বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

বাঁদরের পা

"ভৌতিক গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X "বাঁদরের পা" মূল- সন্ধ্যার পরে সাবধান হেমেন্দ্রকুমার রায় ------------------ অবনীবাবু বলেছিলেন, আগ্রা থেকে আমি যখন ফতেপুর সিক্রিতে বেড়াতে গিয়েছি, সেই সময়ে এক ফকির এটা আমাকে দেয়। জিনিসটা আর কিছুই নয়—বাঁদরের একখানা পা। সুরেনবাবু আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, বাঁদরের পা। সে আবার কি? অবনীবাবু বললেন, বিশেষ কিছু নয়, বাঁদরের একখানা শুকনো পা মিশরের লোকের যে-উপায়ে মানুষের মরা দেহকে শুকিয়ে রাখে, সেইরকম কোন উপায়েই এই বাঁদরের পাখানাকে শুকিয়ে রাখা হয়েছে,—এই দেখুন, বলে তিনি পকেটের ভেতর থেকে একটা জিনিস বার করে দেখালেন। সুরেনবাবুর স্ত্রী সুরমা কার্পেট বুনতে বুনতে মুখ তুলে শিউরে উঠে বললেন, মাগো, ওটাকে আপনি আবার পকেটে পুরে রেখেছেন? আপনার ঘেন্না করে না? সুরেনবাবু সুধোলেন, এর গুণ কি? অবনীবাবু বললেন, এর মহিমায় তিনজন লোকের তিনটি করে মনোবাঞ্ছা পূর্ণ হতে পারে। —বলেন কি? এও কি সম্ভব? —হ্যাঁ। প্রথম এক ব্যক্তি এই জিনিসটির গুণ পরীক্ষা করেছিল। তার প্রথম দুটি ইচ্ছার কথা জানি না, কিন্তু তৃতীয় বারে সে মরতে চেয়েছিল। তার সে ইচ্ছা পূর্ণ হয়েছে। —কি ভয়ানক। আর কেউ এর গুণ পরীক্ষা করেছে? সুরেনবাবু একটা দুঃখের নিঃশ্বাস ফেলে বললেন, ‘হ্যাঁ, আমি করেছি। কিন্তু পরীক্ষা করে এইটুকুই বুঝেছি যে, অদৃষ্টে যা আছে তা ঘটবেই। নিয়তির বিরুদ্ধে কেউ যেতে পারে না। তাই এই জিনিসটাকে আজ আমি গঙ্গায় ফেলে দিতে যাচ্ছি। সুরেনবাবু বললেন, সে কি কথা? আপনার কথা যদি সত্যি হয়, তাহলে তো বলতে হবে যে, এর শক্তি এখনো ফুরোয়নি। এখনো অার একজন লোক এর কাছে তিনটি ইচ্ছা প্রকাশ করতে পারে? —তা পারে। —তাহলে ওটা আমাকে দিন না কেন? সুরেনবাবু আঁৎকে উঠে বললেন, বলেন কি অবনীবাবু? আমি আপনার বন্ধু হয়ে এমন শত্রুর কাজ করতে পারব না! —কেন? —আপনি জানেন না, এ হচ্ছে কি সাংঘাতিক জিনিস! একে পরীক্ষা করা মানে হচ্ছে, অমঙ্গলকে ডেকে আন । সুরেনবাবু সকৌতুকে হেসে বললেন, আমি এসব গাজাখুরি কথা বিশ্বাসই করি না। তবু দেখাই যাক না, আপনার রূপকথার ভিতরে কতটুকু সত্য আছে। ওটাকে গঙ্গায় ফেলে না দিয়ে আমার হাতেই দিয়ে যান। অবনীবাবু বললেন, বেশ, আপনার কথাই থাকুক। কিন্তু যদি হিতে বিপরীত হয়, তাহলে শেষটা আমাকে যেন তুষবেন না। এই নিন— সুরমা বললেন, ‘হ্যাগো, এ যেন আরব্য উপন্যাসের আলাদীনের প্রদীপের গল্প! তোমার বন্ধুর মাথা খারাপ হয়ে গেছে। সুরেনবাবু বললেন, আমারও তাই বিশ্বাস। তবু মজাটা একবার দেখাই যাক না কেন। প্রথমে কি ইচ্ছা প্রকাশ করি, বল তো? সুরমা বললেন, আমাদের তো কোনই অভাব নেই। ছেলের ভালো চাকরি হয়েছে, তুমি পেন্সন পাচ্ছ, আমরা তো সুখেই আছি। তবে হ্যাঁ, আমার একটি ইচ্ছা আছে বটে। আমাদের বাড়ীখানা অনেকদিন মেরামত