বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আম্মু চায়ের সেট দামাদামি করে কিনে ফেললেন। সুপ্তি বেরিয়ে যাবে, তখন বুড়ো মানুষটি তার সামনে এসে দাঁড়ালো। “তুমি তোমার একটা জিনিস ফেলে গেছো। আমি জানতাম তুমি তা নিতে আসবে”। সুপ্তি অবাক হয়ে দেখলো, তার হাতে সেই ডায়েরী। “এটা…… এটা আমার নয়”। ঢোক গিললো সে। মানুষটি কোন কথা না বলে ডায়েরী বাড়িয়ে দাঁড়িয়ে রইলো। আম্মু বাইরে থেকে তাড়া দিচ্ছেন। সুপ্তি দেখলো বুড়ো মানুষটির চোখে সহৃদয়তার ছোঁয়া। সুপ্তি হাত বাড়িয়ে ডায়রীটি নিলো। মানুষটি বললো, “ভালো থেকো। আমারো তোমার মত একটি মেয়ে আছে”। চার সুপ্তি বাসায় ফিরেই ডায়েরী খুললো। ১০০ বছরের পুরনো ডায়েরী, কিন্তু সে তুলনায় অবস্থা যথেষ্ট ভালো। পাতা গুলি হলদেটে, কিছু কিছু জায়গায় কালি ছড়িয়ে গেছে; কিন্তু বেশ কিছু লাইন পড়া যায়। ডায়েরীর কিছু পাতা মাঝ থেকে নাই হয়ে গিয়েছে। ডায়েরীর প্রথম পাতায় লেখা, “আমার জীবন নামা”। নীচে লেখিকার নাম দেয়া; মালবিকা রায়। ১০০ বছর আগে এই মেয়েটিও হাসতো, খেলতো, ডায়েরী লিখতো, আজ সে কোথায়? প্রথম দিকে শুধু ঘর কন্নার গল্প। আজ তার বান্ধবী এসেছে, কাল বাবা ঘোড়া্র গাড়িতে চড়ে বেড়াতে নিয়ে যাবে বলেছে। পড়তে পড়তে টের পেলো, সে বাবা মায়ের অতি আদরের কিশোরী কন্যার লেখা পড়ছে। ডায়েরীর মাঝা মাঝি একটি পৃষ্ঠা পানিতে নষ্ট হয়ে গেছে। একটি লাইন অতি কষ্টে পড়া যায়, “আজ বাবা আমাকে চমৎকার একটি আয়না আনিয়া দিয়াছেন। শ্মশান ঘাটের বিখ্যাত তান্ত্রিক বাবাকে উহা দিয়াছেন”। সুপ্তির গা শিউরে উঠলো। এর পরের পাতা গুলি সবই অল্পবিস্তর পানিতে ভেজা; কালি ছড়িয়েছে। এর পর পাতায় পাতায় যা পড়া গেলো সবই আয়নার গল্প। একটা লাইন পড়ে চমকে উঠলো সুপ্তি, ‘আয়নায় আমার জন্য বাবা রাজপুত্র পাঠাইয়াছেন’। থর থর করে ভেতর টা কেঁপে উঠলো সুপ্তির। মালবিকাও তার মত রাজপুত্র দেখেছিল। তবে তার রাজপুত্রের নাম কুমার বীরেন্দ্র; ইভান নয়। সুপ্তি বুঝলো, ইভান যথেষ্ট আধুনিক নাম। যুগে যুগে ডাইনী রাজপুত্রের নাম বদলায়। ইভান নামে কেউ নেই, ইভান একটা মায়া। সুপ্তি ফুঁপিয়ে উঠলো। ইভানের বেশ ধরে ডাইনী তার রক্ত নিয়ে হয়েছে শক্তিশালী। সে প্রতারিত; যেমনটি হয়েছিল বেচারী মালবিকা। সুপ্তি কান্না সামলাতে সামলাতে পড়ে চললো। এর পর শুধুই ভালোবাসার গল্প; শুধুই রাজপুত্রের গল্প। সুপ্তির দুই গাল বেয়ে পানি ঝরতে লাগলো। বেশ কয়টি পৃষ্ঠা ঝরে গেছে। এর পরের পাতায় দুই তিনটা লাইন কোনক্রমে পড়া