বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বসফরাসে বিস্ফোরণ চ্যাপ্টার- ৪

"সাইমুম সিরিজ" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X ৪ পাম গার্ডেনের প্রাচীর টপকানোর পর প্রতি মুহুর্তে বিপদের আশংকা নিয়ে এক পা দু’পা করে আহমদ মুসা যখন পাম গার্ডেনের মূল বিল্ডিং-এর দেয়াল ঘেঁষে দাঁড়াল,তখন দূরে কৃষ্ণ সাগরের বুকে সোবহে সাদেকের সফেদ আলো ফুটে উঠেছে। তার সাথে পাম গার্ডেন এলাকার গোটা অবয়বও স্পষ্ট হয়ে উঠছে। প্রাচীর ঘেরা বিশাল পাম গার্ডেন এলাকা। উত্তর ইস্তাম্বুলের বসফরাসের পশ্চিমে প্রায় তিন কিলোমিটার দূরে জেকেরিয়ার উত্তর-পূর্বে বিশাল এলাকা নিয়ে এই পাম গার্ডেন এলাকা। গোটা এলাকাই উঁচু প্রাচীরে ঘেরা। আহমদ মুসার চাহিদা অনুসারে জেনারেল মোস্তফার নির্দেশে মধ্যরাত থেকে নিরাপত্তা রক্ষীরা পাম গার্ডেন এলাকা ঘিরে রেখেছে। জেনারেল মোস্তফাও একটু দূরে দাঁড়িয়ে আহমদ মুসার সংকেতের অপেক্ষা করছে। ঠিক হয়েছে আহমদ মুসা গোপনে একাই ভেতরে প্রবেশ করবে। ভেতরটা অনুসন্ধানের পর করণীয় সম্পর্কে আহমদ মুসা জানানোর পর বাইরের নিরাপত্তা বাহিনী মুভ করবে। আহমদ মুসা দেয়ালের গোঁড়ায় দাঁড়িয়ে ওপর দিকে তাকাল। দেয়ালটা ৪ তলার উঁচু পর্যন্ত উঠে গেছে। দেয়াল ডিঙাতে তাকে চারতলা উঁচু পর্যন্ত উঠতে হবে। পেছন দিকে দরজা আছে কিনা তা দেখার জন্যে আহমদ মুসা দেয়ালের গোঁড়া ধরে হাঁটতে লাগল। গোটা পেছনটা ঘুরল আহমদ মুসা। কিন্তু সলিড ওয়াল ছাড়া আর কিছুই পেলনা। একতলা পরিমান উঁচুতে কোন জানালা পর্যন্ত নেই। দেয়ালের স্ট্রাকচার অনেকটা গোডাউন বা জেলখানার মত। দেয়ালের গোঁড়ায় দাঁড়িয়ে হতাশ ভাবে চারদিকে তাকাল আহমদ মুসা। ভোরের সফেদ আলো নেমে আসলেও তখনও অন্ধকার কাটেনি। তবে বিল্ডিং-এর স্ট্রাকচারগুলো স্পষ্ট হয়ে উঠেছে। এই আলো-আঁধারের মধ্যে আহমদ মুসার প্রাচীরের ভেতরে কম্পাউন্ডে সিনাগগের স্ট্রাকচার নজরে পড়ল। ভাল করে দেখল সিনাগগই, কিন্তু এত ছোট! কৌতূহলবশতই সেদিকে এগুলো আহমদ মুসা। ডিজাইনের দিক দিয়ে বিল্ডিংটি নিখুঁত এক সিনাগগ, এমনকি দরজা, জানালার কারুকাজ পর্যন্ত সিনাগগের। কিন্তু এত বড় কমপ্লেক্সের মধ্যে এত ছোট সিনাগগ কেন? দরজার দিকে আরেকটু এগোলো আহমদ মুসা। দরজার ওপরের মাথায় চৌকাঠে মাকড়সার জাল দেখে বিস্মিত হল আহমদ মুসা। এত সুন্দর করে সিনাগগ তৈরি হয়েছে তার ব্যবহার হবে না কেন? দরজার আরও ঘনিষ্ঠ হলো আহমদ মুসা। দরজার মুখোমুখি হতেই দরজার সুশৃঙ্খল ডিজাইনের মধ্যে অসম একটা আঁকাজোঁকার ওপর আহমদ মুসার নজর আটকে গেল। ডিজাইনগুলোর সবই দরজার রংয়ে দরজার ওপর খোদাই করা। সুশৃঙ্খল ডিজাইনের ওপর বিশৃঙ্খল আঁকাজোঁকা সহজেই আহমদ মুসার নজরে পড়ে গিয়েছিল। আঁকাজোঁকার ওপর নজর স্থির হতেই আহমদ মুসা দেখল ওগুলো অর্থহীন নয় আঁকাজোঁকা নয়। ওগুলো হিব্রু অক্ষর। হিব্রু অক্ষর দেখে আগ্রহ বাড়ল আহমদ মুসার। অক্ষরগুলো মিলিয়ে আহমদ মুসা পড়ল শব্দটি ইলিরাজ (Eliraz)। হিব্রু ‘ইলিরাজ’ শব্দের অর্থ ‘মাই গড ইজ মাই সিক্রেট’ (আমার ঈশ্বর আমার গোপনীয়তা)। আহমদ মুসার মনে