লাহ! পরবর্তী প্রোগ্রাম আপনার কি? জেনারেল মোস্তফারা জানতে পেরেছেন এ বিষয়টা?’ জিজ্ঞেস করলেন প্রেসিডেন্ট। ‘না, এখনো জানাইনি। তথ্যটা পাওয়ার পর প্রথম টেলিফোনটা আপনাকে করেছি বিষয়টা নিশ্চিত হবার জন্যে। আমার প্রোগ্রাম আমি পরে জানাব। তার আগে আরও কিছু বিষয় জানা দরকার। ইতিমধ্যে আমার একটা অনুরোধ। আরিয়েহ ইন্ডাস্ট্রিজ থেকে বাইরে বেরুবার যত পথ আছে, অলিগলি আছে, সবখানে সাদা পোশাকে পুলিশ ও গোয়েন্দা মোতায়েন করা দরকার। যারা শিল্প-কারখানাটি থেকে বের হবে, তারা কোথায় কোথায় যায়, কোথায় থাকে তা শেষ পর্যন্ত মনিটর করতে হবে। আরিয়েহ ইন্ডাস্ট্রিজ-এর স্যাটেলাইট ক্লোজ ফটো দরকার। পরে সব আলোচনা করবো স্যার।’ বলল আহমদ মুসা। ‘ধন্যবাদ, মি. খালেদ খাকান। আপনি যা বলেছেন, তা এখন থেকেই কার্যকর হবে। স্যাটেলাইট ফটো আপনি অল্পক্ষণের মধ্যে পেয়ে যাবেন।’ বললেন প্রেসিডেন্ট। ‘ধন্যবাদ, স্যার।’ আহমদ মুসা বলল। ‘ওকে, মি. খালেদ খাকান। আল্লাহ আমাদের সাহায্য করুন। আসসালামু আলাইকুম।’ বললেন প্রেসিডেন্ট। আহমদ মুসা সালাম নিয়ে মোবাইলের কল অফ করে দিল। মোবাইল অফ করে দিয়ে মূহুর্তকাল চোখ বন্ধ করে থাকল আহমদ মুসা। তারপর চোখ খুলেই সে জড়িয়ে ধরল জোসেফাইনকে। বলল, ‘তোমার বান্ধবীকে ধন্যবাদ। প্রায় সব ক্রিটিক্যাল ব্যাপারে তার সহযোগিতা তোমার মাধ্যেমে এসেছে। কিন্তু আমার বিস্ময় লাগছে, এতো সাহায্য যিনি করছেন, তিনি কিন্তু একদিনও কথা বলেননি, সরাসরি কোন তথ্য তিনি আমাকে দেননি। এটা সত্যি বিস্ময়কর! এর কোন অর্থ তুমি পেয়েছ, আমি কিন্তু পাইনি।’ দু’জনই পাশাপাশি বসল। ভাবনার ছাপ জোসেফাইনের চোখে-মুখে। বলল, ‘অনেক সময় আমারও বিস্ময় ঠেকেছে! খুব জরুরি বিষয় যা তোমাকে সরাসরি জানানো দরকার, সেটাও আমার মাধ্যমে বলেছেন। তার ফলে সময় নষ্ট হয়েছে। সময় নষ্ট হওয়ার বিষয়টি বুঝেও তিনি সরাসরি টেলিফোন করেননি। সত্যি এ রহস্যের কোন জবাব নেই আমার কাছে। আজও আমি তাকে অনুরোধ করেছিলাম নতুন ঠিকানার বিষয়টি তোমাকে বুঝিয়ে বলার জন্যে। কিন্তু পাল্টা তিনি আমাকে অনুরোধ করেছেন সরাসরি কথা বলা থেকে রেহাই পাবার জন্যে।’ থামল জোসেফাইন। ‘অথচ দেখ, সাহায্য করার আগ্রহ তারই বেশি। কিন্তু কথা বলার আগ্রহ নেই। বিষয়টা মেলে না।’ আহমদ মুসা বলল। ‘শুধু আগ্রহ নয়, উদ্বেগও তার মধ্যে আমি দেখেছি। সেই যে আলালা পাহাড়ের সিনাগনে, তুমি যেখানে বিপদে পড়েছিলে, সেদিন আমাকে নিয়ে সেখানে যাওয়ার সময় তার মধ্যে যে উদ্বেগ দেখেছি, আবেগ দেখেছি তা বিস্ময়কর! বসফরাসের ব্রীজ থেকে লাফিয়ে পড়ার ঘটনায় তোমাকে সংজ্ঞাহীন অবস্থায় শত্রুর হাত থেকে কৌশলে তিনি উদ্ধার করে আনলেন, সে দিন তার মধ্যে যে উদ্বেগ, আবেগ ও আন্তরিকতা দেখেছি তার কোন তুলনা হয় না। একেবারে একদম কাছের মানুষ না হলে এমন মনোভাব কারও মধ্যে সৃষ্টি হওয়া অসম্ভব। এভাবে প্রতিটি ইনফরমেশন দেয়ার সময় তার মধ্যে আমি এই আবেগ-আন্তরিকতা দেখেছি। সত্যি আমি বিষয়টা ভাবতে...।’ জোসেফাইনের কথার মাঝখানেই আহমদ মুসা বলে উঠল, ‘দেখ, একটা বিষয় এখনও আমার কাছে রহস্য! তিনি শত্রুর কবল থেকে সংজ্ঞাহীন অবস্থায় আমাকে উদ্ধার করলেন। বুঝলাম একজন বান্ধবীর স্বামীকে তিনি উদ্ধার করেছেন, কিন্তু বান্ধবীর স্বামীটিকে তিনি চিনলেন কি করে? এক ঝলক কোথাও যদি দেখেও থাকেন, ফটোও যদি দেখে থাকেন, তবু ঐ রকম বিপর্যস্ত অবস্থায় চিনতে পারার কথা নয়। আরেকটা কথা ঐ অবস্থায় চিনতে পারার জন্যে যে গভীরভাবে দেখা প্রয়োজন, সেভাবে দেখার জন্যে উনি সেদিন সেখানে গেলেন কেন?’ থামল আহমদ মুসা। ‘প্রশ্নগুলো আমার কাছেও বিস্ময়ের! তবে আমার বান্ধবীর নিয়ে অন্য কিছু ভেব না। সে অত্যন্ত আন্তরিক। প্রতিবার, প্রতিটি ঘটনা, প্রতিটি কথায় এর প্রকাশ আমি দেখেছি। তার মুখটা তার মনের আয়না। অদ্ভূত এক সরলতা, পবিত্রতা তার চোখে-মুখে! তার সান্নিধ্যে গেলে মন ভরে যায়, অপার এক আনন্দ পাওয়া যায়। বাচ্চারাই মানুষের অন্তর ভালো বুঝতে পারে। কারও কাছে তারা যায়, কারও কাছে যায় না। আমাদের আহমদ আব্দুল্লাহ তার জন্যে পাগল। দেখা পেলেই তার কোলে গিয়ে মুখ গুঁজবে। সেও...।’ ‘যাক, আর বলো না জোসেফাইন। বুঝতে পারছি, তুমি তার প্রেমে পড়ে গেছ। তবে এটাও মনে রেখ, যে কোন সৌন্দের্যের প্রশংসা করে কিংবা যে সবার মধ্যে সৌন্দর্য, সরলতা, পবিত্রতা দেখে, সে কিন্তু সবার চেয়ে সুন্দর হয়। অতএব, জোসেফাইন...।’ আহমদ মুসা কথা শেষ করার আগেই জোসেফাইন আহমদ মুসার পিঠে একটা কিল দিয়ে উঠে দাঁড়িয়ে বলল, ‘তুমি কথাটাকে এখন অন্যদিকে ঘোরাচ্ছ, আমি চললাম।’ আহমদ মুসা হাত বাড়িয়ে ধরতে গেল জোসেফাইনকে। ছুটে পালাল জোসেফাইন। হাসল আহমদ মুসা। মনে মনে বলল, ‘তুমি অন্যের প্রশংসা যতটা কর, তার একাংশও নিজের প্রশংসা শুনতে পার না।’ আহমদ মুসা সোফায় গা এলিয়ে দিয়ে মোবাইলটা টেনে নিল। আহমদ মুসা টেলিফোন করল ইউনিভার্সিটি অব টেকনোলজির রেজিস্ট্রার তাইয়ের ইসমাইলকে। তাইয়ের ইসমাইলের সাথে আহমদ মুসার কয়েক বার দেখা হয়েছে। টেলিফোনে তাইয়ের ইসমাইলকে পেল আহমদ মুসা। সালাম ও শুভেচ্ছা বিনিময়ের পর বলল, ‘আমি একটা ফেভার চাই আপনার।’ ‘অবশ্যই, স্যার। বলুন।’ বলল রেজিস্ট্রার। ‘আপনার বিশ্ববিদ্যালয়ে ‘জেফি জিনা’ নামে একজন বিদেশী অধ্যাপিকা আছেন। তার কিছু তথ্য আমাকে দিতে হবে। তিনি কোন্‌ দেশের, কোন্‌ ঠিকানার, কতদিন আছেন, থাকেন কোথায় ইত্যাদি।’ বলল আহমদ মুসা। আহমদ মুসা যখন কথা বলছিল, তখন পাশে এসে দাঁড়িয়েছিল জোসেফাইন। আহমদ মুসার অনুরোধের উত্তরে ওপার থেকে রেজিস্ট্রার বলল, ‘ঠিক আছে স্যার, জানাব আপনাকে খোঁজ নিয়ে।’ ধন্যবাদ ও সালাম জানিয়ে কল অফ করে দিল আহমদ মুসা। ‘ধন্যবাদ, ঠিক করেছ। এবার ওঁকে ধরা যাবে।’ বলল জোসেফাইন। আবার আহমদ মুসা হাত বাড়াল। জোসেফাইনকে ধরার জন্যে। এবার আর পালালো না জোসেফাইন। হাত ধরলেও বাধা দিল না। টানল জোসেফাইনকে আহমদ মুসা নিজের দিকে। বোঁটা ছেঁড়া ফলের মতো জোসেফাইন এসে পড়ল আহমদ মুসার কোলে। ‘ঝামেলা করো না, আহমদ আবদুল্লাহ নড়ছে, এখনি উঠবে ঘুম থেকে।’ বলল জোসেফাইন। তার মুখ রাঙা হয়ে উঠেছে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৬ জন


এ জাতীয় গল্প

→ বসফরাসে বিস্ফোরণ চ্যাপ্টার- ৭ বাকি অংশ (শেষ)
→ বসফরাসে বিস্ফোরণ চ্যাপ্টার- ৬ বাকি অংশ
→ বসফরাসে বিস্ফোরণ চ্যাপ্টার- ৬
→ বসফরাসে বিস্ফোরণ চ্যাপ্টার- ৫ বাকি অংশ
→ বসফরাসে বিস্ফোরণ চ্যাপ্টার- ৫
→ বসফরাসে বিস্ফোরণ চ্যাপ্টার- ৪ বাকি অংশ
→ বসফরাসে বিস্ফোরণ চ্যাপ্টার- ৪
→ বসফরাসে বিস্ফোরণ চ্যাপ্টার- ৩
→ বসফরাসে বিস্ফোরণ চ্যাপ্টার- ২ বাকি অংশ
→ বসফরাসে বিস্ফোরণ চ্যাপ্টার- ২
→ বসফরাসে বিস্ফোরণ চ্যাপ্টার- ১ বাকি অংশ
→ বসফরাসে বিস্ফোরণ চ্যাপ্টার- ১

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now