হয়নি, আর বাগানের দিকে খান-তিনেক ঘর তৈরি করলে ভালো হয়। এজন্যে হাজার পাঁচেক টাকার দরকার। সুরেনবাবু হো হো করে হেসে বললেন, হাজার পাচেক টাকা দরকার? তা আবার ভাবনা কি, এখনি তোমাকে দিচ্ছি। —বলেই তিনি বাঁদরের সেই শুকনো পা-খানাকে হাতের উপরে রেখে বললেন, আমাদের হাজার পাচেক টাকা দরকার,—বুঝেছ, পাঁচ হাজার টাকা। তারপরেই তিনি আর্তনাদ করে বাঁদরের পা-খানাকে টেবিলের উপরে ফেলে দিলেন। সুরমা ব্যস্ত হয়ে বললেন, ওকি! অমন করে উঠলে কেন? সুরেনবাবু সভয়ে বললেন, আমার ঠিক মনে হল, বাঁদরের ঐ পা-খানা আমার হাতের ভিতরে নড়ে উঠল। সুরমা বললেন, ‘ও তোমার মনের ভুল। চল, রাত হল,—এখানে বসে আর পাগলামি করে না, খাবে চল। ...সেই রাত্রে ঘুমিয়ে ঘুমিয়ে সুরেনবাবু স্বপ্নে দেখলেন, একটা বাঁদর যেন তার পাশে শুয়ে আছে। তিনি তাড়া দিতেই সে বিছানা থেকে লাফিয়ে পড়ে পালিয়ে গেল। সুরেনবাবু দেখলেন, তার একখানা পা নেই। পরদিন সকালবেলায় চা পান করতে বসে সুরেনবাবু সুরমার কাছে কালকের রাতের স্বপ্নের কথা বলছিলেন। সুরমা হেসে বললেন, কিন্তু আজ ঘুম থেকে উঠে তুমি বিছানাটা ভালো করে খুঁজে দেখেছ তো? বাঁদরটা হয়তো আমাদের টাকা দিতে— বলতে বলতে থেমে পড়ে সুরমা চমকে উঠে সন্ত্রস্ত স্বরে বললেন, দেখ, দেখ? বাগানের একটা বটগাছের ঘন পাতার ভিতর থেকে একটা বাঁনর মুখ বাড়িয়ে বসে আছে। সুরেনবাবু সহজভাবেই বললেন, পাড়ার ঘোষেদের বাড়ীতে দুটে বাঁদর আছে জানো না? একটা কোনগতিকে পালিয়ে এসেছে আর কি? বানরের মুখখানা আবার অদৃশ্য হয়ে গেল। সুরমা বললেন, আমার যেন কেমন ভয়-ভয় করছে! সুরেনবাবু কি বলতে যাচ্ছিলেন এমন সময় ডাকপিয়নের গল। পাওয়া গেল—রেজিষ্টারি চিঠি আছে বাবু। সুরেনবাবু নীচে গিয়ে সই করে চিঠি নিয়ে এলেন। খামের উপরটা দেখেই তিনি বুঝলেন, চিঠিখানা এসেছে রেল-আপিস থেকে। তার পুত্র অমিয়কুমার রেল-অফিসের একজন বড় অফিসার। চিঠির বক্তব্য এই ; প্রিয় মহাশয়, আপনার পুত্র অমিয়কুমার সেন রেলের কোন কাজে হাজারিবাগে গিয়েছিলেন। সেখানে জঙ্গলে পাখি শিকার করতে গিয়ে দুর্ভাগ্যক্রমে তিনি এক ব্যাঘ্রের দ্বারা আক্রান্ত ও নিহত হয়েছেন। অনেক অন্বেষণ করেও তাঁর দেহ পাওয়া যায়নি। এই শোচনীয় দুর্ঘটনার জন্যে আমরা অত্যন্ত দুঃখিত। রেলের প্রভিডেন্ট-ফণ্ডে আপনার পুত্রের পাঁচ হাজার টাকা জমা হয়েছে। এই টাকা নিয়ে যাবার ব্যবস্থা করবেন। সুরেনবাবু পাগলের মতন চেঁচিয়ে বলে উঠলেন, পাঁচ হাজার টাকা। পাঁচ হাজার টাকা —বলতে বলতে তিনি অজ্ঞান হয়ে গেলেন। একমাস কেটে গেছে। গভীর রাত্রি। সুরেনবাবু আর সুরমা পাথরের মূর্তির মতন বসে আছেন, তাদের চোখে ঘুম নেই। অমাবস্যার রাত,—আকাশ অন্ধকার। বাগানের বড় বড় গাছগুলো দমকা হাওয়ায় যেন কেঁদে কেঁদে উঠছিল। হঠাৎ সুরমা বলে উঠলেন, ওগো ! সেই বাঁদরের পা-টা কোথায় গেল? বাঁদরের পায়ের কথা সুরেনবাবু একেবারেই ভুলে গিয়েছিলেন। টেবিলের দিকে তাকিয়ে দেখলেন, সেইখানেই সেটা পড়ে রয়েছে। তিনি স্ত্রীকে বললেন, ঐ যে! কিন্তু ওর কথা জিজ্ঞাসা করছ কেন? সুরমা বললেন, ওর কাছে এখনো তুমি দুটো ইচ্ছা প্রকাশ করতে পারো? সুরেনবাবু বললেন, না, না। আর কোন ইচ্ছা প্রকাশ করবার দরকার নেই। ওসব বাজে আজগুবি ব্যাপার। সুরমা বললেন, না, না—আমি আমার ছেলেকে দেখতে চাই!’ সুরেনবাবু বললেন, কি তুমি আবোল-তাবোল বকছ? কোথায় আমাদের অমিয়? বেঁচে থাকলে সে আপনিই আসত। সুরমা মাথা নেড়ে বললেন, না, না, না। আমি তাকে দেখবই,— তুমি ইচ্ছা করলে সে এখনি আসবে? সুরেনবাবু বললেন, শোকে তোমার মাথা খারাপ হয়ে গেছে। আমার প্রথম ইচ্ছাটা ফলেছে দৈবগতিকে, বাঁদরের পায়ের জন্য নয় । ওর কোন গুণ নেই, অসম্ভব কখনো সম্ভব হয় না। সুরমা কাঁদতে কাঁদতে বললেন, তাহলে তুমি আমার কথা রাখবে না? অামার অমিয়কে দেখাবে না? সুরেনবাবু নাচার হয়ে বললেন, বেশ, তুমি যখন কিছুতেই বুঝবে না, তখন কি আর করি বল?—এই বলে এগিয়ে গিয়ে টেবিলের উপর থেকে বাঁদরের পা-টা তুলে নিয়ে বললেন, আমি আমার ছেলে অমিয়কে দেখতে চাই। —বাইরে একটা প্যাঁচার চীৎকারের সঙ্গে সঙ্গে ঝোড়ো হাওয়া গোঁ গোঁ করে উঠল। একটা টিকটিকি দেয়ালের উপরে টিক টিক করে ডাকলে। তারপর সব স্তব্ধ। সুরেনবাবু বললেন, দেখলে তো, ও বাঁদরের পায়ের কোন গুণই নেই? আমি এখন শুতে যাই, তুমিও এস। সুরেনবাবু দুই পা অগ্রসর হলেন—সঙ্গে সঙ্গে সদর দরজাটা দুম করে খুলে যাবার শব্দ হল। সুরমা ধড়মড় করে উঠে দাঁড়ালেন। বাগ্র স্বরে বললেন, ও কে দরজা খুললে? সুরেনবাবু বিবর্ণ মুখে বললেন, ও কেউ নয়। ঝোড়ো হাওয়ায় দরজাটা খুলে গেছে। সুরমা বললেন, না গো, না—আমার অমিয় আসছে, আমার অমিয় আসছে! আমি তার পায়ের আওয়াজ চিনি, সিঁড়িতে তার পায়ের শব্দ শুনছ না?—বলতে বলতে তিনি ছুটে ঘরের বাইরে বেরিয়ে গেলেন। সুরেনবাবু আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইলেন। কাঠের সিঁড়ির উপরে কার পায়ের শব্দ হচ্ছে বটে। হয় তো, ও-শব্দটা করছে তার প্রকাণ্ড কুকুরটা ...কিন্তু যদি তা না নয়? যদি সত্যই অমিয় আসে? তাহলে সে কী মূর্তিতে আসবে? বাঘের আক্রমণে সর্বাঙ্গ ক্ষতবিক্ষত, মুণ্ডহীন, রক্তাক্ত দেহ— সুরেনবাবু আর ভাবতে পারলেন না। শিউরে উঠে টেবিলের উপরে ঝাঁপিয়ে পড়ে বাঁদরের পা-টা আবার তুলে নিয়ে তাড়াতাড়ি তিনি তার তৃতীয় বা শেষ ইচ্ছা প্রকাশ করলেন, আমার ছেলে অমিয়কে আর আমি দেখতে চাই না। সিঁড়ির উপরে আর শব্দ শোনা গেল না। খানিক পরে সুরমা নিরাশ মুখে ঘরে ফিরে এলেন। সুরেনবাবু হাঁপাতে হাঁপাতে বললেন, কি দেখলে? শ্রান্তভাবে চেয়ারের উপরে বসে পড়ে সুরমা বললেন,‘বাইরে কেউ নেই। কিন্তু সদর দরজাটা খোলা! (সমাপ্ত) -------------- ।। একাকী কন্যা ।।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৬ জন


এ জাতীয় গল্প

→ এক নাবিক দূর সমুদ্র যাত্রায় যাওয়ার সময় মাঝে মাঝে বাঁদরের খেলা দেখে

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now