পড়ল, ইহুদীরা এই কথাকে তাদের গোপনীয়তার শপথ কিংবা গোপনীয়তা রক্ষার দোয়া হিসেবে ব্যবহার করে। কিন্তু আহমদ মুসা বুঝতে পারল না, এই কথাটি এখানে এই দরজার উপর লেখা কেন? আহমদ মুসা জানে এই পাম গার্ডেনে গোপনীয়তার কিছু অবশ্যই আছে। কিন্তু গোপনীয়তা রক্ষার দোয়াটা এই দরজায় কেন? তাহলে কি এখানে গোপনীয়তার কিছু আছে? আহমদ মুসার মন খুশি হয়ে উঠল। প্রশ্ন এলো মনে, এই ছোট্ট স্থাপনার সিনাগগের ডিজাইন কি কোন ক্যামোফ্লেজ? ভেতরে ঢোকার জন্যে দরজা ঠেলল আহমদ মুসা। খুলে গেল দরজা। আহমদ মুসা ভেতরে ঢুকে পকেট থেকে পেন্সিল টর্চটা বের করে জ্বালাল। ঘরের চারদিক দেখল। ঘরটি প্রার্থনার ঘরের মতো করেই সাজানো। ঘরের পশ্চিম দিকে একটা বেদি। বেদির ওপর একটা ডেস্ক। আহমদ মুসা উঠে গেল বেদির ওপর। দেখল বুক সমান উঁচু ডেস্কটি একটা বাক্স বা আলমারির মতো। বাক্স বা আলমারির দু’টি পাল্লা এলুমিনিয়াম প্যানেলের ওপর দাঁড়ানো। ডেস্কটি দেখলেই মনে হবে উঁচু চেয়ারে বসে ডেস্কে বই, ফাইল ইত্যাদি রাখা হয়। আর অনুষ্ঠানের জিনিসপত্র, কাগজপত্র রাখা হয় ডেস্কের আলমারিতে। কোন কাগজপত্র কি আছে ডেস্কের আলমারিতে? তাতে গোপনীয় বা প্রয়োজনীয় কিছু থাকতে পারে? আহমদ মুসা আলমারিটি খোলার জন্যে এলুমিনিয়াম প্যানেলের উপর দাঁড়ানো দু’টি পাল্লা দু’দিকে ঠেলে দিল। খোলা জায়গা দিয়ে সামনে তাকাতেই বিস্ময়ে হাঁ হয়ে গেল আহমদ মুসার মুখ। দেখল কংক্রিটের একটা সরু সিঁড়ি নিচে নেমে গেছে। বিস্ময়-বিমুগ্ধ আহমদ মুসা আল্লাহর শোকরিয়া আদায় করল। সে ভাবল, নিশ্চয় এই সিঁড়ি পাম গার্ডেন থেকে বেরুবার একটা গোপন এক্সিট পয়েন্ট। তার মানে এই সিঁড়ি দিয়ে পাম গার্ডেনে প্রবেশ করা যাবে। পকেট থেকে আহমদ মুসা মেশিন রিভলবারটা বের করে হাতে নিয়ে সিঁড়ি দিয়ে নামা শুরু করল। আহমদ মুসার বাম হাতে টর্চ এবং ডান হাতে উদ্যত রিভলবার। সিঁড়িটি মোটামুটি প্রশস্ত, একটা লম্বা ঘরে গিয়ে শেষ হলো। ঘরটিতে একটা খাটিয়া, পানির পাত্র, ইত্যাদিসহ টুকিটাকি জিনিস রয়েছে। দেখলেই মনে হবে মিনি সিনাগগটির এটা একটা রেস্ট রুম অথবা মালখানা এবং এটা এখানেই শেষ। কিন্তু আহমদ মুসা এটা মানতে পারল না। নিশ্চয় এখানে একটা গোপন পথ পাওয়া যাবে পাম গার্ডেনের ভেতরে ঢোকার। আহমদ মুসা ঘরের চারদিকটা ঘুরল। মেঝে, দেয়াল সবটাই সলিড। খাটিয়াটি ঘরের কোণায়। দেয়াল সেঁটে পাতা আছে। খাটিয়ার উপর হালকা বেড। খাটিয়ার নিচটা দেখার জন্যে আহমদ মুসা খাটিয়ার লম্বা লম্বি প্রান্ত ধরে ওপরে তুলল। খাটিয়ার মাথা তিন-সাড়ে তিন ফুটের মতো ওপরে ওঠাতেই খাটিয়াটি আকস্মাৎ হাত থেকে ছুটে গিয়ে দেয়ালের গায়ে সেঁটে গেল এবং নিচের মেঝেটা চোখের পলকে দেয়ালে ঢুকে গেল। আর তার সঙ্গেই একটা সিঁড়িপথ উন্মুক্ত হয়ে গেল। আল্লাহর এই সাহায্যের জন্যে তার শুকরিয়া আদায় করে আহমদ মুসা এক হাতে টর্চ অন্য হাতে রিভলবার নিয়ে নামতে শুরু করল। বিশ-বাইশ স্টেপের একটা দীর্ঘ সিঁড়ি। সিঁড়িটা এবার নেমে এলো বিশাল ফুটবল খেলার মাঠের মতো একটা হলঘরে। মেরিল দুর্গের নিচে আইআরটি’র টেস্ট গ্রাউন্ডের