যায়। তাতে লেখা, “আমার রাজপুত্রকে ডাইনী ধরিয়া লইয়া গিয়াছে। ডাইনী আমার মাঝে বসবাস করিতেছে। হায় ভগবান, আমি কি করিব?” পরের পৃষ্ঠাগুলো মর্মান্তিক। ডাইনী রুপী মালবিকা নিজের বাবাসহ আরো অনেককে হত্যা করে রক্ত খেয়েছে, পুরো এলাকা জুড়ে ছড়িয়েছে এক অজানা আতঙ্ক। তীব্র অনুশোচনায় মালবিকা পাগল প্রায়। সে ঘুমায় না, ঘুমাতে চায় না। কিন্তু তারপরো ঘুমিয়ে পড়ে। সুপ্তি থর থর করে কাঁপতে থাকে। যদি আজিনাহা আজ রাতে তার আম্মু আব্বুকে মারে? অথবা সুকন্যাকে? না সুপ্তি রান্নাঘরে গিয়ে যত কাগজের প্যাকেট পেলো সব নিয়ে তার রুমে জড়ো করলো। ছোট একটা নড়বড়ে কাঠের টুল ছিল, তাও নিয়ে এলো। ছুরিটা রাখলো তার ডান পাশে। কেরোসিন ঢেলে সে আগুন জ্বালিয়ে দিলো আয়নার সামনে। ধোঁয়ায় সুপ্তি কাশতে লাগলো। তাড়াতাড়ি করতে হবে। আগুন যদি বেশী বেড়ে যায়, তবে বিল্ডিং এ ধরে যেতে পারে। সতর্কতার সাথে সে আগুনে ভাঙ্গা টুলের পা আর কাগজ দিতে লাগলো। ধোঁয়া চারিদিক গ্রাস করে ফেললো। এর মাঝে সুপ্তির ভীষন ঘুম পেতে লাগলো। সুপ্তি টের পেলো আজিনাহা বেরিয়ে আসার তোড়জোড় শুরু করেছে। সুপ্তি জোরে জোরে বলতে লাগলো, আজিনাহা তুই তোর রাজ্যে ফিরে যা রক্তপিপাসু তুই নিপাত যা হত্যাকারী তুই তোর অন্ধকার দুনিয়াতে ফিরে যা। সুপ্তি টানা বলে যেতে লাগলো। ধোঁয়া তার ফুসফুসে ঢুকে যাচ্ছে, কাশির দমক সামলে সে বলে যেতে লাগলো। ঘুমে তার দুই চোখ জড়িয়ে যাচ্ছে। প্রাণপণ চেষ্টাতেও খুলে রাখা যাচ্ছে না। সুপ্তির মনে হতে থাকলো, আ্জিনাহা জাহান্নামে যাক, আমি একটু ঘুমাই। তখনই তার বাবা-মার চেহারা ভেসে উঠলো তার সামনে। সুপ্তির বুকে নতুন করে বল এলো যেন। সুপ্তি আরো জোরে চেঁচিয়ে উঠলো, আজিনাহা তুই তোর রাজ্যে ফিরে যা। উফফ, কি ব্যথা! কেউ যেন ধারালো ছুরি সুপ্তির আঙ্গুলের ফাঁকে চালাচ্ছে। তীব্র ব্যথায় সুপ্তি কাঁদতে লাগলো। কিন্তু মন্ত্র পড়া থামালো না। বরফ শীতল চাই কেউ সুপ্তির নাকে ঠেশে ধরেছে, এক বিন্দু বাতাসের জন্য ফুসফুস আকুলি বিকুলি করছে; সুপ্তি মনে প্রাণে চাচ্ছে সে এখনি মারা যাক। কিন্তু আজনাহা তাকে মরতেও দেবে না। সুপ্তি হাঁস ফাঁস করতে করতে বলতে লাগলো, তুই নিপাত যা। কতক্ষন সে কষ্ট সহ্য করছে সে জানে না, তার এখন কোন বোধও নেই। সে শুধু ভাঙ্গা রেকর্ডের মত একই কথা বলে যাচ্ছে। হঠাৎ তীব্র বোটকা গন্ধে চারিদিক ভরে গেলো। শীতল ভেজা ভেজা স্পর্শ আগুনের উত্তাপ থাকা সত্বেও টের পাওয়া যাচ্ছে। সুপ্তি আরো জোরে জোরে বলতে লাগলো। আজনাহার তীব্র বিদ্রুপাত্মক