মতোই এটা বিশাল। বিশাল ক্ষেত্রটির চারদিকে চাইতে গিয়ে একে পরিত্যক্ত মনে হলো। বিশাল ক্ষেত্র জুড়ে মেঝের এখানে-সেখানে ইস্পাত ও কংক্রিটের স্থাপনা। ভাঙাচোরা। দেখেই মনে হচ্ছে, তাড়াহুড়ো করে ভেঙেচুরে কেউ যেন এগুলো থেকে কিছু খুলে নিয়ে গেছে! এদিক-ওদিক ঘুরে-ফিরে দেখতে গিয়ে মেঝেতে পড়ে থাকা অবস্থায় সরু লম্বা প্লাস্টিকের একটা সাইনবোর্ড পেল। সাইনবোর্ডটি হিব্রু ভাষায়। হিব্রু ভাষা দেখে সাইন বোর্ড হাতে তুলে নিল আহমদ মুসা। পড়ল ‘ফোটন সাইলেন্ট ডেস্ট্রাকশন ডেমন’ (FSDD) টেস্ট কাউন্ট ডাউন। সাইন বোর্ডের নামে বিস্ময়-বিস্ফারিত হল আহমদ মুসার চোখ। ওদের ফোটন মারনাস্ত্রটি কি এই ‘ফোটন সাইলেন্ট ডেস্ট্রাকশন ডেমন’ (FSDD)? এখানেই কি তার টেস্ট হতো? ল্যাবরেটরি তাহলে কি ওপরে? কিন্তু (FSDD) এখানে কেন? কোথায় গেল ওসব? ওরা কেউ কি এখানে নেই তাহলে? ওপরটা দেখতে হবে। ছুটল আহমদ মুসা ওপরে ওঠার জন্যে সিঁড়ির খোঁজে। সিঁড়ি পেল না, কিন্তু বিশাল লিফট পেয়ে গেল। লিফটে উঠে ওপরে চলে এলো আহমদ মুসা। ওপরে উঠেই আহমদ মুসার কাছে পরিষ্কার হয়ে গেল যে, এ বাড়িতে কেউ নেই। আহমদ মুসা টেলিফোন করল জেনারেল মোস্তফার কাছে। বলল, ‘আমরা ঠিক ঠিকানায় এসেছি। কিন্তু ইতোমধ্যেই চিড়িয়া উড়ে গেছে। আপনি চলে আসুন এবং দয়া করে আইআরটি’র বিজ্ঞানী ড. ইবনুল আব্বাসকে এখানে আসতে বলুন। সব কিছুই তারা নিয়ে গেছে, কিন্তু যা পড়ে আছে তা থেকে ওদের সম্পর্কে অনেক কিছু জানা যাবে বলে আমি মনে করি।’ ‘ঠিক আছে মি. খালেদ খাকান। আমি বিজ্ঞানী ড. ইবনুল আব্বাসকে এখনি আসতে বলছি। আর আমি আসছি।’ বলল জেনারেল মোস্তফা টেলিফোনের ওপার থেকে। জেনারেল মোস্তফা এলে আহমদ মুসা বলল, ‘বিজ্ঞানী ইবনুল আব্বাস আসলে এক সাথে সব দেখা যাবে! আসুন, আমি যা দেখেছি সে বিষয়ে আপনার সাথে অভিজ্ঞতা বিনিময় করি।’ গল্প চলল তাদের দু’জনের মধ্যে। আধা ঘণ্টার মধ্যে বিজ্ঞানী ড. ইবনুল আব্বাস এসে পৌঁছলেন। আহমদ মুসা টাকে স্বাগত জানিয়ে বলল, ‘আপনার জন্যে আমরা অপেক্ষা করছি। ‘থ্রী জিরো’র এটা একটা ঘাঁটি। ওদের যে ফোটন মারনাস্ত্রের কথা আমরা জানি, তার গবেষণা, পরীক্ষা ইত্যাদি বোধ হয় এখানেই হয়েছে। এ বিষয় সুস্পষ্ট ধারনা নেয়ার জন্যে আমরা আপনাকে কষ্ট দিয়েছি। আপনি এ ব্যাপারে আমাদের সাহায্য করলে বাধিত হবো।’ ‘অবশ্যই, চলুন দেখি।’ বলল বিজ্ঞানী ড. ইবনুল আব্বাস। পাম গার্ডেনের মূল বিল্ডিংটি তিনতলা। তিনতলাটা বসবাসের জন্যে। দু’তলায় ল্যাবরেটরি। গ্রাউন্ড ফ্লোরটা স্টোর। আণ্ডারগ্রাউন্ড দুই ফ্লোরের ওপরের তলাটি হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারিং শপ। আর তার নিচের ফ্লোরটি টেস্ট গ্রাউন্ড। বিজ্ঞানী ড. ইবনুল আব্বাস খুঁটিয়ে খুঁটিয়ে সব দেখল। সময়ের জ্ঞান তার ছিল না। যেন নেশার ঘোর তাকে পেয়ে বসেছিল! সর্বশেষে ‘ফোটন সাইলেন্ট ডেস্ট্রাকশন ডেমন’-এর সাইন বোর্ড নিয়ে বিজ্ঞানী ইবনুল আব্বাস টেস্ট গ্রাউন্ডের মাটিতেই বসে পড়ল। সাইন বোর্ডটির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে স্বগত কণ্ঠে বলল, ‘এ যে দেখছি মানবের সাথে দানবের লড়াই!’ আমাদের অস্ত্রের নাম ‘saviour of world rational demon’ (বিশ্বের মানব সম্প্রদায়ের রক্ষক) আর ওদেরটা হলো ‘foton sailent destrauction demon’ (নিরব ধবংসের ফোটন-দানব)। আমাদেরটা মানুষের শান্তি-স্বাধীনতা রক্ষার জন্যে, আর ওদেরটা ধংসের তাণ্ডব চালিয়ে মানুষকে দাস বানানোর জন্যে।’ শান্ত কণ্ঠে এই স্বগোতক্তি করার পর বিজ্ঞানী ড. ইবনুল আব্বাস মুখ তুলে আহমদ মুসার দিকে ফিরে বলল, ‘আপনি ঠিকই বলেছেন, এখানেই ফোটন মারনাস্ত্র যার নাম ‘ফোটন সাইলেন্ট ডেস্ট্রাকশন ডেমন’-এর গবেষণা, নির্মাণ, টেস্ট ও ব্যবহারের কাজ সম্পন্ন করা হয়েছে। তবে ফোটন অস্ত্র ও এর মূল বাহক যন্ত্র এখানে তৈরি হলেও কিছু কিছু গুরুত্বপূর্ণ পার্টস ইউরোপ ও আমেরিকা থেকে এসেছে। ট্রাস কর্নারে জমা কার্টুনগুলো থেকে তার প্রমাণ পাওয়া গেছে। যেসব স্পেয়ার পার্টসের স্পেসিফেকিশনে ওদের ফোটন মারনাস্ত্র, অবয়ব, প্রকার ও শক্তিরও আঁচ করা যাবে। তবে এ ব্যাপারে কিছু পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।’ থামলেন বিজ্ঞানী ড. ইবনুল আব্বাস। ‘আপনি আনন্দের কথা শোনালেন। যদি ওদের মারনাস্ত্রের আকৃতি, প্রকৃতি ও শক্তি সম্পর্কে তথ্য পাওয়া যায়, তাহলে সেটা হবে আমাদের জন্য বিরাট লাভের। আপনি তাদের সে অস্ত্র এখান থেকেই ব্যবহৃত হয়েছে বললেন। কিন্তু সে রকম সাইলো-টাইলো তো এখানে নেই।’ বলল আহমদ মুসা। ‘ফোটন অস্ত্রের জন্যে সাইলোর দরকার হয় না। এর জন্যে বিরাট বপুর ভারী ক্ষেপণাস্ত্রেরও দরকার হয় না। জটিল ইঞ্জিনিয়ারিং ব্যবস্থাপনায় বিশেষ ধাতব-পরমাণুকে আলোতে রূপান্তরিত করা হয়। সে আলোর ঘনীভুত আঁধারে স্থাপন করা হয় অকল্পনীয় মাত্রার এ্যাকটিভেটেড ও কমপ্রেসড ফোটন পারটিকেলস। তারপর একে পরিচালিত করা হয় লক্ষ্যের দিকে। এর গতি আলোর গতির মত হয় না। গতি নিয়ন্ত্রিত করা যায় বলে এটা মিনিটে গোটা পৃথিবী একবার ঘুরে আসতে পারে, আবার মিনিটে এক মাইল দুরেও পাঠানো যায়।’ বলল বিজ্ঞানী ড. ইবনুল আব্বাস। ‘যা বললেন, সেটা ওদের ফোটন মারনাস্ত্রের ফাংশন। ওদের এ অস্ত্র অফেনসিভ। কিন্তু আমাদের ডিফেনসিভ অস্ত্র ‘সোর্ড’-এর ফাংশন কেমন?’ বলল আহমদ মুসা। ‘ওদের, ‘সাইলেন্ট ডেস্ট্রাকশন ডেমন’ (নিরব ধ্বংস দানব) ও আমাদের ‘সেভিয়ার অব ওয়ার্ল্ড র‍্যাশনাল ডোমেইন’ (বিশ্ব মানবতার রক্ষক) অস্ত্রের মূল কনসেপ্ট একই। উভয়েই ফোটন পারটিকেলস থেকে তৈরি। উভয়ের ধ্বংস ক্ষমতার চরিত্রও একই রকম। তবে দুই অস্ত্রের প্রয়োগ সম্পূর্ণ ভিন্ন। ওদেরটা সবার শক্তিকে ধ্বংস করে সবাইকে দাস বানানোর লক্ষ্যে সৃষ্টি। আর আমাদেরটা মাত্র আক্রমন করতে আসা অস্ত্রকে ধ্বংস করে পৃথিবীর সব মানুষকে রক্ষার লক্ষ্যে তৈরি। নির্মাণ কৌশলের দিক দিয়েও দুই অস্ত্রের মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। ফোটন পারটিকেলসকে ধ্বংসাত্মক আক্রমনের অস্ত্র হিসেবে তৈরি করা সহজ। ওরা সেটাই করেছে। কিন্তু আমরা ফোটন পার্টিকেলসকে আক্রমণকারী সব অস্ত্রকে ধ্বংস করার আত্মরক্ষামূলক অস্ত্র হিসেবে ডেভেলপ করেছি। এটা অত্যন্ত কঠিন কাজ। আক্রমণকারী অস্ত্র আক্রমনে ছুটে এলে তাকে আকাশেই বন্দী করে দূর আকাশে নিয়ে গিয়ে ধ্বংস করা হবে যাতে পৃথিবীর কোন ক্ষতি না হয়। এটা অত্যন্ত জটিল এক টেকনোলজিক্যাল উদ্ভাবনির মধ্যমে তৈরি করা সম্ভব হয়েছে।’ ‘আল্লাহর রহমতে আমরা গর্ব করতে পারি, দুনিয়াতে এটা আমাদের অদ্বিতীয় এক উদ্ভাবন। দুনিয়ার আর কারও বিজ্ঞান এর ধারে কাছেও যেতে পারেনি। এজন্যে আমাদের সোর্ড’কে বাগিয়ে নেয়া, এর সূত্র ও নির্মাণ কৌশলকে হাত করার জন্যে ওরা মরিয়া হয়ে উঠেছে।’ দীর্ঘ বক্তব্য দিল বিজ্ঞানী ড. ইবনুল আব্বাস আব্দুল্লাহ। ‘আলহামদুলিল্লাহ! আল্লাহ আমাদের দুনিয়ার মানুষকে রক্ষার জন্য এ ধরনের অস্ত্র উদ্ভাবনের তৌফিক দিয়েছেন। এর দ্বারা আবার প্রমানিত হলো, আমরা দুনিয়ার সব মানুষ, আল্লাহর সব বান্দাহর স্বার্থ ও শান্তির পক্ষে। আমাদের হাতে বিজ্ঞান ফিরে আসা মাত্র আমরা তাকে ধ্বংস নয়, মানুষের কল্যাণ ও তাদের রক্ষার কাজে লাগিয়েছি।’ বলল আহমদ মুসা। আহমদ মুসা থামতেই জেনারেল মোস্তফা বলে উঠল, ‘ধন্যবাদ, ড. ইবনুল আব্বাস, ধন্যবাদ মি. খালেদ খাকান। এখন আপনারা একটা পরামর্শ দিন, এই পাম গার্ডেনকে কি আমরা এভাবেই রেখে যাব, না একে আমাদের তত্বাবধানে নেয়া দরকার।’ ‘না, না এটাকে ফেলে রাখা বা অরক্ষিত রাখা যাবে না। এখানে এমন কিছু তথ্য-উপাত্ত এখনও আছে, যা খুবই মূল্যবান। আমি মনে করি, পাম গার্ডেনকে আইআরটির তত্বাবধানে দেয়া উচিত।’ দ্রুত কণ্ঠে জোর দিয়ে বলল ড. ইবনুল আব্বাস। ‘ঠিক আছে। আমরা পাম গার্ডেনকে আপাতত তালাবদ্ধ করে এর চারদিকে পাহারা বসিয়ে রাখছি। তারপর সরকার আপনাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারবেন।’ জেনারেল মোস্তফা বলল। ‘ঠিক আছে তাহলে আপনি এটাই করুন। আমরা গাড়িতে গিয়ে বসছি, আপনি আসুন।’ বলল আহমদ মুসা। ‘ঠিক আছে। ধন্যবাদ।’ জেনারেল মোস্তফা বলল। আহমদ মুসা ও বিজ্ঞানী ড. ইবনুল আব্বাস পাম গার্ডেন থেকে বেরিয়ে গাড়ির দিকে এগোলো। আহমদ মুসারা গিয়ে গাড়িতে বসার কয়েক মিনিটের মধ্যেই জেনারেল মোস্তফা চলে এলো। জেনারেল মোস্তফা বসেই বলল, ‘মি. খালেদ খাকান, আমরা যাচ্ছি এখন প্রধানমন্ত্রীর অফিসে। বিষয়টা তাকে ব্রিফ করা দরকার।’ আহমদ মুসা তখন ভাবছিল অন্য বিষয়। জেনারেল মোস্তফার কথায় এদিকে মনোযোগ দিয়ে বলল, ‘জেনারেল মোস্তফা, আপনারা যান। আমাকে একটা জরুরি কাজে যেতে হবে কয়েক জায়গায়।’ জেনারেল মোস্তফা একটু ভাবল। বলল, ‘সেটা নিশ্চয়, আমি মনে করি, এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে মি. খালেদ খাকান। উইস ইউ গুড লাক!’ ‘ধন্যবাদ জেনারেল মোস্তফা’ বলে আহমদ মুসা গাড়িতে স্টার্ট দিল। বসফরাস কলেজ অব টেকনোলজির কার পার্কিং-এ গাড়ি পার্ক করে কলেজ ক্যাফেটেরিয়াটা খুঁজে নিল আহমদ মুসা। ঢুকল ক্যাফেটেরিয়ায়। বেশ বড় ক্যাফেটেরিয়া। ঘড়িতে দেখল বিকেল ৬টা বাজতে কিছু বাকি। ক্যাফেটেরিয়াটি গমগমে নয়। তবে প্রায় টেবিলেই একজন দু’জন করে বসে আছে। একটা খালি টেবিল বেছে নিয়ে বসল গিয়ে তাতে আহমদ মুসা। হান্নাহ হাগেরার জন্যে এখন অপেক্ষা। টেলিফোনে কথা হয়েছে আধা ঘণ্টা আগে। তিনটায় তার ক্লাস শেষ হবার পর সে হোস্টেলে ফিরেছে। সে বলেছে ছ’টায় সে ক্যাফেটেরিয়াতে থাকবে। গোটা ক্যাফেটেরিয়ার ওপর একবার চোখ বুলাল আহমদ মুসা। না, হান্নাহ হাগেরা আসেনি এখনও। চোখ ঘুরিয়ে নিতেই দরজায় চোখ পড়ল আহমদ মুসার। চোখ পড়ল হান্নাহ হাগেরার দিকে। সে দরজায় দাঁড়িয়ে ভেতরে চোখ বুলাচ্ছে। সেও দেখতে পেয়েছে আহমদ মুসাকে। হাত তুলে আঙুল নাচিয়ে আহমদ মুসাকে স্বাগত জানিয়ে চলে এলো আহমদ মুসার কাছে। আহমদ মুসা একবার ঘড়ির দিকে তাকিয়ে নিয়ে বলল, ‘ধন্যবাদ, তুমি ঠিক ছয়টাতেই ক্যাফেটেরিয়াতে এসেছ হান্নাহ।’ ‘এ কৃতিত্ব আমার নয়, সময়টা যাকে দিয়েছিলাম তার। এক মিনিট দেরি করার সাহস আমার হয়নি।’ বলল হান্নাহ হাগেরা। ‘বুঝলাম না, আমি ভীতির বিষয় হলাম কেমন করে?’ আহমদ মসা বলল। তার কণ্ঠে বিস্ময়! হাসল হান্নাহ হাগেরা। বলল, ‘শ্রদ্ধা, ভক্তি ও ভালোবাসা থেকে ভয় ও সতর্কতা আসে।’ ‘তা আসতে পারে। তুমি কেমন আছ? তোমার আব্বা কেমন আছেন?’ বলল আহমদ মুসা। ‘জিজ্ঞেস করলেন না, শ্রদ্ধা ও ভালোবাসার পাত্র আপনি হলেন কি করে?’ আহমদ মুসার কথায় কান না দিয়ে বলল হান্নাহ হাগেরা। ‘আমাদের সমাজে ছোটরা বড়দের শ্রদ্ধা আর ভালোবাসা দেয়া স্বাভাবিক নিয়ম।’ বলল আহমদ মুসা। হান্নাহ হাগেরার ভারী মুখেই হাসি ফুটে উঠল। বলল, ‘আপনাকে ফাঁদে ফেলে কার সাধ্য! সব পথই আপনার জানা। ধন্যবাদ। এখন বলুন, কি জন্যে আমাকে তলব করেছেন?’ ‘তলব করিনি। একটা সাহায্য চাইতে এসেছি।’ আহমদ মুসা বলল। ‘সাহায্য? আমার কাছে? তাও আবার আপনি?’ বলল হান্নাহ হাগেরা। তার মুখে বিস্ময়! একটু থেমে মুখে হাসি টেনে বলল, ‘কি সাহায্য করে সৌভাগ্যবতী হতে পারি বলুন?’ ‘ডেভিড ইয়াহুদরা বিধ্বংসী যে মারনাস্ত্র তৈরি করেছে বলে তোমরা বলেছিলে, সে সম্পর্কে কি তোমরা আর কিছু জেনেছ?’ আহমদ মুসার জিজ্ঞাসা। বিস্ময়ের রেখা ফুটে উঠল হান্নাহ হাগেরার চোখে-মুখে। বলল, ‘না, এ ব্যাপার নিয়ে তো আর আমরা চিন্তা করিনি। কেন এ কথা জিজ্ঞেস করছেন?’ ‘জানো তো ডেভিড ইয়াহুদরা আমাদের ক্ষতি করার চেষ্টা করছে। তাদের হাতের ভয়ানক অস্ত্র আমাদেরই তো আতংকের বিষয়! খোঁজ-খবর তো আমাদের নিতেই হবে। সে কারণেই এ ব্যাপারে আমাদের খোঁজ-খবর নিতে হচ্ছে।’ আহমদ মুসা বলল। ‘কিন্তু আমরা তো আর ঐ ব্যাপারে খোঁজ নিইনি।’ হান্নাহ হাগেরা বলল। ‘ডেভিড ইয়াহুদ বিজ্ঞানী নন আমরা জানি। তার পক্ষে কে এই গবেষণা কাজ করছে বলতে পার তোমরা?’ আহমদ মুসা বলল। আহমদ মুসার দৃষ্টি হান্নাহ হাগেরার ওপর স্থির নিবদ্ধ। হান্নাহও আহমদ মুসার দিকে তাকিয়ে। হান্নাহ হাগেরা বলতে চাইল যে, বিষয়টার অত দূর আমরা জানি না। কিন্তু আহমদ মুসার চোখের সামনে মিথ্যা কথাটা গলা পর্যন্ত এসেও আটকে গেল। তার মনে হল আহমদ মুসার মিষ্টি, অথচ অন্তর্ভেদী দৃষ্টি তার অন্তরের কথাগুলো যেন সব পড়তে পারছে! কোন কথাই বলল না হান্নাহ হাগেরা। আহমদ মুসাই আবার মুখ খুলল। বলল, ‘প্লিজ হান্নাহ, কারও ক্ষতি আমরা করতে চাই না। আমরা চাই, ঐ ভয়ংকর ধ্বংসাত্মক অস্ত্র শুধু নয়, কোটি মানুষকে বাঁচাতে চাই সন্ত্রাসীদের দাসত্বের হাত থেকে। প্লিজ আমাদের সাহায্য কর।’ হান্নাহ হাগেরার মনে পড়ল তার পিতার কাছ থেকে শোনা কথা, ডেভিড ইয়াহুদরা দুনিয়ার সবার অস্ত্র ধ্বংস করে দুনিয়ার সবাইকে পদানত করতে চায়। খালেদ খাকান তো চাইছে তাদেরই বাঁচাতে। এমন ভয়ংকর অস্ত্র তৈরি করছে যে বিজ্ঞানী আব্দুর রহমান আরিয়েহ সন্ত্রাসীদের উদ্দেশ্য সাধনের জন্যে, সেই বিজ্ঞানীর নিরাপত্তা তার কাছে বড় হবে কেন? তার নাম গোপন করে অবশ্যই ঠিক করেননি তার আব্বা। সোফায় হেলান দিয়ে সোজা হয়ে বসল হান্নাহ হাগেরা। বলল, ‘আমি যতটা জানি, সেই বিজ্ঞানীর নাম আব্দুর রহমান আরিয়েহ। তিনি...।’ ‘তিনি পার্টিকেল সাইন্সের একজন রিটায়ার্ড প্রফেসর।’ বলল আহমদ মুসা। ‘তাহলে আপনি জানেন তাকে?’ হান্নাহ হাগেরা বলল। ‘এটুকুই। তিনি কোথায় থাকেন?’ জিজ্ঞেস করল আহমদ মুসা। ‘স্যরি। আমার দৌড় নাম জানা পর্যন্তই। আর আমার সাথে তার পরিচয় সিনাগগে। আব্বাও তিনি কোথায় থাকেন জানেন না। তবে আমার ধারণা বিশ্ববিদ্যালয় সূত্রে জানতে পারেন।’ বলল হান্নাহ হাগেরা। হান্নাহ’র শেষের কথাগুলো আহমদ মুসার কাছে পৌঁছেনি। সে তখন ভাবছিল অন্য কথা। আসলেই তার ঠিকানা এদের কারও জানার কথা নয়। ঐ ধরনের ভয়ংকর অস্ত্র যিনি তৈরি করেন, যেখানে বসে তৈরি করেন, তার অবস্থান হান্নাহ ও ডেভিড হারজেলের মতো কিছুটা বাইরের লোকদের জানানো হবে তা স্বাভাবিক নয়। তাছাড়া পাম গার্ডেনই যদি ড. আব্দুর রহমান আরিয়েহর কর্মস্থল-আবাসস্থল হয়ে থাকে, তাহলে তো তিনি সেখানে এখন নেই। ভাবনার মধ্যে কিছুটা আনমনা হয়ে পড়েছিল। হান্নাহ হাগেরার কথার জবাব দেয়া হয়নি। হান্নাহই কথা বলল আবার, ‘কি ভাবছেন?’ ‘ভাবছি বিজ্ঞানী আব্দুর রহমান আরিয়েহর কথা। কি করে জানব সে কি করছে, কতোটা এগিয়েছে! তবু খুশি হলাম হান্নাহ যে, তোমার কাছে তার নামটি জানা গেল। বলতে পার, বিজ্ঞানী আব্দুর রহমান কোন্‌ সিনাগগের সদস্য ছিলেন?’ বলল আহমদ মুসা। ‘স্যরি! আমি জানিনা। ঠিক আছে আমি আব্বাকে জিজ্ঞেস করছি।’ বলেই হান্নাহ হাগেরা তার মোবাইলে একটা কল করল। কথা শুরুর আগেই আহমদ মুসা দ্রুত তাকে বলল, ‘তুমি একটু জিজ্ঞেস করবে, সেখানে সদস্যদের রেজিস্টার রাখা হয় কিনা কিংবা যারা আসে সবার রেজিস্ট্রেশন হয় কিনা।’ ‘ধন্যবাদ’ বলে মোবাইল কলের দিকে মনোযোগ দিল। কথা বলল সে তার আব্বার সাথে। সে কোন্‌ সিনাগগের সদস্য, সিনাগগে রেজিস্টার আছে কিনা, নাম রেজিস্ট্রি করতে হয় কিনা ইত্যাদি সব কথাই সে জিজ্ঞেস করল। কথা শেষ করে, কল অফ করে সিনাগগটির নাম উল্লেখ করে বলল, ‘আব্বার সাথে আব্দুর রহমান আরিয়েহর এই সিনাগগে দেখা হতো। আব্বা বললেন, সিনাগগে কোন রেজিস্টার রাখা হয়না। রেজিস্টার সিনাগগ কাউন্সিলে। সিনাগগ কাউন্সিলই সদস্যদের পছন্দ অনুসারে সিনাগগ বরাদ্দ করেন।’ ‘ধন্যবাদ। তোমাকে কষ্ট দিলাম।’ বলল আহমদ মুসা। ‘ধন্যবাদ দিয়ে উঠতে চাচ্ছেন তা হবে না। আমাদের কেন্টিনের বিকালের নাস্তা খুব ভাল।’ বলল হান্নাহ হাগেরা। ‘নাস্তায় আপত্তি নেই। এর জন্যে ধন্যবাদ পাবেন।’ আহমদ মুসা বলল। হান্নাহ হাগেরা হেসে উঠল। বলল, ‘ধন্যবাদ সবচেয়ে সহজ ও সস্তা পেমেন্ট।’ ‘কারণ এটার সবচেয়ে বেশি ব্যবহার হয়। যেমন রোদ, বৃষ্টি, বায়ু, ইত্যাদির কোন মূল্য লাগে না। কারণ আল্লাহ এগুলো সবার জন্যে অপরিহার্য করেছেন।’ আহমদ মুসা বলল। আল্লাহর প্রতি আপনার খুব বিশ্বাস, না?’ জিজ্ঞাসা হান্নাহ হাগেরার। ‘হ্যাঁ, যিনি সৃষ্টি করেছেন, পালন করেছেন এবং যাঁর কাছে আমাদের প্রত্যাবর্তন করতে হবে, তাঁর প্রতি বিশ্বাস অবশ্যই থাকবে। তোমার বিশ্বাস নেই?’ জিজ্ঞাসা আহমদ মুসার। গম্ভীর হল হান্নাহ হাগেরার মুখ। বলল, ঈশ্বর একজন আছেন বিশ্বাস করি। কিন্তু সিনাগগে আমি যাই না। কোন আনুষ্ঠানিকতাও পালন করি না। এসবের মধ্যে আমি কোন প্রাণ খুঁজে পাই না। ধর্ম যদি ঈশ্বরের ইচ্ছায় জীবন গঠনের জন্যে হয়, তাহলে জীবন গঠনের কিছু পাই না ধর্মে।’ ‘কোন ধর্মেই পাবে না বা নেই, একথা ঠিক নয়। তোমার ধর্মে এটা ঠিক হতে পারে।’ আহমদ মুসা বলল। ‘সব ধর্মই তো ধর্ম। একই ধরনের। তবে মানি, আপনাদের ধর্মে দিনে পাঁচ ওয়াক্ত নামায আছে। এটা ইউনিক ব্যবস্থা। এই ব্যবস্থা আপনাদের ধর্মকে সক্রিয় রেখেছে।’ বলল হান্নাহ হাগেরা। হাসল আহমদ মুসা। বলল, ‘হান্নাহ, তুমি আমাদের ধর্মকে আংশিকভাবে দেখেছো। পুরোটা দেখলে বলতে ইসলাম সত্যিই মানুষের জীবন গঠনের ধর্ম!’ হাসল হান্নাহ হাগেরা। বলল, ‘এটা কিন্তু এক ধরনের ধর্ম প্রচার।’ ‘ভালোর দিকে ডাকা সব সময়ই ভালো কাজ।’ আহমদ মুসা বলল। ‘তার মানে ভালোর দিকে যাওয়া সব সময়ই ভালো। অর্থ ভালোর দিকে আমাকে যেতে হবে। তার মানে আপনি আমাকে ‘প্ররোচনা’ দিচ্ছেন ধর্মান্তরিত হওয়ার জন্যে।’ বলল হান্নাহ হাগেরা। তার মুখে হাসি। ‘ভালো’র দিকে যেতে বলাকে ‘প্ররোচনা’ বলে না, ‘প্রেরণা’ বলে।’ আহমদ মুসা বলল। নাস্তা এসে গেল টেবিলে। ‘মেনে নিলাম ‘প্রেরণা’ দিয়েছেন। এখন প্রেরণা কাজে লাগলে হয়। আসুন শুরু করি। খাবার ঠাণ্ডা হয়ে যাবে।’ কথা বলার সাথে সাথেই হান্নাহ হাগেরা আহমদ মুসার প্লেটে মাছের গরম কাটলেট তুলে দিল। ‘প্রেরনা’ কাজে লাগা, না লাগা নির্ভর করে গ্রহণকারীর আন্তরিকতার ওপর।’ বলে আহমদ মুসা কাঁটা চামচ হাতে তুলে নিল। ‘ঠিক আছে বলটা আমার কোর্টেই থাক। তবে প্রেরণাদাতাকে বলের খোঁজ-খবর নিতে হবে। ‘কিন্তু এটা শর্ত হওয়া উচিত নয়।’ আহমদ মুসা বলল। হান্নাহ হাগেরা হাসল। বলল, ‘তথাস্তু।’ বলে হান্নাহ হাগেরাও কাঁটা চামচ হাতে নিল।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩২ জন


এ জাতীয় গল্প

→ বসফরাসে বিস্ফোরণ চ্যাপ্টার- ৭ বাকি অংশ (শেষ)
→ বসফরাসে বিস্ফোরণ চ্যাপ্টার- ৭
→ বসফরাসে বিস্ফোরণ চ্যাপ্টার- ৬ বাকি অংশ
→ বসফরাসে বিস্ফোরণ চ্যাপ্টার- ৬
→ বসফরাসে বিস্ফোরণ চ্যাপ্টার- ৫ বাকি অংশ
→ বসফরাসে বিস্ফোরণ চ্যাপ্টার- ৫
→ বসফরাসে বিস্ফোরণ চ্যাপ্টার- ৪ বাকি অংশ
→ বসফরাসে বিস্ফোরণ চ্যাপ্টার- ৩
→ বসফরাসে বিস্ফোরণ চ্যাপ্টার- ২ বাকি অংশ
→ বসফরাসে বিস্ফোরণ চ্যাপ্টার- ২
→ বসফরাসে বিস্ফোরণ চ্যাপ্টার- ১ বাকি অংশ
→ বসফরাসে বিস্ফোরণ চ্যাপ্টার- ১

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now