খল খল হাসির শব্দ শোনা গেলো। সুপ্তির ভয়ে গায়ে কাঁটা দিলো। সে নিজেকে সাহস দিলো, আজিনাহা তোমাকে মারবে না, তুমি ওর আবাস। ভাবতেই ঘেন্নায় তার বমি এলো। আজিনাহার অশ্রাব্য গালাগালি শোনা গেলো। “তুই কি চাস? তোর কি ধারণা এসব করলেই আমি চলে যাব? আমি আগের চেয়ে অনেক শক্তিশালী! এসবে আমার কিছুই হবে না”। খল খল হাসি বয়ে গেলো চারিদিকে। সুপ্তি কোন কথা না বলে ছুরি হাতে নিলো। আজনাহার বিশ্রী কন্ঠ শোনা গেলো, “তুই যে হাতের ধমনী কাটলে মরে যাবি, তা কি তুই জানিস? তুই মরে গেলে তোর বাবা মার কি হবে? তোর মাও যে আত্মহত্যা করবে তা জানিস?” সুপ্তি কেঁপে উঠলো। আজিনাহা সন্তষ্টির হাসি হাসলো মনে মনে। ডাইনী বলে চললো, “তোর বন্ধুরা পরীক্ষা শেষে সেন্ট মার্টিন যাবে, আর তুই যাবি কবরের তলায়। তোকে কেউ মনে রাখবে না”। সুপ্তি ফুঁপিয়ে উঠলো। “ছুরি নামিয়ে রাখ বদমাইস মেয়ে। নিজের কথা ভাব। তুই মরলে তুই আর ইভানকে দেখতে পাবি ভেবেছিস? আমি জানি ইভান কোথায় আছে। ইভানকে চাস না তুই?” সুপ্তি চোখ বুজ়ে রইলো। তারপরে সর্বশক্তি দিয়ে চেঁচিয়ে উঠলো, “না না না, ইভান কে চাই না। ও একটা মায়া। তুই জাহান্নামে যা”। বলেই ছুরি দিয়ে বাম হাতের রেডিয়াল আর্টারি কেটে ফেললো। রক্ত ধারা আগুনে পড়তে লাগলো। আগুন যেন রক্ত পেয়ে পাগল হয়ে গেলো। আজিনাহা ভয়ংকর ভাবে চিৎকার দিয়ে উঠলো, “না না না”। সাথে অশ্রাব্য সব গালাগালি। শেষ শক্তি দিয়ে সুপ্তি তার হাত আগুনের উপরে ধরে রাখলো; এর পর আস্তে আস্তে ঢলে পড়লো। এখন সে ঘুমাবে, শান্তির ঘুম ঘুমাবে। দরজায় কে এখন ঘন্টা বাজাচ্ছে? তারা কি জানে না সুপ্তি অনেক ক্লান্ত? পরিশিষ্ট: অভিশপ্ত আয়নাটাকে সুপ্তি ভাঙ্গার অনেক চেষ্টা করেও না পেরে সেটিকে বুড়িগঙ্গায় বিসর্জন দিয়েছে। ডায়েরীটি যে খুব যত্ম করে বুড়ো মানুষটিকে ফেরত দিয়ে এসেছে। বুড়ো তাকে চা খাইয়েছে, এবং যাবার সময় বলেছে, “আমি জানতাম, তুমি ভালো থাকবে”। সুপ্তির রূপকথার রাজকুমার এখনো আসে নি। তবে সুপ্তি জানে যে সুমন তাকে নিয়ে লুকিয়ে কবিতা লেখে। প্রায়ই সে সুমনের ডায়রীর মাঝে লুকিয়ে গোলাপ, কৃষ্ণচূড়া এমনকি বাঁদরলাঠি ফুলের পাপড়িও রেখে আসে। সুমন এখনো ধরতে পারেনি কাজটা কে করে। ৬ মাস পরের ঘটনাঃ কামরাঙ্গি চরের বিন্তি প্রতিদিনের মত আজ সকালেও দাঁতন করতে করতে নদীর পাড়ে এসেছে। দূরে কিছু একটা চক চক করছে। আলো পড়লেই ঝিকিয়ে উঠছে। আয়না নাকি? বিন্তি আগ্রহ ভরে এগিয়ে যেতে থাকে।।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now